বিসিএসের প্রস্তুতি থেকে শুদ্ধ উচ্চারণের চর্চা, সবই হয় এই সংগঠনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠক ফোরামের সদস্যদের একাংশ
ছবি: সংগৃহীত

উদ্যোগটা নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আরিফ হাসনাত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বাস্তবমুখী জ্ঞানের পাশাপাশি নানামুখী দক্ষতা অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে ১৯৮৯ সালের ৪ এপ্রিল তিনি প্রতিষ্ঠা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরাম। বর্তমানে যা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম নামে পরিচিত।

আরও পড়ুন

গত তিন দশকে পাঠক ফোরাম তাদের কার্যক্রমের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাঠক ফোরামের নাম জানে না, এমন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব কমই আছে। শুরুতে ৭৯ সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও এখন সংগঠনের সদস্য সংখ্যা ১২ হাজারের বেশি।

‘শিখিয়ে শিখি, আগামী দেখি’—এ স্লোগান সামনে রেখে শিক্ষার্থীদের মানোন্নয়নে নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে উপস্থিত বক্তৃতা, পাঠচক্র, চাকরিকেন্দ্রিক উন্মুক্ত ক্লাস আয়োজন, তথ্যপ্রযুক্তিসংক্রান্ত প্রশিক্ষণ, বিতর্কচর্চা ও প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক ভাইভা প্রতিযোগিতার আয়োজন, কর্মশালা, বার্ষিক সেমিনারসহ নানা অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

শুধু এসবই নয়, অনেকের হয়তো বাংলা উচ্চারণে সমস্যা আছে, অনেকের মুখে জড়তা কাজ করে, আঞ্চলিকতার টান চলে আসে—তাঁদেরকে আরও আত্মবিশ্বাসী করতে একটি বাংলা কোর্স চালু করেছে পাঠক ফোরাম। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য স্পোকেন ইংলিশ কোর্সও চালু করার কথা ভাবছে তারা।

পাঠক ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক সাগর ইসলাম বলেন, ‘একজন শিক্ষার্থীর একাডেমিক শিক্ষার বাইরে যা যা সহশিক্ষা থাকা দরকার, তার সবই আমরা রাখার চেষ্টা করি। তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশও অনেকটা ডিজিটালাইজড হয়েছে। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকাও এখন জরুরি। তাই আমরা ৯টি কম্পিউটার–সমৃদ্ধ ল্যাব গড়ে তুলেছি। যেখানে আমরা শিক্ষার্থীদের কম্পিউটারের বিভিন্ন প্রাথমিক কাজ (মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল) সম্পর্কে হাতে-কলমে ধারণা দিই।’

সাগর জানালেন, শুরুতে সংবাদপত্র পাঠক ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরে শুধু ‘পাঠক ফোরাম’ হিসেবে পরিচিতি পাওয়ার কারণ হলো, সংগঠনটি তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে দিয়েছে। সাগর বলেন, ‘আমাদের নানা সেক্টরে দক্ষতার প্রয়োজন। বিশেষ করে সৃজনশীলতার বিকাশ, ভাষাগত দক্ষতা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা ইত্যাদি। পেশাগত দিক থেকে সদস্যদের তৈরি করতেই ধীরে ধীরে নতুন উপাদান যোগ করা হয়েছে।’

সংগঠনটি মাসিক ফোরাম নামে একটি ম্যাগাজিনও নিয়মিত প্রকাশ করত। করোনা মহামারির সময়ে সাময়িকীটির প্রকাশ বন্ধ হয়ে গেছে। এখন আবার নতুন করে চালু করার পরিকল্পনা করছেন সংগঠনের সদস্যরা।

সাবেক সদস্যদের সাফল্যও এই সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের অন্যতম কারণ। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে শুরু করে সরকারি-বেসরকারি চাকরিগুলোয় সংগঠনটির সদস্যরা ভালো করছেন। ফলে ক্যাম্পাসে পাঠক ফোরামের জনপ্রিয়তা আরও বাড়ছে।