শীতে আমিয়াখুম যাব, নাকি বর্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শীতে আমিয়াখুম সরু করে নিয়েছে তার গতিপথ
ছবি: লেখকের সৌজন্যে

চোখ বন্ধ করে জলপতনের শব্দ শুনছিলাম। হঠাৎ এক ভ্রমণসঙ্গীর সাবধানবাণী, ‘এই, আর দূরে যেয়ো না, পড়ে যাবে তো।’

চোখ মেলে দেখি, আসলেই জলপ্রপাতের কিনারায় বসে আছি। আমার ঠিক এক ফুট দূর দিয়ে বয়ে চলছে আমিয়াখুম জলপ্রপাত, তার আরেকটু দূরে জলপতন। সূর্যের আলোয় রুপার মতো চকচক করছে তার জল। রুপালি জলপ্রপাতের কলকল ধ্বনি তৈরি করেছে পাহাড়ি শিশুর চোখের মতো শান্ত এক পরিবেশ।

আমিয়াখুমের পেছনেই সারি সারি বড় বড় গোলগাল পাথর। এসব পাথরের গা-ঝরা পানি সরু প্রবাহে এগিয়ে আসে। তখন দেখে বোঝার উপায়ই নেই যে মিলেমিশে এই প্রবাহ হয়ে ওঠে বিশাল জলপ্রপাত! পাথরের দিকে তাকালে চোখে পড়ে দানবের মতো সুউচ্চ এক পাহাড়ও। সেই পাহাড়ের গা ভেদ করে আলো এসে পৌঁছায় আমিয়াখুমের জলের ওপর, এ যেন প্রকৃতির বিশাল এক কারখানা!

নিরাপত্তার কারণে বেশ কয়েক মাস বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা ছিল। তখন এসব এলাকার বুনো জলপ্রপাতের দেখাও পায়নি রোমাঞ্চপ্রিয় ভ্রমণপিপাসুরা। সেই নিষেধাজ্ঞা জুলাইয়ে তুলে নেওয়া হয়েছে। এরপর থেকে পাহাড়ে পর্যটকের আনাগোনাও বেড়েছে। যথাযথ অনুমতি নিয়ে অনেকেই ছুটছে দুর্গম পাহাড়ে। আপনিও বেরিয়ে পড়তে পারেন, তবে যাওয়ার আগে পাহাড়ি প্রকৃতিতে ভ্রমণের খুঁটিনাটি জেনে নিন।
শীতের আমিয়াখুম জলপ্রপাতে লেখক
ছবি: লেখকের সৌজন্যে

আমি তখনো বেশ অবাক হয়ে ভাবছি, এই তো কিছুদিন আগেই ভরা বর্ষার সফরের কথা। বান্দরবানের থানচির দুর্গম এই জলপ্রপাতে কতটা কষ্ট করে আসতে হয়েছিল তখন। এখন যেখানে সন্তর্পণে বসে আছি, তখন এখানে বসতে পারিনি। জলপতনের গর্জন বুলেটের মতো শোনাচ্ছিল। কাছাকাছি আসতেই পানির ঝাপটায় আমাদের গোসল হয়ে গিয়েছিল। আর এই শীতে আমিয়াখুম সরু করে নিয়েছে তার গতিপথ, যেন শীতে বেড়াতে আসা অতিথিদের পাশে বসার উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছে! বর্ষার ঘোলা জলও এখন একেবারে স্বচ্ছ। একই জলে মোড়ানো আমিয়াখুম এই শীতে এমন শান্ত হয়ে গেল কী করে?

চারপাশে চোখ বুলিয়ে আরও একবার প্রকৃতিকে দেখে নিলাম। সবুজে একটু ভাটা পড়েছে, নতুন করে যুক্ত হয়েছে ছাই রঙের আস্তরণ। সবুজ আর ধূসর মিলে তৈরি হয়েছে সুন্দর এক দৃশ্য, যে দৃশ্য বর্ষায় দেখতে পাইনি। সূর্যের উত্তাপে পিঠে এই মুহূর্তে একটু উষ্ণতা বাড়লেও আমিয়াখুমের পাশে বসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, উল্টো দিকের নাম না জানা পাহাড়ের মাথায় জমে থাকা কুয়াশা। উঁচু পাহাড়গুলোর নিচে তাকাতেই দেখতে পেলাম, দুটি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলে যাচ্ছে আমিয়াখুমের জল। পাহাড়ের সবুজ সব টেনে নিয়েছে সেই জল। শীত আর বর্ষার মধ্যে কি দেওয়া-নেওয়া সম্পর্ক? বর্ষা তার ঘোলা জলের ধূসর রং শীতকালে পাহাড়কে দিয়ে দেয়, আর শীত তার সবুজ জল বর্ষাকে দিয়ে দেয়?

হুট করে চোখে পড়ল সেই সবুজরঙা স্বচ্ছ পানিতে ভেলা ভাসানোর চেষ্টা করছিল আমাদের গাইড অভি ত্রিপুরা। খুব সম্ভবত সেই জল সামনে গিয়ে তৈরি করেছে ‘সাত ভাই খুম’। সাত ভাই খুমের ওপর ভেলা দেখে মনে হচ্ছিল কাচের ওপর কেউ ভেলাটা বসিয়ে দিয়েছে। সেই ভেলা নিয়ে আমাদের যেতে হবে দুই পাহাড়ের বাঁক বেয়ে—লুকিয়ে থাকা রহস্যের খোঁজে।

দলের বাকি সদস্যরা এক এক করে যেতে থাকল ভেলাখুমের দিকে, সবশেষে আমারও ডাক পড়ল। এবার উঠে দাঁড়ালাম। প্রকৃতির রানি আমিয়াখুমকে বিদায় জানানোর পালা। শুভ বিদায় জানিয়ে বর্ষাকালের নিষিদ্ধ পথ দিয়ে সাত ভাই খুমে ভেলা বাইতে চললাম। ভেলা বাইতে বাইতে একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল—শীতে আমিয়াখুম আসব নাকি বর্ষায়?