কলকাতা দূরে নয়

চট্টগ্রাম থেকে আকাশপথে কলকাতা মাত্র ৪০ মিনিটের পথ। এ যেন নিউমার্কেট থেকে রিকশায় আগ্রাবাদে যাওয়ার মতো। যানজট থাকলে ওই দূরত্বে যেতেও ঘণ্টা খানেক লেগে যায় অনেক সময়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই ঘোষণা শুনলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন নামছে।
কলকাতা সেই শৈশব থেকেই আমার মনে অনুরণন তুলছে। সত্যজিৎ রায়ের মহানগর বা ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের খণ্ড খণ্ড দৃশ্য দিয়ে অদেখা কলকাতার একটা ছবি তৈরি করেছিলাম। হালের টালিগঞ্জের চলচ্চিত্রেও কলকাতার রংদার চেহারা দেখেছি। তবে বাস্তবের কলকাতা আমার ধারণার চেয়েও অনেক সুন্দর।
চেনা কয়েকজন এমন কথা শুনে অবাক হয়েছিলেন। তাঁদের প্রশ্ন, কী এমন আছে কলকাতায়? অল্প কদিনের ভ্রমণে আমিই বা কী পেলাম সেখানে?
বিষয়টা ব্যাখ্যা করতেই হলো। মাস কয়েক আগে কলকাতায় ঘুরতে ঘুরতে মনে হয়েছে, এমন শহর সত্যি অতুলনীয়। নতুন আর পুরোনো সময় এখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। রাস্তা চিরে চলে যাওয়া লাইনের ওপর দিয়ে সেই উপনিবেশ আমলের ট্রাম যাচ্ছে হেলেদুলে। একটু বদলায়নি শত বছরেও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে ব্রিটিশ শাসনের বড় একটা সময় পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী। সুতানুটি, গোবিন্দপুর আর ডিহি কলকাতা গ্রামের ওপর গড়ে ওঠা শহরটি আজ ভারতের অন্যতম বড় মেট্রো শহরও। তবু উপনিবেশ আমলের সময়চিহ্ন এখনো রয়ে গেছে এখানে। কেবল দরদালানের চেহারায় সেটা ধরা আছে তা নয়, বরং খাবারদাবার, উৎসবসহ আরও বহু কিছুর ভেতর সেই ছাপ দেখবেন আপনি।
কলকাতায় বিভিন্ন দামের হোটেল আছে। তবে বেড়াতে যাওয়ার আগে অনলাইনে বুকিং দিয়ে গেলে বিশেষ ছাড় পাওয়া যায়। শহরের শোভাবাজারের একটি অতিথিশালায় উঠেছিলাম আমি। অতিথিশালার পুরোনো আমলের ভবনটি বেশ মনে ধরল। নকশা করা বড় দরজা, উঁচু সিঁড়িঘর আর ভেতরে আধুনিক ব্যবস্থা। অতিথিশালার বেশ কাছেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর সুতানুটি মেট্রোস্টেশন।
কলকাতায় পৌঁছানোর পরদিন ভোরেই আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাসাদে। উইলিয়াম এমারসনের এই স্থাপত্য দেখে চোখ সরে না। নিরিবিলি প্রশান্ত ঝিলে শ্বেতপাথরের স্মৃতিসৌধের প্রতিবিম্ব দেখার অভিজ্ঞতা অবর্ণনীয়। উদ্যানে রয়েছে সিংহাসনে বসা রানি ভিক্টোরিয়ার ব্রোঞ্জের ভাস্কর্য। ভিক্টোরিয়া প্রাসাদ থেকে বের হলেই ময়দান। একের পর এক মাঠ আর গাছের সারি। এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হবে এ যেন ব্যস্ত মহানগরের নাগরিকদের শ্বাস ফেলার জায়গা।
ট্রাম, টানা রিকশা আর ভাঁড়ের চা—এই তিন জিনিসের মতো অনেক কিছুই কলকাতা ছাড়া আর কোথাও দেখবেন না আপনি। তাই টানা রিকশা আর ট্রামে তো চড়া হলোই, বাদ গেল না ভাঁড়ের চা। এখানকার ভাঁড়ের চা অতি সুস্বাদু। এক কাপে তৃষ্ণা মেটার নয়। চায়ের সঙ্গে সঙ্গে এখানকার পথের খাবারও চেখে দেখতে ভুলবেন না। কলকাতায় সব শ্রেণির মানুষই রাস্তার খাবার খান। ফুটপাতের খাবার হলেও সুস্বাদু ও স্বাস্থ্যকর। পাওভাজি, ওমলেট-টোস্ট, বাটার টোস্ট, জুস আর পানিপুরি মিলবে সস্তায়।
