পাথুরে পথের উপকথা ২

পাথুরে পথে এভাবেই হেঁটে যায় জিরোকাস্ত্রার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি হাসিটা এখনো চোখের কোণে লেগে আছে। মুখটা মধ্য-এশিয়ার মানুষদের মতো মায়াময়। চ্যাপ্টা চোখের শান্তি শান্তি একটা চাহনি। দেখলে গৌতম বুদ্ধের ছবি মনে আসে। বয়সে আমার চেয়ে ৮-১০ বছরের ছোট। কিন্তু পুরো অবয়বে কেমন একটা পরিণত মানসিকতার ছাপ। আবার একই সঙ্গে চোখে-মুখে সব সময় একটা কেমন দুষ্টুমির ঝিলিক। যেন কোনো হাসির গল্প মনে করছে, কিন্তু বলছে না। আমার মনের কথা টের পেয়েই যেন বলল, ‘আমার মুখে লালনের নাম শুনে তোমার চেহারাটা দেখার মতো হয়েছিল!’

দুর্গ থেকে নেমে যাওয়া পথের বাঁকে রয়েছে এই সুড়ঙ্গ

অবাক যে হয়ে হয়েছি, সেটা অস্বীকার করার জো নেই। তাই আর কথা বাড়ালেম না!
দুর্গ থেকে যে পথটা পাহাড়ের নিচের দিকে নেমে গেছে, সেটার সামনের বাঁকটায় স্নায়ুযুদ্ধ চলাকালে তৈরি একটা সুড়ঙ্গ। সেটি পেরিয়ে একটু নিচে নামলেই পুরোনো বাজারটা। কত রঙের কার্পেট আর ক্রুশ কাঁটায় বোনা নকশা যে পাওয়া যায় এখানে! আমার চোখে বিস্ময় দেখে বুচি গ্রীবা উঁচু করে গৌরবের সঙ্গে বলল, আমাদের জিরোকাস্ত্রার নকশার সঙ্গে অন্য জায়গার নকশার কোনো তুলনাই হয় না। আর এই মাটির বাসনগুলো দেখো! এত সুন্দর নকশা যে আমার মা এগুলো কিনে কিনে বাসা বোঝাই করতেন, কিন্তু কখনো আমাদের ব্যবহার করতে দিতেন না! পাছে তার সুন্দর বাসন ভেঙে যায়!

আমি বলি, ‘মায়েদের এই আচরণ একটা বৈশ্বিক বাস্তবতা বলে মনে হচ্ছে। আমার দেশের মায়েরাও বাসনের ব্যাপারে একই রকম রক্ষণশীল।’
হঠাৎ নিচু হয়ে সাজিয়ে রাখা মাটির খেলনার মধ্যে থেকে একটা ছোট্ট জগের মতো খেলনা আমার হাতে দিয়ে বলল, ‘ছোটবেলায় এই খেলনা জগটা আমার খুব প্রিয় ছিল। এতে অল্প একটু জল দিয়ে যদি এর মুখে ফুঁ দাও, তাহলে পাখির ডাকের মতো একটা সুর হয়। এটাকে মাটির বাঁশি বলতাম। স্যুভেনির হিসেবে রেখে দিতে পারো। আমার কাছে খুচরো নেই, তোমার নিজেরই কিনতে হবে।’
আমি দোকানে গিয়ে দাম মিটিয়ে বাঁশিটা পকেটে রেখে দিলাম।

বাজারে মেলে হরেক রকম জিনিষ

‘এই পথটার বাঁ দিকে গেলে আলবেনিয়ার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক ইসমাইল কাদারের বাড়ি; ২০০৫ সালে যিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। আর ডানদিকে কমিউনিস্ট স্বৈরশাসক এনভের হোজ্জার বাড়ি। তিনি জিরোকাস্ত্রার মানুষ ছিলেন বলে এখানে এখনো সবাই তাঁকে শ্রদ্ধা করে। তাঁর বাড়িটা এখন এথনোগ্রাফিক মিউজিয়াম হয়েছে। তবে এই পথের সবচেয়ে উল্লেখযোগ্য বাড়িটা হচ্ছে “স্কেন্ডুলি হাউস”।

জিরোকাস্ত্রায় এলে এই বাড়িটায় সবারই একবার ঢুঁ মারা উচিত

জিরোকাস্ত্রায় এলে এই বাড়িটায় সবারই একবার ঢুঁ মারা উচিত। স্থানীয় স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন এই বাড়ি। এই বাড়ির মানুষেরাও অন্যদের চেয়ে অনেক উদার ছিল। আমাদের ছোটবেলায় হাসি-গানে ভরে থাকত বাড়িটা। বিভিন্ন দেশের কবি-শিল্পীরা এসে জমায়েত হতো। শীত আর গ্রীষ্মকালের জন্য ছিল আলাদা আলাদা অতিথিশালা। নবদম্পতিদের জন্য শোবার ঘরের ভেতরে একটা ছোট স্নানঘর অবধি ছিল। ঘরের সিলিংয়ে কাঠের সুন্দর কারুকাজ। আর বারান্দা থেকে পুরো উপত্যকার একটা প্যানারমিক ভিউ। চলো তোমাকে ঘুরে দেখাই, এই বাড়িটা!’

পাথুরে এই পথের দুই পাশে যতগুলো বাড়ি দেখলাম, সব কটির প্রধান দরজায় ঘোড়ার খুর, রসুনের মালা—এ রকম নানা বিচিত্র জিনিস ঝুলতে দেখলাম। বুচিকে জিজ্ঞেস করতে বলল যে এখানকার মানুষের নানা রকম কুসংস্কার রয়েছে। অশুভ চলমান অশরীরীদের আটকাতে নাকি এসব ব্যবস্থা।
আমি বললাম, ‘হ্যাঁ, সকালে আমার হোস্ট ফ্যামিলিও আমাকে একটা ক্রস গছিয়ে দিচ্ছিল কোনো এক প্রেতাত্মাকে আটকাতে।

বাড়িগুলো প্রধান দরজায় দেখা যায় ঘোড়ার খুর, রসুনের মালা

বুচির চোখ-মুখ কেমন পাথরের মতো শক্ত হয়ে এল। এই প্রজন্মের এরা নিশ্চয়ই এসবে বিশ্বাস-টিশ্বাস করে না। তাচ্ছিল্যের স্বরে জিজ্ঞেস করল, ‘এনেছ নাকি সঙ্গে সেই তাবিজ?’

আমি উড়িয়ে দিয়ে বললাম, ‘আরে ধুর ধুর! আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। ওসবে আমার পোষায় না। বাদ দাও ওসব।’

বুচি বলল, ‘সেটাই, যাগগে, যে বাড়িটা সম্পর্কে তোমার সবচেয়ে বেশি জানা দরকার তা হলো ওই যে বাড়িটা পুরোনো দেখছ, সেটা। এটা আলবেনিয়ার প্রথম নারী কবি মিউজিন কোকালারির পারিবারিক ভিটে। তিনি প্রথম দিকে জিরোকাস্ত্রার আঞ্চলিক এই ভাষাতেই লিখতেন, এই ভাষাটাকে বাঁচিয়ে রাখতে। “বুড়িমার ঝুড়ি (My Old Mother Tells Me)” তাঁরই লেখা। যৌবনে মিউজিন রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ১৯৪৩ সালে তিনি আলবেনিয়ার সোশ্যাল-ডেমোক্রেটিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৪৬ সালে তৎকালীন কমিউনিস্ট সরকার তাঁকে “গণশত্রু” আখ্যা দিয়ে ২০ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে।

আরও পড়ুন

১৮ বছর কারাবাসের পর কমিউনিস্ট সরকার তাঁকে মুক্তি দেয়, তবে দক্ষিণের জিরোকাস্ত্রা ছেড়ে উত্তরের রাসান নামে একটি শহরে থাকার শর্তে। কারামুক্তির পর প্রায় ১৯ বছর মিউজিন বেঁচে ছিলেন সেই অচেনা শহরে। জীবিকার জন্য কমিউনিস্ট সরকার তাঁকে বাকিটা জীবন সেই শহরে ঝাড়ুদারের চাকরিতে নিয়োগ করে। মিউজিন সারা জীবন আর কোনো কবিতা প্রকাশ করতে পারেননি।’

বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠল আবার। হালকা করতে বললাম, ‘ওই যে একটা গির্জার চূড়া দেখা যাচ্ছে দুর্গের পেছনে; অনেক পুরোনো নাকি গির্জাটা?’
বুচি সংবিৎ ফিরে পেয়ে বলল, ‘হ্যাঁ, আড়াই শ বছরের বেশি পুরোনো তো হবেই। চলো ওদিকটায় যাই। এই গির্জাটা আগে অর্থোডক্স বিশপের প্রধান কার্যালয় ছিল। আর এখন এটার তেমন গুরুত্ব নেই, কিন্তু এই বেল টাওয়ারটা তাও সগৌরবে দাঁড়িয়ে আছে, দেখো।’

গির্জাটা পুরোনো হলেও বেশ ছিমছাম

গির্জাটা পুরোনো হলেও বেশ ছিমছাম। গির্জাসহ যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানেরই বেশির ভাগই ভৌগোলিকভাবে বেশ স্ট্র্যাটেজিক পজিশনে নির্মিত হয়। এই চার্চটার উঠোনে এসে দাঁড়ালে পুরো উপত্যকাটা একসঙ্গে দেখা যায়। উঠোন শেষে পাঁচিলের কাছে গিয়ে দেখলাম একদম খাড়া একটা খাদ। এখান থেকে পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। পাঁচিলের মাঝবরাবর একটা দরজা। যেন স্বর্গের প্রবেশদ্বার; আক্ষরিক অর্থেই। সূর্য ডুবেছে অনেকক্ষণ আগে, কিন্তু কমলা একটা আভা এখনো আকাশজুড়ে। চুপচাপ দাঁড়িয়ে রইলাম দুজনে। অনেকক্ষণ।

কতক্ষণ কেটেছে জানি না। বেশ কিছুক্ষণ থেকেই লক্ষ করছিলাম বিভিন্ন গলি থেকে একটা–দুটো করে বেড়াল বুচির পেছন–পেছন হাঁটা ধরেছে। হঠাৎ লক্ষ করলাম বিভিন্ন আকার-প্রকারের প্রায় ৩০টি বেড়াল এসে জুটেছে গির্জার উঠোনটায়। যে যার মতো বসে আছে। সবাই যেন বুচির সাক্ষাৎপ্রার্থী। বুচি একটাকে কোলে তুলে নিল! বললাম, বেড়াল থেকে ডিফথেরিয়া হয়, জানো তো? বুচি সেই সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে কোলের ম্যাওটিকে আদর করতে করতে বলল, ‘এত্ত মায়া লাগে!’

বুচির পিছু নেয়া বেড়াল

ততক্ষণে মাঝরাত পার হয়ে গেছে। আশপাশের দোকানগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। উপত্যকার আলোগুলোও সব নিভে আসছে। ‘ফেরা উচিত, তাই না? এত রাতে ট্যাক্সি পাব কি না, কে জানে।’

জিজ্ঞেস করলাম, ‘কত দূরে তোমার বাসা?’
ও বলল, ‘বাসা তো না, একটা এয়ার বিএনবি নিয়েছি পাহাড়ের ওপারের শহরতলিতে।’
আমার হঠাৎ মনে হতে লাগল, ওর সঙ্গে এখনো অনেক কথা বাকি রয়ে গেছে। আর কখনো দেখা হবে কি না, ঠিক নেই। মনে হচ্ছিল এখানেই সব থেমে যাক। সসংকোচে জিগ্যেস করলাম, ‘আমার গেস্টহাউসটা কাছেই। এত রাতে ট্যাক্সি না খুঁজে সেখানে থেকে যেতে পারো। আমি না হয় বসার ঘরের সোফাটাতে ঘুমিয়ে নেব।’ চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, ‘ঠিক আছে।’ ফেরার পথটা দুজনেই চুপচাপ। রাস্তাঘাট ততক্ষণে জনমানবশূন্য। পুরোনো বাড়ির দেয়ালে নিয়নের আলোয় গাছের ছায়া পড়ে কেমন যেন গা–ছমছম একটা ছবি।

দুর্গের লনে লেখক

প্রৌঢ়া ঘুম চোখে গেস্টহাউসের দরজা খুলে দিলেন। সঙ্গে আরেকজন যে নিয়ে এসেছি, সে নিয়ে কোনো বিকারই নেই। ট্যুরিস্ট এলাকায় বান্ধবী নিয়ে ফেরা হয়তো স্বাভাবিক; দেখেও দেখলেন না যেন।

রুমে এসে বুচিকে সব বুঝিয়ে দিয়ে বালিশ নিয়ে বসার ঘরের দিকে যাচ্ছি দেখে ও বলল, ‘সেকি, এখনই ঘুম? বসো, কিছুক্ষণ পরে যেয়ো। দরজাটা লাগিয়ে দেবে প্লিজ। ঠান্ডা বাতাস আসছে।’

সেই কিছুক্ষণ যে কতক্ষণ ছিল, তার হিসাব নেই। কত কত গল্পে যে রাতটা পার হয়ে গেল। বেশির ভাগ গল্পেরই কোনো মাথামুণ্ডু নেই। ও ওদের গ্রামে ভালোবাসার মানুষকে না পেয়ে পাগল হয়ে যাওয়া একজনের গল্প বলল, আমি ছোটবেলায় আমার হোস্টেলে আতশি কাচ দিয়ে সিগারেট জ্বালানো আর মারামারির গল্প বললাম। তারপর ভোরের দিকে কখন চোখ লেগে এসেছে, টের পাইনি।
দশটা নাগাদ ঘুম ভেঙে দেখি, ঘরে আমি একা। বুচি নেই। অথচ দরজা ভেতর থেকে লাগানো।

মাঝরাতে মাতোয়ারা জীবন

টেবিলের ওপর দেখলাম মাটির বাঁশিটায় চাপা দেওয়া একটা কাগজে লেখা, ‘This universe is but a mirror image of another. I can feel the neighbours dwelling there, but never met one. Or did I?’
বাড়ির পাশে আরশিনগর, সেথা একঘর পড়শি বসত করে।
আমি এক দিনও না দেখিলাম তারে।
(শেষ)

লেখক: মানবতাবাদীকর্মী
ছবি: সৌভিক দাস