ইউরোপ ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা লন্ডন থেকে প্যারিসে ফিরলাম রাতে ডিনার করে শুধু ঘুমানোর জন্য। কারণ, পরদিন সকালেই আমাদের রওনা হতে হবে স্পেনের উদ্দেশে। সেখানেও পৌঁছাব রাতে। এই ৩০০ থেকে ৩৫০ মাইল/ঘণ্টার যাত্রাতেও।

ডিজটাল বোর্ড দেখাচ্ছে, ট্রেনের গতি ৩০১ মাইল/ঘণ্টা
ছবি: লেখক

ল্যান্ডস্কেপের বর্ণনা দেওয়া সাধ্যাতীত। বিশাল সে যাত্রা শেষ করে যখন স্পেনে পৌঁছালাম, মনটা ফুরফুরে। হোটেল এবারও স্টেশনের কাছে। আমরা ফ্রেশ হয়ে পাশের রেস্টুরেন্টে খেতে গেলাম। সবকিছু দেখে যা বুঝলাম, এরা ইংরেজিতে লবডঙ্কা। আমাদের স্প্যানিশ যেমন! সি ফুড (মাছ আর চিংড়ি ছাড়া কিছু খাই না), গরু, মুরগি, খাসি হলেই হলো, খাবারের সমস্যা নেই। এখানে হালাল তো দূর, কোনটা চিকেন আর বিফ, সেটা নিয়ে সন্দেহ হওয়ায় চিংড়ি দিয়েই ডিনার করলাম।

আমরা স্প্যানিশ জানি না আর এদের কাছে ইংলিশ নেই। সেখান থেকে বের হয়ে সামনেই সুন্দর বাগান পেরিয়ে হাঁটতে চলে গেলাম!

চাঁদ নয়, নিয়নের আলোয় মাঝরাত পেরিয়ে হেঁটে বেড়িয়েছি। সত্যিই এত হেঁটেছি সব জায়গায় যে মনে হয়েছে ছোট শিশুদের সঙ্গে না আনার সিদ্ধান্তটা ঠিক ছিল। ইউরোপ নিরাপদ জায়গা বলেই মনে হয়েছে আমার কাছে। বাঙালিরা একটু শিখতে পারে এখান থেকে—ট্যুরিস্টই হোক আর স্থানীয় লোকজনই হোক, তাদের নিজেদের মতো থাকতে দেওয়া উচিত। আমাদের লোকজন গায়ে পড়ে ট্যুরিস্টদের সঙ্গে অভব্যতা করে।

রাতের স্পেন
ছবি: লেখক

সকালে কর্ডোবায় বাসে যাব। ডে ট্রিপ! কর্ডোবা স্পেনের মুর রাজত্ব, মুসলিম রাজত্ব।

হোয়াইট ওয়াশ ভিলেজের মাঝ দিয়ে সুদূরের প্যালেস, নদ–নদী দেখতে দেখতে পৌঁছে গেলাম লা মাজকিটা বা গ্রেট মস্ক অব কর্ডোবা। আরবি হরফে লেখা দরজা দিয়ে ঢুকতেই কোর্টইয়ার্ড, ঝরনা ছাড়িয়ে লাল–সাদা অসাধারণ স্থাপনা।

মাসকিটা বা মসিজদ
ছবি: লেখক

মসজিদ এককালে ছিল, আজকাল ক্যাথলিক চার্চ। এটিও ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ। চার্চই বলি কি মসজিদ বলি, বিশাল স্থাপনা আর তার কোণে কোণে দর্শনীয় স্ট্যাচু, দৃষ্টিনন্দন পেইন্টিংস! সে মসজিদ পুরোটা ঘোরাঘুরি করে বের হতে সামনেই দেখি পুরোনো প্রাসাদে যাওয়ার বিখ্যাত রান্ডা ব্রিজ! ব্রিজের গভীর নিচে খরস্রোতা নদী। সেই ব্রিজ পার হয়ে প্রাসাদে ট্যুরের ব্যবস্থাও আছে। পুরোনো স্থাপনার প্রতি আমার দুর্বলতা বরাবর। ব্রিজের ওপর হাঁটতে হাঁটতে সেটিও ঘুরে আসতে আসতে ফিরে যাওয়ার সময় চলে এল।

কাল মুর প্যালেস! গ্রেনাডা যাব।

গ্রেনাডা!
শুধু ছবিতেই দেখেছি স্বপ্ন মনে হচ্ছে এখানে এসে! আসলে স্বপ্ন সত্যি।
এই প্যালেসের পরতে পরতে ইতিহাস—স্প্যানিশ মুসলিম এবং খ্রিষ্টীয় ইতিহাস। পৃথিবীর ইতিহাস।

