৪.
সস্তা হোটেলের ছবি মাথায় নিয়ে এসেছিলাম। পুরু কার্পেটের মেঝে, সুউচ্চ সিলিং আর দেয়ালের ক্ল্যাসিক পেইন্টিংগুলো দেখে উল্টো ভিরমি খাবার জোগাড়। হোটেল কোথায়, এ যে রাজবাড়ি! তবদা ভাঙতে না ভাঙতেই চোস্ত জার্মান জানা রিসেপশনিস্ট এসে উদয় হলো। কাগজপত্র দেখেশুনে দুই মিনিটেই চাবি বুঝিয়ে দিল। চাবি তো না যেন পাথরের চাঁই। আধা কিলো ওজনের পিতলের চাবিটা হাতে নেব নাকি পকেটে পুরব, ভেবে না পেয়ে শেষে বিড়ালের ঘণ্টার মতো গলায় ঝুলিয়ে ঘর খুঁজতে রওনা দিলাম। নম্বর মিলিয়ে নব ঘোরাতেই পনেরো শতকের দরজা খুলে গেল যেন। কারুকাজ করা কাঠের পালঙ্ক, গদি আঁটা মখমলের সোফা আর বেলজিয়াম কাচের দেয়ালজোড়া আয়না—সব মিলিয়ে আলিশান রয়্যাল স্যুট। দেখে ইতস্তত করছি, ঠিক জায়গায় এসেছি তো?
‘হাঁ করে দেখছ কী, সরে জায়গা দাও তো আগে।’ হেভি ডিউটি সুইসগিয়ার স্যুটকেসটা হাতে ফ্রান্সিসকা ঠেলেঠুলে ঘরে ঢুকে পড়ল। বুঝলাম, এই প্রাসাদকক্ষের সে–ও একজন শরিক। ফ্রান্সিসকাকে আমরা ছোট করে ফ্রান্সি বলে ডাকি। লম্বা-চওড়া, নেতাগোছের ডাকাবুকো মেয়ে। ‘পর্তুগালটা একেবারে খারাপ না, কী বলো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ওপেনিং সেশন ধরতে হবে।’ জুতা জোড়ার দুপাটি দুদিকে ছুড়ে মেরে খোশমেজাজে বলল ফ্রান্সি। মাথা নেড়ে সায় দিয়ে ফ্রান্সির দেখাদেখি মোজা খুলে ডানে আর বাঁয়ে ক্রিকেট বলের মতো পাকিয়ে উড়িয়ে দিলাম। ‘পরিপাটি জার্মান মেয়ে’র বদলে নিজের মতোই অগোছালো আর ছন্নছাড়া কাউকে পেয়ে অস্বস্তি হটিয়ে মনে মনে বেশ একটা স্বস্তি পেলাম।
এলোপাতাড়ি জামা-জুতো, টুপি-মোজার প্রবল বর্ষণে একটু আগের রয়্যাল স্যুটের বারোটা বাজাতে ঠিক পাঁচ মিনিট লাগল আমাদের। সফেদ বিছানায় এক গড়ান দিয়ে টান টান চাদরটা কুঁচকে তারও তেরোটা বাজাতে ভুললাম না। তারপর, আধখোলা ব্যাগপ্যাক আর লন্ডভন্ড স্যুটকেস ডিঙিয়ে বগলে ল্যাপটপ, কাঁধে পোস্টার নিয়ে দুজন দিলাম ছুট কনফারেন্স হল বরাবর।
৫.
