ননট্রেকারের হিমালয় অভিযান

এভারেস্ট বেসক্যাম্পে যাওয়ার পথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট বেসক্যাম্প অভিযানের পরিকল্পনা শুনে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ বলল, ‘পারবে না।’ কেউ পরামর্শ দিল, হিমালয়ে হাঁটতে না গিয়ে এই টাকায় আয়েশ করে আমেরিকা ঘুরে আসো! আমার ১৮ বছর বয়সী ছেলের বন্ধুরা বলল, ‘আন্টি কেন যাচ্ছেন, এটা তো অনেক রিস্কি!’

আর আমি ভাবলাম, সংকল্প যখন করেছি, তখন যাবই।

আমার এত আত্মবিশ্বাসের মূলে কিন্তু একটি বই। ২০২১ সালের জুনের কথা। বন্ধু মনির বাসায় হাতে করে দুটো বই নিয়ে এসেছিল। যার মধ্যে একটি ছিল ইফতেখারুল ইসলামের যেখানে এভারেস্ট। সে রাতে নিতান্তই অনাগ্রহ নিয়ে বইটা খুলেছিলাম। মাঝরাতে দুপাতা পড়তে গিয়ে ভোর চারটায় শেষ পৃষ্ঠাটা পড়ে শেষ করি। ৬৩ বছর বয়সী লেখকের হিমালয়যাত্রা নিয়ে লেখা বই। জীবনবোধে পূর্ণ বইটি আমাকে আচ্ছন্ন করল। এভারেস্ট বেসক্যাম্পে যাওয়ার স্বপ্ন দেখাল।

সে স্বপ্ন পূরণ করতেই গত ডিসেম্বরে প্রস্তুতি নিতে থাকলাম। পোশাকসহ প্রয়োজনীয় জিনিস কিনতে শুরু করলাম। নেপালের ট্রাভেল এজেন্সির সঙ্গে নিয়মিত যোগাযোগও চলতে থাকল। জিনিসপত্র সবই জোগাড় হলো, পেলাম না শুধু জুতা। অথচ পাহাড়প্রেমীরা বলছিল, অভিযানের তিন মাস আগে থেকেই নাকি বিশেষ এই জুতা পরে চলাফেরা করতে হয়। হাটবাজার, অফিস-আদালত, বিয়ের অনুষ্ঠান যেখানেই যাও, এই জুতা পরে যেতে হবে।

কাঠমান্ডু যাওয়ার দুই দিন আগে ভারতের বেঙ্গালুরু থেকে আমার জুতা এল। পায়ে পরে বুঝলাম, অসময়ে পাওয়া জুতা জুতসই হয়নি।

অভিযানের দিনগুলো

৬ মার্চ ঢাকা থেকে মোটামুটি নির্ঝঞ্ঝাটেই কাঠমান্ডু পৌঁছানো গেল। পরদিনই লুকলায় যাত্রা করব। লুকলা থেকেই পায়ে হেঁটে অভিযান শুরু। তার আগে কাঠমান্ডু থেকে ট্রেকিংয়ের নানা অনুষঙ্গ সংগ্রহ করলাম। জুতা পরে হাঁটতে গিয়ে বুঝতে পারছিলাম, নতুন জুতার ধকল পুরো পথেই আমাকে পোহাতে হবে।

ছোট এক ফ্লাইটে উঠে বসলাম। কখনো আমাদের ছোট প্লেন একটা পাহাড়ের গা ঘেঁষে উড়ে যায়। কখনো দুই পাহাড়ের মাঝখানের ফাঁকটুকু দিয়ে বেরিয়ে যায় সন্তর্পণে। লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে অবতরণের মুহূর্তও রোমাঞ্চকর। ছোট ফ্লাইট, ছোট রানওয়ে, পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর।

আমার গাইডের নাম কৃষ্ণা। কাঠমান্ডু থেকেই সে এসেছে। লুকলায় এসে যুক্ত হয়েছে পোর্টার খুদ। মাঝবয়সী খুদ ‘গুড মর্নিং’ ছাড়া ইংরেজি জানে না। দুজনের দোভাষীর কাজ করত কৃষ্ণা।

লুকলায় নেমেই সকালের নাশতা সারলাম। কৃষ্ণা বুঝিয়ে বলল, এখন থেকে আমাদের লক্ষ্য কী, করণীয় কী, কোথায়, কীভাবে, কতক্ষণে যাব। তারপর হাঁটা শুরু। খুদ পিঠে আমার ১৫ কেজি ওজনের ব্যাগ নিয়ে লম্বা পায়ে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেল। হাঁটছি ধীরপায়ে, টুকটাক কথা হচ্ছে কৃষ্ণার সঙ্গে। কৃষ্ণা ভালো বাংলা বোঝে, ইংরেজিতেও বেশ পারদর্শী। নেপালের ইতিহাস, হিমালয়ের বিষয়–আশয়, এভারেস্ট, ট্রেকিং, ট্রেকিংয়ের সময় খাবারদাবার সম্পর্কে ধারণা দিল।

বাংলাদেশের পর্বতারোহী সজল খালেদের স্মরণে স্মৃতিফলক

হাঁটতে হাঁটতে লোকালয় পার হচ্ছি। স্থানীয় অধিবাসীদের সঙ্গে মাঝেমধ্যেই হাসি বিনিময়, কুশল বিনিময় হচ্ছে। ৯ কিলোমিটার হেঁটে থামলাম ফাকদিংয়ে। তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সে রকম তীব্রতা না থাকলেও সমতলের আবহাওয়া থেকে আসায় বেশ শীত অনুভূত হচ্ছিল। এখানেই রাত কাটাব। লজে প্রবেশ করে পরিচ্ছন্নতার কথা মাথায় এল। রেস্টরুমে গেলাম, একটি পাত্রে পানি জমে বরফ অবস্থা। বেসিন, কমোড কোথাও পানি আসছে না। কৃষ্ণার শরণাপন্ন হলাম। কথা বলে বুঝলাম, ওয়েট টিস্যু আর বরফগলা পানি ছাড়া উপায় নেই।

রাতের খাবার দেওয়া হলো সন্ধ্যা ৭টায়। ভাত, ডাল, পাঁপড়, সবজি, শাক আর মুরগির মাংস। খাবার শেষে বিছানা। বিছানায় গিয়ে মনে হলো কেউ বরফ ঢেলে রেখেছে। ট্রেকিংয়ের যেসব পোশাক পরে ছিলাম, তার মধ্যে শুধু ওপরের জ্যাকেটটা খুলে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম এল না।

বহুদিন পর আরও একবার জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম যেন। বিরূপ প্রাকৃতিক পরিবেশ, বৈরী আবহাওয়ায় মানুষ দিন কাটাচ্ছে। মানুষ ও পশু যেখানে একে অপরের পরিপূরক। হাজার হাজার ফুট উঁচুতে ইয়াক, মিউল ও ঘোড়ার পাল দেখেছি নিজেদের খাবার নিজেরা বহন করে ওপরে নিয়ে যাচ্ছে। আমিও তো এখানে নিজেকে খুঁজে পাচ্ছি।

পরদিন ফাকদিং থেকে নামসে বাজারের দিকে হেঁটে চলতে চলতে ভাবছিলাম, কতটুকু আমাদের প্রয়োজন! এখানে কত অল্প পানি দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হয়। সেটা খুব অনায়াসেই করা যায়। সমতলে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে যে পানি অপচয় করছি, তার কী হবে?

নামসেতে এক্লাইমেটাইজেশন (উচ্চতা, তাপমাত্রাসহ পরিবেশের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়া)। প্রকৃতির সঙ্গে আমার তৃতীয় দিন। সেদিন অনেকক্ষণ হেঁটে উঁচুতে উঠে আবার ফিরে গিয়ে নামসেতেই থাকি। চতুর্থ দিনে নামসে থেকে থিয়াংবোচে হয়ে দেবুচে পৌঁছাই।

পথে ৭০ বছর বয়সী মি. বেনের দেখা পেয়েছিলাম। প্রাণশক্তিতে ভরা একজন মানুষ। জিজ্ঞেস করেছিলাম, এই বয়সে এখানে কেন! বেনের উত্তর, ‘১৫ বছর বয়স থেকে স্বপ্ন দেখছি। ৭০ বছরে এসে পূরণ হতে যাচ্ছে।’ এরপর প্রায় প্রতিটি থামার জায়গায় বেনের সঙ্গে দেখা হয়েছে।

গত কয়েক দিন হাঁটতে হাঁটতে আমার পা ফুলে গেছে। জুতাটা সামান্য বড় হয়েছিল। পদে পদে তার খেসারত দিতে হচ্ছিল। পাথুরে পথে আমার কাতরদশা দেখে কৃষ্ণা ভেবেছিল আমাকে দিয়ে আর হবে না। কিন্তু আমি নাছোড়। এত দূরে এসে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই দিনগুলোতে পার্বত্য চড়াই-উতরাই বেয়ে কখনো উচ্ছল পাহাড়ি নদীর ধার দিয়ে, কখনো পাইনবনের ভেতর দিয়ে চলেছে আমাদের ট্রেকিংয়ের পথ। এর মধ্যে ডিংবোচেতে এক্লাইমেটাইজেশন করি একদিন। এরপর লোবুচে হয়ে চূড়ান্ত পদক্ষেপের জন্য পৌঁছাই গোরখশেপ। তখন আমি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৮৬৪ ফুট উঁচুতে।

পাথর ছুঁয়ে দেখা

গোরখশেপ থেকে বেসক্যাম্পে পৌঁছাতে হয়। আমার মতো এখানে আরও অনেকেই অপেক্ষা করছেন। ১৪ মার্চ যাত্রা শুরু করলাম। ১৪ হাজার ফুট উঁচুতে এসেই শারীরিক পরিবর্তন কিছুটা অনুভব করেছিলাম। অক্সিজেনের অভাব, অল্প মাথাব্যথা এ রকম সাধারণ কিছু উপসর্গ অনুভব করছিলাম। এখানে এসে সে মাত্রা কিছুটা বেশি। এর মধ্যেই বিশাল পাথর আর হিমবাহের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। বেলা পড়ে আসছে। বেসক্যাম্প থেকে গোরখশেপ ফিরতে হবে। পথে অনেককে দেখলাম ফিরতি পথ ধরেছে। যাদের মধ্যে মি. বেনকেও দেখলাম।

এভারেস্ট বেসক্যাম্পে লেখক

বিকেল চারটা। ‘এভারেস্ট বেসক্যাম্পে’ লেখা চেনা পাথরের সামনে দাঁড়িয়ে আমি। নিজের চোখে দেখা পৃথিবীকেও বিশ্বাস হচ্ছিল না, এমন কিছু আমি সম্পন্ন করেছি। এখনো এই মোহাম্মদপুরের বাসায় বসে মনে হচ্ছে, কোনো সুন্দর স্বপ্নের মধ্যে আছি।