প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম উপাদান ঝরনা বা জলপ্রপাত। নাগরিক জীবনের ব্যস্ততা ফেলে ঝরনাজলে ভিজতে কার না ভালো লাগে। রূপ-লাবণ্যের বাংলাদেশে পাহাড়-নদী সবুজ-শ্যামল সৌন্দর্য হাতছানি দেয় ভ্রমণপিপাসুদের। দরকার শুধু একটু সময়ের। মনকে দুদণ্ড শান্তি দিতে ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বরইতলী ঝরনা।
ঘুমধুম ইউনিয়নের বরইতলী গ্রামের পাঁচ–ছয় কিলোমিটার মধ্যে আছে তিনটি প্রকৃতিক ঝরনা। প্রতিটিই মনোমুগ্ধকর।
প্রতিবছর সরকারি ছুটির দিনে শত শত পর্যটকের আগমন ঘটে এখানে। এখানকার প্রতিটি পরতে আছে প্রকৃতির অনাবিল প্রশান্তি। চারদিক পাহাড় আর সবুজ মুগ্ধতায় ভরিয়ে রেখেছে। ঝরনাধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে মুক্ত করতে পারবে।
এখানকার নিসর্গের টানে প্রথম আলো বন্ধুসভার কক্সবাজার সিটি কলেজের ১১ জন বন্ধু চলে যাই সেখানে। এই ঝরনার চার-পাঁচটি স্তর রয়েছে। এর আকার, আকৃতি ও গঠনশৈলী নিঃসন্দেহে ভ্রমণপিপাসুদের বাড়তি আনন্দ দেবে। সেখানে পৌঁছে বন্ধুরা মিলে বিহারের পাশ দিয়ে লেবুবাগানের দিকে হাঁটা শুরু করি।
ঝিরিপথ দিয়ে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করতে হয়েছে আমাদের। তারপরও আবদুল্লাহ্ আর শাম্মী পা পিছলে পড়ে যায়। সাখাওয়াতের পা কেটে যায়। ঝিরিপথের পানির ওপর দিয়ে দু–তিন ঘণ্টা হাঁটার পর দুটি পৃথক স্থানে ও তিনটি একই স্থানে ঝরনা দেখতে পাই। একটি ঝরনা থেকে অপরটির দূরত্ব ২০ থেকে ৩০ মিনিট। এখানে রয়েছে তিনটি ঝরনা। বড় ঝরনার একেকটি দূরত্ব ২০ থেকে ৩০ মিনিট। তিনটি বড় ঝরনার আশপাশে আরও তিনটি ছোট ঝরনা রয়েছে। চমৎকার দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যায়।
এখানে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। কারণ, ঝরনা দেখে ফিরতে ফিরতে বেশ সময় লাগবে। সঙ্গে নিতে হবে খাবার। ফিরে আসার পথে ক্লান্ত হয়ে পড়বেন; ঠিক তখন এই খাবার আপনাকে বাড়তি শক্তি জোগাবে। ছুটির দিনগুলোতে এখানে পর্যটকেরা সবুজের সমারোহ, পাহাড় আর ঝরনার অপরূপ মেলবন্ধন দেখতে ভিড় জমান। পাহাড়ের সবুজ রং আর ঝরনার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে।
ঝরনা দেখতে যাওয়ার সঠিক সময়
প্রাকৃতিক ঝরনার যৌবন হলো বর্ষাকালে। এই সময়ে প্রচণ্ড গতিতে জলধারা গড়িয়ে পড়ে। শীতে সেটা তেমন নয়। বর্ষাকালেই ঝরনা প্রাণ ফিরে পায়। তাই বর্ষাকালেই ঝরনা দেখা শ্রেয়। তবে পাহাড়ধসের সতর্কতা মনে রাখতে হবে। ভারী বর্ষণ হলে ঝিরিপথে পানির স্রোত বেশি থাকে। এতে করে যাওয়া অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
যাওয়ার উপায়
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা স্টেশন থেকে পূর্ব দিকে মরিচ্যা-পাতাবাড়ি হয়ে বরইতলী আঁকাবাঁকা রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা বা টমটমে (ব্যাটারিচালিত গাড়ি) বরইতলী নামক স্থানে নামবেন। বাইক, মাইক্রোবাস ও মাঝারি বাস নিয়েও যাওয়া যাবে। স্টেশনের দক্ষিণ দিকের রাস্তায় হাঁটা শুরু করবেন। ১০ মিনিট হাঁটার পর একটা ব্রিজ পার হয়ে পূর্ব দিকে মিলবে বৌদ্ধমন্দির ও ভাবনাকেন্দ্র বিহার। অবশ্যই বিহার পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ও বাইক নিয়ে যাওয়া সম্ভব। তারপর থেকে হাঁটা শুরু করলে দু–তিন ঘণ্টা পর নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারা যাবে।
যেসব সুবিধা পাবেন
সঙ্গে একজন ট্যুর গাইড হিসেবে স্থানীয় কাউকে নিয়ে গেলে সুবিধা হয়। বরইতলী এলাকায় পর্যটকদের সঙ্গ যাওয়ার জন্য অনেক চাকমা অনেক ছেলে আছে। সকালে রওনা দিতে হবে। ভাবনাকেন্দ্র থেকে সকাল ৯টা–১০টার মধ্যে হাঁটা শুরু করলে সুবিধা হয়। এ সময় রওনা দিলে ভালোমতো সব কটি ঝরনা দেখে বিকেলের মধ্যে ফিরে আসা যাবে। প্রয়োজনীয় ও চাহিদামতো খাবার, প্রাথমিক চিকিৎসা-উপকরণ, পানি, লাঠি, ছুরি, কাপড় ও জুতা ইত্যাদি নিলে সুবিধা হবে। কারণ, ওখানে দোকান নেই। আর অবশ্যই সন্ধ্যার আগেই ওখান থেকে ফিরতে হবে।
সতর্কতা
ঝরনায় যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পাথরের জায়গা পিচ্ছিল থাকতে পারে। তাই সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে ফিরে আসা অনেক কঠিন হবে। তাই ট্র্যাকিং সহায়ক জুতা নিতে ভুলবেন না। তবে অবশ্যই পরিবেশ নোংরা করবেন না। সঙ্গে নেওয়া চিপস, পানির বোতল ইত্যাদি ফেলে আসবেন না।
বরইতলী সড়কে বিজিবির চেকপোস্ট থাকলেও ঝরনার চারপাশে দুর্গম এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে। মোবাইলের নেটওয়ার্ক না থাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে জানানো সম্ভব নয়।
সড়ক যোগাযোগের ব্যবস্থা উন্নত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পর্যটকেরা অবাধে ভ্রমণ করতে পারবেন। পর্যটনশিল্পও এর থেকে লাভবান হবে।
লেখক: সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা