২ মার্চ থেকে শুরু হওয়া টোয়াবের পর্যটন মেলায় কী কী থাকবে
আগামী ২ মার্চ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে তিন দিনের পর্যটন মেলা। ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’ নামে আন্তর্জাতিক মেলাটির এবার ১১তম আসর। মেলার আয়োজক দেশের পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা টোয়াব।
আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলাটি ২ মার্চ শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলার স্টলগুলো ঘুরে দেখতে পারবেন। এ ছাড়া বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার, গোলটেবিলের আয়োজনও থাকবে। মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধারা বিনা ফিতে প্রবেশ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, ‘বিটিটিএফের মূল উদ্দেশ্য দেশের অভ্যন্তরীণ পর্যটনকে তুলে ধরা, বিদেশি পর্যটক আকর্ষণ করা। এবারের মেলাটিও সেই উদ্দেশ্য সামনে নিয়েই আয়োজন করা হচ্ছে। আশা করি, বিটিটিএফ ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটনশিল্প–সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।’
টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) আনোয়ার হোসেন মেলা সম্পর্কে প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ৩টি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল নিয়ে এবারের মেলার মূল আয়োজন। কক্সবাজার, সাজেক, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটন ব্যবসায়ীরা মেলায় অংশ নেবেন। এ ছাড়া ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। থাকবে কয়েকটি দেশের জাতীয় পর্যটন সংস্থাও।
সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মেলার টাইটেল স্পনসর ফার্স্ট ট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক, এফবিসিসিআইয়ের পরিচালক এমজিআর নাসির মজুমদার, টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান প্রমুখ।