আইসল্যান্ডজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য গেইসির। দেশটির অর্থনীতিতে গেইসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গেইসিরকে উষ্ণ পানির প্রস্রবণ হিসেবেও উল্লেখ করা যেতে পারে।
আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোল্ডেন সার্কেলের নিকটে হাউকাডালুর নামক উপত্যকায় গ্রেট গেইসির নামে একটি প্রস্রবণ আছে, যেটি মূলত দেশটিতে জনপ্রিয় গেইসিরগুলোর মধ্যে একটি। পিগি আমাদের সেখানে নিয়ে গেলেন। যদিও সাম্প্রতিক কালে এ গেইসির থেকে কোনো ধরনের নির্গমন ঘটে না বললেই চলে। তবে এর পাশে স্টোক্কর নামক আরও একটি গেইসির রয়েছে, যেখানে চার থেকে দশ মিনিট অন্তর উষ্ণ জলের নির্গমনের দেখা মেলে।
ইউরোপের ইতিহাসে সর্বপ্রথম যে গেইসিরের কথা লিপিবদ্ধ করা হয়েছিলও, সেটি গ্রেট গেইসির। এ জন্য এটি জনপ্রিয়তা পেয়েছে বেশি। গেইসির সমভূমি কিংবা মালভূমি অথবা আগ্নেয়গিরির মতো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল। তবে নির্দিষ্ট কিছু হাইড্রোজিওলজিক্যাল বৈশিষ্ট্যের জন্য এ পৃথিবীতে মুষ্টিমেয় কিছু অঞ্চলে গেইসিরের দেখা মেলে। যেহেতু আইসল্যান্ড বিভিন্ন ধরনের আগ্নেয়গিরিতে পরিপূর্ণ, তাই এখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে সঙ্গে এ ধরনের বিভিন্ন গেইসিরের সৃষ্টি হয়েছে। এ কারণে বেশির ভাগ গেইসিরের অবস্থান কোনো না কোনো সক্রিয় আগ্নেয়গিরির আশপাশে।
ভূপৃষ্ঠের অভ্যন্তরের গলিত ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পাশাপাশি গেইসির সৃষ্টির আরও একটি প্রত্যক্ষ কারণ। সাধারণত, পৃথিবীপৃষ্ঠের পানি যখন প্রায় দুই হাজার মিটার গভীরতায় পৌঁছায়, তখন এটি গলিত ম্যাগমাসহ ভূগর্ভস্থ গরম পাথরের সংস্পর্শে আসে এবং অত্যন্ত উত্তপ্ত হয়ে ফুটে ওঠে। ভূপৃষ্ঠের প্রচণ্ড চাপের প্রভাবে এ পানি গেইসিরের পৃষ্ঠতল থেকে ছিটকে বের হয়ে আসে। এ ঘটনাকে বলা হয় হাইড্রোথার্মাল বিস্ফোরণ। তবে অনেক সময় ভূপৃষ্ঠের প্রচণ্ড চাপের কারণে এ পানি সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়। তাই গেইসিরের উদ্গিরণের সময় ফুটন্ত পানির সঙ্গে গরম জলীয় বাষ্পও বের হতে দেখা যায়। গেইসিরগুলো আইসল্যান্ডে পানীয় জলের অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করে। তবে গেইসিরের উদ্গিরণের ফলে পাওয়া পানীয় জলে সালফারের উপস্থিতি লক্ষ করা যায়। এ কারণে এ পানি কিছুটা গন্ধযুক্ত। সালফার ছাড়াও অন্যান্য রাসায়নিক মৌল, এমনকি বিভিন্ন রাসায়নিক যৌগেরও উপস্থিতি পাওয়া যায়।
বিভিন্ন ধরনের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও গেইসিরগুলো থেকে গরম পানি উদ্গিরণের ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেটিকে কাজে লাগিয়ে আইসল্যান্ড জিওথার্মাল এনার্জি উৎপাদন করে। এ ছাড়া বিভিন্ন নদীর গতিপথে সৃষ্ট জলধারাকে কাজে লাগিয়ে দেশটিতে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। হাইড্রো-ইলেকট্রিসিটি এবং জিওথার্মাল পাওয়ারে আইসল্যান্ড খুবই উন্নত। আইসল্যান্ডের মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শক্তির প্রায় পুরোটা আসে এ জিওথার্মাল এনার্জি ও হাইড্রো-ইলেকট্রিসিটি থেকে। পাশাপাশি বিভিন্ন ধরনের গ্ল্যাসিয়ার বা হিমবাহের উপস্থিতি দেশটির অর্থনীতিকে একটি নতুন মাত্রা দিয়েছে। অন্যান্য দেশের তুলনায় আইসল্যান্ডে এ কারণে অনেক কম খরচে সার্ভার স্থাপন করা যায়।
গেইসিরের পর আমাদের গন্তব্য ছিল গুলফস ওয়াটার ফলস। পথিমধ্যে পিগি এক জায়গায় গাড়ি থামালেন এবং আমাদের একটি ঘোড়ার খামারে নিয়ে গেলেন; যদিও বলতে গেলে ঘোড়ার খামারটি ছিল অনেকটা পরিত্যক্ত। আইসল্যান্ড তার নিজস্ব প্রজাতির ঘোড়ার জন্য খুবই বিখ্যাত। বৈজ্ঞানিকভাবে এ ঘোড়াকে ‘ইকুয়াস ফেরাস ক্যাবালাস’ নামে ডাকা হয়। অনেকে আবার সংক্ষেপে বলে থাকেন আইসল্যান্ডিক পনি। ধারণা করা হয়, ফিয়র্ড নামক এক বিশেষ প্রজাতির নরওয়েজীয় ঘোড়া কালের পরিক্রমায় বিবর্তিত হয়ে আইসল্যান্ডিক পনিতে রূপান্তরিত হয়েছে। আইসল্যান্ডিক পনিগুলো সাধারণ ঘোড়ার থেকে আকৃতিগত দিক থেকে খর্বকায় ও কিছুটা স্থূলকায়। শান্ত স্বভাবের জন্য এ ঘোড়ার বেশ নামডাক রয়েছে। এ ছাড়াও আইসল্যান্ডিক পনির আরও একটি বিশেষত্ব রয়েছে। এ ধরনের ঘোড়া ছয়টি ভিন্ন ‘গেট’ প্রদর্শন করতে পারে, যেটি পৃথিবীর অন্য কোনো প্রজাতির ঘোড়ায় দেখা যায় না। গেট হচ্ছে কোনো নির্দিষ্ট প্রাণীর হাঁটা কিংবা চলাচলের স্টাইল। সার্কাসে এ ঘোড়ার ব্যাপক কদর রয়েছে।
আইসল্যান্ডের মানুষের মধ্যে একধরনের প্রবণতা লক্ষ করা যায়, যেটি আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। কেউ যদি কোনো কারণে আইসল্যান্ডের বাইরে এ ঘোড়া নিয়ে যান, তাহলে ফেরার সময় নাকি তিনি তাঁর ঘোড়াকে সেখানে ফেলে আসেন।
গোল্ডেন সার্কেল এলাকার মধ্যে যেসব জলপ্রপাত রয়েছে, সেগুলোর মধ্যে গুলফস ওয়াটার ফলস সবচেয়ে বিখ্যাত। আইসল্যান্ডের ভাষায় গুলফস শব্দের অর্থ সোনালি জলপ্রপাত। হভিটা নদীর গিরিখাতে অবস্থিত এ জলপ্রপাত অত্যন্ত খরস্রোতা। গ্রীষ্মকালে এ জলপ্রপাত থেকে গড়ে পাঁচ হাজার ঘনফুটের মতো জলীয় প্রবাহ নিঃসরণ হয়। শীতকালে পানির প্রবাহ কিছুটা কমে আসে, সে সময় গড়ে প্রতি সেকেন্ডে এ জলপ্রপাত ২ হাজার ৮০০ ঘনমিটারের জলীয় প্রবাহের নিঃসরণ করে।
সাধারণত, শীতকালে এ জলপ্রপাত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে না। তবে পিগি বলছিলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আইসল্যান্ডে অনেক বেশি। আজ থেকে ১৫ বছর আগেও যেখানে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে দেশটির অনেক স্থানের তাপমাত্রা হরহামেশা মাইনাস দশ কিংবা মাইনাস পনেরোর নিচে নেমে আসত; এখন সেটি সচরাচর আগের মতো আর দেখা যায় না। ২০১৮ সালের ডিসেম্বরে যখন আমি আইসল্যান্ড ভ্রমণে গিয়েছিলাম, পিগির ভাষায় সে সময় ছিল আইসল্যান্ডের ইতিহাসে উষ্ণতম শীতকালের মধ্যে একটি। এ কারণে শীতকালেও আমাদের গুলফস ওয়াটার ফলস ঘুরতে কোনো প্রতিবন্ধকতা পেতে হয়নি।
গত শতাব্দীর প্রথমার্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় এ জলপ্রপাতকে হাইড্রো-ইলেকট্রিসিটি উৎপাদনের কাজে ব্যবহারের প্রচেষ্টা চালানো হয়েছে। তবে বাজেটের স্বল্পতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। আইসল্যান্ডের সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে এ ওয়াটার ফলস বিশেষভাবে সম্পর্কযুক্ত এবং দেশটির প্রচলিত বিভিন্ন সংগীত কিংবা উপকথায় এ জলপ্রপাতের উল্লেখ রয়েছে।
পিগির সঙ্গে আমাদের দিনের সর্বশেষ গন্তব্য ছিল সিক্রেট লাগুন। অফিশিয়ালি সিক্রেট লাগুন যদিও আইসল্যান্ডের মধ্যে সবচেয়ে পুরোনো সুইমিং পুল; আসলে সিক্রেট লাগুন হচ্ছে একটি থার্মাল বাথ। আইসল্যান্ডের স্থানীয় ভাষায় সিক্রেট লাগুনকে ‘গামলা লাউগিন’ বলা হয়। ১৮৯১ সালে এ থার্মাল বাথ নির্মাণ করা হয়।
ইউরোপে ইংল্যান্ডের পর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক সাগরের সংযোগস্থলে অবস্থিত দেশটির মানুষের একসময় প্রধান পেশা ছিল মৎস্য শিকার। তারপরও বলা হয়ে থাকে যে আইসল্যান্ডের মানুষ সাঁতারে খুব বেশি একটা পারদর্শী ছিল না। তাই ১৯০৯ সালে আইসল্যান্ডে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে সাঁতারের প্রশিক্ষণ শুরু করা হয় এ সিক্রেট লাগুন থেকে। ১৯৪৭ সালে সিক্রেট লাগুনের উপকণ্ঠে ফ্লুডির নামক স্থানে নতুন একটি সুইমিং পুল চালু করা হলে অনেকটা দৃশ্যপট থেকে হারিয়ে যায় এ সিক্রেট লাগুন। পরবর্তী সময়ে মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন করে সংস্কার করা হয় এ লাগুনের এবং বর্তমানের মতো কাঠামো প্রদান করা হয়।
আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় দুটি লাগুন বা থার্মাল বাথের মধ্যে ব্লু লাগুন এবং সিক্রেট লাগুন বিশেষভাবে উল্লেখ করার মতো; যদিও কিছু সীমাবদ্ধতার কারণে ব্লু লাগুনে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। সিক্রেট লাগুনের ভেতর ঢুকতে হলে মাথাপিছু ২ হাজার ৮০০ আইসল্যান্ডিক ক্রোনা (আমাদের দেশের মুদ্রায় ১৭৫০ টাকা) দিতে হয় এন্ট্রি ফি হিসেবে। তবে আমরা যে কোম্পানির মাধ্যমে আমাদের ট্যুর বুক দিয়েছিলাম, সিক্রেট লাগুন সেখানে প্যাকেজ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এ জন্য আমাদের এন্ট্রি ফি আলাদাভাবে দিতে হয়নি।
সিক্রেট লাগুনের কাছে সক্রিয় আগ্নেয়গিরি এবং গেইসিরের উপস্থিতির কারণে এখানকার পানির তাপমাত্রা বছরে সব সময় ১০০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকে। শীতের দিনে যখন আশপাশের অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে, তখনো সিক্রেট লাগুনের পানি উষ্ণ থাকে। এ সময় সিক্রেট লাগুন বলতে গেলে অন্য এক রোমাঞ্চের অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে আরামপ্রিয় মানুষের কাছে শীতের দিন সিক্রেট লাগুনের থেকে ভালো জায়গা খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর। এ ছাড়া হাড়ের বিভিন্ন ধরনের থেরাপির জন্য অনেকে এখানকার পানিতে নিয়মিত গোসল করতে আসেন।
লেখক: শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।