থাকতাম র্যাকেট ক্লাবে ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্টদের জন্য আবাসিক ব্যবস্থায়। ঠিক ডর্ম নয়, কারণ, ডর্মের মতো অবকাঠামো সেখানে ছিল না—বেশ একটা নিজস্বতা ছিল। দেশ থেকে কেবল শেষ বর্ষের পরীক্ষা শেষ করে গিয়েছি। আমার তখন অনন্ত অবসর। স্বামী গবেষণা নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত ক্রিসমাসকে খুব কাছে থেকে দেখতে।
প্রবাসী ছাত্রদের জন্য একটি ফ্রি শাটল বাস প্রতি এক ঘণ্টায় ঘুরে ঘুরে ট্রিপ দিত নানান জায়গায়। শুধু বাসে করে ঘুরেই আমার অনেকের সঙ্গে পরিচয় হয়, বিনিময় হয় নানান অভিজ্ঞতা। ল্যারি, টাশিও এবং হ্যারি তাঁদের মধ্যে অন্যতম। ষাটোর্ধ্ব হ্যারি একসময় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করতেন। কিছু শারীরিক সমস্যার কারণে সে চাকরিটা ছেড়ে দিতে হয়। এখন পার্ট টাইমার হিসেবে উইন্টারে শাটল বাস চালান। সন্ধ্যা কিংবা রাতে যতবার বাস থেকে নেমেছি, নিজে থেকেই বলত, ‘হ্যাভ আ গ্রেট নাইট!’ একদিন আমি জানতে চেয়েছিলাম, সবাই তো বলে গুড নাইট, তাহলে তুমি কেন গ্রেট নাইট বলো! মুচকি হেসে আমাকে বলেছিলেন, ‘সবকিছুর কারণ জানা থাকে না!’
টাশিওর আদি বাড়ি সুদানে। যেদিন সে আমার কাছে জানতে চায়, আমি ভারত থেকে এসেছি কি না, সেদিন আমিও ওকে পাল্টা জিজ্ঞেস করি, তুমি কোথা থেকে এসেছ? এর পর আলাপ গড়ায়। জানতে পারি সে সিঙ্গেল মাদার। মেয়ে ও মাকে ক্রিসমাসে দারুণ কিছু উপহার দেবে বলে কিছু আলাদা অর্থের জোগান দরকার, আপাতত গাড়ির ইনস্টলমেন্ট বন্ধ করে রেখেছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসেই কাজ করে। তাই শাটল বাসে আসা-যাওয়া করছে।
খাদ্যরসিক ল্যারি লাঞ্চ ব্রেকে কী কী অদ্ভুত সব খাবার যে খেত! যখন লাঞ্চ ব্রেক শেষে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য সিল করা দরজা খুলে বাসে উঠতাম, তখন নাকে এসে লাগত চ্যাডার চিজ অথবা বেইকড হ্যামের ঘ্রাণ, কখনোবা বাটারি ফ্লেভার পপকর্ন। সেসব ঘ্রাণের সঙ্গে আরও নতুন কিছু মাত্রা যোগ হতো ক্রিসমাসের আগে আগে। ক্রিসমাসকে খুব কাছে থেকে দেখেছিলাম। যেকোনো ভৌগোলিক অবস্থানেই উৎসব একই রকম আবহ, আনন্দ আর আয়োজন নিয়ে আবির্ভূত হয়। শুধু আয়োজনের অনুষঙ্গগুলো হয় একটু ভিন্ন।
খাবারের উদাহরণ দিই। ক্রিসমাসের সময় আমেরিকানরা ক্রিসমাস কুকি তৈরি করে। আর সেটা যত কম কুড়মুড়ে হবে, ততই তাদের জন্য মঙ্গলবার্তা এবং সৌভাগ্য বয়ে আনবে। এ রকমই ধারণা চালু আছে। আমিও কুকি কাটার আর ডিম-ময়দা-চিনির ডো দিয়ে চেষ্টা করেছিলাম ক্রিসমাস কুকি তৈরি করতে। কিন্তু সেটা কেমন জানি চিপসের মতো মুচমুচে হয়ে গেল। কোনো আমেরিকানকে যদি ক্ষীরের পায়েস বানাতে বলা হয়, যা তৈরি হবে আরকি!
