এক কম কোটি

ঊন কোটির প্রবেশ মুখেই পাথরের গায়ে দেবতাদের অবয়ব চোখে পড়বেছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন অরণ্যে বিশালাকার পাথর আর পাহাড়; এরই মধ্যে রয়েছে সুপেয় জলধারা। জায়গাটা বিশ্রামের জন্য অতি উত্তম হবে। এমন ভেবে ভগবান শিব সবাইকে নির্দেশ দিলেন, আজ আমরা এখানেই অবস্থান করব। রাত পোহানোর আগে অর্থাৎ পুব দিগন্তে সূর্য ওঠার আগেই সবাইকে প্রস্থান করতে হবে কাশীর উদ্দেশে। এর ব্যত্যয় ঘটলে অকল্যাণ হয়ে যাবে। সঙ্গে থাকা এক কোটি দেবদেবী সেদিন ভগবান শিবের কথায় সাড়া দিয়ে জলদি ঘুমিয়ে পড়েছিলেন সেই ঘন অরণ্যের মাঝে। নিদ্রায় বিভোর সেই দেবদেবীর মধ্যে কেবল ঠিক সময়ে উঠতে পেরেছিলেন ভগবান শিব শর্মা। আর বাকিরা তাঁর অভিশাপে সেই ঘন অরণ্যের মধ্যেই পাথর হয়ে আজ অবধি থেকে গেছেন কোটি মানুষের দর্শন পাওয়ার জন্য।

দেবদেবীরা যেন এখানে ঘুরে বেড়াচ্ছে ভক্তদের ভক্তি নেওয়ার জন্য
ছবি: লেখক

সেদিন ভগবান শিব একাই কাশীর পথে রওনা দিয়েছিলেন; সেই থেকে এই অরণ্যঘেরা জায়গাটার নাম হলো ঊন কোটি। সবাই এক কম ঊন কোটি বললেই এর আসল কারণ ধরতে পারে।

হিন্দু পুরানে এই গল্প কোটি বছর থেকে চলে আসছে। ঊন কোটিতে এসে যখন প্রকাণ্ড পাথরে খোদাই করা শিবের অবয়ব দেখলাম, আমি নিজেই স্তম্ভিত হয়েছিলাম। এক অপার বিস্ময়ের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, কী করে এই সৃষ্টিকর্ম রাতারাতি হয়ে যেতে পারে! এত প্রাচুর্য নিয়ে ভারী পাথরগুলো যুগের পর যুগ দাঁড়িয়ে আছে। প্রতিটা পাথরের গায়ে যেন একেকটা পৌরাণিক কাহিনির বলা হয়েছে। দেব-দেবীরা যেন এখানে ঘুরে বেড়াচ্ছে ভক্তদের ভক্তি নেবার জন্য।

প্রাচীন এ অরণ্যের মাঝে খচিত প্রকাণ্ড দেবতাদের পূজা দিতে ভক্তরা চলে আসেন দূরদূরান্ত থেকে। পাহাড়ের চূড়ায়, প্রকাণ্ড এক বটবৃক্ষের নিচে গেরুয়া পোশাকে একজন ঋষি বসেছিলেন, পুণ্যার্থীরা মাথা ঠেকিয়ে সেখানে দক্ষিণা দিয়ে যাচ্ছেন। অবশ্য উঁচু সিঁড়ি বেয়ে যারা ওই চূড়া পর্যন্ত পৌঁছাতে পারবে তারাই কেবল সত্যিকারের পুণ্য প্রাপ্তি হবে।

সেই চূড়ায় আরেকটা বড় ঘর আছে, যেখানে বেশ কিছু দেবদেবীর মূর্তি তালাবন্ধ করে রাখা আছে। আরও একটি প্রকাণ্ড বটগাছ এই ঘরটার ওপর তার শাখা-প্রশাখা বিছিয়ে রেখেছে। জায়গাটা বেশ সুনসান আর গা ছমছমে। গুটি কয়েক পুণ্যার্থীর আনাগোনা দেখা গেল সেখানটায়।

