পৃথিবীর স্বর্গ-জাভাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার ইগোইয়াকার্টা শহর।
ছবি: লেখক

আমার তৃতীয় বিদেশ যাত্রা। এবারের হেতু সম্পূর্ণ আলাদা। প্রথমবারের মতো বিদেশ পড়তে যাচ্ছি। আমিই প্রথম আমার পরিবারের একমাত্র ব্যক্তি, যে কিনা বিদেশ যাচ্ছে বিদ্যা অর্জনের জন্য। ছোটবেলায় লোকমুখে শুনেছিলাম, ‘বিদ্যা অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও।’ যাহোক, আমার গন্তব্য চীন দেশ নয়। আমার গন্তব্য ইউরোপ বা আমেরিকাও নয়। যাচ্ছি বাঙালিদের কাছে অতি পরিচিত এক দেশ ইন্দোনেশিয়াতে।

সচরাচর প্রশ্ন হতে পারে, এত উন্নত দেশ থাকতে ইন্দোনেশিয়া কেন? উত্তরে আমি বলি, সবার পছন্দ যদি এক হবে, তাহলে সবাই ডাক্তার হতো। কেউ অন্য পেশায় থাকত না।
বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার তো ভেবেই নিয়েছিলেন আমার উদ্দেশ্য ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়া। তাই অপরাধীদের মতো ইনচার্জের রুমে নিয়ে আধঘণ্টা ধরে প্রশ্ন করে আমার পড়ার ইচ্ছাটাই মাটি করে দিয়েছিল। সর্বশেষ আমি বলতে বাধ্য হয়েছিলাম দেখুন, আমার পাসপোর্ট–ভিসা সবকিছুই সঠিক, তারপরও আপনারা এমন করছেন কেন? আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড আছে, আমার কাছে দূতাবাসের চিঠি আছে, তাহলে সমস্যাটা কোথায়। তারপর ঘটে গেল অনেক কিছু, যা ছিল আমার ধারণার বাইরে। অবশেষে বিমান ছাড়ার ২০ মিনিট আগে মিলল আমার বিদেশ গমনের অনুমতি।

মধ্য জাভাতে যাওয়ার আমার বিমান যখন মাঝআকাশে, বিমানের জানালা দিয়ে নিচে তাকালে শুধু সাগর ছাড়া আর কিছুই দেখা যায় না। মেঘের রাজ্য দিয়ে আমার বিমান চলছে, আর আমার চোখ জানালার বাইরে। বিমান আস্তে আস্তে নিচে নামা শুরু করল। আর জোগজাকার্তা শহর আমার কাছে ধরা দিল নতুন অচেনা রূপে। দূর আকাশ থেকে শুধু টালির ছাদ, পাহাড়, সাগরের পাড় ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এরই মধ্য দিয়ে আমার বিমান চলছে। এভাবেই আমার বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করল।
জোগজার্কারের এই বিমানবন্দরটি ছোট, কিন্তু ছবির মতো সুন্দর আর পরিষ্কার।

জাভার ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরতে বিমানবন্দরের চার দেয়াল সাজানো হয়েছে শিল্পীর হাতের ছোঁয়ায়। যাহোক, দ্রুত বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হতে দেখি আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের। এরপর আমি তাদের অনুসরণ করে একটি বাসের সামনে এসে দাঁড়ালাম। বাসটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের নাম আর লোগো দিয়ে বাসের বডি আর গ্লাসে রং করা হয়েছে। বাসের পাশের ছিটে বসেছে লম্বা মোটা মতো এক ব্যক্তি। আমি তার সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করেই তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘আমি গালু ফেব্রি পুত্রা। আপনার রাইটিং শিক্ষক।’ আমিও হাত বাড়িয়ে দিলাম খুব স্মার্টলি। এই ধরনের শেক হ্যান্ডটা আমাকে শিখিয়েছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় মামুন স্যার। যাহোক পাশাপাশি বসে আমরা আলাপ শুরু করলাম। ইন্দোনেশিয়ার দূতাবাসে ভাষা শেখার সময় কিছুটা জাভানিজ সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়েছিল। যার প্রয়োগের শুরু গালু স্যারের মাধ্যমে।

