আবদুল হালিম শরর লিখিত ‘মশরিকি তমদ্দুন কা আখরি নমুনা ইয়া গুজিস্তা লক্ষ্ণৌ’ পড়ে বাঙালিরা নবাবি লক্ষ্ণৌকে অনেক বেশি জানতে পেরেছে। যদিও মোকাম কলকাতার মাটিতে অওয়ধের নবাবি উত্তরাধিকার ওয়জিদ আলী শাহের সঙ্গে শেষ হয়েছিল। কিন্তু এখানকার লোকেদের জন্য মেটেবুরুজের নবাব অচেনাই থেকে গিয়েছিলেন। অচেনা থেকে গিয়েছিল লক্ষ্ণৌভি তহজিবের কায়দাকানুন।
ভারতবর্ষে আমার দুটি প্রিয় শহর লক্ষ্ণৌ আর হায়দরাবাদ। কারণটা বোঝা শক্ত নয়। এই দুটি শহরের গোড়াপত্তন হওয়ার সময় থেকেই এখানে ‘গঙ্গা-জমনি’ তহজিবকে (শিষ্টাচার) গুরুত্ব দেওয়া হয়েছিল। যে মূল্যবোধকে কেন্দ্র করে পরবর্তীকালে ভারতের সংবিধান লেখা হয়েছে, আমাদের সভ্যতার প্রধান ব্যক্তিত্বরা যে মূল্যবোধের আদর্শকে উজ্জীবিত করেছেন, সেটাই ‘গঙ্গা-জমনি’ তহজিব। গঙ্গার প্রতীকে হিন্দু সংস্কৃতি আর যমুনার প্রতীকে ইসলামি, এই দুই স্রোতস্বিনীর দানে গড়ে উঠেছিল আমাদের সভ্যতা।
নিজে আমি আধা হায়দরাবাদি, তাই লক্ষ্ণৌ আমাকে খুব টানে। বাল্যকাল থেকে শহরটার সঙ্গে অভ্যস্ত হয়েছি। এককালে ওই শহরে অনেক বাঙালির স্থায়ী বাস ছিল। এখনো আছে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে তাঁদের সে জাঁক এখন আর নেই।
‘ভব্যতা’র যে মাত্রাজ্ঞান ছিল অওয়ধি সংস্কৃতির প্রধান পরিচয়, তার গভীর ক্ষয় বেদনা দেয়। ছোটবেলায় যখন প্রথম লক্ষ্ণৌ গিয়েছিলাম, যে ব্যাপারটা সবচেয়ে বেশি করে মনে থেকে গিয়েছিল, সেটা হলো লক্ষ্ণৌভি তহজিব। সেখানে দেখা সাধারণ রিকশাচালকদের বোলি, অর্থাৎ মুখের ভাষা বা বাকভঙ্গি আমরা দেশের এই প্রান্তে তথাকথিত ‘শিক্ষিত, ভদ্রলোক’দের মধ্যেও কমই দেখেছি। সমাজের নিম্নতম বর্গের মানুষের স্বভাবেও এই পর্যায়ের মার্জিত রুচির কৃষিসুলভ দেখা যেত। ব্যাপারটা আমাকে প্রথম লক্ষ্ণৌ সংস্কৃতির প্রতি আগ্রহী করে।
যদিও পরবর্তীকালে দেখেছি, ধীরে ধীরে সেই সূক্ষ্ম পরিমার্জনা অদৃশ্য হয়ে গেছে। কুমার প্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, বাহরাইচ আর এটাওয়া জেলা থেকে আগত রুক্ষ কৃষিশ্রমিকদের প্লাবন লক্ষ্ণৌ শহরের বাস্তবতা বদলে দিয়েছে। নিকট অতীতে দেখেছি, অবস্থা অনেক বেশি শোচনীয় হয়েছে। গোরখপুরি ‘লঠ-মার’ কলচর অর্থাৎ জঙ্গলরাজের বোল বালা থেকে নবাবি লক্ষ্ণৌয়ের তহজিব বহু যোজন দূরে।