ঊন কোটি ঘুরে দেখতে পাহাড় কেটে পর্যটকদের জন্য পথ করে দেওয়া হয়েছে
ছবি: লেখক

আমাদের যেতে যেতেই দুপুর গড়িয়ে বিকেল। এর মধ্যে আবার সন্ধ্যার আগেই ফিরতি পথ ধরতে হবে। পথ রয়েছে অনেকখানি।আগরতলা থেকে প্রায় ১৭২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ঊন কোটিতে চলে এলাম। সারা বেলার ভ্রমণ সূচিতে কেবল রঘুনন্দন পাহাড়ের জঙ্গলে ঢাকা এই ঊন কোটিকেই দেখে নেওয়া যাবে। তাতেই বেলা বয়ে যাবে। এখানে এলে বেশির ভাগপুণ্যার্থী বা টুরিস্ট রাতটা থেকে যায়। এবারে আমাদের হাতে সেই সময় নেই।

আগরতলায় এসেছিলাম মূলত ভারত-বাংলা পর্যটন উৎসব ২০২০-এর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে। তাদের আতিথেয়তায় আদের ঠাঁই হয়েছে রাষ্ট্রীয় অতিথিশালা গীতাঞ্জলি রেস্ট হাউসে। আমরা ঊন কোটি থেকে সেখানেই ফিরে যাব। আমাদের নেমন্তন ছিল ২১শে ফেব্রুয়ারিতে। আগারতলার পথে এবারের প্রভাতফেরি আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

ত্রিপুরা টুরিজম বোর্ডের দুই দিন ব্যাপী নানা আয়োজন শেষ করে আমরা সিদ্ধান্ত নিই নিজেদের মতো করে ত্রিপুরা ঘুরে দেখার। আখতার ভাই, আব্দুল্লাহ আর আমি- তিনজন মিলে পরিকল্পনামাফিক পথে নেমে পড়ি। এই ভ্রমণ-পরিকল্পনা অবশ্য ত্রিপুরা টুরিজম বোর্ডের প্রধানের কাছে চলে যায়। তিনি আমাদের সত্যি অবাক করে, সকাল বেলায় সুশান্ত দাস নামের একজনকে পাঠিয়ে দেন গাড়ি সমেত। তাতেই রওনা হই ঊন কোটির পথে।

গাড়িটা বেশ আরামদায়ক, আয়েশ করে তিনজন বসেছি। আখতার ভাই সুশান্তর পাশে বসা। দক্ষ চালক সুশান্ত অবশ্য অনেক বার এই পথে নানা দেশের টুরিস্ট নিয়ে ঊন কোটি গেছেন। এ ছাড়া সরকারি কর্তাব্যক্তিদের নিয়ে ত্রিপুরার আনাচকানাচে তাঁর ঘোরা হয়েছে। আমাদের আইজল যাওয়ার ইচ্ছে ছিল তাই আখতার ভাই সুশান্তর কাছ থেকে বেশ খুঁটিয়ে জেনে নেন কত সময় লাগবে, কীভাবে যাওয়া যাবে, গাড়ি ভাড়া কেমন, অনুমতি কীভাবে নিতে হবে ইত্যাদি!

প্রতিটা পাথরের গায়ে যেন একেকটা পৌরাণিক কাহিনীর গল্প বলা হয়েছে
ছবি: লেখক

ত্রিপুরাতে নিজের দেশেই আছি এমন একটা অনুভূতি কাজ করে, তার কারণ কথা বলার ধরন; যা একেবারে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সঙ্গে অবিকল মেলে। বাংলাদেশের উত্তর-দক্ষিণ সীমান্ত অঞ্চল জুড়ে ত্রিপুরা রাজ্য বিস্তৃত। কিছুক্ষণ চলা শুরু হলে ঢুকে পড়ি সবুজ অরণ্য আর আঁকাবাঁকা পাহাড়ি পথে। সঙ্গে গান চলছে -এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলত।

এক জায়গায় বিরতি দিই খাবারের খোঁজে। বান্দরবানেরমতোই এখানে পাহাড়ি জনপদের মানুষেরা তাদের জুমের সবজি আর ফল নিয়ে রাস্তার ধারে মাচাং করে বসে আছে। এ ছাড়া সাজিয়ে রেখেছে তাজা শামুক, শসা, রান্না করা শূকরের মাংস, সিদ্ধ ডিম, আরও এক ধরনের তরকারি।

