অভ্যর্থনাকর্মী জোসেফের পরামর্শ মনে না ধরলেও মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। আঠারো ঘণ্টার রেলভ্রমণ করেও অরোরা বেরিয়ালিস উপভোগের উত্তেজনায় পার্টনার ইন ক্রাইম রূপা আর আমি বেশ চনমনে। শিশুকন্যাদের কথাও ভাবতে হবে। সন্ধ্যায় আবিস্কো পৌঁছানোর পর বিশ্রাম নেওয়া সাব্যস্ত হয়, যেমন বলেছিল জোসেফ।
ডিসেম্বরে আবিস্কোতে সন্ধ্যা নামে দুইটায়। ঘণ্টা তিনেক দিন, তা–ও কাগজ–কলমের হিসাবে। সুয্যিমামার দেখা মেলেই না বলা চলে। সাতটার দিকে রাতের খাবার খেয়ে নেওয়ার পরও যেন রাত নামেনি। বাইরে ঘুটঘুটে অন্ধকার যদিও। ভাবলাম, জোসেফের সঙ্গে খানিক খোশগল্প করা যাক। জায়গাটা নিয়ে একটু ধারণা নেওয়া যাবে, সে সঙ্গে বিশেষ আকর্ষণ গোছের কোনো ট্যুর অ্যাক্টিভিটি থাকলে তার সুলুকসন্ধান করা যাবে।
মগভর্তি কফি নিয়ে জোসেফের সঙ্গে আড্ডায় মশগুল হলাম। শহর নয়, আবিস্কোকে বরং গ্রামই বলা যায়। সাতাশিজন অধিবাসীর শান্ত শুভ্র গ্রাম।
সাতাশি? ট্রেন থেকেই তো মনে হয় পঞ্চাশের বেশি ঘর দেখলাম। আমার অবিশ্বাসমাখা চাউনি।
—সাতাশিই। ২০০৫-এর হিসাবে পঁচাশি ছিল। ছয় বছরে দুজন বেড়েছে। তবে পর্যটন মৌসুমে স্টকহোম-গোথেনবার্গ থেকে অনেকেই আসেন পর্যটকদের সেবা দিতে। ওই সাতাশি জনের অধিকাংশই পেনশনার। একা থাকেন অনেকে। ধবলগিরি দেখতে দেখতে কাটিয়ে দেন শেষ কটা দিন।
গ্রামের একেবারের মাঝবরাবর সুপার স্টোর একটা। নিত্যদিনের গ্রোসারি এখান থেকেই। তখনই মনে পড়ল, একটু আগেই বিশাল এক লরি থামতে দেখলাম ওখানে। লরির গায়ে লেখা—এস্তোনিয়া-ফিনল্যান্ড-সুইডেন। নিচে তালিনের কোনো এক কোম্পানির ঠিকানা। তৎক্ষণাৎ মনে পড়ল, এস্তোনিয়া-লাটভিয়া-লিথুয়ানিয়া নামের তিন বাল্টিক দেশ তো বেশি দূরে নয়। তালিন থেকে ফিনল্যান্ড উপসাগর পেরিয়ে হেলসিংকি, এরপর দক্ষিণ থেকে উত্তরে পুরো ফিনল্যান্ড পাড়ি দিয়ে সুইডেনে এসেছে।
চালকের গাট্টাগোট্টা চেহারাটা দেখে নিলাম। কোনো হেলপার ছাড়াই এই ভদ্রলোক ২০ ঘণ্টা লরি চালিয়ে এসেছেন, এই সুপার স্টোরে পণ্য নামিয়ে ছুটবেন তারও উত্তরে।
সুপার স্টোরের গা ঘেঁষে ডাকঘর। ডাকঘর ঠিক নয়, ডাকবাক্স। গুনে দেখলাম, ঠিক সাতাশিটাই। আমি গ্রোসারি নিয়ে বেরোনোর সময়েই দেখলাম, লাঠি ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে এক বর্ষীয়সী খুললেন তাঁর পোস্টবক্স। পরমানন্দে উল্টেপাল্টে দেখছেন একেকটি ডাক। এই ই–মেইল-হোয়াটসঅ্যাপের যুগেও তাঁকে গভীর আন্তরিকতায় চিঠি লেখার মানুষ নিশ্চয়ই আছে। হয়তো অন্য কোনোখানে।
জোসেফের বুদ্ধি নিয়ে পরদিন সকাল সকালই বেরিয়ে পড়ি। সূর্য যদি ওঠে সাড়ে দশটায়, তবে তো দশটাকে সকালই বলতে হবে। গন্তব্য আবিস্কো ন্যাশনাল পার্ক। পার্ক বলতে যে চিত্রকলাটি মাথায় থাকে আমাদের, তা হলো এখানে টুকুস্ টুকুস্ করে বাদাম খেতে হয়, আর খোসা ছড়িয়ে রাখতে হয় চারপাশে। কিয়ৎক্ষণ পরপর রসভঙ্গ হবে হকারের হাঁকডাকে—‘চা গরম’। আর নইলে, স্যার, সিগারেট আছে, লাগবে?
