যে সৈকতে নেই কোনো কোলাহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগর-পাহাড়ের দৃশ্য দেখে ক্লান্তি অর্ধেক চলে গেল
ছবি : লেখক

রিসোর্টে চেক ইনের সময় ছিল বেলা দুইটা। আমরা দুপুর ১২টায় পৌঁছে যাই। রিসোর্টের রেস্তোরাঁয় বসেই তাই অপেক্ষা করতে থাকি। এর মধ্যে সব চেকইন ফর্মালিটিও সাড়া হলো। চলে এল ওয়েলকাম ড্রিংক। বাইরে বেশ রোদের তেজ। কিন্তু রেস্তোরাঁ থেকে সাগর-পাহাড়ের দৃশ্য দেখে ক্লান্তি অর্ধেক চলে গেল। বলছি, থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের লামাই বিচের কথা।

এখানে বসে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা
ছবি : লেখক

আয়তনের দিক থেকে ঢাকার চেয়ে কিছুটা ছোট এই দ্বীপে পর্যটকেরা আসেন নানা দেশ থেকে। তবে দক্ষিণ এশীয় পর্যটক প্রায় চোখেই পড়ল না। কোহ সামুইতে একাধিক সৈকত আছে, আমরা তুলনামূলক কম ভিড় আর শান্ত সৈকত ‘লামাই’ এ ছিলাম। দেশ থেকেই অনলাইনে বুক করেছিলাম রুম। ছুটিটা প্রকৃতির কাছাকাছি কাটাতে চেয়েছিলাম। সাদা তট, প্রবাল সৈকত, পাহাড়ঘেরা সবুজ পানির এই সৈকতে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়!

এই সৈকতে নেই কোনো কোলাহল
ছবি : লেখক

দুপুরে একটু বিশ্রাম নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ি। বেশি দূর যেতে হলো না। টম ইয়াম স্যুপ, সি-ফুড, সালাদ আর কোমল পানীয় দিয়ে মধ্যাহ্নভোজ সারা হলো। এরপর রিসোর্টের প্রাইভেট বিচেই পুরো সন্ধ্যা।

পুরো সৈকত জুড়ে রয়েছে এমন স্নিগ্ধতা
ছবি : লেখক

পরের দিন একটি ট্রাভেল এজেন্সি থেকে অন্য দুটি দ্বীপ ভ্রমণের প্যাকেজ নিয়ে নিলাম। ৮ ঘণ্টার এই প্যাকেজে হোটেল পিক-ড্রপ, সকালের নাশতা, দুপুরের খাবারও সংযুক্ত ছিল। সাগরে স্নরকেলিং করার দারুণ সুযোগও এর মধ্যে ছিল। স্পিডবোটে আমাদের ‘কোহ তাও’ আর ‘কোহ নাং ইয়ান’ দ্বীপে নিয়ে যাওয়া হয়।

প্রাকৃতিক সৌন্দর্যঘেরা লামাই সৈকত
ছবি : লেখক

সেটিও ছিল দারুণ এক অভিজ্ঞতা! তৃতীয় দিন আমরা ট্যাক্সি ভাড়া করে নিজেদের মতো কোহ সামুইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান আর সৈকত ভ্রমণ করলাম। এভাবেই দেখতে দেখতে এই মনোরম দ্বীপে কেটে গেল আমাদের তিনটি দিন। অবসর কাটানো, ঘোরাফেরা, খাওয়াদাওয়ার জন্য আদর্শ মনে হয়েছে এই কোহ সামুই।

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে নানা ব্যবস্থা
ছবি : লেখক

যাঁরা কোলাহলমুক্ত, প্রাকৃতিক সৌন্দর্যঘেরা স্থানে সুন্দর অবসর কাটাতে চান, তাঁদের জন্য লামাই সৈকত হতে পারে যথার্থ গন্তব্য। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে নানা ব্যবস্থা। কায়াকিং, স্কুবা ডাইভিং, প্যারা সেইলিংসহ নানা আয়োজন। রয়েছে বক্সিং, মোটর রেস শো।

রিসোর্টের প্রাইভেট বিচে
ছবি : লেখক

কীভাবে যাবেন

ব্যাংকক থেকে বিমান, বাস বা ট্রেনে আসতে পারেন সুরাত থানি পর্যন্ত। সেখান থেকে ফেরি বা স্পিডবোটে কোহ সামুই। তবে বিমানে আসতে চাইলে যত আগে টিকিট কাটবেন, তত কম টাকায় পাবেন। ব্যাংকক থেকে সরাসরি কোহ সামুইয়ে বিমান আছে। তবে ভাড়া অনেক বেশি পড়বে। ব্যাংককে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোহ সামুই আসার প্যাকেজ পেয়ে যাবেন। অনলাইনে নিজেও কেটে নিতে পারেন।

কোথায় থাকবেন

কোহ সামুইতে রয়েছে শত শত হোটেল, রিসোর্ট, হোস্টেল। আপনার চাহিদা আর বাজেট অনুযায়ী অনলাইনে আগে থেকেই বুক করে যেতে পারবেন।

থাই খাবার
ছবি : লেখক

কী খাবেন

যাঁরা থাই খাবার পছন্দ করেন, তাঁদের জন্য কোহ সামুই স্বর্গরাজ্য। এখানে ছোট-বড় প্রচুর রেস্তোরাঁ রয়েছে। যাঁরা অন্য ধরনের খাবার চান, তাঁরা বেছে নিতে পারেন ভারতীয় রেস্তোরাঁ। এ ছাড়া ম্যাকডোনাল্ডস আর কেএফসি তো রয়েছেই। তবে খাবারের দাম তুলনামূলক আমাদের দেশের চেয়ে বেশি।