ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের একটি শাখায় রানারআপ কুড়িগ্রামের কলেজছাত্র

পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীদের ছবির প্রতিযোগিতা ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার। গত ২৫ জানুয়ারি লন্ডনভিত্তিক এ প্রতিযোগিতার ২৩তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে পেশাদার শাখায় সম্মিলিতভাবে সেরা হয়েছেন গ্রিসের আথানাসিওস মালুকোস এবং নবীন আলোকচিত্রী শাখায় সেরা হয়েছে যুক্তরাজ্যের ১০ বছর বয়সী জেমি স্মার্ট। ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৫-এ বিশ্বের ১৬০ দেশের আলোকচিত্রীদের পাঠানো ২০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। প্রতিযোগিতায় নিজের বয়স শাখায় রানারআপ হয়েছে কুড়িগ্রামের কলেজছাত্র কাবিউর রহমান

পেশাদার শাখায় সম্মিলিতভাবে সেরা হয়েছেন গ্রিসের আলোকচিত্রীর আথানাসিওস মালুকোসের তোলা এই ছবিটি
ছবি: ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার/আথানাসিওস মালুকোস

দেশ-বিদেশের বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতার নিয়মিত খোঁজ রাখে কাবিউর রহমান। গত বছরের মার্চের কথা। ইনস্টাগ্রামে ‘ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৫’ প্রতিযোগিতার জন্য ছবি আহ্বানের বিজ্ঞাপনটা তার নজরে পড়ে। প্রতিযোগিতার বিষয়বস্তুসহ বিস্তারিত জেনে আনন্দিতই হয় কাবিউর। কারণ, এতে অংশ নিতে এন্ট্রি ফি দিতে হবে, নিজের বয়সশ্রেণির একটি শাখাও আছে। দেরি না করে নিজের তোলা কয়েকটি ছবি পাঠায় সে।
এরপর দীর্ঘ অপেক্ষা। গত নভেম্বরে চূড়ান্ত তালিকা ঘোষণা করলে জায়গা করে নেয় কাবিউরের তোলা ছবি। তারপর চলে ভোট গ্রহণ। সব প্রক্রিয়া শেষে গত ২৫ জানুয়ারি ঘোষণা করা হয় বিজয়ী ও রানারআপ আলোকচিত্রীদের নাম। এতে ১৫ থেকে ১৮ বছর বয়সী শাখায় রানারআপ হয়েছে সে। তার শাখায় বিজয়ী রোমানিয়ার ১৫ বছর বয়সী মাতেই মারাচিনেয়ানু।

কাবিউরের রানারআপ চার ছবি

১ / ৪
সূর্য ডুবতে শুরু করলে শান্ত ব্রহ্মপুত্রে যেন স্থির তিন নৌকা। চিলমারীর রমনা ঘাট থেকে তোলাছবি: কাবিউর রহমান

স্কুলেই ছবির নেশা

কাবিউর রহমান কাছের মানুষদের কাছে রিয়াদ নামে পরিচিত। স্কুলে পড়ার সময় থেকেই ছবি তোলার নেশায় পড়ে যায় সে। কাবিউর বলছিল, ‘আমার আম্মু একটি এনজিওতে চাকরি করেন। তাঁর কাজের জন্য অফিসের ক্যামেরা ব্যবহার করতেন। ক্যামেরাটা বাড়িতে আনলে সেটা নিয়ে আমি বেরিয়ে পড়তাম, ছবি তুলতাম।’
এরপর ছেলের আগ্রহ দেখে ক্যামেরা কিনে দেন মা। নিজেদের বাড়ি চিলমারীসহ কুড়িগ্রামের নানা জায়গা ঘুরে ছবি তুলতে থাকে কাবিউর। অংশ নিতে থাকে বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায়।

কাবিউর রহমান কাছের মানুষদের কাছে রিয়াদ নামে পরিচিত
ছবি: কাবিউর রহমানের সৌজন্যে

গত বছর চিলমারী থেকে এসএসসি পাস করে কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছে কাবিউর। পরিবারের সঙ্গে কুড়িগ্রামেই থাকে। কাবিউর বলছিল, ‘আমি ভালো আলোকচিত্রী হতে চাই। ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানারআপ হতে পেরেও আমি দারুণ অনুপ্রাণিত হয়েছি।’

আরও পড়ুন