এই পার্কে সেই সব কিছু নেই। টর্নেট্রাস্ক হ্রদ থেকে শুরু করে দক্ষিণে পনেরো কিলোমিটার পর্যন্ত নয়নজোড়ানো সৌন্দর্যের আধার অভয়ারণ্য। ম্যাপ হাতে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ি। বেরোতেই ডানে পড়বে হ্রদের দিকে যাওয়ার সরু পথ। ওপর দিয়ে আড়াআড়িভাবে চলে গেছে হাইওয়ে—কিরুনা থেকে নারভিক যাওয়ার। সুপার স্টোরে গৃহস্থালি কিছু না পেলেই আপনাকে যেতে হবে এক শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কিরুনা, আর না হলে ১২০ কিলোমিটার পশ্চিমে নারভিক। এ দুটি শহরেই অবশ্য বিমানবন্দর আছে। নারভিকের সঙ্গে প্রতিদিনের ফ্লাইট অসলোর, কিরুনার সঙ্গে তেমন স্টকহোমের।
বাঁয়ের দিকে একটু এগোলে ‘ল্যাপোনিয়ান গেট’—ইউ আকৃতির উপত্যকা দিগন্ত ঘেঁষে। ল্যাপল্যান্ডের ভিউকার্ড খুঁজলে এই উপত্যকার ছবি নিশ্চয়ই পাবেন। রেলস্টেশন বাঁয়ে রেখে আমরা এগিয়ে যাই। প্রায় সমান্তরালে হাইওয়ে আর রেলট্র্যাক। হাঁটাপথ মাঝে, একটু নিচে, একটু এঁকেবেঁকে। হ্রদের দিকে কয়েকটা ঘর, রেললাইনের পাশে আরও কয়েকটা। এসব ঘরেই বোধ করে সাতাশি অধিবাসীর বসবাস।
পাহাড়ি পথ। তুষারঢাকা। মাটির অস্তিত্ব বিশেষ দেখতে পাচ্ছি না। দুপাশে পত্রপল্লবশূন্য গুল্মগুচ্ছ। শাখায় আটকে আছে তুষারকুচি, কোথাও একটু বেশি, কোথাও ততটা নয়। ধীরেসুস্থেই হাঁটছি আমরা। ডান দিকে টর্নেট্রাস্ক হ্রদের অপূর্ব দৃশ্য, বাঁয়ে রেললাইন পেরিয়ে মাঠের পারের দূরের দেশ। গোটা দুই রেস্তোরাঁ আছে শুনেছি, চোখে পড়েনি। সুইডেনে একটা ব্যাপার লক্ষ করলাম, স্টকহোমেও দেখেছি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, রেস্তোরাঁ বা বিপণি খোলা আছে কি না। ভারী দরজা ঠেলে ভেতরে গেলেই হয়তো দেখবেন—দক্ষযজ্ঞ চলছে।
বন–পাহাড়ের মাঝবরাবর যাচ্ছি। জোসেফ বলেছে, দুই কিলোমিটার গেলে নদী দেখেতে পাব। কখনো হাঁটছি, ছবি তুলছি, দৌড়াচ্ছি, জিরিয়ে নিচ্ছি। হঠাৎ রূপা বলল, ম্যাপে যে চোখ রাখছি না। পথ ভুলে গেলে হোটেলে ফিরতে পারব তো। এখানে তো তিন ঘণ্টার দিন, একটু পরই হয়তো নামবে সন্ধ্যা।
১৯০৯ সালে মনুষ্যসৃষ্ট বিপর্যয় হতে প্রকৃতিকে বাঁচাতে, এর নর্ডিক চরিত্র ধরে রাখাই ন্যাশনাল পার্ক স্থাপনের লক্ষ্য। এর তিন বছর পর প্রায় একই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে আবিস্কো বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। পথের ডান পাশে দেখলাম ১৫-২০টি ঘর দোচালা। এগুলোই বিজ্ঞানীদের গবেষণাগার এবং বাড়ি। সাতাশি অধিবাসীর মধ্যে এদেরও ধরা হয়েছে। সুইডেন শুধু নয়, অন্য দেশেরও তরুণ বিজ্ঞানীরা স্যাবাটিক্যাল নিয়ে এখানে আসেন, নির্জন গবেষণায় কাটিয়ে যান মাসের পর মাস।