দেখা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়িও। ঠাকুরবাড়ির একাংশ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, বাকি অংশে রয়েছে সংগ্রহশালা। সংগ্রহশালায় দেখবেন রবীন্দ্রনাথের ব্যবহার্য জিনিসপত্র, লেখার টেবিল, পাণ্ডুলিপিসহ নানা কিছু। যে শয্যায় তাঁর শেষ দিনগুলো কেটেছে, সেটি সেভাবেই রেখে দেওয়া হয়েছে। বিশাল ঠাকুরবাড়ির প্রতি ইঞ্চিতে যেন স্মৃতিকাতরতা ছড়ানো। রবীন্দ্রনাথের ব্যবহৃত ডব্লিউজিএফ-৯১ নম্বরের মোটরগাড়িটির পাশে দাঁড়িয়ে অনেক পর্যটক ছবিও তোলেন।
ঔপনিবেশিক স্থাপত্য ছড়িয়ে আছে সারা কলকাতা জুড়ে। একসঙ্গে বেশ কিছু নজরকাড়া ভবন দেখতে চাইলে চলে যেতে পারে কলকাতা আদালত ভবন এলাকায়। আদালত ভবনের স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। এই এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোর মাঝেই রয়েছে সুরম্য স্থাপত্যে গড়া টাউন হল ভবন। এর অল্প দূরেই গঙ্গার পাড়। চাইলে সেখান থেকেও বেড়িয়ে আসতে পারেন। গঙ্গার তীরে পার্কের বেঞ্চে হসে হাওড়া সেতু দেখার অভিজ্ঞতা অসাধারণ। এ ছাড়া কালীঘাট মন্দির, ন্যাশনাল মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন ও সায়েন্স সিটি না দেখলে আপনার ভ্রমণ সম্পূর্ণ হবে না।
সারা কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা কীর্তিমানের ভাস্কর্য। নন্দনে রবীন্দ্রনাথের ভাস্কর্যে ঝুলছিল বিশাল মালা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই দাঁড়িয়ে আছেন শ্রী অরবিন্দ। শোনা যায় সেখানে নাকি লর্ড কার্জনের ভাস্কর্য ছিল কিছুকাল আগেও। এ ছাড়া নানা মোড়েই গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, নজরুল আর রামমোহনের ভাস্কর্য দেখবেন।
এ দেশ থেকে প্রতিবছর চিকিৎসা করাতে ও কেনাকাটার প্রয়োজনে প্রচুর মানুষ কলকাতায় যান। নিউমার্কেটের ওল্ড ও নিউ কমপ্লেক্স, এসপ্ল্যানেড জুড়ে বসা ফুটপাত, বড় বাজার, গড়িয়াহাট, শেক্সপিয়ার সরণির কি কে মার্কেট, চাঁদনি চক, ক্যামাক স্ট্রিটের বর্দান মার্কেট, হাতিবাগানের হাতিবাগান মার্কেট, হো চি মিন সরণির মেট্রো প্লাজায় যেতে পারেন কেনাকাটা করতে। দেজ, আনন্দ, রুপা, সিগনেট, অরুণা, মিত্র ও ঘোষসহ ভারতের সব নামকরা প্রকাশনা সংস্থার শোরুম ও প্রধান কার্যালয় কলেজ স্ট্রিটে। দেড় কিলোমিটার দীর্ঘ কলকাতার এই বইপাড়াকে টাইম ম্যাগাজিন ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি দিয়েছে। এখানে এলে বইয়ের রাজ্যে না হারিয়ে উপায় কী। কেবল বড় শোরুম নয়, ফুটপাতের ধারে ছোট ছোট কয়েক শ দোকানেও অমূল্য সব রত্ন খুঁজে পাবেন। বই কিনে কফির তেষ্টা পেলে চলে যাবেন বিখ্যাত কফি হাউসে। মান্না দের গানের সেই কফি হাউসটি যে এই কলেজ স্ট্রিটেই।
রিজেন্ট এয়ারলাইনসের ফ্লাইট সপ্তাহে সাত দিন ও বাংলাদেশ বিমান সপ্তাহে দুই দিন চট্টগ্রাম-কলকাতা সরাসরি রুটে চলাচল করে। এ ছাড়া ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে বিভিন্ন পরিবহনের বাসেও সরাসরি কলকাতা যেতে পারেন।