কেন আলাদা মারমেইডের এই সুইমিংপুল

সারা দিনের জন্য ডে ক্লাব ব্যবহার করতে চাইলে খরচ হবে ২ হাজার টাকা
ছবি : প্রথম আলো

উত্তর-দক্ষিণ বরাবর ৩০০ ফুট লম্বা নীল জলের একটি সুইমিংপুল। ২৮ ফুট প্রস্থ পুলটার পূর্ব পাশে একটা রেস্তোরাঁ। তাতে রকমারি খাবারের পসরা। সম্প্রতি কক্সবাজারের ‘মারমেইড বিচ রিসোর্টে’ চালু হয়েছে নান্দনিক এই সুইমিংপুল। যেখানে সাঁতার কাটতে কাটতে সুন্দর সময় পার করতে পারবেন। পুলটা এমনভাবে তৈরি যে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ সাঁতার না জানলেও নামতে পারবেন। পুলের এক পাশে শিশুদের জন্য থাকছে ৩০০ ফুট লম্বা ও ১০ ফুট প্রস্থ্যের আরেকটি সুইমিংপুল। এখানে বিপদে পড়ার ঝুঁকি নেই। কারণ, পানির সর্বোচ্চ গভীরতা ৪ দশমিক ৫ ফুট।

সুইমিংপুলে আছে শিশুদের জন্য বিশেষ আয়োজন
ছবি : প্রথম আলো

সপরিবার মারমেইডে বেড়াতে এসেছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। শিশুসন্তানকে সুইমিংপুলে নামিয়ে তিনি পাশের চেয়ারে হেলান দিয়ে ছবি তুলছিলেন। পুলের পশ্চিম পাশেই সৈকত। আনোয়ার হোসেন বলছিলেন, মালয়েশিয়া, থাইল্যান্ডে এ রকম সুইমিংপুল আছে, যাতে পর্যটকদের বিনোদনসেবা দিতে সুইমিংপুলকেন্দ্রিক অন্যান্য চাহিদা পূরণের ব্যবস্থা রাখা হয়।

পুলের দক্ষিণ পাশে গোসল করছিলেন কয়েকজন বিদেশি পর্যটক। কিছুক্ষণ গোসলের পর তাঁরা ওপরের চেয়ার বসে আড্ডা দিতে দিতে খাবার খাচ্ছিলেন। তারপর আবার নেমে পড়েন। এভাবে কয়েক ঘণ্টায় বিরতি নিয়ে নিয়ে তাঁরা বেশ কয়েকবার পুলে নামলেন। বিকেলে সূর্য যখন লাল আভা ছাড়িয়ে পশ্চিমাকাশে ডুব দিচ্ছিল, তখনো পুলে বেশ কয়েকজনকে সাঁতার কাটতে দেখা গেল। কেউ কেউ আবার পুলের সঙ্গে সূর্যাস্তের ছবি ধারণ করছিলেন মুঠোফোনে।

এমনি দৃষ্টিনন্দন সুইমিংপুলের চারপাশ
ছবি : প্রথম আলো

মারমেইড বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরীর সঙ্গে কথা হলো। দৃষ্টিনন্দন সুইমিংপুল নির্মাণের নেপথ্য কাহিনি তুলে ধরলেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসের দিকে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন চালু হচ্ছে। মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর হয়েছে। বিদেশি পযটকদের আগমনও ঘটছে। বিদেশিদের রাতযাপনের জন্য তারকা মানের বহু হোটেল রিসোর্ট আছে, সেখানে সুইমিংপুলও রয়েছে। কিন্তু এমন কোনো সুইমিং জোন নেই, যেখানে সুইমিংয়ের পাশাপাশি পরিবারের লোকজন সারাটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এটি হচ্ছে ডে ক্লাব কনসেপ্ট। ক্লাব তো রাতের বেলায় জমে। আমরা রাতের পরিবর্তে দিনে করেছি বলে এটি ডে ক্লাব। পরিবার–পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সারা দিন সুইমিং করা যাবে, খাওয়াদাওয়া, আড্ডা—সবই করা যাবে।

গোসল, ভ্রমণ, খাওয়াদাওয়া, আড্ডা—সবকিছু এক জায়গায়
ছবি : প্রথম আলো

রয়েছে জুসবার, রেস্তোরাঁ, নারী–পুরুষের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা। গোসল, ভ্রমণ, খাওয়াদাওয়া, আড্ডা—সবকিছু এক জায়গায় নিয়ে আসা হয়েছে।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সুইমিংপুল ডে ক্লাব খোলা রাখা হয়। পুলের পানি পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলে রাত আটটার পর থেকে। সকাল আটটার আগেই গোসলের জন্য প্রস্তুত থাকে পুল। পুলটি তৈরি করতে সময় লেগেছে দেড় বছর।

সুইমিংয়ের পাশাপাশি পরিবারের লোকজন সারাটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন
ছবি : প্রথম আলো

সারা দিনের জন্য ডে ক্লাব ব্যবহার করতে চাইলে খরচ হবে ২ হাজার টাকা। তখন যতক্ষণ ইচ্ছা, যতবার ইচ্ছা সুইমিং করা যাবে। কেউ যদি এক ঘণ্টার জন্য সুযোগটি নিতে চান সে ক্ষেত্রে লাগবে ৯০০ টাকা। তবে মারমেইড বিচ রিসোর্টের যাঁরা অতিথি, তাঁদের জন্য বিনা মূল্যে সুইমিং।