‘বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি’

২০১৫ সালে সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে গিয়ে সমুদ্রতলের দুনিয়ার সঙ্গে পরিচয়। এরপর মালয়েশিয়ায় গিয়ে স্কুবা ডাইভিং শেখা। একে একে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাইভিং ইনস্ট্রাক্টর জান্নাতি হোসেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সজীব মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুবা ডাইভিং করছেন জান্নাতি হোসেন
ছবি: জান্নাতি হোসেনের সৌজন্যে

প্রথম আলো :

স্কুবা ডাইভিংয়ে আগ্রহ কীভাবে?

২০১৮ সালে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতেই ঠিক করলাম, স্কুবা ডাইভিং শিখব। দেশে পানিতে নামার ছোটখাটো অভিজ্ঞতা তো ছিলই। মোটামুটি আগ্রহের বশেই করে ফেললাম প্রথম কোর্স। সমুদ্রের জীবন মনে ধরল। একই সঙ্গে দ্বিতীয় কোর্স সেরে দেশে ফিরেছিলাম। এভাবে ওপেন ওয়াটার, অ্যাডভান্সড, রেসকিউ, ইমার্জেন্সি ফার্স্ট রেসপন্সের (ইএফআর) পর ডাইভ মাস্টার কোর্স করি। সর্বশেষ করেছি ইনস্ট্রাক্টর হওয়ার কোর্স। আমার জানামতে, পিএডিআই (প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব ডাইভিং ইনস্ট্রাক্টরস) থেকে প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশের প্রথম নারী স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর আমি।

প্রথম আলো :

কবে করলেন এ কোর্স?

২০২৫ সালের নভেম্বরে মালয়েশিয়ার মাবুল দ্বীপে গিয়ে ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স করি। এর আগে ছয় মাস ধরে পড়াশোনা ও শারীরিক প্রস্তুতি নিয়েছি। কোর্সে থিওরি, ব্যবহারিক প্রশিক্ষণ, পানিতে দক্ষতার পরীক্ষা ও প্রেজেন্টেশন ছিল। এ কোর্সের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল অর্থ। নিজের সঞ্চয়, অনলাইন ফান্ড রেইজিং ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপে অর্থ জোগাড় করি। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

প্রথম আলো :

ইনস্ট্রাক্টর হিসেবে আপনার কাজ কী?

ইনস্ট্রাক্টর হিসেবে নতুন ডাইভার থেকে শুরু করে ডাইভ মাস্টার পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দিতে পারি। শিক্ষার্থীরা নির্ধারিত দক্ষতা ও পরীক্ষা সম্পন্ন করলে সনদ পাওয়ার প্রক্রিয়া শুরু হয়। জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণও দিতে পারি।

জান্নাতি হোসেন
ছবি: জান্নাতি হোসেনের সৌজন্যে

প্রথম আলো :

প্রথমবার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কেমন?

ইন্টার্নশিপের সময় অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা আমার প্রশিক্ষণ পর্যবেক্ষণ করতেন। প্রথমে একজন শিক্ষার্থীকে ডিএসডির (ডিসকভার স্কুবা ডাইভিং) অভিজ্ঞতা দিই। পরে প্রথম পূর্ণাঙ্গ কোর্সের শিক্ষার্থী ছিলেন আফগান বংশোদ্ভূত এক তরুণী, যিনি অস্ট্রেলিয়ায় বড় হয়েছেন। পানির নিচে কথা বলা যায় না, সংকেতের মাধ্যমে যোগাযোগ করতে হয়। তাই শিক্ষার্থীর প্রতিটি মুহূর্ত খেয়াল রাখতে হয়। তাঁর নিরাপত্তার দায়িত্ব নেওয়া একই সঙ্গে রোমাঞ্চকর ও ভয়ের ছিল। পরে তিনি সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন।

প্রথম আলো :

এ পেশায় কাজ করতে গিয়ে নারী হিসেবে কী অভিজ্ঞতা?

শারীরিক পরিশ্রমের কাজ বলে আমি কখনো ডাইভিংকে নিজের জন্য বাধা মনে করিনি। আগে গাড়ি মডিফিকেশনের ব্যবসা করেছি, সেটিও পুরুষপ্রধান ক্ষেত্র। তবে একবার কয়েকজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সময় এক নারী শিক্ষার্থী আমার বদলে পুরুষ সহকর্মীর কাছে প্রশিক্ষণ নিতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আমরা একই ধরনের প্রশিক্ষণ দিচ্ছিলাম। আমার মনে হয়েছিল, নারী হওয়ার কারণেই হয়তো তিনি আমাকে কম দক্ষ ভাবছিলেন। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছিল।

প্রথম আলো :

ডাইভিং করতে গিয়ে কখনো বিপদ হয়েছে?

দুবার বিপদে পড়েছি। সাধারণত যাঁরা স্কুবা ডাইভিং করেন না, তাঁরা পানির নিচের সামুদ্রিক প্রাণীকে ভয় পান। কিন্তু আমার ভয় পাওয়ার অভিজ্ঞতা মূলত নিজের শারীরিক সমস্যার কারণে। প্রথমবার নিজের অ্যাডভান্সড কোর্সের সময়। পানির নিচে নামার সময় নির্দিষ্ট বিরতিতে কানের ভেতরের বায়ুচাপের সঙ্গে বাইরের পানির চাপের সমতা আনতে হয়। একে বলা হয় ইকুয়ালাইজ করা। কিন্তু সেদিন উত্তেজনায় বিষয়টি খেয়াল ছিল না। কানে ও সাইনাসে প্রচণ্ড চাপ অনুভব করি, চোখের সামনে অন্ধকার হয়ে আসে। সহ-ইনস্ট্রাক্টরকে সংকেত দিয়ে ডাইভ শেষ করি। দ্বিতীয়বার ইনস্ট্রাক্টর হওয়ার পর একটানা অনেকবার ডাইভ করে বিশ্রাম না নিয়ে আবার পানিতে নামতে গিয়েছিলাম। কানের চাপ সমান হচ্ছিল না। পরে ওপরে ওঠার সময়ও সমস্যা হয়। ধীরে ধীরে বিরতি নিয়ে নিরাপদে ওপরে ফিরি। বুঝেছি, ডাইভিংয়ে বিশ্রাম ও শরীরের অবস্থা বিবেচনা করা খুব জরুরি।

বিভিন্ন দেশের স্কুবা ডাইভারদের সঙ্গে জান্নাতি হোসেন (মাঝে)
ছবি: জান্নাতি হোসেনের সৌজন্যে

প্রথম আলো :

বাংলাদেশে স্কুবা ডাইভিং পর্যটনের সম্ভাবনা কতটা?

বাংলাদেশের দীর্ঘ সমুদ্রসৈকত ও সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং পর্যটনের সম্ভাবনা রয়েছে। তবে নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা যাবে না। পিএডিআই, এসএসআই (স্কুবা স্কুল ইন্টারন্যাশনাল) ও এসডিআইয়ের (স্কুবা ডাইভিং ইন্টারন্যাশনাল) মতো আন্তর্জাতিক স্কুবা ডাইভিং সংস্থার প্রশিক্ষণপদ্ধতি ও নিরাপত্তার মান অনুসরণ করতে হবে। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের নির্ধারিত সময়ের মধ্যে ডাইভিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। এর বাইরে বিশেষ নৌযানের মাধ্যমে সমুদ্রে পর্যটকদের নিয়ে গিয়ে ডাইভিংয়ের সুযোগ তৈরির সম্ভাবনাও যাচাই করা যেতে পারে। এ জন্য সরকারি সহযোগিতা ও তদারকি লাগবে।

প্রথম আলো :

স্কুবা ডাইভিং নিয়ে আপনার লক্ষ্য কী

আমার লক্ষ্য বাংলাদেশে পিএডিআই স্বীকৃত একটি স্কুবা ডাইভিং সেন্টার গড়ে তোলা। সে জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ শুরু করেছি। তবে সরঞ্জাম আমদানিতে নানা ধরনের কর ও লাইসেন্সের জটিলতা রয়েছে। অর্থের সংস্থানই এখন সবচেয়ে বড় বাধা। তবু ধীরে ধীরে এগোচ্ছি। চাই, বিশ্বের যেকোনো প্রান্তের ডাইভার পিএডিআইয়ের ওয়েবসাইটে যেন বাংলাদেশের ডাইভ সেন্টারের তথ্য খুঁজে পান। স্কুবা ডাইভিংয়ের জন্যই বিদেশি পর্যটকেরা বাংলাদেশে আসবেন, এটাই আমার স্বপ্ন।

আরও পড়ুন