কিছু নেওয়া যায় কিনা দেখার জন্য গাড়ি থেকে নেমে গেলাম। খুব ভালো লাগার যে জিনিসটা বলব, তা হলো তাদের পরিবেশ সচেতনতা। ডাবের পানি খাওয়ার জন্য এখন আমাদের প্রত্যন্ত অঞ্চলেও প্লাস্টিকের পাইপ ব্যবহৃত হচ্ছে। আর এখানে তারা বাঁশের চিকন কঞ্চি কেটে তা পাইপ আকারে বানিয়ে রেখেছে। দেখতেও খুব সুন্দর, আবার পরিবেশবান্ধবও। চোত্তাখোলার ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানে আমাদের আপ্যায়নের সময় এই বাঁশের পাইপের পরিবেশন দেখে বেশ পুলকিত হয়েছিলাম। খেয়ে তা সংগ্রহ করে রেখেছিলাম। আমাদের পার্বত্য অঞ্চলের মতন তারাও দাবা খায়, যা বাঁশের লম্বা হুঁকার মধ্যে নল বানিয়ে পানির বাষ্পে হুক্কা সাজানো হয়।

ডাবের পানি খাওয়ার জন্য এখন আমাদের প্রত্যন্ত অঞ্চলেও প্লাস্টিকের পাইপ ব্যবহৃত হচ্ছে। আর এখানে তারা বাঁশের চিকন কঞ্চি কেটে তা পাইপ আকারে বানিয়ে রেখেছে। দেখতেও খুব সুন্দর, আবার পরিবেশবান্ধবও।

গাড়ি চলা শুরু হলো; পাহাড়ের পর পাহাড় পেঁচিয়ে কুমার ঘাট জেলার দিকে গেছে এঁকেবেঁকে। কৈলাশ্বরের পথ ধরতে হবে । সুশান্তর ফোন বেজে ওঠে; পর্যটন দপ্তরের নির্দেশ আমাদের ঊন কোটি সার্কিট হাউসে নিয়ে যাওয়ার; সেখানে দুপুরের খাবারের ব্যবস্থা সেখানে করা হয়েছে বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদআব্দুসশহীদ এবং তাঁরসঙ্গীসাথিদের সঙ্গে।

রাষ্ট্রীয় অতিথি হওয়ার ঠেলা সামলাতে হবে। তাতে আমাদের সময় নষ্ট হবে।

ঊন কোটি সার্কিট হাউসটা বেশ ছিমছাম, আমরা এমপি সাহেব আসার আগেই পৌঁছেছি আমরা। বাহারি খাবারে টেবিল সাজানো; কিন্তু তাঁরা না এলে আমরা খেতেও পারছি না। সার্কিট হাউসে গিয়ে একদিকে ভালো হলো, পরিচিত হলাম অনিমেষ ধরে সঙ্গে। তিনি ত্রিপুরা সরকারের ডেপুটি কালেক্টর এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ম্যাজিস্ট্রেট। তরুণ এই সরকারি কর্মকর্তা বেশ আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন। তার ফটোগ্রাফির হাত খুব ভালো এবং ত্রিপুরাতে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন। ঘুরে বেড়াতে পছন্দ করেন বলে আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলেন। ঊন কোটি আর বেশ কয়েকটা সুন্দর জায়গার কথা বললেন যেখানে ঝরনা আছে। এমপি সাহেব আসলে আমাদেরও ডেকে নেওয়া হলো, সৌজন্য দেখিয়ে বিদায় নিয়ে আমরা আগেভাগে খেয়েই রওনা হয়ে যাই।

অরণ্যে ঘেরা মায়াবী ঊন কোটি
ছবি: লেখক

পেঁচিয়ে থাকা পাহাড় বেয়ে আমাদের গাড়ি অনেকখানি ওপরের দিকে উঠে গেল, এরপর চোখে পড়ল ঊন কোটির প্রকাণ্ড ফটক। টুরিজম বোর্ডের মেহমান বলে আমাদের গাড়িটি ভেতরে ঢুকতে অনুমতি পায়। গেটে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এবং প্রবেশের পরেই সুপেয় জল আর প্রক্ষালনের সুষ্ঠু আয়োজন। পর্যটকদের জন্য এ ধরনের পরিষেবা প্রতিটি পর্যটন কেন্দ্রেই জরুরি ভিত্তিতে থাকা প্রয়োজন।

