পরিবেশের বন্ধু হই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের পাহাড়ী এলাকা এমনই সুন্দর। ছবি: বাবর আলী
বাংলাদেশের পাহাড়ী এলাকা এমনই সুন্দর। ছবি: বাবর আলী

প্রকৃতির রহস্যে ঘেরা জায়গাগুলো একের পর এক আবিষ্কার হচ্ছে। কোনো এক খেয়ালি পাহাড় পরম যত্নে যে ঝরনাটাকে আগলে রেখেছিল দিনের পর দিন, সেই ঝরনাতেই হয়তো মাঝরাতে জ্বলে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ, যে ঝিরিপথের পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু নাম না জানা পাহাড়ি খেলুড়ে মাছের দাপট ছিল, সেখানেই এখন ভরদুপুরে খালি পায়ের খেয়ালি তরুণেরা পরম কিছু পাওয়ার আনন্দিত চিৎকার নিয়ে দৌড়ে বেড়ায়। যেখানে কেবল জ্যোৎস্না ও জোনাকির গল্প ছিল সেখানে হয়তো তাঁবু টানিয়ে কোনো শহুরে নাগরিক মাথায় হেডটর্চ জ্বালিয়ে পড়ছে রোমাঞ্চকর এক গল্পের বই।
ফেসবুক আর ফটোগ্রাফির কল্যাণে সেই গল্পগুলো ছড়িয়ে পড়ছে আরও অনেক ভ্রমণপিপাসু চোখের সামনে। ফলাফল: তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা, নতুন দল—ঘোরাঘুরির দল, নিজের দেশকে খুব কাছ থেকে একবার দেখার, ছোঁয়ার, গল্প বানানোর দল। মেঘের ভেতরে হাঁটার স্বপ্ন দিয়ে এই দলগুলো ছুটে যাচ্ছে অজানা–অচেনা পাহাড়ে, জংলি লতায় ছেপে দিচ্ছে শহুরে শক্ত জুতোর আলপনা। তাদের অবাক চোখে তুলে আনা সেই ছবি দেখে আরেকজন যাচ্ছে মেঘের দেশের মাটির পথে, তাকে দেখে আরও দশজন। এভাবেই দিন দিন আমাদের দেশে পর্যটকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। যাদের মধ্যে অনেকেই হয়তো জানি কীভাবে পরিবেশকে রক্ষা করতে হয়, আর যারা জানি না তারাই পরিবেশের জন্য সৃষ্টি করছি নিত্যনতুন হুমকির।

বাংলাদেশটা কী সুন্দর’...
বাংলাদেশটা কী সুন্দর’...

আমরা সব সময়ই বলি পরিবেশ–বান্ধব বা ইকো ফ্রেন্ডলি টুরের কথা, অর্থাৎ যে জায়গায়ই ঘুরতে যাব না কেন সেখানকার পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখা। ভ্রমণের সময় ছোট ছোট কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলে বেঁচে যেতে পারে অনেক প্রিয় প্রকৃতিটা। এই প্রকৃতির কোনো ক্ষতি যারা করে না তাদের বলা হয় ‘ইকোফ্রেন্ড’। ইকোফ্রেন্ডলি টুরিজম নিয়ে কথা বলতে গিয়ে ফেসবুক গ্রুপ ‘লিভিং উইথ ফরেস্ট’–এর অ্যাডমিন এবং ‘বাংলাদেশ টুরিজম’–এর প্রতিষ্ঠাতা অপু বলেন, একটা ব্যাকপ্যাক নিয়ে পাহাড়–জঙ্গলে বেরিয়ে পড়া মানেই ইকোটুরিজম নয়। বুনো পরিবেশ বা প্রকৃতির কাছাকাছি কোথাও বেড়াতে গেলে সে জায়গার অধিবাসী ও তাদের সংস্কৃতি, বুনো পশু-পাখিদের জীবনযাপন এবং সেখানকার পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সেখানকার প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু যথা যত্রতত্র আবর্জনা ফেলা, চিৎকার–চেঁচামেচি, বুনো প্রাণীদের উত্ত্যক্ত করার মতো কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত। সেখানে বসবাসরত জনগোষ্ঠী এবং তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ প্রদর্শনের অপর নামই ইকোটুরিজম।
তিনি আরও বলেন, প্রাচীনকাল থেকেই ঘোরাঘুরি, অজানাকে জানার আকর্ষণ, প্রকৃতির কাছাকাছি নিজেকে মেলে ধরার অভ্যাস মানুষের স্বভাবজাত। তাই ঘোরাঘুরি বন্ধ করার মতো কোনো উপায় নিতান্তই অসম্ভব। আর তাই এই সুন্দর নীল গ্রহটার পরিবেশ ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ইকোটুরিজমের বিকল্প কিছুই হতে পারে না।
ভ্রমণকারীদের দিকনির্দেশক ওয়েবসাইট ‘বাংলাট্রেক’–এর মডারেটর এবং ফেসবুক গ্রুপ ‘ট্র্যাভেলারস অব বাংলাদেশ’–এর প্রশাসকদের (অ্যাডমিন) একজন সালেহীন আরশাদী। তিনি বলেন, ‘প্রকৃতি হলো দেখার জিনিস, সঙ্গে করে নিয়ে আসার জিনিস না বা ভেঙেচুরে গুঁড়িয়ে দেওয়ার জিনিস না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে অনেকগুলো প্রাকৃতিক সম্পদ পেয়েছি, এদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই।’
কাজেই এই প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে আমাদের এখনই সচেতন হতে হবে, সব অজ্ঞানতা দূর করে সবাইকে নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। বেড়ানোর সময় কী কী করতে হবে আর কী কী করতে হবে না সেগুলো নিজেরা জেনে অন্যদেরও জানাতে হবে। সবার জানার সুবিধার্থে সেগুলোর কিছু উল্লেখ করলাম:
১. অন্যদের পরিকল্পনা জেনে ঘুরতে বের হব। যদি দেখি অন্যরাও একই দিকে যাচ্ছে তাহলে আমাদের জায়গাটা একটু পরিবর্তন করে নেব, এতে করে একটি নির্দিষ্ট জায়গায় বেশি মানুষ হবে না, মানুষ যত কম হবে আবর্জনার চাপও তত কম হবে।
২. দল যতটুকু পারব ছোট রাখব, এতে করে সবার প্রতিই লক্ষ রাখা যায়। দলের সদস্য বাড়লে মতের অমিলের কারণে ঝামেলাও বেড়ে যায়। চারজনের দল হচ্ছে আদর্শ দল।
৩. বনের ভেতরে বা গহিন পাহাড়ে বার-বি-কিউ/ক্যাম্প ফায়ার না করাই ভালো। যদি করতেই হয় তাহলে নিশ্চিত হয়ে নেব যে পশু-পাখিদের যেন কোনো সমস্যা না হয়। গাছের ডাল ভেঙে ক্যাম্পফায়ার করা তখনই যুক্তিসংগত যখন ঠান্ডায় আপনি মৃত্যুর সম্মুখীন হবেন।
৪. বাড়তি খাবার এবং সকল প্রকার পচনশীল আবর্জনা যেখানে–সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে ফেলব, যাতে করে বাইরে দুর্গন্ধ না ছড়ায়।
৫. অপচনশীল সব আবর্জনা যেমন বিস্কুটের প্যাকেট, নুডুলসের প্যাকেট, ব্যাটারি, পানির বোতল কোনো কিছুই ফেলে আসা যাবে না, সবকিছু সঙ্গে করে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে একটাই নীতি হওয়া উচিত, তুমি সঙ্গে করে যা যা নিয়ে যাবে সবগুলো ফেরত নিয়ে আসবে।
৬. প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময়েও সবাইকে সচেতন হতে হবে, মলমূত্র ত্যাগ করতে হবে পানির প্রবাহ আছে এমন স্থান থেকে দূরে, যাতে করে অন্যের জন্য পানিবাহিত রোগ না ছড়ায়। টয়লেট টিস্যুও এদিক–সেদিক না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে।
৭. গাছের গায়ে খোদাই করে নাম লিখব না এবং রাতে কোথাও ক্যাম্প করে থাকলে পশুপাখির যেন কোনো অসুবিধা না হয় এমনভাবে কম শব্দ করে কথা বলব।
একটা কথা মনে রাখবেন, আমি দেখে ফেলেছি বলেই যে আর কারও দেখার দরকার নেই, এই মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার সন্তান, আপনার সন্তান আরও ২০–৩০ বছর পর যখন একই জায়গাতে গিয়ে দাঁড়াবে তখন যেন আমার–আপনার মতোই মুগ্ধ দৃষ্টি নিয়ে পাশের বন্ধুটিকে বলতে পারে ‘দেখ দেখ, আমাদের বাংলাদেশটা কী সুন্দর’...