আন্দামানের বুকে স্পিডবোটে
ভ্রমণ দলে এবার আমরা চারজন। ঢাকা থেকেই আমরা থাইল্যান্ড ভ্রমণের সাত দিনের একটি খসড়া করে নিয়ে গিয়েছিলাম। সেই পরিকল্পনায় ফুকেটের দ্বিতীয় দিনে ছিল আন্দামান সাগরের বুকে ঘুরে বেড়ানো। এটা জেনে আমাদের কিছু বন্ধু সি সিকনেসের ভয় দেখিয়েছিল। উত্তাল সাগরে পাঁচ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা নাকি খুবই অস্বস্তিকর অভিজ্ঞতা। অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা অনেকখানি। সেই মোতাবেক আমাদেরকে অর্ধেক বেলা বোটে ঘোরার পরামর্শ দেওয়া হয়েছিল। আমরা অবশ্য রোমাঞ্চের আশায় সারা দিনের প্যাকেজটাই বুক করি। তারপর মনের ভেতর ভয় আর উদ্বেগ নিয়েই রাতে ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকাল সাতটায় আমাদের ট্যুর গাইড এসে নিয়ে গেলেন। জেটিতে পৌঁছে স্পিডবোটে ওঠার আগে অনেক নির্দেশনাবলি দিলেন গাইড। দ্বীপে ঘোরার জন্য কী ধরনের চটি পরতে হবে, সমুদ্রতলের জগৎ দেখতে ও সমুদ্রে সাঁতার কাটতে গেলে পরতে হবে বিশেষ চশমা এবং জলে ভাসার জন্য লাইফ জ্যাকেট—এসবই পাওয়া গেল গাইডের কাছে। সেই সঙ্গে গাইড বলে দিলেন প্রতিটি দ্বীপের নানা তথ্য।
জেটিতে পৌঁছেই লক্ষ করলাম, আমাদের সঙ্গে বেশ কয়েকটি পরিবার আছেন। নানা বয়সী। যেমন অশীতিপর মাকে নিয়ে এসেছেন দুই বোন। অন্য এক দম্পতি দেখলাম দুই বছর বয়সী সন্তানকে এনেছেন। তাঁদের ভাবলেশহীন ভাব আমাকে বেশ প্রভাবিত করল। জেঁকে বসা ভয় খানিকটা উবে গেল। জেটি ছেড়ে ধীরে ধীরে আন্দামান সাগরে প্রবেশ করছে বোট। ভয়ে সিটের মধ্যে লাইফ জ্যাকেট পরে শক্ত হয়ে বসে আছি, এই বুঝি কিছু একটা হয়ে যায়। কিন্তু যতটা ঝাঁকুনি বা বাম্পিং হবে ভেবেছিলাম, ততটা হলো না। আন্দামান সাগরে জল কেটে খুব জোরে চলতে থাকল আমাদের স্পিডবোট। চোখের সামনে দিয়ে শাঁই শাঁই করে চলে যাচ্ছিল ছোট ছোট পাথুরে টিলা, পাহাড়। মনে হচ্ছিল, টিনটিনের সঙ্গে কোনো রহস্য উন্মোচন করতে চলছি অজানা দ্বীপে।
প্রায় দুই ঘণ্টা চালিয়ে স্পিডবোট আমাদের নিয়ে যায় মায়া বে বিচে। ‘দ্য বিচ’ মুভির কল্যাণে দ্বীপটি সারা দুনিয়াতেই বিখ্যাত হয়ে গেছে। মাথার ওপর ঝকঝকে নীল আকাশ আর নিচে নীল সবুজাভ জলরাশির প্রান্ত ছুঁয়ে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী পাথুরে পাহাড়। এ যেন অন্য এক রহস্যের দুনিয়া। যেদিকে তাকাই শুধু নীল আর নীল। বুঁদ হয়ে বসে রইলাম খানিকটা সময়।
আমরা চারজন ছাড়া সবাই লাইফ জ্যাকেট পরে বোট থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে আন্দামানের বুকে। সাঁতার না জানায় এই সুখ থেকে আমরাই শুধু বঞ্চিত হলাম। আমাদের বোটের ছোট সদস্যরাও মা-বাবার সঙ্গে সাঁতরে বেড়াল। আশ্চর্য হয়ে তাঁদের আমরা দেখলাম আর মনে মনে শপথ নিলাম, ঢাকায় ফিরেই সাঁতার শিখে ফেলব।
স্পিডবোট এবার আমাদের নিয়ে গেল ফি ফি আইল্যান্ডে। দ্বীপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। সেখানে আমরা দুপুরের খাবার খেলাম। তারপর আরও দুইটা দ্বীপে গেলাম। একটা দ্বীপে বাঁদরের খুব উৎপাত, আরেকটা শান্ত আর নির্জন।
এত সব রোমাঞ্চের মধ্যে কখন যে পশ্চিমে হেলে পড়েছে সূর্য, খেয়ালই করিনি। লাল আভা ছড়িয়ে জানান দিল ফেরার সময় হয়েছে। সমুদ্র থেকে একে একে সবাই বোটে উঠে এল। যার যার সিটে বসে পড়ল সবাই। গভীর আন্দামান থেকে এবার শহরে ফেরার পালা।