ওয়াকওয়ে ধরে একটু খানি ওপরের দিকে গেলে ঊন কোটির বিশালতার দেখা পাওয়া যাবে। পাহাড়ের গায়ে এত বিশালাকার গণেশের মূর্তি দেখে সত্যি অবাক বনে গেলাম যে,কী করে সম্ভব কোনো মানুষের পক্ষে এই পাহাড়ের গা বেয়ে এত সুন্দর স্থাপনা খোদাই করা! জায়গাটা অনেকটা উপত্যকার মতো; ওপর থেকে নিচে নেমে এর পর আবার ওপরে উঠতে হয়।

সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে শুরুতেই, তা বেয়ে নিচে নামতে নামতেই ঊন কোটীশ্বর শিবের কাছাকাছি পাহাড়ের গায়ে অসংখ্য খোদাই করা দেবদেবীর মূর্তি চোখে পড়েছে।

সিঁড়ি দিয়ে আরও কিছুটা নামার পর পৌঁছে গেলাম ঊন কোটীশ্বর শিবমূর্তির কাছে। পাহাড়ের গায়ে খোদাই করে শুধু শিবের মুখ এবং শিরোভূষণ মূর্ত করা হয়েছে আর তাতেই সম্পূর্ণ ভাস্কর্যটির উচ্চতা দাঁড়িয়েছে কমবেশি চল্লিশ ফুট। পাহাড়ের ওপর থেকে একটি জলধারা নেমে এসে ঊন কোটীশ্বর শিবের সামনে সীতাকুণ্ড নামে একটি ছোট কুণ্ডের সৃষ্টি করেছে। পূজার পরে পুণ্যার্থীদের রেখে আসা কিছু সামগ্রী চোখে পড়ল কুণ্ডের সামনে। শিবের মুখ পার হয়ে আর একটা খাঁড়া সিঁড়ি ওপরের দিকে উঠে গেল, আমরা সেই পথ ধরলাম।

পাহাড়ের চুড়ায় প্রকাণ্ড এক বটবৃক্ষের নিচে গেরুয়া পোশাকে সন্ন্যাসী আশীর্বাদ দিচ্ছেন ভক্তদের
ছবি: লেখক

বেলা গড়িয়ে যাচ্ছে, তাই হয়তো আজ মানুষও কম মনে হচ্ছে। জায়গাটা এবার একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। আর এই জায়গা নিয়ে যে কিংবদন্তি আছে সেটা তো শুরুতেই বলেছি। এই কিংবদন্তির জন্যই ঊন কোটি পবিত্র তীর্থে পরিণত হয়েছে।

পাহাড়ের এই উঁচুতে একটা ছোট মন্দিরের মতো স্থাপনা দেখলাম যেখানে, অনেক টুকরো টুকরো কিছু ভাস্কর্য রয়েছে। এখানে পাওয়া চতুর্মুখ লিঙ্গ, কল্যাণ সুন্দর মূর্তি, বিষ্ণু, হর-গৌরী, হরি-হর, নরসিংহ, গণেশ, হনুমান ইত্যাদি ভাস্কর্যগুলো এই সংরক্ষিত স্থানে রাখা আছে। এখানকার কিছু মন্দিরের স্থাপত্যে আভাষ মেলে এই স্থানে অনেক পৌরাণিক মন্দির ছিল। পাহাড়ের গায়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি খোদিত আছে; এর মধ্যে উল্লেখ্যযোগ্য অনুতপ্ত ভগবান, শিব-পার্বতী এবং হিড়িম্বা। আরও কিছু উল্লেখ্যযোগ্য ছবি বলা যায় যেমন, দুটো দণ্ডায়মান হাতির মাথার মাঝে অবস্থিত গণেশের মূর্তি; কিন্তু এখানে গণেশের শারীরিক গঠন অপেক্ষাকৃত ক্ষীণ যা পুরাণের বর্ণনানুসারী নয়।

ইতিহাস থেকে যেটুকু জানতে পারি, কোটি থেকে এক কম অর্থাৎ ঊন কোটি- মাহাত্ম্যে দেবী কালীর কোটি তীর্থের পরেই এর স্থান। ৪৫ মিটার উঁচু রঘুনন্দন পাহাড় কেটে খোদাই করা মূর্তিময় পুণ্য হিন্দু তীর্থ ঊন কোটি। তারও আগে এর নাম ছিল ছাম্বুল। শাল, সেগুন, দেবদারু আর অগুরু-তে ছাওয়া বৌদ্ধ আমলের (অষ্টম থেকে নবম শতক) অরণ্যময় এই শৈব তীর্থে পুরো পাহাড়টাই ভাস্কর্যময়। শিব, হরগৌরী, সিংহবাহিনী দুর্গা, পঞ্চমুখী শিব, বিষ্ণুপদ, ভারতের বৃহত্তম ব্যাস রিলিফ ভাস্কর্য ৩০ ফুট মুখমণ্ডলের বিশালাকার কালভৈরব-বাসুদেব, রাম-লক্ষ্মণ, হনুমান, গণপতি ছাড়াও নানান পৌরাণিক দেব-দেবী সারা পাহাড় জুড়ে রয়েছে।