আকবর বাদশাহ তাঁর রাজত্বকে ১২টি সুবাহতে ভাগ করেছিলেন ষোলো শতকের শেষ দিকে। আওরঙ্গজেব পর্যন্ত আসতে আসতে তার সংখ্যা হয়ে যায় ২২। তার মধ্যে ৪টি আছে সমকালীন পাকিস্তানের ঠিকানায়। বাকি আঠারোর মধ্যে নানা কারণে তিনটি সুবাহ ছিল একটু আলাদা। এই সুবাহগুলোর নবাবদের মধ্যে কয়েকটি সমতা চোখে পড়ে। ইতিহাস খুঁজলে দেখা যাবে, তাঁদের শিকড় ছিল ইরানি সভ্যতায়। দেবগিরির ব্রাহ্মণ সন্তান সূর্যনারায়ণ মিশ্রকে ১০ বছর বয়সে দাস হিসেবে কিনে নিয়েছিলেন ইরানি রাজপুরুষ হাজী শফি। ধর্ম পরিবর্তনের পর তাঁর নাম হয় মহম্মদ হাদী।
হাজী শফি বাদশাহ আওরঙ্গজেবের চাকরি ছেড়ে ইরানে ফিরে যান। সঙ্গে নিয়ে যান মহম্মদ হাদীকে। হাজী শফির মৃত্যুর পর হাদী আবার হিন্দুস্তানে ফিরে আসেন। শিক্ষানবিশ ছিলেন বিদর্ভ সুবাহের দেওয়ান আবদুল্লাহ খুরাসানির অধীনে। পরবর্তীকালে তাঁকে আমরা চিনব মুর্শিদ কুলি জাফর খান হিসেবে। সুবাহ বঙ্গালের দুর্ধর্ষ নবাব।
কুলি কুতব বেঘ ছিলেন ইরানের হামাদান থেকে আসা একজন ভাগ্যান্বেষী যোদ্ধা। সময়ের ফেরে তাঁকে আমরা দেখতে পাই সুলতান কুলি কুতব শাহ নামে গোলকোণ্ডা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে ফিরে আসতে। বাদশাহ আওরঙ্গজেব পর্যন্ত তাঁরা স্বাধীন সুলতান ছিলেন। ১৬৮৭ সালে মুঘলরা গোলকোণ্ডা দখল করে নেয়। তারপর নিজামের রাজত্ব।
তৃতীয়জন ছিলেন মীর মহম্মদ আমীন। ইরানের নিশাপুর থেকে হিন্দুস্তানে ভাগ্যান্বেষণে আসা একজন তরুণ যোদ্ধা। পরবর্তীকালে তাঁর পরিচয় হয়ে উঠেছিল নওয়াব সাদত খান। লক্ষ্ণৌয়ে অওধ শাহির প্রতিষ্ঠাতা।
সুবাহ বঙ্গাল, সুবাহ গোলকোণ্ডা এবং সুবাহ অওধের রাজবংশ ছিল ইরানি সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গ। মুঘল হিন্দুস্তানের অতি প্রতাপশালী সুন্নি তুর্কি রাজশক্তির থেকে আলাদা শিয়া গোষ্ঠীর মানুষ। ভারতের ইতিহাস ও সংস্কৃতির একজন ইতর–সন্ধানী হিসেবে আমি এই তিন সুবাহের প্রতি চিরকালই আগ্রহী। ব্যক্তিগত অনুসন্ধিৎসা বেশ প্রবল। যদিও মধ্যযুগ মানেই রক্তাক্ত অন্ধযুগের কাহিনি। তবু এই রাজাদের শাসনব্যবস্থায় সুমার্জিত পারস্য সভ্যতার প্রতিফলন দেখা গিয়েছিল।
নিজে বাঙালি হিসেবে হয়তো সুবাহ বঙ্গালের ব্যাপার-স্যাপার জানার সুযোগ বেশি ঘটেছে। আবার দীর্ঘকাল গোলকোণ্ডা সংস্কৃতির দেশে বসবাসের সূত্রে তাঁদের ঐতিহ্যের ভিত্তিগুলোও কিছুটা জানা হয়ে গেছে। যদিও সে অর্থে সুবাহ অওধে আমি বাস করিনি কখনো, কিন্তু দীর্ঘ চর্চা ও আসা–যাওয়া থেকে তাঁদের সাংস্কৃতিক মানচিত্রটি অচেনাও থেকে যায়নি। মূল আকর্ষণ সেই গঙ্গা-জমনি তহজিবের স্পর্শ।
ইরানি রাজপুরুষ বুরহান-উল-মুল্ক সাদত খানের প্রতিষ্ঠিত অওয়ধি রাজত্ব চলেছিল প্রায় ১৩০ বছর। শেষ হয় নবাব ওয়জিদ আলী শাহের সঙ্গে। মাঝখানে এসেছিলেন নয়জন নবাব। তাঁদের রাজধানী প্রথমে ছিল ফয়জাবাদে। তারপর চলে আসে লক্ষ্ণৌতে (১৭৭৫)। মুঘলশাহি পতনের পর নবাব আসফ-উদ-দ্দৌলাহর সময় থেকে নবাব ওয়জিদ আলী শাহের আমল পর্যন্ত লক্ষ্ণৌ গড়ে ওঠে উত্তর ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে। দিল্লিকে ম্লান করে দিয়ে।
লক্ষ্ণৌয়ের শিল্প, স্থাপত্য, সংগীত, নৃত্য, খানপান, সম্ভ্রম ও ভব্যতাবোধ সারা দেশের সংস্কৃতিমান মানুষের কাছে আদৃত হয়েছিল। লক্ষ্ণৌ সংস্কৃতিকে না জানলে ভারতীয় সভ্যতার তহজিব অনেকটাই জানা হয় না। বইয়ে পড়ে সবটা বোঝা যায় না। মানুষের কাছাকাছি গিয়ে দেখতে হয়। অবক্ষয় তো সর্বত্র। তবু আলোর পথযাত্রীরা অনেক আশা নিয়ে বেঁচে থাকে।
লক্ষ্ণৌ বেড়াতে গিয়ে লোকে কী দেখবে? দেখবে বড়া আর ছোটা ইমামবাড়া, তার চত্বরে ছড়িয়ে থাকা ঘড়ি মিনার, রুমি দরওয়াজা, সাতখণ্ডা। দেখবে ছত্তর মঞ্জিল, রেসিডেন্সি, শাহ নজফ ইমামবাড়া, সাদত আলী খানের সমাধি, জামা মসজিদ, লা মার্টিনিয়ার, একরাশ নতুন বাগবাগিচা। দেখবে লক্ষ্ণৌয়ের বিখ্যাত বাজারগুলো—হজরতগঞ্জ, আমিনাবাদ, চওক। এই শীতের মরশুমে রূপকথার মতো পেরিয়ে আসা সময়ের চিহ্নগুলো পায়ে-পায়ে হেঁটে বেড়াবে। যেখানে ইতিহাস কানের কাছে ফিসফিস করে শুনিয়ে যাবে জানা-অজানা কতশত গল্পকথা।
তবে ঘটনা হলো সবকিছু ঘুরেফিরে বাঙালি আবার ফিরে আসবে তার প্রাণের তীর্থ, অর্থাৎ খাওয়াদাওয়ার ঠেকগুলোয়। এ দেশে নবাবি খানাপিনার প্রধান তিনটি কেন্দ্র দিল্লি, হায়দরাবাদ আর লক্ষ্ণৌ। ভারতীয় ভোজন–সংস্কৃতির এই শাখাকে একসঙ্গে বলা হয় ‘মুঘলাই খানা’। যদিও দিল্লি ছাড়া বাকি জায়গা দুটির ওপর ‘মুঘলাই’ অর্থাৎ তুর্কি প্রভাব ছিল মূলত রাজনৈতিক। সংস্কৃতিগতভাবে তারা নিজেদের অস্তিত্ব আলাদা করেই রেখেছিল। এই ধারার খাবারের মোটামুটি তিনটি প্রকরণ থাকে। রোটি, কাবাব আর বিরিয়ানি। আবার বিরিয়ানি ব্যাপারটা মূলত দিল্লি আর হায়দরাবাদের মওরসিপট্টা। মানে, দম বিরিয়ানির ব্যাপারটা।
লক্ষ্ণৌয়ের বিশেষত্ব তার পোলাও–সংস্কৃতিতে। যদিও বাঙালির বিরিয়ানি মানে কলকাতার বিরিয়ানি, যার উৎস হলো লক্ষ্ণৌভি বিরিয়ানি। যেটা নবাব ওয়জিদ আলী শাহের সঙ্গে কলকাতায় এসেছিল।
লক্ষ্ণৌতে গিয়ে বিরিয়ানি খেতে হবে দিল্লি আর হায়দরাবাদের সঙ্গে তফাতটা বুঝতে। লক্ষ্ণৌয়ের বিরিয়ানি অন্য দুই ঘরানার থেকে মৃদু স্বভাবের। তবে লক্ষ্ণৌ গেলে পোলাওটা অবশ্যই চেখে দেখতে হবে। য়খনি/আখনি, মোতি বা সিম্পল মাটন পোলাও। রোটির কথা যদি ওঠে তবে যেসব নাম আসবে, তারা সারা দেশেই পাওয়া যায়। রুমালি, নান, পরাঠার নানা রূপ এবং শিরমাল। এটা অবশ্য সবার আসে না। লক্ষ্ণৌতে মুঘলাই পরাঠা নামে যে দ্রব্যটি পাওয়া যায়, তার সঙ্গে কলকাত্তাই মডেল কিছুই মেলে না। মুরগি বা মাটনের পদগুলোও চেনা। যেমন কড়াই, শাহি মসালা, রোগন জোশ, কোর্মা। নাম এক হলেও লক্ষ্ণৌভি ব্যঞ্জন স্বাদ-গন্ধে তাদের হায়দরাবাদি বা দিল্লিওয়ালা ভাই-ভতিজাদের থেকে আলাদা।
এবার হোক লক্ষ্ণৌয়ের অসলি শান কাবাবের কথা। গলওতি, শামি, শিখ, বোটি, টংড়ি বা টিক্কা। বিশ্ববিখ্যাত টুন্ডে কাবাব আসলে গলওতি কাবাব। আমি যে ঠেকগুলোয় যাই, সেগুলোর নামও রেখে দেওয়া যাক এখানে। এমন নয় যে বাকি নামগুলো যথেষ্ট উমদা নয়। পসন্দ অপনা অপনা। কাবাবের জন্য চওকের আদি টুন্ডে কাবাবের কোনো কথা হবে না। গলি, তস্য গলির মধ্যে সেই ঠেক। যদিও সেখানে শুধু বড়া গোশতের ব্যবস্থা।
মুরগি বা মাটনের জন্য সোজা যেতে হবে আমিনাবাদের টুন্ডে কাবাবের ঠেকে। পোলাও বা বিরিয়ানির জন্য চওকের ইদ্রিস বা আমিনাবাদের ওয়াহিদ। আরও আছে লালবাগের দস্তরখওআন বা হজরতগঞ্জের নৌশেজান। শেষ পাতের জন্য চওকের মোড়ে সারি সারি ঠন্ডাই লস্সি। আর শীতকালের সেরা উপহার নিমিশ বা মাখন মলাই।
লক্ষ্ণৌ সম্বন্ধে বলতে গেলে বলতে হবে, ‘নাল্পে সুখমস্তি, ভূমৈব সুখম’। এত সংক্ষেপে শুধু ইশারাই চলে। তবে কথায় আছে না, ‘সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি’, সেটাই ভরসা। শেষে লক্ষ্ণৌকে নিয়ে কবির দুই ছত্র মুগ্ধতাও থাক,
‘...ইয়েহ শহর লালাযার হ্যাঁয়, য়ঁহা দিলোঁ মেঁ প্যার হ্যাঁয়
জিধর নজর উঠাইয়ে, বহার হি বহার হ্যাঁয়
কলি কলি হ্যাঁয় নাজনি, ইয়েহ লক্ষ্ণৌ কি সর-জঁমি...’।
শকিল বদায়ুনি
‘এই শহর ফুলে ফুলে ছাওয়া, এখানে হৃদয়ে ভালোবাসা
যেদিকে তাকাও শুধু বসন্ত
প্রতিটি কলি মনোলোভা, এ যে লক্ষ্ণৌয়ের ভূমি…’।
শকিল বদায়ুনির কবিতার অনুবাদ: জাভেদ হুসেন