
হালকা-পাতলা বলতে আমরা যে রকম আন্দাজ করি, মেয়েটি আসলে সেরকমই। গায়ের রং ফরসা, ত্বকটা ভীষণভাবে মসৃণ। এই ত্বকের কোথাও কখনো রসায়নজাত উপকরণের স্পর্শ লাগেনি। হুট করে দেখলে তার বয়স আঠারো-উনিশ বলে মনে হলেও, বয়স যে আরও বেশি, এটা বোঝার উপায় নেই। আমার সঙ্গী চীনের ইউনান প্রদেশের শিল্পকলা বিভাগের এক কর্ত্রী—ইউয়াং। সে বলল, ‘ও হচ্ছে ত্বা-ই (দাই)।’
দক্ষিণ চীনের ইউনান প্রদেশের মিয়ানমার আর লাওসের সীমানার কাছাকাছি শিশুয়ানবান্না অঞ্চলে চীনের ছাপ্পান্ন নৃ-গোষ্ঠীর বারোটিরই বাস। এদের মধ্যে প্রধানটি হচ্ছে দাই। কিন্তু খুব সমস্যা যে বাইরে থেকে যাওয়া যে কারও জন্যই এদের খুব সহজে আলাদা করা যায় না। পার্বত্য অঞ্চলে গেলে যেমন চাকমা, মারমা, ম্রো আমরা মিশিয়ে ফেলি, এখানে এসেও দাই, নি, অয়া, আনি, হানি, বাই, নাশি গুলিয়ে যায়। কিন্তু শনাক্তকরণ চিহ্ন এদের আচরণ আর পোশাক।
দাই রাজবাড়িটি ল্যাংচান নদীর পাড়ে। এই নদীই ভিয়েতনামে গিয়ে নাম নিয়েছিল মেকং। দড়িপথে এই নদী পার হয়ে আমরা যেই না দাইরাজের প্রাচীন বাড়ির কাছে এসে পৌঁছাই, তখনই ছাতা মাথায় হ্যাংলা-পাতলা এই মেয়েটিকে চোখে লাগে আমাদের। তার গায়ে গোলাপ ফুলের নকশা কাটা একটা সেমিজ, কাঁধে ঝোলানো ব্যাগ, দুই কানে দুল, কোমরে চাবির গোছা, মাথার ডানপাশে কানের ওপর একটি জবা ফুল লাগানো।
ইউয়াং বলল, ‘এই মেয়েটি বিবাহিত।’
‘কী করে বুঝলে?’
‘ওই যে, কোমরে চাবির গোছা। দাই পরিবারের কর্তা থাকে না, কর্ত্রী থাকে। তার কোমরে থাকে ঘরের সিন্দুকের চাবি। এটা সে ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না।’
‘আর ওই মাথার ফুল? এটার কী মানে?’
হাসে ইউয়াং। বলে, ‘যখন কোনো দাই মেয়ে মাথার ডান দিকে ফুল গুঁজে রাখে বুঝতে হবে সে তার কোনো প্রিয় মানুষকে দেখানোর জন্য এই ফুলটি গুঁজে দিয়েছে। আর সে যদি খোঁপার বাঁদিকে ফুলটি গুঁজে রাখে তাহলে বুঝতে হবে সে কুকুরকে দেখানোর জন্য খোঁপায় ফুল গুঁজেছে।’
বলে আবারও হাসি ইউয়াংয়ের মুখে।
গাইডের সঙ্গে আমার নাম-পরিচয় বিনিময় হয়। কেউ কারও ভাষা বুঝি না আমরা। তাতে আমার সমস্যা নেই। ইউয়াং আমাকে সঙ্গে সঙ্গে ইংরেজি করে দিচ্ছে।
মেয়েটির নাম জানলাম লিউ। বাংলাদেশি টাকায় পাঁচ শ টাকা তার দুই ঘণ্টার পারিশ্রমিক চাইল। আমি ইউয়াংকে বলি, লিউকে আমাদের গাইড করে নাও। তার কাছ থেকে ওদের গল্প শুনব। ইউয়াং রাজি হয় না। বলে, ‘কেন, আমি তো আছি, আমি পুরো এলাকা দেখিয়ে দেব।’
আমি বলি, ‘হবে না। আমি এই মেয়েটির সঙ্গেই কথা বলব। তুমি শুধু আমাকে অনুবাদ করে দেবে।’
