কিঞ্চিৎ কেরালা

ছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও বেড়াতে যাওয়ার আগে দু-একটা বই না ঘাঁটলে হয়? কিন্তু কেরালা যাওয়া অনেকটাই আকস্মিক। তাই পড়াশোনার সুযোগ যখন পাইনি, গুগল করে ধারণা নিতে চেয়েছিলাম। স্থানীয়দের ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে জানতে চেয়েছিলাম। কিন্তু অন্তর্জাল ঘেঁটে মন ভরল না, পেলাম না তেমন কিছুই।

পাহাড়-অরণ্য-হ্রদ, মুন্নার, কেরালা
ছবি: লেখক

ভারতের গোয়া পর্ব শেষ করে আমরা কেরালার ট্রেনে উঠেছিলাম। গোয়ার ম্যাডগাও স্টেশন থেকে ট্রেনটি ছিল সন্ধ্যা সাতটায়। তাই রাতের খাবার সঙ্গে নিতে হলো। ভারতে সবচেয়ে প্রিয়, নিরাপদ, রুচিসম্মত আর সাশ্রয়ী খাবার কেএফসির পপকর্ন রাইস মিল। সেটা নিয়ে ট্রেনে স্লিপিং কামরায় উঠে পড়েছিলাম। কিন্তু গোয়াকে বিদায় জানাতেই মন খারাপটা যেন জেঁকে বসল।

দলে আমরা তিনজন। তিনজনেরই লোয়ার বাথ থাকায়, হেলেদুলে, পা তুলে, গরম-গরম অমৃতসম রাইস মিল উপভোগ করে যে যার বাথে ঘুমিয়ে পড়লাম। মনের মধ্যে গোয়ার জন্য একটা সূক্ষ্ম ব্যথা! কেরালা যেন মনেই নিতে পারিনি। ট্রেনে হেলেদুলে চলছে। বাইরের বৃষ্টি আর মাঝেমধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যেই ঘুমে ডুব দিলাম।

কেরালার সবুজ
ছবি: লেখক

স্বাগত জানাল ভোরের আলো

কাচের জানালা দিয়ে ভোরের আলো চোখে এসে পড়তেই ঘুম ভাঙল। অলস চোখ বুজে থাকার আহ্বান জানাল। মনটাও সায় দিল একটু ঘুমানোর। আলোর বিপরীতে জানালার দিকে মাথা দেব বলে উঠতে হলো। কিন্তু জানালার বাইরে চোখ পড়তেই আমার ঘুম হারিয়ে গেল। জানালা দিয়ে অবাক চোখে বাইরে তাকিয়ে রইলাম। মুগ্ধ আর অবিশ্বাস্য চোখে অপলক তাকিয়ে থাকা।

ট্রেন ছুটে চলেছে সারি সারি নারকেলের অরণ্যের মধ্য দিয়ে। যত দূর দৃষ্টি যায় শুধু নারকেলের ঘন, সবুজ আর আকাশ ছুঁয়ে ফেলা গাছের সারি। একটু পরপরই সরু, মাঝারি, টলটলে জলের বয়ে চলা আদুরে নদী। গোয়ার প্রতি যে মিহি ব্যথা নিয়ে ট্রেনে উঠেছিলাম, সে কথা বেমালুম ভুলে গেলাম!

পরিচ্ছন্ন স্টেশন
ছবি: লেখক

সামান্য একটা ঘটনায় হৃদয়ের সবটুকু জায়গা দখল করে নিল কেরালা। সে-ই থেকে কেরালার সবটুকু সময়, কেরালার আলো, হাওয়া, জল, সবুজ, অরণ্য, খাল-বিল উপভোগ করার জন্য অধীর আগ্রহ নিয়ে এক একটা স্টেশন পেরোতে থাকি। নতুন কোনো স্টেশন এগিয়ে আসলে, ট্রেন ধীরে চলা শুরু করে, মনে মনে চাই প্রতিটি স্টেশনে যেন কিছু সময় অপেক্ষা করে। চলতি পথে নতুন কোনো জায়গার মানুষ, তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, সংস্কৃতি দেখতে, বুঝতে হলে স্টেশন হলো আদর্শ জায়গা।