আরেকটু এগিয়ে গেলে আবিস্কো ট্যুরিস্ট স্টেশন। এখানে রেলস্টেশনও আছে। কিরুনা থেকে এলে অস্ট্রার পরের স্টেশন। সুইডেন ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের সরাইখানা। চার কি পাঁচ তারকা সুযোগ-সুবিধা সেখানে নেই। তবে তিন-চার রাত অনায়াসে কাটানোর সব ব্যবস্থাই আছে। রেস্তোরাঁয় খাবার পরিবেশন হয় শুধু পর্যটন মৌসুমেই। অনেকটা ট্যুর গাইডের কাজও করে কর্তৃপক্ষ। আমাদের খুব আগ্রহ ছিল ডগ স্লেডিংয়ের। কিন্তু বিধি বাম। আট-দশ ইঞ্চি পুরু বরফ না থাকলে কুকুরটানা স্নোগাড়ি চলতে পারে না। ইশ্! খুব ইচ্ছা ছিল। বিভোর, রোদেলাকে অনেক দিন থেকে বলে এসেছি, তুষারশুভ্র পর্বত থেকে মরুর লোমশ কুকুরটানা গাড়িতে বেড়াব। কিন্তু এবার নাকি এখনো তেমন বরফ জমেনি। স্নোমোবাইল ট্যুরেও যাওয়া হলো না একই কারণে।
জানাল, চাইলে হাইকিং করতে পারি। ৪৪০ কিলোমিটার দীর্ঘ কুংস্লেডেন সুইডেনের সেরা ট্রেইল। দক্ষিণে নর্ডকালোলটলডেন বা প্যাজেল্যান্টালডেন ট্রেইল। এমন আকর্ষণীয় বর্ণনা দিতে লাগল, যে মনে হয় এক্ষুনি ছুটে যাই। কিন্তু হাইকিংয়ের জন্য চাই বিশেষ প্রস্তুতি। আর তা ছাড়া এত্তটুকুন দুই কন্যা নিয়ে একেবারেই অসম্ভব। ততক্ষণে আমরা ন্যাশনাল পার্কে এসে গেছি। সময়ও পেরিয়েছে অনেক। কন্যাদের হোটেলে রেখে এসেছি, টেনশনও হচ্ছে। জোসেফ বলে দিয়েছে, নদী আর জলপ্রপাত না দেখে ফিরলে সারা জীবন আফসোস করবে।
ওদিক থেকে ফিরে আসছে কয়েকজনের একটি দল। জিজ্ঞেস করলাম আচ্ছা কাছেপিঠে কোনো নদী দেখতে পেয়েছ? নাকি আমরাই পথ ভুলে অন্যদিকে চলে এসেছি। ওরা জানাল, সামনের ওই টিলামতো জায়গাটা পেরোলেই নদী। একটু এগিয়েই দেখতে পেলাম নদী। এ এক অদ্ভুত নদী বটে! সরু স্রোতোধারা বইছে। দুই পাশে সিংহভাগই জমে আছে। ব্রিজের ওপর উঠে আসতেই শোঁ শোঁ শব্দ শুনলাম। পানিরই তো শব্দ। জলপ্রপাত! বরফের শুভ্র স্থৈর্যের মাঝে উচ্ছল এক নির্ঝরণী তার অস্তিত্ব জানান দিচ্ছে। এই সৌন্দর্য অবলোকনের জন্য কাঠের বোর্ডওয়াক বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
বোর্ডওয়াক ধরে নিচে এসেই দেখলাম সেই নয়নমনোহর দৃশ্য! রেললাইনের ঠিক নিচে বইছে ঝরনা। গাঢ় সবুজ বর্ণ জল। ওপর থেকে জলপতনের শব্দ ভেঙে চলেছে নৈঃশব্দ্যের আবহ। আমরা অপলক তাকিয়ে দেখছি ওই শোভা। উপভোগ করছি প্রতিটি মুহূর্ত। ঘনশ্যাম জল নিচে তৈরি করেছে ফেনিল শিল্পকর্ম। এই জলপ্রপাতই কামাইয়ক নদীর উৎস।
দুই পাশের শীতলতার আঁচ বাঁচিয়ে, মানে শুভ্রতায় অচল না হয়ে এঁকেবেঁকে চলেছে টর্নেট্রাস্ক হ্রদের দিকে। আর দুই পাশ কোথাও সাদা, কোথাও কালো আর কোথাও–বা সবুজ বরফের চাঁই। পর্বত, জলপ্রপাত, নদী, হ্রদ, বরফের শুভ্রতা—মিলেমিশে এক অপূর্ব দ্যোতনা তৈরি করেছে। রূপা আর আমি সব ভুলে স্থির তাকিয়ে আছি। কর্ণকুহরে যেন বাজছে ঝরনার মোহনীয় সংগীত। এত দিনে অনুধাবন করলাম, ‘ঝরনার গান’ বলতে সত্যেন্দ্রনাথ দত্ত আসলে কী বোঝাতে চেয়েছিলেন! (চলবে)
লেখক: জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে কর্মরত।