ঠিক হয়ে যায়, পরবর্তী দুই ঘণ্টা এই দাই তরুণী থাকবে আমাদের সঙ্গে আর ঘুরিয়ে দেখাবে এই প্রাচীন দাইপাড়া।
সে প্রথমেই আমাদের নিয়ে প্রাচীন আমলের দাইরাজের বাড়ির ভেতর গিয়ে ঢোকে। এখানে এখন আর কোনো রাজা থাকেন না। কিন্তু আছে রাজকীয় কীর্তিকলাপের নিদর্শন—ড্রাগন, কচ্ছপ, ফিনিক্স, প্রাচীন চিত্রকলা, চিত্রভাষা—এসব। এগুলো এখন আর আমার ভালো লাগছে না। অনেক দেখেছি। গাইডকে বলি, ‘তোমাদের পুরোনো কোনো ঘরবাড়ি যদি থাকে, নিয়ে চলো, রাজবাড়ি দেখেছি অনেক, আর না।’
রাজবাড়ি পাশ কাটিয়ে একটা পুরোনো বাড়ির সামনে এসে দাঁড়াই আমরা। পুরোটাই কাঠ দিয়ে বানানো। লিউ বলে, ‘দাই সম্পদ্রায়ের ঘরবাড়িগুলো হয় এ রকম মাচার ওপরে। নিচের ফাঁকা জায়গাটা গৃহপালিত পশুপাখিদের জন্য। দেখে মনে হলো, একেবারেই আমাদের পাহাড়ি অঞ্চলের বাড়ির মতোই তার রূপ। কিন্তু বাড়ির কতগুলো বিশেষত্ব শুনে মজা পেলাম বেশ।
>গাইডদ্বয়কে কোথাও দেখি না। আমার চোখ ভিডিও ক্যামেরায়। হঠাৎ দেখি আমার সঙ্গে থাকা দুই তরুণী ভিজে একাকার। তাঁরা অন্য পুরুষদের কাপড় ভেজানোর চেষ্টায়ও প্রাণান্ত
বাড়ির ওপরের ধাপে ওঠার জন্য যে সিঁড়ি আছে তা রুদ্ররূপ একটি পাটাতনের ওপরে। দাইরা মনে করে, এই ভারবাহী প্রাণীটি তাদের পরিবারের সব ভার বহনের জন্য উপযুক্ত। আর যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠবে একে তারা মনে করে ড্রাগন, যা সৌর্য-বীর্য আর সৌভাগ্যের প্রতীক। এই সিঁড়ি দিয়ে যখন ওঠে, তখন তারা মনে করে, সৌভাগ্যের শিখরে উঠছে তারা।
যে বাড়িটি আমাদের সামনে, সেখানে এখন আর কেউ থাকে না, একসময় দাই সম্প্রদায়ের কোনো পদস্থ কর্মচারীর ঘর ছিল এটা। আমাকে বলা হলো, চাইলেই এ ঘরের ভেতরটা আমি দেখে আসতে পারি।
দোতলার বারান্দায় উঠতেই দেখি, আমার সঙ্গে থাকা দুই চীনা তরুণী অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলে হাসাহাসি করে এবার ঠান্ডা হয়েছেন। ইউয়াং এসেছে আমার কাছে। দোতলার খাম্বাটিকে একহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, ‘এর অনেক কাহিনি আছে। এটা পরিবারের জামাইয়ের জন্য।’
প্রথমে ভেবেছিলাম, শ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাইয়ের কথা বলা হচ্ছে। কিন্তু পরে ভেদ ভাঙল। এ সম্প্রদায়ের ছেলেরা বিয়ের পরে কনের বাড়িতেই থাকেন। কোনো কারণে যদি ছেলের মন খারাপ হয় অথবা তাঁর বাবা-মাকে দেখতে মন চায়, তখন তিনি এই কাঠের খাম্বার কাছে বসে থাকেন। সে সময় তাঁর শাশুড়ি কিছুদিনের জন্য জামাতাকে ছেড়ে দেন মায়ের বাড়িতে নাইওর যাওয়ার জন্য।
‘বাহ, বাহ! খুবই আনন্দের কথা।’
লিউকে জিজ্ঞেস করি, ‘তোমার স্বামী কী এমন করে?’