অধিকাংশ আমেরিকান ছাত্র ১৬ বছর বয়স থেকেই পার্ট টাইম কাজ করার সুযোগ পায়। মূলত তারা কাজ করে ডিপার্টমেন্টাল স্টোর, খাবার দোকান, বেকারি, প্যাটিসারি আর পিজারিয়াগুলোতে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়গুলোতে তারা বিপুল উৎসাহে কাজ করে। উদ্দেশ্য একটাই, মা-বাবা এবং কাছের মানুষদের ক্রিসমাসে গিফট দেওয়া। ওয়াগমেন’স নামে একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আমি আমার ছোট্ট সংসারের সব প্রয়োজনীয় (এবং অপ্রয়োজনীয়, নিছক ভালো লেগে যাওয়া) জিনিসপত্র কিনতাম। সেখানে যে কত কত ছেলেমেয়ের সঙ্গে দেখা হতো আমার। তাদের সোশ্যাল স্মাইল, কাজের উৎসাহ এবং স্পিড দেখে অবাক বনে যেতাম।
রচেস্টার শহরটি নর্থ আমেরিকায়, কানাডিয়ান বর্ডারের কাছাকাছি, যেখানে নভেম্বর মাস থেকেই তুষারপাত শুরু হয়। প্রকৃতিতে সাদা তুষার আর কালো পিচঢালা রাস্তা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আর তাই বাসাবাড়ি, অফিস ডেস্ক, রিসেপশন কাউন্টার, শপিং মল—সবকিছুই সাজানো হয় আকর্ষণীয় রঙে। লাল আর সবুজ রিবন এবং গ্লিটার্স যেকোনো ক্রিসমাসের ডেকোরেশনের বাধ্যতামূলক রং। অনেকে ডেস্কের পাশে রেখে দেয় এভারগ্রিন ট্রির ছোট ম্যুরাল। এত তুষারপাত হওয়ার পরও নর্থ আমেরিকানরা মন খারাপ করে যদি ক্রিসমাসের দিন তুষারপাত না হয়! কারণ, সেটাও আগামী ক্রিসমাস পর্যন্ত সৌভাগ্যের লক্ষণ হিসেবে ধরা হয়।
ঘরের ডেকোরেশনে থাকে ছোট ছোট ইলেকট্রিক ক্যান্ডেল লাইট, যেগুলো কাচের জানালার পাশে রাখা হয় এবং সূর্যাস্তের সময় জ্বালিয়ে দেওয়া হয়। দূর থেকে দেখলে মনে হয় আসল মোমবাতির মতোই মিহি আলোতে ঘর ভরে আছে। একদিক থেকে বিষয়টা ভালোই। কারণ, এই মোমবাতিতে মায়াময় আবহ তৈরি হয় ঠিকই কিন্তু হাত পুড়ে যাওয়া বা অগ্নিকাণ্ডের ভয় থাকে না।
উত্তর আমেরিকায় অগ্নিকাণ্ড একটি ভয়াবহ ব্যাপার। বাড়িগুলো কাঠের এবং তুলনামূলকভাবে উচ্চমাত্রার তাপনিরোধক উপায়ে তৈরি করতে গিয়ে কাঠামোর দেয়ালগুলোতে থাকে ডবল লেয়ার। সেই ডবল লেয়ারের মধ্যবর্তী ফাঁকা অংশে ককশিটের মতো একটি উপাদান দিয়ে দেয়ালগুলো তাপনিরোধক করা হয়। এই এলাকাগুলোতে বছরের ছয়-সাত মাস তুষারপাত থাকে এবং শীতকালে তাপমাত্রা কখনো নেমে যায় মাইনাস ২০ ডিগ্রি। আর সে জন্য ফায়ারপ্লেস (সেই প্রাচীন ফায়ারপ্লেসের মোটিফকে ধরে রেখে আধুনিক টেকনোলজিতে তৈরি), হিটার এসব বিষয় এখানে অত্যাবশ্যক। তাই এখানে অগ্নিকাণ্ড হওয়ার আশঙ্কাটাও বেশি।