বিস্ময় ভরা চোখে আমরা কেবল চেয়ে থাকি অনিন্দ সুন্দরের মাঝে
ছবি: লেখক

এই ইতিহাসেরও আবার দ্বিমত রয়েছে। ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস ‘রাজমালায়’ মেলে, স্বপ্নাদিষ্ট হয়ে স্থানীয় ভাস্কর কালু কামার এক রাতের মধ্যে রঘুনন্দন পাহাড়ে ১ কোটি দেবমূর্তি করে নব কাশীধাম গড়তে গিয়ে কম থেকে যায় এক। আর্য-অনার্য দেবতারা মিলেমিশে এক হয়েছেন এখানে। ভিন্ন মতও আছে অনেক। কেউ বলেছেন পাল যুগের শৈব তীর্থঊন কোটি। প্রাকৃতিক বিপর্যয়ে প্রত্নতাত্ত্বিক পীঠভূমি ঊন কোটি আজ ধ্বংসের কাল গুনছে।

১২ মিটার উঁচু জটা জুটধারী শিব এখানে কালভৈরব নামে খ্যাত। অনুপম ভাস্কর্যের নিদর্শন ৩ মিটার দীর্ঘ শিবের নিখুঁত জটা আজও অনবদ্য। শিবের বাহন ৩ ষাঁড়ের মূর্তি মাটি ফুঁড়ে দাঁড়িয়ে। এলাকা থেকে পাওয়া নানান শিলা মূর্তিও রয়েছে পাহাড় চূড়ায়। তেমনি বেগবতী ঝরনার ধারা নামছে পাহাড় থেকে। সেই জলে সৃষ্ট শিব, সতী ও ব্রহ্মা এই তিন কুণ্ডের স্নানে পুণ্য হয়। পৌষ সংক্রান্তিতে মানুষ আসে দূর-দূরান্ত থেকে। সেখানে আর আছে একটি উষ্ণ প্রস্রবণ। বসন্তে মেলা বসে অশোকাষ্টমী তিথিতে। শিবরাত্রি, মকর সংক্রান্তিতেও পুণ্যার্থীরা আসেন। অদূরে গহিন জঙ্গলে ৩ ফুট উঁচু চার মুখের শিব রয়েছেন।

ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানে বাংলাদেশ ট্র্যাভেল রাইটারস অ্যাসোসিয়েশন -এর সদস্যরা
ছবি: লেখক

আবার কারও কারও মতে সেন রাজাদের গড়া ঊন কোটির এই অমর ভাস্কর্য। তবে, ১৮৯৭ ও ১৯৫০-এর ভূমিকম্পসহ নানান প্রাকৃতিক বিপর্যয়ে প্রত্নতাত্ত্বিক পীঠভূমি ঊন কোটি আজ ধ্বংসপ্রায়।

ঘুরে-ফিরে দেখে বেরিয়ে আসার পথে কলকাতার দুটি পরিবারের সঙ্গে আলাপ হয়। তারা বাংলাদেশ ভ্রমণে গিয়েছিল; সেখান থেকে আমাদের গল্প শুরু হলো। সন্ধ্যা ঘনিয়ে এলে সবার প্রস্থানের সময় হয়। পরদিন আমরা নীড় মহলের পথে রওনা হয়েছিলাম। ইতিহাস আর ঐতিহ্যর অনিন্দ্যসুন্দর সে রাজকাহিনি না হয় পরে কখনো লেখা যাবে। আপাতত আমরা ঊন কোটির বিস্ময়কর ইতিহাসে বুঁদ থাকতে চাই। আর সেই স্মৃতি নিয়ে ফেরার পথ ধরি সুশান্তদার অভিজ্ঞ নেভিগেশনে।

লেখক: সদস্য, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন