তাও দ্বীপের শোভা ২

চারদিকে চোখধাঁধানো নীল জলছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরদিন ভোর। আর সবার ঘুম ভাঙার আগেই বেরিয়ে পড়ি। মর্নিংওয়াকে। জঙ্গুলে পথে সাহস হলো না, সাপের ভয়। পাকা রাস্তা ধরে এগোই। সেই পথ, যে পথে এসেছি। এখনো উত্তর থেকে দক্ষিণে। পাহাড়ি পথে কখনো ওপরে উঠি, কখনো নিচে। হঠাৎ দেখি, পাশের পানশালা থেকে বেরিয়েছে দুই শ্বেতাঙ্গ তরুণ। হাঁটাচলা কিছুটা বিক্ষিপ্ত বুঝলাম, আজ শনিবার সকাল। ফ্রাইডে নাইটের পান-উল্লাস সেরে তারা হোটেলে ফিরছে। ধীরে চলে দূরত্ব বাড়িয়ে নিলাম। ভোরে পানাশালা থেকে বেরিয়ে আসা তরুণদের বিশ্বাস নেই। আচমকা বোতল ছুড়ে রাস্তায় ভাঙা এদের অনেকেরই প্রিয় শখ।

প্রস্তরখন্ডের ওপর সপরিবারে
ছবি: লেখক

এই সড়কে বাহন বলতে কয়েকটি মোটরবাইক। গতি ধীর। এমনই এক ধীরগতির মোটরবাইক পাশ কাটিয়ে গেল। পরপরই চোখের পলকে রাস্তার পাশে ঝোপে আরোহী বছর চল্লিশের এক শ্বেতাঙ্গ নারী। বাইক পড়ে আছে পথপার্শ্বে। ওই নারী পথ থেকে অন্তত ১০ ফুট দূরে আছড়ে পড়েছেন। নড়াচড়াও করছেন না। ছুটে গেলাম সাহায্য করতে। ওই দুই তরুণও এসেছে। নারী অচঞ্চল। বোঝার চেষ্টা করছি, দুর্ঘটনা কতখানি ভয়াবহ। তরুণের একজন বলল, আপনি কি ইমারজেন্সি নম্বরে ফোন করবেন? ১৯১-তে ফোন করে ঘটনা আর অবস্থান জানালাম।

পরদিন ভোরে সবার ঘুম ভাঙার যাই মর্নিংওয়াকে। হঠাৎ পাশের পানশালা থেকে বেরোনো দুই শ্বেতাঙ্গ তরুণের বিক্ষিপ্ত হাঁটাচলায় বুঝি, আজ শনিবার সকাল। ধীরে চলে দূরত্ব বাড়িয়ে নিলাম। কারণ ভোরে পানাশালা থেকে আসা তরুণদের বিশ্বাস নেই। আচমকা বোতল ছুড়ে রাস্তায় ভাঙা এদের অনেকেরই প্রিয় শখ।

একটু পর দেখি, নারী নড়ে উঠেছেন। বসার চেষ্টা করছেন। ওই দুই তরুণ ধরে দাঁড় করানোর চেষ্টা করল। এর মধ্যেও খেঁকিয়ে উঠলেন নারী, ‘ডোন্ট টাচ মি! একটু আগে, যখন তোমাদের আমার প্রয়োজন ছিল, পাত্তা দাওনি। এখন মায়াকান্না দেখাতে হবে না।’ শুনে এমন পরিস্থিতিতেও হাসি পেয়ে গেল আমার। বুঝলাম, পূর্ব রজনীতে পানশালায় এদের মধ্যে অন্য কোনো গল্প হয়তো রয়েছে। ততক্ষণে ওদের সহায়তা নিয়ে তিনি হাঁটছেন। আমিও রাস্তা নিলাম। ১৯১-কে জানিয়ে দিলাম, অ্যাম্বুলেন্স লাগবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে।

নাশতার পর আমাদের পরবর্তী গন্তব্য নাঙ ইউয়ান। খেয়াঘাট থেকে নৌকা ভাড়া করলাম। আমাদের দ্বীপ থেকে মাত্র মিনিট বিশেকের পথ। তিনটির মধ্যে সর্বদক্ষিণের যে দ্বীপ, শুধু সেখানেই নৌকা যেতে পারে। বাকিটা এক্সপ্লোর করতে চাইলে পায়ে হেঁটে। নামার পরপরই জানিয়ে দেওয়া হলো, প্লাস্টিকের পানির বোতল আর চিপসের প্যাকেট নিয়ে প্রবেশ নিষেধ! বাহ! দ্বীপকে পরিষ্কার রাখতে কী অসাধারণ উদ্যোগ। পাহাড়ের পাশ ঘেঁষে জলের ওপর নির্মিত বোর্ডওয়াক ধরে এগোলাম। পৌঁছাই বালুপথের এক প্রান্তে। এখান থেকে হেঁটে যেতে হবে আরেক দ্বীপ। রূপা সাঁতার জানেন না। একটু পা হড়কালেই সলিলসমাধি। ভয়ে পিছিয়ে গেছেন। মায়ের ভয় বিভোরের মধ্যেও চালান হয়ে গেছে। রোদেলা নিশ্চিন্ত। ও পার হবে বাবার কাঁধে চড়ে। সাদা নরম বালুর সরু পথ। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে দুপাশে দড়ি টাঙানো হয়েছে। রোদেলাকে কাঁধে, আর দুজনের দিকে খেয়াল রেখে এগিয়ে চলি। কিছু দূর গিয়ে দেখি, বালুর ঢিবির ওপর দাঁড়িয়ে আমরা, সমুদ্রের ঠিক মাঝখানে। মাঝারি রকম ঢেউ এসে আমাদের টেনে নিতে লাগবে কয়েক সেকেন্ড। ভয় আরও বেড়ে গেল ওদের, এসব আলোচনায়।

ভয়ে ভয়ে মাঝের দীপখণ্ডে পৌঁছাই। এখানে পর্যটকের ভিড়। ছোট একটা রেস্তোরাঁ, আর শৌচাগার আছে। ডাইভিং স্টেশনও আছে। রূপা এমনই ভয় পেলেন যে ও আর তৃতীয় দ্বীপে যেতে চাইলেন না। দুই কন্যাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম।
এভাবেই তৈরি হয়েছে পথ
ছবি: লেখক

ভয়ে ভয়ে মাঝের দীপখণ্ডে পৌঁছাই। এখানে পর্যটকের ভিড়। ছোট একটা রেস্তোরাঁ, আর শৌচাগার আছে। ডাইভিং স্টেশনও আছে। রূপা এমনই ভয় পেলেন যে ও আর তৃতীয় দ্বীপে যেতে চাইলেন না। দুই কন্যাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। এই পথটা ঠিক বালুকাময় নয়। নুড়ি পাথর আর ভাঙা শামুক ও ঝিনুক। পচা শামুকে পা কাটাবিষয়ক প্রবাদ মনে পড়ায় হাসলাম কাউকে কিছু না বলেই। তৃতীয় দ্বীপের যখন কাছাকাছি, ওদের দাঁড় করিয়ে একটু বেশি পানির দিকে গেলাম। অমনি একঝাঁক মাছের পোনা ঘিরে ফেলল আমার পদযুগল। ওরা কি খাবার ভেবেছে? যেদিকে যাই, পোনা মাছের ঝাঁক সেদিকে বাহ! কী দারুণ দৃশ্য। দুই কন্যা অবাক হয়ে দেখছে আমার সঙ্গে মৎস্যশাবক দলের সখ্য।

তৃতীয় দ্বীপে বসার বিশেষ ব্যবস্থা নেই। অনেকে কালো পাথরের ওপর পোশাক বিছিয়ে রোদ পোহাচ্ছেন। আমরা যে পথে এসেছি, সে পথেই ফিরে আসি। মাঝের দ্বীপে পানিতে পা ডুবিয়ে বসলাম। কিছুক্ষণ স্নরকেলিং করলাম, স্বচ্ছ পানিতে। নানা বর্ণের মাছ। বন্ধুবৎসল। কাছে গেলেও দৌড়ে পালায় না।