পা পড়ল কেরালায়

এমন কয়েকটি স্টেশন পেরিয়ে আমরা আমাদের গন্তব্য কেরালার ইরনাকুলাম স্টেশনে পৌঁছাই। তখন সকাল নয়টা। পরিবার সঙ্গে ছিল বলে ওদের ফ্রেশ হওয়া নিয়ে চিন্তিত ছিলাম। আমাদের গন্তব্য স্টেশন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। সেটা সবুজের সমুদ্র, চা, চকলেট, কফি আর মসলার জন্য বিখ্যাত পাহাড়ি শহর মুন্নার। সময় লাগবে অন্তত চার ঘণ্টা।

মুগ্ধতা ছড়ানো মুন্নার
ছবি: লেখক

স্টেশনে হাঁটছিলাম। রেলে কর্মরত একজনকে একটু ফ্রেশ হওয়ার জায়গা পাওয়া যাবে কি না, জানতে চেয়েছিলাম। আমরা বাংলাদেশ থেকে বেড়াতে এসেছি শুনে ফুটওভারব্রিজ পেরিয়ে ১ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এগিয়ে দিলেন। দেখিয়ে দিলেন পেইড শীতাতপনিয়ন্ত্রিত বিশ্রামাগার। তাঁর সেবায় আমরা এতটাই মুগ্ধ হয়েছি যে আজও তাঁকে মনে রেখেছি। বিশ্রামাগারে প্রবেশ করে সাজসজ্জা, পরিচ্ছন্নতা, আসবাব আর ছোট লাইব্রেরি দেখে বাসস্থান ভেবে বসেছিলাম। ঘণ্টায় ২৫ রুপির বিনিময়ে বিশাল সোফায় আয়েশ করে বসা বা ঘুমানো, ঝকঝকে, চকচকে ওয়াশ রুমে নিজের মতো ফ্রেশ হওয়া যায়।

ঠিক এক ঘণ্টা এসির বাতাসে শীতল হয়ে কোথায় খাওয়া যায় ভাবছিলাম। তখন আমাদের সামনে হাজির হলো অভিভূত হওয়ার মতো আতিথেয়তা। বিশ্রামাগারের সঙ্গে লাগোয়া কাচঘেরা আধুনিক এক রেস্তোরাঁ। এখানেও ঢুকে মনে করেছিলাম, বোধ হয় আমাদের মানের নয়! তবুও গরমে বাইরে না গিয়ে একবেলা না হয় একটু দাম দিয়েই খাই, সমস্যা কী! এই ভাবনা নিয়ে মেনুতে ঠিকঠাক দাম না দেখে শুধু খাবার পছন্দ করেই অর্ডার করেছিলাম। সাদা ভাত, ভাজা মাছ, সবজি, আলু ভাজা, ডিম আর একজনের জন্য বিরিয়ানি।

স্টেশনের খাবার
ছবি: লেখক

কেরালার খাবার নাকি আমার মতো বাঙালিরা খেতে পারে না, শুনেছিলাম! কিন্তু একটু একটু করে খাই আর অল্প অল্প করে মানুষের কথার ভুল ভেঙে যায়। একটা সময় খেতে খেতে অনুভব করলাম যে কই খাবারের তো কোনো সমস্যা নেই। একদম আমাদের খাবারের মতোই তো ঝাল, মসলা, তেল, ভাজা, ডাল! বরং আমাদের চেয়েও অনেক ভালো স্বাদের। যে কারণে কিছুক্ষণ পর দেখি ছেলের কিছুটা বিরিয়ানি ছাড়া সবকিছু একদম খেয়ে সাফ করে ফেলেছি!

সত্যি বলতে কি, পুরো ভারতে যেখানে যা খেয়েছি, এখনো পর্যন্ত ইরনাকুলাম স্টেশনের সেই অভিজাত রেস্তোরাঁর খাবার মুখে লেগে আছে! বিশেষ করে কাড়িপাতা দেওয়া মাছ ভাজা।

খাওয়া শেষ করে আমরা হেঁটেই পাশের বাসস্ট্যান্ডে গেলাম। বেশ ঝামেলা করে হলেও ভাষাগত সমস্যা দূর করে হিন্দি আর ইংরেজির মিশেলে মুন্নারের বাস খুঁজে নিলাম। তাপমাত্রা তখন প্রায় ৪০! গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু ওই যে বলেছি, কেরালা আমাদের আমন্ত্রণই জানিয়েছে অবাক আর মুগ্ধ করে দিয়েছে তার আতিথেয়তা দিয়ে।

শীত শীত, শীতের আমেজ

পাহাড়ি নদী, মুন্নার, কেরালা
ছবি: লেখক

বাসে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আচমকা কেমন যেন শীত শীত অনুভূত হতেই চোখ মেলে জানালায় তাকিয়ে দেখি আমরা সমতলে নই, আঁকাবাঁকা পথে মেঘের মধ্য দিয়ে চলেছি। এক পাশে সবুজ পাহাড়। পাহাড়ে চা–বাগান আর অন্য পাশে ঘন অরণ্য। মধ্য দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল কোনো এক রূপকথার রাজ্যে ছুটে চলেছি যেন!

পাশে তাকিয়ে দেখি ছেলে ও ছেলের মা নেই! গেল কই? তাকিয়ে দেখি দুজনে জানালার পাশে বসে আছে। একজন অরণ্যঘেরা, বৃষ্টিভেজা পাহাড় দেখছে আর একজন বৃষ্টির জলে জমে থাকা সবুজের সমুদ্র চা–বাগানে চোখ রেখেছে। আমার অনেক শীত করছে দেখে মোবাইল বের করে তাপমাত্রা দেখার চেষ্টা করলাম। দেখি, ২০ ডিগ্রির নিচে!

প্রচণ্ড গরমে পথচলা শুরু করেছিলাম এক সমতল শহরের রাজপথে। আর এখন ঘন অরণ্য, বিশাল বিশাল পাহাড়, পাহাড়ি নদী, মাইলের পর মাইল সবুজের সমুদ্র, চকচকে চা–বাগান। সবকিছু মিলে অদ্ভুত আর অবাক করা প্রকৃতি আর পরিবেশ।

মোহনীয় মুন্নার

মুন্নারের আঁকাবাঁকা পথে
ছবি: লেখক

শেষ বিকেলে বাস গিয়ে থামল বাসস্ট্যান্ডে। ছোট, সরু কিন্তু বেশ খরস্রোতা এক পাহাড়ি নদীর পাশে সে বাসস্ট্যান্ড। নামলাম মুন্নারে। খুঁজে খুঁজে একটা হোটেল পেলাম সন্ধ্যা নাগাদ।

পরদিন মুন্নারের পথে পথে ঘুরে বেড়িয়েছিলাম একটা অটো নিয়ে। বিশাল হ্রদ, হাতির অভয়ারণ্য, প্রাচীন সেতু, অদ্ভুত হানি ট্রি, মসলাবাগান, চকলেটের কারখানা, কেরালার বিখ্যাত সিল্ক ও কাঞ্চিভরন শাড়িতে কেটেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এসব নিয়ে লিখতে গেলে প্রতিটি নিয়েই লেখা যাবে একেকটা গল্প!

মুন্নারের হানি ট্রি
ছবি: লেখক

ঢাকায় বসে করোনাকালে কেরালা, মুন্নার নিয়ে একপশলা সজীবতা অনুভব করলাম। করবই না কেন, মান্নারের সবকিছুই যে মোহনীয়। যেখানে বারবার যাওয়া যায়।