সেই আলহামব্রা প্যালেস, সামার গার্ডেন, প্যালেসে হাজারোটা স্থাপনা। কনসার্ট হবে তার আয়োজন চলছে বাগানের এক কোণে। আলহামব্রা প্যালেসের ভেতরে যেতে টিকিট নিতে হয়। টিকিট নিয়ে সেই ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে দাঁড়িয়ে ভেতরে ঢুকে সে অপেক্ষা সার্থক মনে হলো।

মসজিদের দেওয়ালে ক্যালিগ্রাফি
ছবি: লেখক

ভেতরে ক্যালিগ্রাফিতে সমৃদ্ধ নাসরিদ প্যালেস, মেইন প্যালেস, ক্যাথেড্রাল ডি গ্রেনাডা, চার্লস পঞ্চমের রাজপ্রাসাদ। মানে এক জায়গায় হাজার বছরের ইতিহাস। একসঙ্গে মুসলিম আর ক্রিশ্চিয়ান ইতিহাস!

মুর প্যালেস মুসলমানদের আর চার্লস প্যালেস রানি ইসাবেলার ইতিহাস। ১৩ শতকের এই প্যালেস। রানি ইসাবেলা এবং রাজা ফার্নিনান্ড এ প্যালেস থেকেই ক্রিস্টোফার কলম্বাসকে নতুন বিশ্ব আবিষ্কার করতে পাঠিয়েছিল। ১৪ শতকে এখান থেকে পাঠানো কলম্বাসই আমেরিকা আবিষ্কার করছিল, ভারতের বদলে। সে ইতিহাস আমাদের জানা।
আমি এই সুউচ্চ পাহাড়ের ওপরে সুবিশাল বাগান, ফোর্ট, প্যালেস, ইতিহাস, সাহিত্য, রাজনীতি, ধর্ম, ভাস্কর্য, আর্কিটেক্ট, সৌন্দর্য সবকিছু, সবকিছু ভাবছি আর আসলে কোনো কিছু থেকেই চোখ ফেরাতে পারছি না।

শুধু ভাবছি কতটা ক্ষমতাধর এবং কত পয়সা হলে এভাবে সুউচ্চ পাহাড় কেটে এমন হেভেন অন আর্থ, মানে পৃথিবীতেই স্বর্গ বানানো যায়! সেই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে পুরো শহর দেখা যায়! কীভাবে যে কয়েক ঘণ্টা চলে গেল, বুঝতেই পারলাম না ঘুরতে ঘুরতে।

বের হওয়ার মুখে শুনি, এখানে রাতের ট্যুরেরও ব্যবস্থা আছে! তার জন্য নতুন করে টিকিট নিতে হবে। আমি রাতে আরও একবার চাঁদের আলোয় এ প্যালেসের সৌন্দর্য দেখব বলে দ্বিতীয়বার আর না ভেবে টিকিট নিয়ে হোটেলে ফিরে গেলাম।

রানি ইসাবেলার প্যালেস দেখা থেকে বাইরের দৃশ্য
ছবি: লেখক

স্পেনে এসে পাইয়া খাব না? পাইয়া বা পায়েয়া আসলে খিচুড়ি/বিরিয়ানির মাঝামাঝি এক বিখ্যাত স্প্যানিশ খাবার। সবজি দিয়েও করে, মাছ, মাংস সবকিছু দিয়েই চালের সঙ্গে রান্না হয়। খেয়েদেয়ে দিবানিদ্রা দিয়ে আমরা ফিরে এলাম আমাদের সান্ধ্যভ্রমণের জন্য। আবারও সেই লাইন!

মুর প্যালেস
ছবি: লেখক

লাইনে কী যায়–আসে! সন্ধ্যায় আলোতে অন্ধকারে এই প্যালেস আবার দেখছি...এর চেয়ে আনন্দের আর কি আছে! সঙ্গে পাশের ক্যাথেড্রাল আর রানি ইসাবেলার প্যালেস সেই রাতের আলোয় এক নতুন মানে নিয়ে আসে। আমার চাক্ষুষ করতে ইচ্ছা হয়, তাদের জীবনযাত্রা কেমন ছিল। আপাতত প্যালেস দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাই! আলহামব্রা প্যালেস, এটাও একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

মনভরে চোখ জুড়িয়ে, মুর প্যালেস দেখে আমরা হোটেলে ফিরে গেলাম মাঝরাতেরও পরে। সকালে আবারও ট্রেন ধরতে হবে।

আমরা কাল যাব বার্সেলোনা।