আমাদের আবাসস্থল সব ডরমিটরি এবং ইউনিভার্সিটি কমন্সে নিয়মিত ফায়ার ড্রিল হতো। কখনো রাত দেড়টায় আবার কখনো ভোর পাঁচটার মতো উদ্ভট সময়ে অন্তত মাসে একবার বিকট শব্দে ফায়ার অ্যালার্ম বেজে উঠত। তখন আমরা যে অবস্থায় পারি ফায়ার স্কেপ সিঁড়ি বেয়ে ছুটে নেমে যেতাম নিচে। নেমে দেখতাম সুসজ্জিত ফায়ার ট্রাক এবং ফায়ার ফাইটাররা দাঁড়িয়ে আছেন। কিন্তু কারও মধ্যে তেমন কোনো টেনশন নেই। পরে জানা যেত, এটা ছিল একটা ফলস অ্যালার্ম এবং ফায়ার ড্রিল। বিপদ-আপদে ফায়ার ড্রিলের এই ট্রেনিং যে কী কাজে লেগেছিল, তা বলার নয়! গোটা আমেরিকায়ই ফায়ার ফাইটারদের ভীষণ সম্মান। গুড ফ্রাইডে, থ্যাংকস গিভিং কিংবা ক্রিসমাসে তারা পরিবার-পরিজনকে ফেলে রেখে জনসেবায় থাকেন সদা প্রস্তুত।
ফিরে আসি ক্রিসমাসের কথায়। অনেকেই আসল ক্রিসমাস ট্রি দিয়ে ঘর সাজায়, আবার অনেকে সাজায় প্রসেসড ট্রি দিয়ে। কোনটা যে আসল আর কোনটা যে প্রসেসড, সেটা বোঝা মুশকিল। ট্রি ডেকোরেশনের সঙ্গে জড়িয়ে থাকে নানান স্মৃতি ও আবেগ। শুধু স্টার বা গোল্ডেন বল দিয়েই যে ডেকোরেশন হয়, তা কিন্তু নয়। আমাদের বিল্ডিংয়ের লিন্ডসে রড্রিকের ঠাকুমা তার জন্য মিনেসোটা থেকে পাঠিয়েছিল অনেক পুরোনো কিছু ট্রি অর্নামেন্ট। প্রিয় পোষা বিড়ালের রয়ে যাওয়া গলার ঘণ্টা, নানান রকমের বিডস—সবকিছুই স্থান পায় এই সাজসজ্জায়।
আমাদের জীবনে যেভাবে ঈদ আসে, নাড়ির টানে আমরা ছুটে যাই প্রিয় আবাসে, সঙ্গে করে নিয়ে যাই ভালোবাসার উপহার, যার যার সামর্থ্য অনুযায়ী। একসঙ্গে ঈদের নামাজ আদায় করে নাশতা করি সেমাই- পায়েস দিয়ে, দুপুরের খাবারেও থাকে ভিন্নতা। ঠিক সেভাবে খ্রিষ্টানদের ২৫ ডিসেম্বর রাতে পরিবারের সবাই মিলে ডিনার খাওয়ার রীতি শতাব্দী থেকে শতাব্দী অবধি চলে আসছে। অনেকে আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি জমায় একসঙ্গে ক্রিসমাসের ডিনার করবে বলে।
মানুষ, সে কৃষ্ণকায় হোক অথবা গৌরবর্ণ, আদতে তার মূল বা শিকড় রয়ে গেছে পরিবারে। আর তাই আমেরিকানদের কাছে ক্রিসমাস এমন একটি উৎসব, যেখানে পরিবারকে প্রাধান্য দেওয়া হয় সবচেয়ে বেশি। এমনকি নির্বাক পোষা কুকুরছানাটি অথবা লন মোয়ার, যে কিনা মাসকাবারি চুক্তিতে উঠোনের ঘাস কেটে দেয়, তার জন্যও আমেরিকানরা বরাদ্দ রাখে ছোট্ট কোনো উপহার, যেটা তাদের কাছে ‘আ লিটল টোকেন অব লাভ।’
লেখক: প্রোডিউসার এবং আরজে