হলঘরের মঞ্চে বিশাল ব্যানার ‘লাং সায়েন্স কনফারেন্স...’। বিজ্ঞান সম্মেলনগুলোতে উচ্চবিত্ত-নিম্নবিত্ত একটা ব্যাপার আছে। সেটা প্রকট হয় চা-বিরতিতে। হোমরাচোমরা বিজ্ঞানীদের দল তখন ইতালিয়ান মাফিয়াদের মতো ঘোঁট পাকিয়ে ঘুরবে, চুকচুক করে কফি খাবে আর পিএইচডি ছাত্র দেখলে নাক কুঁচকে আরেক দিকে হাঁটা দেবে। মাঝেমধ্যে অবশ্য বাড়াবাড়ি রকমের ইন্টেলেকচুয়াল এক–আধটা পিএইচডি-পোস্ট ডক ভাব নিয়ে মাফিয়া দলে ঝুলে থাকে। অতটা ধৈর্য বা শৌর্য কোনোটাই না থাকায় আমচু মুখে ঘুরে বেড়াচ্ছি। দলের বাকিরা যথারীতি ছড়িয়ে–ছিটিয়ে পড়েছে। আবছা আলোর সারি সারি আসনের ভিড়ে তাদের ঠাহর করা মুশকিল। সুতরাং সেই তো আবার দলছুট।
ঠিক এই সময়ে ত্রাতা হয়ে এগিয়ে এল অধ্যাপক মরিশিও রোয়াস। ‘অ্যাই, কী খবর? ড. ইলদ্রিমের ছাত্র না তুমি?’ হকচকিয়ে গেলাম। মরিশিও রোয়াস আমেরিকার পিটসবুর্গ বিশ্ববিদ্যালয়ের পালমোনারি মেডিসিনের নামকরা অধ্যাপক। ৫০ পেরোনো অমায়িক চেহারা। মিউনিখে আমাদের রিসার্চ স্কুলে কিছুদিন আগে লেকচার দিয়ে গেছেন। তখন প্রশ্ন-উত্তর সেশনে সামান্য আলাপ হয়েছিল। তবু মাফিয়াদের একজন এগিয়ে এসে হ্যালো বললে সংশয় জাগে বৈকি।
জড়তা জড়িয়ে এগিয়ে গেলাম। নকল, ২ নম্বর আঁতেল সেজে হড়বড় করে বলে ফেললাম, ‘স্টেম সেল নিয়ে সেবার আপনার লেকচারটা খুব ভালো লেগেছিল। নাইস টু মিট ইউ অ্যাগেইন, প্রফেসর মরিশিও’। চওড়া হাসির সঙ্গে জবাব এল, ‘আরে রাখো তো ওসব প্রসেফর-টফেসর। শুধু মরিশিওতেই চলবে। তা তোমার থিসিসের কাজ কেমন চলছে আর কটা ইঁদুর মারলে এ পর্যন্ত? হাহাহা...।’ এরপর কথা জমে যেতে আর সময় লাগল না। মনে মনে ঠিক করলাম, বিজ্ঞানের কাঠখড় পুড়িয়ে একদিন যদি মাফিয়া বিজ্ঞানী বনেই যাই, তো মরিশিওর মতো ফ্রেন্ডলি মাফিয়া হতে হবে। কুটিল, গ্যাংস্টার মাফিয়া হয়ে কাজ নেই।
৬.
এস্তোরিলের সন্ধ্যাটা টুপ করে নেমে গেল। আমাদের কনফারেন্সের পর্দাও সে বেলার মতো গুটিয়ে ফেলা হলো। আগামীকালের সেশনের জন্য পোস্টার টাঙিয়ে বাকিদের সঙ্গে ডিনারে বেরিয়ে পড়লাম। এই প্রথম চোখ মেলে এস্তোরিল দেখার ফুরসত পেলাম। কিন্তু সন্ধ্যার ঘুটঘুটে আঁধার আর টিমটিমে ল্যাম্পপোস্ট সে আশায় জল ঢেলে দিল। শুধু বোঝা গেল, লিসবনের সঙ্গে এস্তোরিলের ১৮০ ডিগ্রি ফারাক। অভিজাত হোটেল-দালানের ভিড় রাস্তার দুই পাশে। সাঁই সাঁই চলে যাওয়া কালো কাচে ঢাকা গাড়িগুলোর মডেল আন্দাজ করা যায় না, এমনই সব দামি স্পোর্টস কার সেগুলো।
