ছবির খোঁজ করতে গিয়ে জানা গেল আলোকচিত্রী মারা গেছেন

সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা’। সেই প্রদর্শনীর জন্য পাঠানো দুটি ছবির আলোকচিত্রীকে খুঁজতে গিয়ে জানা গেল মানুষটা আর নেই। প্রয়াত সেই আলোকচিত্রী তামিম আল হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবিগুলো নিয়ে প্রদর্শনীতে আলাদা একটা কর্নার করেছে ‘ভ্রমণকন্যা’। সেই প্রদর্শনী ঘুরে এসে প্রয়াত আলোকচিত্রীর খোঁজ করেছেন সজীব মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম আল হাসানের চারটি ছবি নিয়ে বিশেষ কর্নার
ছবি: মারুফ হাসান

১০ জুলাই সারা দেশ থেকে আসা ছবিগুলো থেকে প্রদর্শনীর জন্য ছবি বাছাই করতে বসেছিলেন বিচারকেরা। আরও অনেক ছবির সঙ্গে সেখানে তামিম আল হাসান নামের একজনের দুটি ছবিও নির্বাচন করেন তাঁরা। খবরটা জানাতে গিয়ে তামিমের নম্বর বন্ধ পাওয়া যায়। আলোকচিত্রী ও তাঁর পাঠানো ছবি সম্পর্কে নিশ্চিত হতে আরও কয়েকবার যোগাযোগ করেন তাঁরা। প্রতিবারই তামিমের নম্বরটি বন্ধ পাওয়া যায়। ২৩ জুলাই শেষবারের মতো কল করেও যখন তাঁকে পাওয়া যাচ্ছিল না, তখন ‘ভ্রমণকন্যা’র পক্ষ থেকে তামিমের খোঁজে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পোস্টের নিচে তাঁর পরিচিতদের মন্তব্য থেকে জানা যায়, তামিম আর নেই।

দুই দিন ধরেই জ্বর জ্বর লাগছিল। তবে সেই জ্বরকে খুব একটা পাত্তা দেননি তামিম। গত ৬ জুলাই পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন। পরদিন ছিল ছুটির দিন, কাজিনদের নিয়ে হইহুল্লোড় করে বাইরে খেতেও গিয়েছিলেন। বাসায় ফিরে রাতে আবার প্রচণ্ড জ্বর। ১০৩ ডিগ্রি। নাপা খাওয়ার পর কমে আসে। ৮ জুলাই সকাল থেকে আবার সব স্বাভাবিক। বাবার সঙ্গে সেদিন রাতে একবার ডাক্তারের কাছেও যান। ডাক্তার দুশ্চিন্তা না করে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন।

আরও পড়ুন
প্রদর্শনীতে তামিম আল হাসানের পরিচিতি
ছবি: লেখক

তামিম আল হাসানের ছোট বোন তাসমুম ফাহিয়া বলছিলেন, ‘কিন্তু ভাইয়ার সেই রক্ত পরীক্ষা আর করা হয়নি।’

৯ জুলাই সকালে আবার তামিমের জ্বর আসে। পাশের রুমে তাসমুম ফাহিয়ারও জ্বর। অসুস্থ দুই সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাঁদের মা আলেয়া বেগম। সেদিন সকালে ছেলেকে নাপা খাইয়ে মেয়ের মাথায় জলপট্টি দিতে বসেন। মিনিট দুয়েক পর ওই ঘরে ধপাস করে বিছানায় শুয়ে পড়ার মতো শব্দ হয়। আঁতকে উঠে ছেলের ঘরে ছুটে যান মা। গিয়ে দেখেন ছেলে কথা বলছে না। তামিমকে নেওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসক জানান করুণ সত্যটি।

আকাশ ভালোবাসতেন তামিম

কলেজে পড়ার সময় থেকেই ছবি তোলার শখ। শুরুতে মুঠোফোন আর ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতেন তামিম। তারপর আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগে ভর্তি হলেন। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে ওঠার পর ব্যবসায়ী বাবার কাছে একটি ডিএসএলআর উপহার পান তামিম। তাসমুম ফাহিয়া বলেন, ‘ভাইয়া আকাশ ভালোবাসত, আকাশ ভরা তারা পছন্দ করত। বাসায় ফিরেই তার প্রথম কাজ ছিল ক্যামেরা নিয়ে ছাদে যাওয়া। ছাদে বসে আকাশের ছবি তুলত।’

স্নাতক করে ২০২১ সাল থেকে রাজধানীর একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে মোশন গ্রাফিকস ডিজাইনারের কাজ নেন তামিম আল হাসান। পেশাগত কাজের বাইরে ছবি তোলাই ছিল তাঁর শখ। নিজের ঘর, বারান্দা, ঘরের সামনের কলোনির মাঠে খুঁজে ফিরতেন ছবির বিষয়। পরম মমতায় ক্যামেরাবন্দী করতেন প্রকৃতি আর মানুষের জীবন।

আরও পড়ুন
তামিমের তোলা এই ছবিটি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছিল

প্রদর্শনীতে নির্বাচিত ছবির পেছনের গল্প জানা গেল তাসমুম ফাহিয়ার কাছে, একদিন কোথা থেকে যেন বাসায় ফিরে দেখেন আম্মু নামাজ পড়ছেন। ভাইয়া বাসায় ঢুকেই তড়িঘড়ি ক্যামেরাটা হাতে নেন। তারপর আম্মুর নামাজ পড়া হলে বসে থাকতে অনুরোধ করেন। আর বলতে থাকেন দারুণ লাইট, দারুণ লাইট।

৩ জুন সেই ছবিই জমা দিয়েছিলেন তামিম আল হাসান। মায়ের প্রার্থনারত সেই ছবির সঙ্গে তামিমের তোলা আরও চারটি ছবি এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজার ৭ নম্বর গ্যালারিতে বিশেষ এক কর্নারে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি চলবে ৭ আগস্ট পর্যন্ত।

তাসমুম ফাহিয়া জানালেন, ভাইয়ের তোলা ছবিগুলো দেখতে ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার প্রদর্শনীতে যাবেন তাঁরা।