ডেট্রয়েটে আমাদের স্বাগত জানাল বাংলা টাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার বিভিন্ন শহরের মধ্যে নিউইয়র্ক সিটির পরে সবচেয়ে বেশি বাঙালির বাস ডেট্রয়েটে। সেখানে বাঙালিরা যেটা করেছে, সেটা নিউইয়র্ক সিটিতে পারেনি। হ্যামট্রাম্যাক নামে বাঙালি–অধ্যুষিত এলাকায় গিয়ে দেখলাম, বিশাল ফলকে বাংলায় লেখা ‘স্বাগত বাংলা টাউন’। বিদায়ের সময় আবার ছিল ‘ধন্যবাদ বাংলা টাউন’। বিদেশ–বিভুঁইয়ে এসে এভাবে বাংলাদেশের মফস্বল শহরের মতো লেখা দেখতে পাব, কল্পনাও করিনি। ডেট্রয়েট আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেল।

ডেট্রয়টে স্বাগত জানাল বাংলাটাউন
ছবি: সংগৃহীত

ঐতিহ্যগতভাবে ডেট্রয়েটকে আমেরিকায় সবাই জানে মোটরগাড়ির শহর হিসেবে। বিখ্যাত হেনরি ফোর্ড মোটরস ও জেনারেল মোটরসের (জিএম) কারখানা ছিল একসময় এই শহরে। কিন্তু আমেরিকায় মজুরির হার বেশি বলে তারা তাদের শিল্পকারখানা অন্যান্য দেশে নিয়ে যায়। এতে করে ডেট্রয়েট অনেকটা পরিত্যক্ত শহর হিসেবে আমেরিকায় পরিচিতি পায়। এক অর্থে ডেট্রয়েট আমেরিকার সবচেয়ে দরিদ্র ও কৃষ্ণাঙ্গপ্রধান শহর। এখানে মোট জনসংখ্যার ৮১ ভাগের বেশি মানুষ কৃষ্ণাঙ্গ।
তবু এখনো ডেট্রয়েট আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। কারণ, ফোর্ড, জিএম ও ক্রিসলারের সদর দপ্তর এখানে অবস্থিত। ফোর্ড, ক্যাডিলাক, লিঙ্কন—বিশ্বখ্যাত গাড়ির যাত্রা শুরু হয়েছিল এই শহর থেকে। টমাস আলভা এডিসন এই শহরের বিদ্যুতায়ন করেন।

মিশিগানের রাজধানী ডেট্রয়েট ১৭০১ সালের ২৪ জুলাই ফ্রান্সের অ্যান্টনি দ্য ন্যাডিলিয়াক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১ হাজার ১০০ বছর আগে রেড ইন্ডিয়ানরা প্রথম এই শহরে বসতি স্থাপন করে। তাদের কাছ থেকে শহরের কর্তৃত্ব নেয় ফরাসিরা। ডেট্রয়েট শব্দটি ফ্রেঞ্চ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ সংকীর্ণ জলধারা। ভৌগোলিকভাবে শহরটি আমেরিকা ও কানাডার সীমান্ত এলাকায় অবস্থিত। গ্রেট লেকের সঙ্গে ডেট্রয়েট নদীর যোগাযোগ স্থাপন করে।

বাংলাটাউন
ছবি: লেখক

২০১৫ সালে ডেট্রয়েটের শহরতলি নর্থ হ্যামট্রাম্যাকে বাংলা টাউনের উদ্বোধন করেছিলেন তৎকালীন মিশিগানের গভর্নর রিক স্নাইডার। এই ছোট্ট শহরের অধিকাংশ বাসিন্দা বাঙালি। ওখানে গেলে বাংলাদেশের কোনো মফস্বল শহরে যাওয়ার অনুভূতি হবে। মোট ২২ হাজার হ্যামট্রাম্যাকবাসীর মধ্যে ৪১ শতাংশই অভিবাসী। তাদের মধ্যে বাংলাদেশিসহ অন্যান্য দক্ষিণ এশীয়র সংখ্যা সাড়ে চার হাজার, অর্থাৎ ২১ দশমিক ৫ শতাংশ। আর শুধু বাংলাদেশিদের সংখ্যা ১৫ শতাংশ। বাংলাদেশি অসংখ্য রেস্টুরেন্ট-গ্রোসারি শপ আছে ওখানে।

বাংলাদেশিদের উপস্থিতির কারণে হ্যামট্রাম্যাকের সাংস্কৃতিক ও রাজনৈতিক চরিত্র নানাভাবে বদলে যাচ্ছে। বাংলা টাউনের গুরুত্ব উপলব্ধি করে মিশিগানের রাজ্য সরকার একে একটি পর্যটনকেন্দ্র হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর স্নাইডারের অফিস থেকে জানানো হয়েছে, যাতে আরও পর্যটক ও বিনিয়োগে উৎসাহী বাংলাদেশিকে আকৃষ্ট করা যায়, সে কারণে এখানে এই নতুন গণসংযোগকারী দপ্তরটি স্থাপিত হলো। অভিবাসীদের স্বাগত জানাতে ইতিমধ্যে এই স্টেটে সরকারিভাবে ‘গ্লোবাল ডেট্রয়েট’ নামে একটি সংস্থা গঠিত হয়েছে। তারা জানিয়েছে, বাংলা টাউনকে ‘সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র’ হিসেবে পরিচিত করানো এই সংস্থার কাছে একটি প্রধান বিবেচনা। বাংলা টাউনের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ থেকে একটি রিকশা আমদানি করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র ও প্রাকৃতিক দৃশ্যসংবলিত এই রিকশা ইতিমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। গ্লোবাল ডেট্রয়েট জানিয়েছে, বাংলা টাউন আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশি খুদে শহর। তাদের উপস্থিতির কারণে হ্যামট্রাম্যাকে নির্বাচনের সময় বাংলা ব্যালটের ব্যবস্থা আছে।

ডেট্রয়েটের বিখ্যাত ভাস্কর্য
ছবি: লেখক

যুক্তরাষ্ট্রের পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থিত এই শহর ডেট্রয়েট নদীর তীরবর্তী শহরগুলোর মধ্যে প্রধান। উইন্ডসরের উত্তরে অবস্থিত ডেট্রয়েটই যুক্তরাষ্ট্রের একমাত্র প্রধান শহর, যা কানাডার দিকে দক্ষিণমুখী। ১৭০১ সালের ২৪ জুলাই ফ্রান্সের অ্যান্টনি দ্য ন্যাডিলিয়াক কর্তৃক ডেট্রয়েট নগর প্রতিষ্ঠিত হয়। ডেট্রয়েট শব্দটি ফ্রেঞ্চ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ ‘সংকীর্ণ জলধারা’। কারণ, ভৌগলিকভাবে শহরটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এলাকায় অবস্থিত। গ্রেট লেকের সঙ্গে ডেট্রয়েট নদী যোগাযোগ স্থাপন করে। ঐতিহ্যগতভাব ডেট্রয়েট পৃথিবীর ‘মোটরগাড়ির শহর’ বা অটোমোটিভ সিটি হিসেবে পরিচিত। ডেট্রয়েটভিত্তিক মোটরগাড়ি নির্মাণশিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের, এমনকি পুরো বিশ্বের মধ্যে বৃহৎ।

এবার জেনে নেওয়া যাক ডেট্রয়েট শহরের ইতিহাস। শহরটির নাম ডেট্রয়েট নদী থেকে এসেছে। ১৭০১ সালে ফরাসি পরিব্রাজক অ্যান্টনিও ন্যাডিলিয়াক ও তাঁর সহযোগী শতাধিক ফরাসি-কানাডিয়ান ওই স্থানে ফোর্ট পনচার্টেইন দ্য ডেট্রয়েট নামে একটি বসতি স্থাপন করেন। এই বসতি ফ্রান্সের ষোড়শ রাজা লুইয়ের নামকরণে করা হয়েছে। ফ্রান্স তখন এই অঞ্চলে মানুষের বসবাসের জন্য বিনা মূল্যে জমি প্রদান করে। ১৭৬৫ সালে এখানে জনসংখ্যা দাঁড়ায় ৮০০। এর আগে ১৮৬০ সালে ফরাসি ও রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সময় ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং তাঁরা শহরের নাম ছোট করে রাখে শুধু ডেট্রয়েট।

ডেট্রয়েট নদীর তীরে ডেট্রয়েট শহর
ছবি: লেখক

১৮০৫ থেকে ১৮৪৭ সাল পর্যন্ত ডেট্রয়েট মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ছিল। ১৮১২ সালের যুদ্ধে অবরোধ করে শহরটি ব্রিটিশরা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তবে যুক্তরাষ্ট্র ১৮১৩ সালে আবার সেটা ফিরে পায়। এটি পুরোপুরি একটি শহর হিসেবে গঠিত হয়। ১৮ শতকের শেষের দিকে এবং ১৯ শতকের প্রথম দিকে ডেট্রয়েটে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতিও সাধিত হয়। ওই সময়ে ডেট্রয়েটকে বলা হতো ‘প্যারিস অব দ্য ওয়েস্ট’ বা আমেরিকার পশ্চিমাংশের প্যারিস। টমাস আলফা এডিসন শহরে বিদ্যুতায়ন করেন।

১৮৩০ সাল থেকে পরবর্তী সময়ে ডেট্রয়েটের অগ্রগতি অব্যাহত থাকে। এ সময় শহরে জাহাজ নির্মাণশিল্প গড়ে ওঠে। ১৮৯৬ সালে হেনরি ফোর্ড ডেট্রয়েটের মার্ক এভিনিউয়ে একটি ভাড়া করা কারখানায় মোটরগাড়ির কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯০৪ সালে হেনরি ফোর্ড ‘ফোর্ড মোটরস কোম্পানি’ প্রতিষ্ঠা করেন। ফোর্ড ও ডেট্রয়েটের মোটরগাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের অগ্রপথিকদের, যেমন উইলিয়াম সি ডুরান্ট প্যাকার্ড, ওয়াল্টার ক্রিসলারদের প্রচেষ্টা ডেট্রয়েটকে বিশ্বে মোটরগাড়ির রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করে।

ডেট্রয়েটের প্রধান আকর্ষণ ফোর্ড মিউজিয়ামের সামনে লেখক ও অন্যান্যরা
ছবি: সংগৃহীত

১৯৫০–এর দশকে মোটরগাড়ি নির্মাণশিল্পের কারণে ডেট্রয়েটে চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। ১৯৭০ সালে রেনেইসেন্সে সেন্টার নির্মিত হয়, যা বর্তমানে জেনারেল মোটর কোম্পানি বা জিএমের সদর দপ্তর। ১৯৮০ সালে ডেট্রয়েটে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়, যা রোনাল্ড রিগ্যানকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একজন সার্থক প্রার্থী হিসেবে মনোনীত করে।

পরের তিন দশক ধরে অপরাধ, মাদকাসক্তি ও অপর্যাপ্ত পুলিশের কারণে ডেট্রয়েটের এলমুর্স্টের মতো অনেক এলাকা ধ্বংস হয়ে যায়। ১৯৮০–এর দশকে পরিত্যক্ত স্থাপনাগুলো ধ্বংস করা হয়, যাতে এগুলো মাদকাসক্তদের আশ্রয়স্থান হিসেবে ব্যবহৃত হতে না পারে। এর অন্যতম উদ্দেশ্য ছিল একটি উন্নত শহর হিসেবে ডেট্রয়েটকে গড়ে তোলা।

১৯৯০–এর দশকে ডেট্রয়েটের পুনরুত্থান ঘটে। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র বা মধ্যবর্তী অঞ্চলে অনেক সুউচ্চ ভবন গড়ে ওঠে। ওয়ান ডেট্রয়েট সেন্টার নির্মিত হয় তখন। জিএম গ্র্যান্ড ডেট্রয়েট, মোটরসিটি ক্যাসিনো ও গ্রিকটাউন ক্যাসিনো নামে জুয়া খেলার জন্য তিনটি ক্যাসিনো গড়ে ওঠে। ২০০৭-০৮ সাল থেকে এই ক্যাসিনোগুলো পর্যটকদের রিসোর্টে পরিণত হয়। ডেট্রয়েট টাইগার ও ডেট্রয়েট লায়ন্স নামে দুটি স্টেডিয়াম যথাক্রমে ২০০০ ও ২০০২ সালে নির্মিত হয়। ডেট্রয়েটে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অল স্টার গেম, সুপার বোল, ২০০৬ ওয়ার্ল্ড সিরিজ ও রেসলার ম্যানিয়া।

মার্কিন আদমশুমারি দপ্তরের জরিপ অনুসারে ডেট্রয়েট শহরের মোট আয়তন ১৪৩ বর্গমাইল। এটা যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী একমাত্র প্রধান শহর, যেখানে কানাডায় যেতে দক্ষিণ দিকে অগ্রসর হতে হয়। ডেট্রয়েট ও এর প্রতিবেশী অঞ্চলগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম শিল্পাঞ্চল। বিশেষ করে বিশ্বের তিনটি বড় গাড়ি নির্মাতা—জেনারেল মোটরস, ফোর্ড ও ক্রাইসলারের প্রধান সদর দপ্তর ও উৎপাদনকেন্দ্র এই অঞ্চলে অবস্থিত। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত ডেট্রয়েট-উইন্ডসর দুই দেশের আমদানি-রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল।

২০০৭ সালে ডেট্রয়েটের মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৮ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করত, যা যুক্তরাষ্ট্রের শহরগুলোর মধ্যে সর্বাধিক। তবে বর্তমানে এই অবস্থার উন্নতি হয়েছে। মোট জনসংখ্যার ৮১ দশমিক ৬ শতাংশ কৃষ্ণাঙ্গ, ১২ দশমিক ৩ শতাংশ শ্বেতাঙ্গ, ৫ শতাংশ হিসপ্যানিক (প্রধানত পুয়েরতো রিকান ও মেক্সিকান), ১ শতাংশ এশিয়ান, শূন্য দশমিক ৩ শতাংশ রেড ইন্ডিয়ান।

ডেট্রয়েট সফরে আমরা হেনরি ফোর্ড মিউজিয়াম অব আমেরিকান ইনোভেশন পরিদর্শনে গিয়েছিলাম। পুরো আমেরিকার আবিষ্কারের ইতিহাস উঠে এসেছে সেখানে। রাজনৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক সব মাইলফলকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। ডেট্রয়েটে সবচেয়ে বেশি দেখা হয় এই ফোর্ড মিউজিয়াম। আমেরিকার যানবাহনব্যবস্থার বিবর্তন জানা যায় এই মিউজিয়ামে গেলে।