সব কৃত্রিমতা ছাপিয়ে অকৃত্রিম একটা নোনা বাতাস হানা দিচ্ছে হঠাৎ হঠাৎ। জিজ্ঞেস করতে জানা গেল, সামান্য দূরেই সৈকত আছে। কোস্টা ডি এস্তোরিল। আফসোস, সেখানে যাওয়ার সময় হবে না সামনের দুই দিন। কনফারেন্সের শিডিউল ভোর থেকে রাত। তাই সমুদ্রের ঘ্রাণ নিয়েই খুশি থাকতে হলো।
বড় রাস্তা ছেড়ে সরু গলিতে ঢুকে পড়লাম। নোনা বাতাস তবু পিছু ছাড়েনি। আরও যোগ হয়েছে নীড়ে ফেরা পাখিদের কিচিরমিচির। গাছে গাছে কচি পাতার নূপুর। পাতার ফাঁকে এক ফালি চাঁদ উঁকি দিয়ে বোহিমিয়ান মনটা উদাস করে দিতে চাইছে খুব। অলিগলিতে না ঢুকলে বোধ হয় শহর চেনা যায় না। এখানে শহর কিছুটা ‘অফ-গার্ড’ থাকে। এখানে হিসাব করে বসানো ইটকাঠের আড়ম্বর নেই, জৌলুশ দেখিয়ে ভোঁ গাড়ি হাঁকানোর সুযোগ নেই। নিরিবিলির সুযোগে সন্ধ্যাটা তখন পাতার ফাঁকে চুপটি করে নেমে এসে চোখ ধাঁধিয়ে দেয়।
যাহোক, অনেক খুঁজে এক মাঝারি দামের পিজ্জারিয়া আবিষ্কার করা হলো। হরেক রকমের পিৎজা আর সালাদ চলে আসতে সময় লাগল না। মুহূর্তেই বুভুক্ষুর দল ঝাঁপিয়ে পড়লাম। তবে জায়গাটা বড্ড অন্ধকার। আলোর ব্যাপারে এরা এত কৃপণ কেন কি ঘরে, কি বাইরে! আর থেকে থেকে টেবিল-চেয়ারের নিচে কিসের যেন হুটোপুটির শব্দ ভেসে আসছে। বিড়াল টিড়াল হবেও–বা—এই ভেবে পাত্তা দিলাম না। এ দেশে এদের যথেচ্ছ ঘুরে বেড়াতে দেখেছি। কিন্তু যেখানে বিড়াল, সেখানে যে ইঁদুরেরও আনাগোনা, তা কে জানত।
খেয়েদেয়ে তৃপ্তি নিয়ে ক্লান্ত পায়ে ফিরে যাচ্ছি। হঠাৎ মরিশিও চাপা উচ্ছ্বাসে ঘাড় ঘুরিয়ে তাকাল। সে বরাবরই আমাদের দলে মিশে ছিল। মরিশিওর মেলে ধরা মুঠোফোনের অস্পষ্ট ছবিতে একটু আগের হুটোপুটি রহস্য পরিষ্কার হলো। ছোট্ট কিন্তু গাট্টাগোট্টা এক ইঁদুর মশাই মুখে কামড়ে আর হাতে টেনে পাশের টেবিল থেকে রসালো এক টুকরা পিৎজা সরাতে ব্যস্ত। অল্প আলোতে তার গোলাপি হাত দুটো মেম পুতুলের হাত বলে ভুল হতে চায়। আর চোখ যেন কালো মুক্তার পুঁতি বসানো। সন্ধ্যা তারার মতো ঝিঁকিয়ে উঠছে। ছবি তোলায় ভড়কে গিয়ে বাঁকাচোরা একটা হাসিও দিয়েছি দেখছি। ভীষণ কিউট পিৎজা চোরের রূপে সবাই একযোগে মাখনের মতো গলে গেলাম। গলার সহজ কারণও আছে। দলের দশজনের নয়জনই যে মেয়ে। দুষ্ট প্রফেসর মরিশিও বেশ দেখেশুনেই দলে ভিড়েছে।
লেখক: গবেষক, ইনস্টিটিউট অব প্যাথোলজি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, মিউনিখ, জার্মানি