বাংলাদেশে যে আসে সে-ই পর্যটক!
প্রতিবছর গড়ে পাঁচ থেকে ছয় লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসছে—এমন দাবি সরকারের। তবে সরকারি নথিই এ তথ্যকে পুরোপুরি সমর্থন করে না। ব্যবসা, কূটনৈতিক কাজে কিংবা অন্য যেকোনো উদ্দেশ্যে ভিনদেশি কেউ বাংলাদেশে এলেই তাঁকে পর্যটক হিসেবে গণ্য করা হচ্ছে। বাস্তবে শুধু ভ্রমণের উদ্দেশ্যে পর্যটক আসছে খুবই কম।
এ বিষয়ে বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান প্রথম আলোকে বলেন, যে কাজেই আসুক তারা আসলে বাংলাদেশে বেড়াচ্ছে। অর্থ খরচ করছে। কাজেই বলা যায়, বাংলাদেশে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি বলেন, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার কারণে বিদেশি পর্যটক প্রায় অর্ধেকে নেমে আসে। তবে এ বছর থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
২০১৪ সালের নয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কতজন পর্যটক বাংলাদেশে এসেছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পর্যটন করপোরেশন বা বোর্ড। কারণ জানতে চাইলে তারা বলছে, বিদেশি পর্যটকের হিসাব তারা রাখে না। এ হিসাব রাখে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
পর্যটন বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা এসবির কর্মকর্তাদের বলেছিলাম আপনাদের সফটওয়্যার থেকে আমরা যেন তথ্য পাই সেই ব্যবস্থা করুন। কারা আসছে আমরা তাদের নাম জানতে চাই না। শুধু কোন দেশ থেকে আসছে, নারী না পুরুষ এ তথ্যটুকু দিলেই চলবে। কিন্তু বারবার বলার পরও তারা এ তথ্যটুকু দিতে রাজি হয়নি।’
বিটিবির তথ্য অনুযায়ী, দেড় দশকের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক এসেছে ২০১১ সালে। এ সংখ্যা পাঁচ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন। তবে এর মধ্যে শুধু পর্যটক ভিসায় এসেছেন এক লাখ ১৬ হাজার ৪০৩ জন। ওই বছর এক লাখ ৪৫ হাজার ২৮৮ জন ভারতীয় বাংলাদেশ ঘুরে যান। এর মধ্যে ৬৯ হাজার ৮৭৬ জন পর্যটন ভিসায় ও ৩৮ হাজার ৬৭৩ জন ব্যবসায়ী ভিসায় এসেছেন। ভারতের পর সবচেয়ে বেশি ‘পর্যটক’ এসেছেন যুক্তরাজ্য থেকে। এ সংখ্যা এক লাখ ৭৭৭ জন। অবশ্য এদের একটা বড় অংশই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি। এর মধ্যে পর্যটক মাত্র তিন হাজার ৯৩১ জন।