বাস বিমানবন্দর ছেড়ে ধীরে ধীরে প্রবেশ করল মূল শহরের দিকে। চারদিকে গাছপালা, কোনো বাস বা মোটরসাইকেলের হর্নের শব্দ কানে আসছে না। আমি ভাবলাম এসি বাসে আছি, তাই এমন মনে হচ্ছে। পাশের সিট থেকে গালু স্যার আমাকে চারদিকের বিস্তারিত বর্ণনা করছেন। জাভার মানুষ গাড়ির হর্ন পছন্দ করে না (একান্তই জরুরি মুহূর্ত ছাড়া)। কারণ, শব্দদূষণ হবে বলে। আর আমি জানালা দিয়ে দেখছি গাছে গাছে আম, মেয়েরা স্কুটি নিয়ে সদর্পে নির্বিঘ্নে চলছে। আর ট্রাফিক আইন কেউ লঙ্ঘন করছে না। এ যেন স্বর্গকে কাছে থেকে দেখা।

এভাবেই আমার বাস হোটেলের সামনে এসে দাঁড়াল। চারতলা হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর রুমটি আমার জন্য বরাদ্দ। যাহোক, হোটেলের সামনে বাস থেকে নামতেই চোখে পড়ল ১০–১২ জনের মতো ছেলেমেয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। নামার সঙ্গে সঙ্গে ওরা আমাদের সঙ্গে পরিচয় হতে শুরু করল। আমাদের লাগেজ নিয়ে সোজা হোটেলের দিকে ওরা হাঁটা শুরু করল। আমি আমার ব্যাগ কাউকেই দিলাম না। ছোটবেলা থেকেই বাবার থেকে শিখেছি নিজের জিনিস নিজে বহন করা। রুমে এসেই পরিচয় হলো আমার রুমমেটের সঙ্গে। নাম ছাবেরী, থাইল্যান্ডের বাসিন্দা। অত্যন্ত ভালো ছেলে, যদিও ইংরেজি ভাষা সম্বন্ধীয় জ্ঞান নেই। আমি যা বলি, শুধু ইয়েস ইয়েস করে যায়। আর কোনো উত্তর তার জানা নেই।

রাইটিং শিক্ষক গালু ফেব্রি পুত্রার সঙ্গে লেখক
ছবি: লেকক

দ্রুত ফ্রেশ হয়ে রুমের দরজা খুলতেই দেখি গালু স্যার আমার জন্য বাইরে অপেক্ষা করছেন। তাই স্যারকে দ্রুত রুমের মধ্যে ডেকে এনে বসতে দিলাম। স্যার সময়ক্ষেপণ না করে দ্রুত আমাদের দুজনকে নিয়ে হোটেলের লবিতে এলেন। উদ্দেশ্য অন্য শিক্ষকদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া। জীবনে এই প্রথম দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেরাই এসেছেন তাদের ছাত্রদের সঙ্গে পরিচিত হতে। শিক্ষক, সহপাঠীদের সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগল। আর মনে হলো সত্যিই আমি বিদেশে এসেছি এক নতুন সভ্যতায়। হোটেলের লবিতে সন্ধ্যার আহার সেরে অন্যদের সঙ্গে পরিচিত হওয়া শুরু করলাম। যে ছেলেমেয়েরা আমাদের সাহায্য করার জন্য রয়েছে, তা আইবডিজ নামে পরিচিত। সবাই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, বিশ্ববিদ্যালয়ের জন্য, সারা বছর তারা আমাদের যেকোনো প্রয়োজনে সাহায্য করবে। বিষয়টি আমার খুবই ভালো লাগল, যা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

ব্যাচমেট হিসেবে পেলাম বেলজিয়াম, হাঙ্গেরি, লাওস, মাদাগাস্কার, ফিলিস্তিন, ভিয়েতনাম, চীন আর থাইল্যান্ডের বন্ধুদের। ব্যাচে আমরা মাত্র দুজন ছেলে আর বাকিরা মেয়ে। এতেই প্রমাণ হয় সারা বিশ্ব নারী শক্তিতে কতটা এগিয়ে। তারা তাদের মেয়েদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে ভয় পায় না। আর আমাদের দেশের অধিকাংশ পরিবারের ভাবনা মেয়ের উচ্চশিক্ষার কোনো দরকার নেই। মাস্টার্স পাস, তাই অনেক, যা আমি হয়তো বদলাতে পারব না। সবার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জাভায় সন্ধ্যা নেমে এল। চারদিকে জ্বলে উঠল সন্ধ্যার সাজবাতি। আর আমার মন নিমেষেই খারাপ হয়ে গেল বাংলাদেশে থাকা আমার একমাত্র অবলম্বন আমার মায়ের জন্য।...

লেখক: ছাত্র, আহমাদ দাহলান ইউনির্ভাসিটি, যোগজাকার্তা, ইন্দোনেশিয়া