মানুষের কথা
পটশিল্পী নিখিল চন্দ্র দাস
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ছাত্র নিখিল চন্দ্র দাস। শিক্ষকের প্রেরণায় উচ্চশিক্ষাও নিয়েছেন চারুকলায়। পড়াশোনার পাট শেষে ফিরে গেছেন নড়াইলের নিজ গ্রামে। স্কুলে শিক্ষকতা করেছেন। পেশাগত দায়িত্বের বাইরে কাজ করেছেন পটের গান নিয়ে। শিল্পী নিখিল চন্দ্র দাস নড়াইল অঞ্চলের পটচিত্র, লোকজ গান, ছড়া, নৃত্য, রূপকথা সংগ্রহ করেন এবং এ বিষয়ের ওপর ছবি আঁকেন
মুঠোফোনে কথা হচ্ছিল নিখিল চন্দ্র দাসের সঙ্গে। আলাপের আনুষ্ঠানিকতা শেষে জানতে চেয়েছিলাম তাঁর বেড়ে ওঠার দিনগুলোর কথা। তিনি ফিরে গেলেন ছোটবেলায়। স্মৃতি আওড়ে যা কিছু স্পষ্ট হয়ে ওঠে, সেখানে দেখা যায় রোজ ভোরে নিখিল হাঁটা ধরেছেন। গন্তব্য অনেকটা পথ পেরিয়ে এস এম সুলতানের বাড়ি। হেঁটে, সাঁতরে বিল পাড়ি দিয়ে সকাল ৯টা কি ১০টা নাগাদ পৌঁছে যেতেন এস এম সুলতানের বাড়িতে।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ির স্মৃতি বর্ণনা করে তিনি বলছিলেন, ‘তাঁর মাটির ঘর ছিল। উঠোনসহ বাড়ির চারপাশে নানা জাতের পশুপাখি। হনুমান, বানর, মুরগি, খরগোশ—কী ছিল না সেখানে। আর ছিল ৫০-৬০টা বিড়াল।’
মহান মুক্তিযুদ্ধের সময় নিখিল চন্দ্র দাস পড়তেন চতুর্থ শ্রেণিতে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন শরণার্থীজীবন। যেমনটি তিনি বলেন, ‘যাচ্ছি তো যাচ্ছি। হাঁটছি তো হাঁটছিই। আমি, মা, বাবা, বোন, পাড়ার লোকজন। এক রাত পাটখেতে থাকলাম। পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি গেল পাশ দিয়ে। ১২ দিন হেঁটে হেঁটে ভারতের শরণার্থীশিবিরে পৌঁছালাম। সাত মাস পর গ্রামে ফিরে দেখি, মাটিটুকু ছাড়া আর কিচ্ছু নেই।’
১৯৭৮ সালে এসএসসি পাস করেন নিখিল। এরপর পড়াশোনা করেছেন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ)। থাকতেন শাহনেওয়াজ হলে। ঢাকা শহর আটকে রাখতে পারেনি নিখিল চন্দ্র দাসকে। পড়াশোনা শেষ করে ফিরে গেছেন কালিয়া উপজেলার মাউলি গ্রামে। কেন ফিরে গেলেন? জানালেন, স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ার সময় ১৯৮৩ সালে শিল্পীমনকে ঘরে বেঁধে রাখার জন্য বিয়ে দিয়েছিলেন তাঁর বাবা। তাই পড়াশোনা শেষে গ্রামে ফেরাটা কিসের টানে, সেটা অস্পষ্টই থেকে গেল!
নড়াইলে ফিরে নিখিল চন্দ্র দাস যোগ দেন নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) আছেন এখন।
শিক্ষকতার মধ্যেও নড়াইল অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরেছেন নিখিল চন্দ্র দাস। এ-গ্রাম, ও-গ্রাম হেঁটে তিনি ৬০০ থেকে ৭০০ পটের গান সংগ্রহ করেন। কিছু গানের ছবি ছিল, কিন্তু গানের ছবি নষ্ট হয়ে গিয়েছিল। নিখিল সেই গানের কথার সঙ্গে মিলিয়ে চোখ বন্ধ করে যা দেখেন, তা-ই আঁকা শুরু করেন। নিখিল নাচ দেখে বা নাচের ভঙ্গি দেখে হাজারখানেক নাচের মুদ্রা এঁকেছেন। এই পটশিল্পী জানালেন, জাতীয় জাদুঘরে তাঁর আঁকা দুটো ছবি রয়েছে। শিল্পকলা একাডেমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দূতাবাসসহ অনেকেই তাঁর আঁকা ছবি সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় তাঁর দুটি ছবি সংগ্রহে রেখেছে। নিখিলের সংগ্রহে তাঁর নিজের আঁকা ৪০০ থেকে ৫০০ জড়ানো পট আছে। সেগুলোর প্রতিটির দৈর্ঘ্য ৫০ ফুট।
আপনি কেন আঁকেন? এর উত্তর এল, ‘জানি না। আমার বাবাও আঁকতেন। আমিও আঁকি। আমার মেয়েও আঁকে। যতক্ষণ আঁকি, মনে হয় জীবন ওইটুকুই। আমার উঠোনে গান হয়, নাচ হয়, আবার সংগঠনের লোকজন নিয়ে উৎসব করি, এই সব ভালো লাগে। আর কিছু ভালো লাগে না।’
করোনার এই সময়ে মুক্তিযুদ্ধের পটগানের ওপর একটি সিরিজ নিয়ে কাজ করছেন নিখিল চন্দ্র দাস, লিখছেন নড়াইলের পটচিত্র নামের একটি বই।