নারীদের ভ্রমণের অভিজ্ঞতা আহ্বান করেছে ‘ভ্রমণকন্যা’
ঘুরতে পছন্দ করেন, এমন নারীদের সংগঠন ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ—ভ্রমণকন্যা’। আসছে ২৭ নভেম্বর সংগঠনটির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ভ্রমণবিষয়ক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিয়েছে। ‘ভ্রমণকন্যা’ নামের এ ম্যাগাজিনে শুধুই নারী পর্যটকদের নির্বাচিত লেখা প্রকাশিত হবে। লেখা পাঠাতে হবে ১৮ অক্টোবরের মধ্যে।
ট্রাভেলেটস অব বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারীদের ভ্রমণে উৎসাহিত করতেই তাদের ম্যাগাজিন প্রকাশের এই উদ্যোগ। যেখানে সব বয়সের নারীরা তাঁদের ভ্রমণের অভিজ্ঞতা লিখতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াও ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি, সচেতনতামূলক তথ্য, কম খরচে ভ্রমণের পরিকল্পনাসহ নারীদের জন্য প্রয়োজনীয় যেকোনো তথ্যের ওপরও লেখাটি হতে পারে।
এক হাজার শব্দের মধ্যে এই লেখা আগ্রহীরা বাংলা কিংবা ইংরেজি ভাষায় লিখতে পারবেন। লেখা পাঠাতে হবে ই-মেইলে ([email protected])। লেখার শেষে নাম, পেশা, যোগাযোগের নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, নারীদের জন্য নিরাপদ ভ্রমণের ক্ষেত্র তৈরি করার উদ্দেশ্যে ২০১৬ সালে ট্রাভেলেটস অব বাংলাদেশের পথচলা শুরু। সংগঠনটির ফেসবুক গ্রুপে এখন প্রায় ৬০ হাজার সদস্য আছে। তারা দেশ-বিদেশে ভ্রমণ আয়োজনসহ নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করে।