আলট্রা ম্যারাথনের নিবন্ধন আবার শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণবিষয়ক ফেসবুক গ্রুপ ট্রাভেলার্স অব বাংলাদেশের (টিওবি) আয়োজনে অনুষ্ঠেয় আলট্রা ম্যারাথনের জন্য অনলাইন নিবন্ধন আবার শুরু হচ্ছে। টিওবির অন্যতম সংগঠক মো. আবদুল্লাহ আজ শুক্রবার প্রথম আলোকে জানিয়েছেন, এ ম্যারাথনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য ১৪ নভেম্বর রাত আটটায় নিবন্ধন শুরু হয়। এখানে অংশ নেবেন ৩০০ দৌড়বিদ। কিন্তু অল্প সময়ের মধ্যেই নিবন্ধনকারীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। সেই পরিস্থিতিতে ১৮ নভেম্বর রাত আটটায় নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর নিবন্ধনকারীদের প্রাথমিক যাচাই–বাছাই শুরু হয়। এটা শেষে আগামীকাল সকাল আটটা থেকে আবার নিবন্ধন শুরু করা হবে।

২০২০ সালে আয়োজিত আলট্রা ম্যারাথনের একটি ছবি
ছবি: ট্রাভেলার্স অব বাংলাদেশ

ফেসবুকে ভ্রমণবিষয়ক যত গ্রুপ আছে, সেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টিওবি। এর সদস্যসংখ্যা ছাড়িয়ে গেছে ১২ লাখ। এক যুগের বেশি সময় ধরে তারা বিভিন্ন ধরনের দুঃসাহসী ভ্রমণ, ক্রীড়া কর্মকাণ্ড, সামাজিক কাজ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে আসছে। এগুলোর মধ্যে রয়েছে ট্র্যাকিং, ব্যাকপ্যাকিং, ক্যাম্পিং, বিচ হাইকিং, মাউন্টেনিয়ারিং, ট্রেজার হান্ট প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের চিত্ত বিকাশে সহায়তা করে এমন সব কার্যক্রম।

তাদের এবারের আয়োজন আলট্রা ম্যারাথন বা আলট্রা রান একধরনের ম্যারাথন রেস। এ রেস কমপক্ষে ৫০ কিলোমিটারের হয়। এর বেশিও হতে পারে। বিশ্বের অনেক দেশেই প্রতিবছরই বিভিন্ন স্থানে আলট্রা ম্যারাথনের আয়োজন করা হয়। বিভিন্ন দেশে নানা শহর ও স্থানের ব্র্যান্ডিংয়ে, সমাজে ইতিবাচক জীবনধারার প্রসারে এ রকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশে ক্রীড়া পর্যটনকে জনপ্রিয় করা, মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণের বিষয়ে সচেতন করা এবং বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার প্রচেষ্টায় ট্রাভেলার্স অব বাংলাদেশ গত বছরের ১৭ ও ১৮ জানুয়ারি একটি অলাভজনক আলট্রা ম্যারাথনের আয়োজন করে। সেখানে ১২০ অ্যাথলেট ও ১০০ স্বেচ্ছাসেবক অংশ নেন। তাঁরা ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার ও ১০০ মাইল—এ তিন ধরনের ম্যারাথনে অংশ নেন। এর স্লোগান ছিল ‘ভ্রমণ হোক দায়িত্বশীল ও পরিবেশবান্ধব’।

২০২০ সালে আয়োজিত আলট্রা ম্যারাথনের একটি ছবি
ছবি: ট্রাভেলার্স অব বাংলাদেশ

এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এ বছর পর্যটন মৌসুমের শুরুতে ৩ ও ৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেরিন ড্রাইভ আলট্রা-২০২১’। এবারের স্লোগান, ‘দেশ আমার, দায়িত্ব আমার’। এ আয়োজনে দেশি ও বিদেশি অংশগ্রহণকারী ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার ও ১০০ মাইল দৈর্ঘ্যের আলট্রা ম্যারাথনে অংশ নেবেন। বৈচিত্র্যের প্রতি ইতিবাচক মানসিকতার প্রসার ঘটাতে এবং সমাজের বিভিন্ন বৈচিত্র্যের মানুষের অংশগ্রহণ উৎসাহিত করতে এ আলট্রা ম্যারাথনে সাধারণ অ্যাথলেটদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষ, দৃষ্টিপ্রতিবন্ধী, হুইলচেয়ার আরোহী ও অটিস্টিক অ্যাথলেটরাও অংশ নেবেন। সম্ভাব্য অংশগ্রহণকারী দৌড়বিদের সংখ্যা ৩০০।

এবার অংশগ্রহণকারী দৌড়বিদের সংখ্যা ৩০০
ছবি: ট্রাভেলার্স অব বাংলাদেশ

আগামীকাল সকাল থেকে http://marinedriveultra.run/registration.html লিংকে গিয়ে মেরিন ড্রাইভ আলট্রা-২০২১-এ অংশ নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে বলে মো. আবদুল্লাহ জানিয়েছেন।