হার্ভার্ডে যা দেখলাম

হার্ভার্ড স্টেডিয়ামের সামনেছবি: লেখকের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যখন কেমব্রিজে পৌঁছালাম, তখন সন্ধ্যার অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে। নিস্তব্ধ শীতের রাত। যে হোটেলে উঠেছি, সেখানকার রুমের দেয়ালজুড়ে জানালা। ওপাশে বইছে চার্লস নদী। তারই কোল ঘেঁষে হার্ভার্ড ইউনিভার্সিটি। বিদ্যানুরাগীদের তীর্থভূমি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এই শহরে থাকে আমার বর। হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে। সেই সুবাদে সপরিবার বিশ্ববিদ্যালয়টি দেখতে আসা। শিক্ষার্থীর বদৌলতে ক্যাম্পাস ট্যুরে বাড়তি কিছু সুবিধা পাওয়া যেতেই পারে। তা ছাড়া ছাত্র নিজেই এখানে আমাদের ভ্রমণ গাইড!

হার্ভার্ড চত্বর

ক্যাম্পাসে ঢোকার মুখেই বেশ বড় এলাকা নিয়ে হার্ভার্ড স্কয়ার। প্রতিবছর এখানে লাখো পর্যটকের সমাগম হয়। রাস্তার দুই পাশে অনেক রেস্তোরাঁ, কফি হাউস, আর্ট গ্যালারি, বইয়ের দোকান। হার্ভার্ড অনুমোদিত গিফট শপ থেকে কয়েকটা বই আর কিছু স্মারক কেনা হলো। রাস্তার মোড়ের একটা কফির দোকানে দেখি অনেক লোকের ভিড়। সকালের নাশতা সেখানেই সারলাম।

হার্ভার্ড গ্রন্থাগারের ভেতরটা
ছবি: লেখকের সৌজন্যে

পাশেই পাতাল ট্রেনের স্টেশন। সিঁড়ি বেয়ে নিচে নেমে ট্রেন ধরলে দিব্যি আশপাশের অন্য শহরগুলোতে চলে যাওয়া যায়। সন্ধ্যার সময় জায়গাটি বেশ জমজমাট। রাস্তার পাশেই শুরু হয় ফোক গান, পথনাটক, নাচ আরও নানা রকম লাইভ পারফরম্যান্স। জমে ওঠে সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের সান্ধ্য-মিলনমেলা। নিজেকে মেলে ধরার এ মেলায় চলে যুক্তি, জ্ঞান আর যুগান্তকারী সব ভাবনার আদান-প্রদান। বোধ আর বুদ্ধির সে এক মুক্ত মেলা।

এই চত্বর ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল সুউচ্চ লোহার ফটক। ভেতরে ঢুকতেই যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিদ্যাপীঠ, যা প্রতিষ্ঠিত হয় ১৬৩৬ সালে। প্রধান ফটক শিখরের নান্দনিক কারুকার্য, পুরোনো দালান, পাঠাগার, ঘণ্টা, মাঠ, বেঞ্চ, সবুজ ঘাসের চত্বর, বেদি—সবকিছুতেই একাত্মতা আর বন্ধনের আহ্বান।

হার্ভার্ড গ্রন্থাগার

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই হার্ভার্ড গ্রন্থাগার। পৃথিবীর সমৃদ্ধতম একাডেমিক লাইব্রেরিও। বিরাট এই পাঠাগার ভবনের এক অংশ রয়েছে মাটির নিচেও। এখানে রয়েছে অসাধারণ বইপুস্তকের সংগ্রহ, দুর্লভ পাণ্ডুলিপি, দুষ্প্রাপ্য ছবি আর বিরল সব মানচিত্র। আরও আছে নোবেল পুরস্কারের ক্রেস্টসহ অমূল্য সব পদকের সমারোহ। স্বীকৃতি আর অর্জনে যেন দীপ্তময় চারদিক। হার্ভার্ড কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে দুর্লভ এই সংগ্রহশালা পরিদর্শন করা যায়।

ঘুরতে ঘুরতে হার্ভার্ড বিজনেস স্কুলে
ছবি: লেখকের সৌজন্যে

হার্ভার্ড স্টেডিয়াম

স্টেডিয়ামের সামনে গিয়ে অবাক হলাম। একি রোমের কলোসিয়াম নাকি! অনেকটা সে রকম আদলেই আজ থেকে ১২০ বছর আগে নির্মিত হয়েছে হার্ভার্ড স্টেডিয়াম। ইংরেজি ‘ইউ’ আকৃতির এই স্টেডিয়ামে ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ভেবেছিলাম হার্ভার্ডিয়ানেরা সারাক্ষণ পাঠাগারে বইপত্রের জগতেই ডুবে থাকে। সে ভাবনা ভুল। জানলাম, এ ক্ষেত্রেও তাঁদের নৈপুণ্যের জুড়ি নেই। প্রতিদিন দল বেঁধে নিয়মিত নানান রকম খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখেন। বহু ঐতিহাসিক খেলার সাক্ষী এই হার্ভার্ড স্টেডিয়াম। সবার জন্য ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই যে-কেউ চাইলেই এখানে কোনো একটা ম্যাচ উপভোগ করে আসতে পারেন।

বিশ্ববিদ্যালয়ে এখন শীতকালীন ছুটি চলছে। সে কারণে চত্বর বেশ ফাঁকা। শীতের সকালের নরম রোদে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, যোগ্যতার কঠিন মাপকাঠি পেরিয়ে মানুষ স্বপ্নের এই পাঠশালায় পড়তে আসেন। কত বিখ্যাত মনীষীর পদচারণই না এখানে রয়েছে। হার্ভার্ডের ছাত্ররা শতাব্দীর মোড়ে মোড়ে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন।