ওলন্দাজদের শহরে

ছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই রোদ্দুর, এই মেঘমুক্ত আকাশ যতক্ষণ আছে, যতক্ষণ তাদের রূপ করতে পারি আস্বাদন আমি কী করে দুঃখী হব?
আনা ফ্রাঙ্ক, দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল

ষোড়শ শতাব্দীর ঘটনা

মার্কো পোলোর কল্যাণে তত দিনে পশ্চিমারা বুঝে গিয়েছেন যে পূর্বের দিকে ধনসম্পদের কোনো শেষ নেই। ভারতবর্ষ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মসলা, ফসল আর নীলের হাতছানি। ওখানে কোনোমতে পৌঁছাতে পারলেই হয়। ‘নেটিভদের’ ঠেঙিয়ে বড়লোক হওয়া শুধু সময়ের ব্যাপার।

সমস্যা বাধল অন্যখানে। তখনকার দিনে তো আর এ যুগের মতো উড়োজাহাজ ছিল না যে উঠলাম আর পৌঁছে গেলাম এক দিনের ভেতরে। জাহাজ পানিতে ভাসিয়ে পাড়ি দিতে হতো উত্তাল সমুদ্র। ইউরোপ থেকে দিনের পর দিন, রাতের পর রাত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাস ছয়েক লেগে যেত ভারতের মতো কোনো দেশে পৌঁছাতে।

এই ছয় মাসের যাত্রাপথ ছিল ভীষণ কঠিন। ঝড় আসত কোনো ধরনের নিয়ম না মেনেই, জ্বরজারিসহ বিভিন্ন ধরনের অসুখ–বিসুখে নাবিকেরা মারা যেতেন। সবচেয়ে বড় সমস্যা ছিল জলদস্যুরা, হা রে রে রে করে তেড়ে এসে সবকিছু কেড়ে নিয়ে যেতেন তাঁরা। সে জন্য এই অভিযাত্রা ছিল অনেকটা জুয়া খেলার মতো। এই সব বাধা বিপত্তি কাটিয়ে কোনোমতে আপনি যদি পূর্ব এশিয়ার কোনো দেশে এসে লুটপাট অথবা ব্যবসা করে জিনিসপত্র নিয়ে আবার নিজের দেশে ফিরে যেতে পারেন, তাহলে আপনি বিশাল বড়লোক হয়ে যাবেন। আর না পারলে, পথের ফকির।

বর্তমানে ডাচ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি
ছবি: লেখক

এ জন্য সবাই এই অভিযানের পেছনে টাকা ঢালতে চাইত না। গুটিকয়েক মানুষ, যাঁরা ঝুঁকির ভয় করতেন না, তাঁরাই শুধু সমুদ্র পাড়ি দিতেন। এই সীমাবদ্ধতা থেকে মুক্তির জন্য ধুরন্ধর ওলন্দাজরা একটা বুদ্ধি বের করল। তারা একটা কোম্পানি তৈরি করার পরিকল্পনা করল। যে কেউ চাইলেই টাকার বিনিময়ে কোম্পানির আংশিক মালিক হতে পারবেন, হয়ে যেতে পারবেন কোম্পানিটির শেয়ারহোল্ডার। আবার চাইলে এই মালিকানা আরেকজনের কাছে বাজারে বিক্রিও করে দিতে পারবেন।

এভাবেই প্রবর্তিত হলো পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পাবলিক লিমিটেড কোম্পানি তৈরি হলো—ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তী ৩০০ বছর ধরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এশিয়াতে পাঠাল ৪ হাজার ৭৮৫টি জাহাজ। লাখে লাখে ইউরোপিয়ানরা পঙ্গপালের মতো ঢুকে পড়ল এশিয়ায়। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী হলো সমুদ্রবন্দর জায়াকার্তা, যার নাম পরিবর্তন করে ওলন্দাজরা রাখল বাটাভিয়া। কালের বিবর্তনে সেটা এখন জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী।

কয়েক শ বছর পর আমি সেই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আছি! আমার সঙ্গে গাইড হিসেবে আছেন এক প্রাণবন্ত ডাচ তরুণ, মার্ক। সঙ্গে আমার মতো গোটা বিশেক বিভিন্ন দেশের ছেলেমেয়ে। একসঙ্গে অ্যামস্টারডামের রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছি আমরা। মার্ক মনে করেন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই সারা পৃথিবী শাসন করার কথা ছিল। কিন্তু এক জেনারেশন পরই, সবাই আত্মতুষ্টিতে ভুগতে শুরু করে। আরাম, আয়েশ আর উপভোগের নেশায় সবাই গা ভাসিয়ে দেয়।
ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পৃথিবীর অনেক জায়গার ক্ষমতা চলে যায়। এটা নাকি এখনকার দিনের ইউরোপিয়ান তরুণদের জন্য একধরনের শিক্ষা হয়ে থাকতে পারে। এশিয়ান ছেলে-মেয়েরা এখন অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছে পশ্চিমাদের তুলনায়। যদি ইউরোপিয়ানরা আরও পরিশ্রম না করে, তাহলে হয়তো ইউরোপিয়ানদের অথবা আমেরিকানদের স্বর্ণযুগও শেষ হয়ে আসবে।

অ্যামস্টারডাম, সাইকেল আর ক্যানাল যেন সমার্থক।যেদিকেই তাকাবেন এই দুটো জিনিস আপনার চোখে পড়বেই
ছবি: লেখক

আমার এই গাইডেড ট্যুর শুরু হয়েছে আরও ঘণ্টাখানেক আগে। নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামে। এর আগেও অনেকবার এসেছি কিন্তু খুব বেশি ঘুরে দেখার সময় পাইনি। এবার হাতে কিছু সময় থাকাতে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটা ফ্রি ওয়াকিং ট্যুরের ওয়েবসাইট পেয়ে সঙ্গে সঙ্গে রেজিস্টার করে ফেললাম। ট্যুরটাতে ফ্রিতে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকলেও ট্যুর শেষে গাইডকে খুশি হয়ে কিছু টাকা দিতে হয়। হিসাব করে দেখলাম, এর পরিমাণও একদম কম না।

যা–ই হোক, সকাল আটটার আগে ড্যাম স্কয়ারে চলে আসলাম। ড্যাম স্কয়ারকে অ্যামস্টারডামের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে অল্প কিছুদূর হাঁটলেই এখানে পৌঁছে যাওয়া যায়। নেদারল্যান্ডসের সঙ্গে কয়েকটা ব্যাপারে বাংলাদেশের বেশ মিল আছে। বাংলাদেশের মতো নেদারল্যান্ডসও বন্যাপ্রবণ দেশ। এর কারণ হলো, এ দেশের বেশির ভাগ অঞ্চলের অবস্থানই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। এ জন্যই দেশটার নাম নেদারল্যান্ডস মানে লো ল্যান্ড, নিচু জায়গা।

নেদারল্যান্ডসের পানির পরিমাণ যদি বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ, কোরিয়া আর তাইওয়ানের পর এটিই পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের মতোই বন্যা এসে এই দেশকে আঘাত হেনেছে বারবার। পার্থক্য হলো, এই বন্যা থেকে বাঁচার জন্য ওরা একের পর এক বাঁধ দিয়েছে। অ্যামস্টারডাম শহরের চারদিকেই বাঁধ দেওয়া। আর আছে বিখ্যাত ক্যানেল রিং।

অসংখ্য ছোট–বড় ক্যানেল বা খাল শিরা-উপশিরার মতো ঘিরে আছে শহরটিকে
ছবি: লেখক

অসংখ্য ছোট–বড় ক্যানেল (বাংলায় যাকে আমরা খাল বলি) শিরা-উপশিরার মতো ঘিরে আছে শহরটিকে, যাদের বলা হয় গ্র্যান্ড ক্যানেল। ভেনিস থেকেও অ্যামস্টারডামে ক্যানালের সংখ্যা বেশি। এই ড্যাম স্কয়ার আসলে অ্যামস্টেল নদীর ওপরের একটা বাঁধ। ১২৭০ সাল থেকে এই বাঁধ চওড়া করতে করতে এখন একটা আস্ত চত্বরই হয়ে গিয়েছে। অনেক ডাচই মজা করে বলেন যে তাঁদের সরকার আর্মির পেছনে বেশি টাকা বিনিয়োগ করতে চায় না। কারণ, কেউ নাকি নেদারল্যান্ডস্ আক্রমণ করতে সাহসই পাবে না। শত্রুরা যদি শহরে ঢুকে পড়েও, শহরের কয়েকটা বাঁধ খুলে দিলেই তারা সব পানিতে ভেসে যাবে!

আগে থেকে মেইলের মাধ্যমে জানা ছিল, আমাদের গাইড কোম্পানির একটা লাল ছাতা মাথায় দিয়ে রাখবে। রওনা দেওয়ার আগে একটু ভয় লাগছিল, খুঁজে পাব তো? নাকি অন্য কোনো লাল ছাতার পেছন পেছন চলে যাব কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে?
ব্যাংক ডাকাতি আর সেদিন করা হলো না। নিজের পরিচয় দিতেই মার্ক প্রিন্ট করা একটা কাগজে আমার নাম মিলিয়ে অপেক্ষা করতে বলল। একজন-দুজন করে আরও লোকজন আসতে লাগলেন।

হাঁটা শুরু করার আগে সবাইকে নিজের পরিচয় দিতে হলো। পরিচয়পর্বটাও বেশ মজার। একেকটা মহাদেশের নাম ডাকা হলো, তখন সেই মহাদেশের সবাই হাত তুললেন। এরপর নিজের নাম আর দেশের নাম বলতে হলো। প্রতিটি নাম বলার পরই সবাই হই হই করে চিৎকার করে উঠছিলেন উৎসাহ দেওয়ার জন্য।

এমন হেলে যাওয়া ভবন চোখে পড়বে অ্যামস্টারডামের রাস্তায়
ছবি: লেখক

এরপর সবাই জোড়ায় জোড়ায় ভাগ হয়ে গেলাম মিনিট পাঁচেকের জন্য। আমি আমার জোড়াকে আমার একটা প্রিয় জায়গার নাম বললাম, তিনিও বললেন। এমন সময় হই হই করতে করতে কিছু অল্পবয়সী ছেলেমেয়ে এসে হাজির। ওদের কাছে অনেক পুরোনো জিনিস আছে। আমাদের কাছ থেকে যেকোনো একটি জিনিস ওরা নিতে চায়, বিনিময়ে ওদের যেকোনো একটি জিনিস ওরা দিয়ে দেবে। খুবই সামান্য জিনিস হয়তো। একজন পকেট থেকে একটা চিরুনি বের করে তার বিনিময়ে একটা মাথার ক্লিপ পছন্দ করে নিল। এ রকম ছোটখাটো মজা কিন্তু পুরো শহরেই চলছে। এ জন্যই অ্যামস্টারডাম আমার খুব পছন্দ হয়েছে। পুরো শহরটাই যেন তরুণ-তরুণী আর যুবক-যুবতীতে ভরপুর। প্রাণপ্রাচুর্যে টগবগ করে ফুটছে শহরটা, হই হই করতে করতে সবাই উপভোগ করছে রঙিন জীবনটাকে।

কখনো বড় রাস্তা, আবার কখনো ছোট গলির মধ্য দিয়ে অথবা ক্যানেলের ওপরের ব্রিজ দিয়ে চলতে থাকে আমাদের হাঁটাহাঁটি। হাঁটার সঙ্গে সঙ্গে সবাই মিলে গল্প আর খুনসুটি করতে করতে আমরা এসে হাজির হই একটা বিশেষ জায়গায়। অ্যামস্টারডাম সমুদ্রের পাশে হওয়ায়, দেশ–বিদেশ থেকে জাহাজ এসে একসময় নোঙর ফেলত এখানে।

দোকানের শোকেসেও জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে সেজেগুজে বিক্রি হওয়ার জন্য, কোনো ম্যানিকুইন নয়, আমার মতোই রক্ত–মাংসের মানুষ!

জাহাজ থেকে নেমে আসতেন নাবিকেরা। আর পৃথিবীর আদিমতম পেশার মেয়েরা লাল রঙের লন্ঠনবাতি নিয়ে অনেক দিন পানিতে থাকা বুভুক্ষু নাবিকদের পথ দেখাত।
সেই লাল রঙের লন্ঠন থেকে লাল জানালাওয়ালা ঘর হয়ে এখন তৈরি হয়েছে রেড লাইট ডিসট্রিক্ট, যেখানে প্রস্টিটিউশন বৈধ করা হয়েছে। রাস্তার পাশে রং চড়িয়ে দাঁড়িয়ে আছে নানা বয়সের, নানা দেশের, নানা রঙের, নানা রকমের মানুষ। আছে কামোত্তেজক সরঞ্জাম বিক্রির দোকান আর এগুলো প্রদর্শনীর জন্য জাদুঘর। সবকিছু দেখে খুবই অস্বস্তি হচ্ছিল। বুকের ভেতর ধাক্কা খেলাম, যখন দেখলাম, দোকানের শোকেসেও জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে সেজেগুজে বিক্রি হওয়ার জন্য, কোনো ম্যানিকুইন নয়, আমার মতোই রক্ত–মাংসের মানুষ!

সেই ধাক্কা সামলে ওঠার আগেই চমকে গেলাম গির্জার ঘণ্টার শব্দে। নাবিকেরা মেয়েদের দেখানো পথে হেঁটে গিয়ে ইন্দ্রিয়সুখ ভোগ করার পর অনুশোচনায় ভুগত। তাঁদের সেই অনুশোচনায় মলম বোলানোর জন্যই ছিল এই গির্জা। এক দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে ঢুকলেই পাপ মোচনের সহজ ব্যবস্থা!