অ্যামেচার রেডিওতে ভোলার চর থেকে প্রথমবারের মতো তথ্য প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢালচরে ক্যাম্পিং
ছবি: সংগৃহীত

কড়া রোদে ছাতা মাথায় ঝিমাচ্ছিলাম, ট্রলারের মাঝির ডাকে হুঁশ ফিরল। চরকুকরি-মুকরিকে পেছনে ফেলে এসেছি ঘণ্টা দুই, সামনে ঢাল চরের জঙ্গল দেখা যাচ্ছে। মাঝি বাবুলকে যাত্রার আগেই গুগল ম্যাপে সম্ভাব্য ক্যাম্পিংয়ের জায়গা দেখিয়ে দিয়েছিলাম। এখন নদীর তীর ধরে এমন একটা জায়গা খুঁজছি, যেখানে ট্রলার ভেড়ানো যায়। ভোলার চরফ্যাশনের তাড়ুয়া বিচ থেকে কিলোমিটারখানেক পর গাছপালাসহ জায়গাটা মনে ধরল। ট্রলার বেঁধে মাঝির সঙ্গে ক্যাম্প সাইটের জায়গা দেখতে নামলাম।

ক্যাম্পিংয়ে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তবে সেটা ভ্রমণের জন্য। এবার কিন্তু ঘুরতে আসিনি, এসেছি শখের অ্যামেচার রেডিওর একটি আয়োজনে। যার নাম আইল্যান্ডস অন দ্য এয়ার বা আইওটা। এটা অ্যামেচার রেডিওর একটি জনপ্রিয় কর্মকাণ্ড। যে দ্বীপ থেকে আগে কখনো অ্যামেচার রেডিও ট্রান্সমিশন হয়নি, সেখান থেকে বেতারযন্ত্র ব্যবহার করে বিশ্বব্যাপী অন্যান্য হ্যাম রেডিও অপারেটরের সঙ্গে যোগাযোগ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আর অ্যামেচার রেডিও হচ্ছে শখের বসে ব্যক্তিগত বেতারযন্ত্র (ওয়ারলেস) দিয়ে যোগাযোগ করা। একটি কারিগরি শখ হিসেবে বিশ্বব্যাপীই এটি সমাদৃত। গবেষণা ও পারসোনাল রিক্রিয়েশনের জন্যও এটি ব্যবহার হয়ে থাকে। সংক্ষেপে হ্যাম রেডিও বলা হয়ে থাকে। অ্যামেচার রেডিও অপারেটরদের কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। আমাদের দেশে সেটা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের একটি নিজস্ব স্বতন্ত্র কল সাইন থাকে, যেটা দিয়ে বোঝা যায়, সে কোন দেশ থেকে ট্রান্সমিট করছে। এবারের আইওটার জন্য বিটিআরসি থেকে ‘S21DX’ নামে বিশেষ কল সাইনটি অনুমোদন নেওয়া হয়। আমরা পাঁচজন অপারেটর নিজেদের কল সাইন ব্যবহার না করে বিশেষ এই কল সাইন ব্যবহার করে যোগাযোগ করেছি।

অ্যামেচার রেডিওর একটি জনপ্রিয় কর্মকাণ্ড আইল্যান্ডস অন দ্য এয়ার বা আইওটা
ছবি: সংগৃহীত

সাত দিনের আস্তানা

গত ৭ ডিসেম্বর ঢাকার সদরঘাট থেকে রাতের লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওনা দিই। ৮ ডিসেম্বর পৌঁছেই ক্যাম্পের জায়গা খুঁজতে থাকি। ঢালচরে এদিক-সেদিক রেকি করে যে জায়গাটা বের করি, তার তিন পাশে খোলা আর এক পাশে জঙ্গল। এবার বেশ কিছুটা খোলা জায়গার দরকার ছিল। কারণ, আমাদের বিশাল বিশাল আটটি অ্যানটেনা বসাতে হয়েছে। কয়েকটা ঝাঁকড়া গাছের তলে সুন্দর ছায়া দেখে সেখানেই তাঁবু খাটাতে থাকি। দলের কয়েকজন লেগে গেল নৌকা থেকে মালসামান নামাতে। আর কয়েকজন গাছের নিচে কাপড়ের ছোট ছাউনি তৈরি করতে। এই ছাউনির নিচেই সাত দিন রেডিও অপারেট করেছি। আমাদের প্রথম ট্রান্সমিশন শুরু হয় ৯ ডিসেম্বর রাত ১২টার পর।

আইওটায় অংশগ্রহণকারীরা
ছবি: সংগৃহীত

বিজয়ের হাসি

২০০৯ সাল। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আমরা প্রথম আইওটা করেছিলাম। সে আয়োজনে একটা স্টেশনের মাধ্যমে সাড়ে তিন হাজারটি যোগাযোগ করেছিলাম। এরপর ২০২১ সালে বিভিন্ন দেশের হ্যামদের কাছ থেকে অনুরোধ এলে নতুন করে পরিকল্পনা করি। সেই আইওটার আয়োজন ছিল ভোলার চরফ্যাশনের চর কুকরিমুকরিতে। ২০২১ সালের আইওটায় আমরা সাড়ে ৫ হাজারটি যোগাযোগ করতে সক্ষম হই। ২০২১ সালের আইওটা শেষ করার পরপরই আমরা অনেক ই-মেইল পেতে থাকি। যে রেডিও অপারেটররা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তাঁরা চান আমরা যেন আবারও আইওটার আয়োজন করি।

সে লক্ষ্যেই ২০২২ সালের জানুয়ারিতে পরিকল্পনা করি, বিজয় দিবস সামনে রেখে আমরা আবার নতুন কোনো দ্বীপ থেকে আইওটা আয়োজন করব। আমাদের ওয়েবসাইটে পরিকল্পনা তুলে দেওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন অ্যামেচার রেডিও সংগঠন, জাতীয় সংগঠন ও রেডিও অপারেটররা আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের জন্য নতুন নতুন অ্যানটেনার ডিজাইন, একটার বদলে আমরা যেন বড় করে তিন-চারটি স্টেশন করতে পারি, সেই বিষয়ে কারিগরি সাহায্য দেওয়া শুরু করে।

আয়োজকেরা এবার ১০ হাজারের বেশি অ্যামেচার স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে
ছবি: সংগৃহীত

এদের ভেতরে ইন্টারন্যাশনাল ডিএক্স অ্যাসোসিয়েশন, রেডিও সোসাইটি অব গ্রেট ব্রিটেন, সুইস ডিএক্স ফাউন্ডেশন উল্লেখ্যযোগ্য। জার্মানির স্পাইডার বিম কোম্পানি আমাদের অ্যানটেনার জন্য বিশেষ ছাড় দেয়, তাদের তৈরি পাঁচটি অ্যানটেনা এবার ব্যবহার করেছি। জাপান থেকে কেনসুকি নামের এক ভদ্রলোক আমাদের আরেকটি অ্যানটেনা পাঠিয়েছেন। বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্যও বিদেশ থেকে কিছু সংগঠন সহায়তা করেছে।

নতুন অপারেটর অমি (কল সাইন S21OM) গতবার থেকেই আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছিল, আমাদের এবারের বেশির ভাগ অ্যানটেনা তাঁর বানানো। আয়োজনের ক্যাম্প ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রাকা।

এবার আমরা ১০ হাজারের বেশি অ্যামেচার স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। এর ভেতরে বেশি ছিল উত্তর আমেরিকা ও ইউরোপের স্টেশন। ১৬ ডিসেম্বর বিকেলে জাতীয় পতাকা নামানোর পর শেষ হয় আমাদের আয়োজন।