লিউ হাসে। বলে, ‘আমরা তো শহরে থাকি আলাদা বাসায়। বাবা-মায়ের সঙ্গে থাকি না। সে কারণে এমন সুযোগ নাই। এটা অনেক আগে হতো, যখন আমাদের সবাই শুধু কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল।’
কথা বলতে বলতে বাড়ি থেকে নেমে একটা কুয়াতলায় গিয়ে বসি আমরা। লিউ বলে, ‘আগের দিনে বিয়েটা খুব মজার ছিল। বিয়ের উপযুক্ত হলে দাই সম্প্রদায়ের কোনো যুবতী একটি নির্জন স্থানে গিয়ে পাতার বাঁশি বাজাত। সেই বাঁশি শুনে একে একে ছেলেরা এসে বসত তার পাশে। কোনো ছেলেকে পছন্দ না হলে বাঁশি বাজানো বন্ধ করে দিত মেয়েটি, চলে যেত ছেলেরা। আর যদি কোনো ছেলেকে তার পছন্দ হয়, তখন বাঁশি বাঁজাতেই থাকে সে।’
‘তার পর?’
‘তার পর ছেলেটি তার অভিভাবকদের মাধ্যমে মেয়েটির পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবে। মেয়ের পরিবার রাজি হলে দুই বছরের জন্য ছেলেকে পাঠানো হয় মেয়ের পরিবারে, স্রেফ কাজের ছেলে হিসেবে। পশুপাখি লালন-পালন, খেত-খামারে সাহায্য করা—এসব কাজ তার।’
‘এই দুই বছর কি মেয়ের সঙ্গে দেখা করা বা কথা বলার সুযোগ পাবে ছেলে?’
এবার ঠা ঠা করে হাসেন দুই চীনা তরুণী, ‘এটা নির্ভর করবে মেয়ের ইচ্ছার ওপর। মেয়ে চাইলেই সে এসে কথা বলবে। তবে ছেলেটি যদি এই দুই বছর অপেক্ষা করতে না চায়, তার জন্য আছে বিকল্প এক ব্যবস্থা।’
‘কী সেটা?’
‘ছেলেটি একটি সুপারিগাছের মাথায় উঠে ক্ষমাভিক্ষা করবে। মেয়েটি তাকে ক্ষমা করলে দুই বছরের আগেই বিয়ে করে নিজের বাড়িতে রেখে দেবে। তবে ছেলে যদি সুপারিগাছের মাথায় উঠতে না পারে, তবে ভেঙে যাবে বিয়ের সম্বন্ধ। তারপর ছেলে তার বাড়ি ফিরে গেলে মেয়েটি আবার নির্জনে গাছের তলায় বসে বাজাবে পাতার বাঁশি।’
‘তোমার ক্ষেত্রে কী হয়েছিল?’

হাসে লিউ। বলে, ‘আমরা তখন একটা রাবার বাগানে কাজ করতাম। সেখানে পরিচয়। তাকে ভালো লাগত, কারণ সে খুব মজা করে কথা বলত। পরে সে নিজেই প্রস্তাব দেয়, বিয়ে হয়ে যায় আমাদের। এখনো সে রাবার বাগানে কাজ করে, আর আমি গাইডগিরি করি।’
আমরা যে টিলার ওপর বসে গল্প করি তার নিচে প্রায় সমতল ভূমি থেকে হঠাৎই আসে ঢাকঢোলের আওয়াজ। প্রথমে বিষয়টি বুঝিনি। অতঃপর দুই চীনা গাইডের চিং-বিং আলাপ শেষে ইউয়াং জানায়, চন্দ্র বৎসরের প্রথম দিনে দাইদের বর্ষবরণ অনুষ্ঠান হয়। ইংরেজি ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে পড়ে দিনটি। তবে অধিকাংশ ক্ষেত্রে বর্ষবরণের এই অনুষ্ঠানটি হয় ১৪ এপ্রিল। চীনারা পানিখেলা খেলে আগে যেভাবে নববর্ষ পালন করত, প্রতিদিন তার একটা প্রদর্শনী হয় এখানে। চীন সরকারের পর্যটন বিভাগ এ অঞ্চলের দাইদের চাকরি দিয়েছে। তারা তাদের ঐতিহ্যিক পোশাক পরে প্রতিদিন বিকেলে এখানে বর্ষবরণের নমুনা আয়োজন করবে আর পৃথিবীর নানা অঞ্চল থেকে আসা পর্যটকেরা সেটি দেখবেন। এর জন্য টিকিট আছে, বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা টিকিটের দাম। কিন্তু আমি তাদের অতিথি, ফলে টিকিট কাটতে হয় না আমাকে।
গিয়ে দেখি, সাদা ও সবুজ রঙের পোশাক, কোমরে বেল্টের মতো ফিতা লাগিয়ে এসেছেন দাই নারীরা। পুরুষেরা পরেছেন বিচিত্র ধরনের—অনেকটা লিঙ্গের মতো পোশাক। মঙ্গলদীপ জ্বেলে একটা মন্দির প্রদক্ষিণ করে একসময় প্রদীপগুলো মাটিতে পুঁতে রাখেন তাঁরা; এবং সমবেত কণ্ঠে গান গান চক্রাকারে ঘুরতে ঘুরতে। এটা নিশ্চয়ই ধর্মীয় সংগীত।
মন্দির থেকে ফিরে এসে তাঁরা মেতে ওঠেন নানা রকম নাচ-গানে। এর জন্য একটা উন্মুক্ত মঞ্চও আছে। সত্যিকারের বর্ষবরণও হয়ে থাকে এই মঞ্চে। তখন হাজার হাজার দাই এসে জড়ো হয়। এখন আমাদের সামনে হচ্ছে নকল বর্ষবরণ, কিন্তু আনন্দ-ফুর্তির কমতি নেই কোথাও। নাচ-গানের পাশাপাশি চলছে আতশবাজি। পর্যটকেরাও যোগ দিচ্ছেন আতশ ওড়াতে, কেউ-বা মঞ্চে উঠে শরিক হচ্ছেন নাচের দলের সঙ্গে।
নাচা-গানা শেষ হলে দেখি সবাই জড়ো হয়েছেন মাঝখানের উঠানে। সেখানে দুই পাশে রাখা হয়েছে কতগুলো বিশালাকারের অ্যালুমিনিয়ামের গামলা। গামলার ভেতর পানি ভরা। পানির ওপর কতগুলো ফুলের পাপড়ি।
আমাকে পরামর্শ দেওয়া হলো, আমার লম্বা ক্যামেরা-যুগল নিয়ে আমি যেন সরে যাই। এখন পানি ছিটানো হবে, ক্যামেরা নষ্ট হবে।
দাইদের পরামর্শে পলাশের একটা দোতলা ঘরের বারান্দায় গিয়ে ক্যামেরা তাক করি আমি। দেখি, শুরু হয়ে গেছে পানি খেলা। প্রথমে একদল তরুণী পানিপাত্রের পেছনে দাঁড়ালেন, তাঁদের সামনে ছোট পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা ফুলের পাপড়ি আর নরম পাতা হালকা করে ছিটিয়ে দেওয়া হলো তাঁদের মুখেই, কাজটি করলেন পুরুষেরা। জবাবে তরুণীরাও নিজেদের পানির পাত্রে রাখা ভেজা ফুলের পাপড়ি ছিটালেন পুরুষকুলের মুখে। একসময় ছেলেমেয়েদের এই দেওয়া-নেওয়া ধীর থেকে পর্যবসিত হলো দ্রুত লয়ে। এরপর আগে থেকে সাজিয়ে রাখা তাঁদের পানির গামলার কাছে যান ছেলেরা। শুরু হয় পানি ছোড়াছুড়ির মহোৎসব।
একসময় দেখি, ভাগাভাগিটা আর দাই নারী-পুরুষের মধ্যে নেই। পর্যটকেরাও যোগ দিয়েছেন এই আসরে। ভাগ হয় দুটো। স্থানীয় দাই নারী-পুরুষ এক ভাগে আর ভিন্ন শহর ও দেশ থেকে আসা সব চীনা ও অচীনা পর্যটক আরেক দলে।
দোতলার বারান্দা থেকে আমি প্রায় একা একা উপভোগ করি বর্ষবরণের এই জলযজ্ঞ। গাইডদ্বয়কে কোথাও দেখি না। আমার চোখ ভিডিও ক্যামেরায়। হঠাৎ দেখি আমার সঙ্গে থাকা দুই তরুণী ভিজে একাকার। তাঁরা অন্য পুরুষদের কাপড় ভেজানোর চেষ্টায়ও প্রাণান্ত। ততক্ষণে এ অঞ্চলের আরও এগারো রকমের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির উপাচারগুলো দেখার জন্য ভেতরে ভেতরে তৈরি হচ্ছি আমি।