সবুজের ফাঁক গলে জল-পাহাড়ের সখ্য
ছবি: লেখক

প্রথম দ্বীপে আরেকটা বড় চ্যালেঞ্জ এখনো বাকি। পর্বতারোহণ। দ্বীপশীর্ষে উঠতে হবে। রোদেলা এখন একটু বড়, সারাক্ষণ কোলে রাখতে হয় না। প্রায় ১৫ মিনিট, যত দূর সিঁড়ি ছিল, আমরা উঠে গেলাম অনায়াসেই। ওপরের দিকে সিঁড়ি আর নেই। পাথরের বাঁক বেয়ে উঠতে হবে। তাকিয়েই ঘামতে শুরু করি। রূপার যেমন পানিতে ভয়, আমার উচ্চতায়। যখন খাড়া পথ রোদেলাকে নিয়ে পেরোতে হচ্ছে, ভয়ও যাচ্ছে বেড়ে কয়েক গুণ। শেষ দিকে রূপাই নিলেন রোদেলার দায়িত্ব। ওরা আরও ওপরে যেতে চায়।

রূপার যেমন পানিতে ভয়, আমার উচ্চতায়। যখন খাড়া পথ রোদেলাকে নিয়ে পেরোতে হচ্ছে, ভয়ও যাচ্ছে বেড়ে কয়েক গুণ। শেষ দিকে রূপাই নিলেন রোদেলার দায়িত্ব। ওরা আরও ওপরে যেতে চায়।

আমি বললাম, চলো, ফিরে, যাই। ভয়ে আর গরমে আমি ঘর্মাক্ত। আর যেতে চাইছি না। স্ত্রী-কন্যারা যাবেই। উঠতে থাকি অনিচ্ছায়।

শীর্ষে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। প্রস্তরখণ্ড কয়েকটি। একের পর এক। একটু টলে গেলে বা কেউ যদি আপনাকে ধাক্কা দেয়, তাহলে সমুদ্র পর্যন্ত পৌঁছাতে হবে না। প্রস্তরাঘাতে আলুভর্তা হবেন নিমেষেই। সে তো গেল কাহিনির একটি দিক। আর অন্যদিকে যে অপূর্ব শোভা, কলম বা ছাপার অক্ষরে কর্ম নয় তার বর্ণনা। দুটি সবুজ দ্বীপখণ্ড। মাঝে সাদা বালুপথ। এত কাছে। এতটাই কাছে। এমন নৈসর্গিক শোভা আর কোথাও দেখেছি বলে মনে পড়ে না।

শীর্ষে ওঠা বেশ ঝুঁকিপূর্ণ
ছবি: লেখক

শীর্ষ প্রস্তরখণ্ডে জায়গা কম। একজন নেমে এলে অন্যজন উঠতে পারেন। এটা ওঠানামাতেও যদি পা ফসকায়। আমার মনে শুধু কুডাক। আর সবাই ক্লিক ক্লিক নিয়ে ব্যস্ত। অন্যদের এড়িয়ে আমরা আরেকটি স্পট পেয়ে যাই। ছবি তোলাও হয়ে যায় কয়েকটি। পুরো নাঙ ইউয়ানের সৌন্দর্য প্রেক্ষাপটে রেখে। সাদা বালুরাশিকে মনে হচ্ছে সরু পথ। এই পথই কি আমরা পেরিয়ে এসেছি? তবে এই ছবি রূপকথার গল্প থেকে উঠে আসেনি? বাস্তব?

পাথরের মাঝ দিয়ে পথ যেন গোলকধাঁধা
ছবি: লেখক

এত সুন্দর এ পৃথিবী! কত কিছুই তো এখনো দেখা হলো না। ‘সখী! জীবন এত ছোট কেনে?’ (শেষ)

লেখক: জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব