আজ থেকে পর্যটন মেলা
আজ থেকে শুরু হচ্ছে নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা ২০১৫। কুড়িলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে এ মেলা চলবে ১৪ জুন পর্যন্ত। মেলার আয়োজক কনফারেন্স এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) গ্লোবালের দেশীয় সহযোগী সেমস বাংলাদেশ। মেলায় থাকছে লোকজ উৎসব।
মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হারে এশিয়া পৃথিবীর সবচেয়ে বর্ধিষ্ণু অঞ্চল। অন্য দিক থেকে দেখলে পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশের বাস এখানে। স্বাভাবিকভাবেই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং পর্যটনসেবার অনেক বড় বাজারে পরিণত হয়েছে এশিয়া। মেলায় এই অঞ্চলের বিভিন্ন দেশের পণ্য ও সেবা সরবরাহকারীর সঙ্গে ব্যবসায়িক ক্রেতা এবং ভোক্তাদের মধ্যে যোগসূত্র ঘটাবে বলে মনে করেন আয়োজকেরা।
এবারের মেলায় ১০টি দেশ থেকে শতাধিক প্রতিষ্ঠান পণ্য ও সেবা দেখাবে। বিশেষ করে ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা, প্রসাধন, ফ্যাশন অনুষঙ্গ, খাদ্যদ্রব্য, কারু ও হস্তশিল্প, গৃহসামগ্রী ইত্যাদি পণ্য মেলায় গুরুত্ব পাবে। ভারত ও পাকিস্তানি পণ্যসামগ্রীর আলাদা প্যাভিলিয়ন থাকছে। এ ছাড়া রোজা ও ঈদ সামনে রেখে বিশেষ আয়োজন আছে বলেও জানা যায়। সেমস বাংলাদেশের মহাব্যবস্থাপক (প্রশাসন) লুৎফর রহমান জানালেন, বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তুলতে প্রথমবারের মতো লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে। পুতুল নাচ, বায়োস্কোপ, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার এবং আদিবাসী জীবনধারার বিভিন্ন উপকরণ ফুটে উঠবে লোকজ উৎসবে।
মেলার সম্প্রচার অংশীদার ইনডিপেনডেন্ট টেলিভিশন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই আয়োজন। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। শেষ দিন রাতে র্যাফল ড্রর আয়োজন থাকবে।