আমস্টারডাম সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈচিত্র্যময় আমস্টারডাম। ছবি: লেখক
বৈচিত্র্যময় আমস্টারডাম। ছবি: লেখক

বাসে যেতে যেতে চমকে উঠে বসি হঠাৎ। ওই যে দূরে পথের ধারে সাঁই সাঁই ঘুরছে দানবীয় সব পাখা। ওগুলো কী? গরমের দিনে এমন একটা ফ্যান হলে তো আমাদের দিব্যি চলে যায়।কিন্তু ফ্যান আবার বিলের মাঝে কেন? সংবিৎ ফিরে পেয়ে বুঝি, পাখা নয়। ওগুলো আসলে বাতাস কল। মানে কিনা উইন্ডমিল! বেলজিয়াম পার হয়ে কোন ফাঁকে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ আর ফুটবলার রুড গুলিত, রবিন ফন পার্সি, আরিয়েন রোবেনদের দেশে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। রাস্তার দুপাশে হলদে সবুজ মাঠ দেখে ভালো লাগছিল। আরও ভালো লাগল যখন চালক বলল আমস্টারডাম পৌঁছাতে ২০ মিনিট বেশি সময় লাগবে। শহরে ঢোকার পথে প্রচণ্ড জ্যাম। জ্যাম ঠেলে ধীরে এগোচ্ছে বাস।তাতে সুবিধেই হলো বরং। সবকিছু চমৎকার দেখে দেখে যাওয়া যাচ্ছে।
বাস থেকে নেমে সিধে সেন্ট্রাল স্টেশন। আমস্টারডমের প্রাণকেন্দ্র। সাতটা মতো বাজে সন্ধ্যা। সূর্য তখনো দিব্যি ঝলমল করছে আকাশে।
স্টেশনে নেমে হোটেলে যাওয়ার ট্রাম নম্বর খুঁজতে খুঁজতে ফুটপাতে উঠেছি। এর মধ্যে হুশ হুশ। সাঁই সাঁই। আচমকা সাইকেল মিছিল। বাউন্ডুলে কিশোর থেকে আনমনা তরুণী। ফুর্তিবাজ কালো যুবক থেকে গোমড়ামুখো শ্বেতাঙ্গ দাদু। কে নেই সেই সাইকেল আরোহীদের দলে। ট্রাম, গাড়ি সবকিছু এই শহরে লাইন মেনে চলে। কিন্তু দ্বিচক্রযানের দৌরাত্ম্য ফুটপাতেও। আর আছে নৌযান।
আমস্টেল নদীর বাঁধ থেকে উৎপত্তি প্রায় সাড়ে সাতশ বছরের পুরোনো এই শহরের আরেক নাম নাকি উত্তরের ভেনিস। ছোট–বড় খাল ঘিরে রেখেছে এই শহরকে। সেই খালে ঘুরছে রাশি রাশি নৌযান। পরদিন ২৯ মে সকাল সকাল চেপে বসি সে রকম একটা পর্যটক নৌকায়। আবহাওয়া চমৎকার। ঝলমলে রোদ উঠেছে। তার মাঝ দিয়ে পর্যটক নৌকা পানি কেটে এগোচ্ছে। শুরু হয়েছে ধারাবর্ণনা। নানা দেশের পর্যটকেরা ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তোলায়। নৌকা একটা ঘাটে গিয়ে থামে। একেকটা ঘাট মানে আমস্টারডামের একেকটা দর্শনীয় স্থান।হীরে তৈরির কারখানা, ভ্যান গঘ জাদুঘর, আনা ফ্রাঙ্ক হাউস, কী নেই সেখানে। যেখানে খুশি নেমে যান। যতক্ষণ খুশি ঘুরে দেখুন। ভালো না লাগলে আবার ফিরতি নৌকায় উঠুন। কিচ্ছুটি বারণ নেই। ১৭ ইউরোতে সারা দিনের একটা টিকিট কাটলেই হলো।

নৌযানে ঘুরে দেখা যায় পুরো আমস্টারডাম। ছবি: লেখক
নৌযানে ঘুরে দেখা যায় পুরো আমস্টারডাম। ছবি: লেখক

আনা ফ্রাঙ্ক আর টিউলিপ
আনা ফ্রাঙ্ক জাদুঘরের সামনে গিয়ে চোখে পড়ল বিশাল লাইন। ডায়েরি লেখক সেই জার্মান কিশোরী সারা বিশ্বের মানুষের হৃদয়জুড়ে আছেন এখনো।আনা ফ্রাঙ্ক হাউসের বাইরে অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি আর স্মারকের দোকানে ভিড়ই তার প্রমাণ। জাদুঘরে যাঁদের আগ্রহ কম তাঁরা ঘুরে আসতে পারেন ফুলের বাজারে। আমস্টারডামের টিউলিপ ফুলের সুখ্যাতি দুনিয়াজোড়া। শিল্প–সাহিত্যের দেশ হিসেবে প্যারিস বিশ্বসেরা হতে পারে। কিন্তু শুধু ইংরেজি জানা লোকের জন্য ফরাসি দেশ সব সময়ই এক ধাঁধার নাম। কারণ ওখানে ফরাসি না জানলে স্রেফ অচল হয়ে পড়বেন আপনি। আমস্টারডামে সেই সমস্যা নেই। ইংরেজি আর ডাচ ভাষা দুটোই চলে সমান। অল্প সময়ের দেখায় মনে হয়েছে বাইরের দেখায় খানিক রাগি দেখালেও ওলন্দাজরা মানুষ ভালো। অন্তত আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়। যখনই কোনো পথের হদিস জানতে চেয়েছি সাগ্রহে পথ দেখিয়েছেন সবাই। আর যাঁরা হদিস জানেন না তাঁরাও চট করে গুগল ম্যাপ দেখে বাতলে দিয়েছেন পথ।
ইউরোপের শহর হিসেবে প্যারিস কিংবা রোমের মতো হয়তো সুখ্যাতি পায়নি হল্যান্ডের রাজধানী আমস্টারডাম। কিন্তু তিন দিনের দেখায় মনে হয়েছে ঐতিহ্যে বা বৈচিত্র্যে এই শহর প্যারিস বা রোমের চেয়ে কম যায় না। পশ্চিমা ভ্রমণপিয়াসীদের কাছে হয়তো আর সবকিছুকে ডিঙিয়ে আমস্টটারডামের ‘নাইট লাইফ’ প্রধান হয়ে উঠবে। কিন্তু বহু ভ্রমণপিয়াসীর কাছে আমস্টারডম প্রিয় গন্তব্য আনা ফ্রাঙ্ক আর ভ্যান গঘের কারণেও। আর যাঁরা সাইকেল বা নৌকাভ্রমণ ভালোবাসেন তাঁদের জন্য তো এই শহর স্বর্গ। আমস্টারডামে যদি কেউ যেতে চান তবে এটাই সবচেয়ে ভালো সময়। কারণ ওখানে এখন দারুণ ফুরফুরে দিন। ইউরোপীয়রা যাকে বলে ‘সামার’।
আমস্টারডাম বেড়ানোর বিভিন্ন প্যাকেজ ট্যুর রয়েছে। চলতি জুন মাসে কাতার এয়ারওয়েজ ৯০ হাজার ৭৮৫ টাকায় (ইকোনমি ক্লাস) এবং দুই লাখ চার হাজার ৭৭৯ টাকায় (বিজনেস ক্লাস) বিশেষ সুবিধা দিচ্ছে।