বেলজিয়ামের এনট্রপ শহর থেকে নেদারল্যান্ডসের লিসি শহরে যেতে মাঝে একবার ট্রেন পাল্টাতে হলো। তবু ঘণ্টাখানেকের এই পথ ক্লান্তিহীন, ঝক্কিঝামেলাহীন। একেবারে সকালের প্রথম রোদের মতো স্নিগ্ধ একটা ভ্রমণ। বাংলাদেশ থেকে আমার সহপাঠী জিনাত এসেছেন তাঁর মা-বাবাকে সঙ্গে নিয়ে। তাঁদের সঙ্গে আমিও জুটেছি। ভ্রমণসঙ্গী দুজন বয়স্ক মানুষের প্রধান ইতিবাচক দিক হলো, রাস্তায় নামলেই তরুণ হয়ে ওঠেন। তাঁদের জন্য আলাদা কোনো যত্নআত্তির প্রয়োজন পড়ে না।
আমরা যাচ্ছি বিশ্বের বৃহৎ এক টিউলিপ-বাগান দেখতে। নাম তার কোকেনহোফ। অনেকের কাছে পরিচিত ‘ইউরোপের বাগান’ নামেও। লিসি শহরে পৌঁছে ট্রেন থেকে নেমে নির্ধারিত এক দোকান থেকে কোকেনহোফ প্রবেশের টিকিট কিনে ফেললাম। টিকিটের দামটা এখন আর মনে নেই। এ দোকানের সামনেই অপেক্ষারত কোকেনহোফগামী বেশ কিছু বাস পর্যটকদের জন্য। বাসে চড়ে বসলাম। এই বাস গিয়ে থামল টিউলিপ-বাগানের সামনে মিনিট দশেকের কম সময়ের মধ্যে। ফটকেই টিউলিপের বিপুল বিস্ময়, না জানি শেষ পর্যন্ত কী ঘটে! প্রবেশ ফটক পেরিয়ে হাতের ডানে হাঁটতে শুরু করেছি আমরা। টিউলিপের তখন ভরা যৌবন।
পায়ে হেঁটে এ বাগান দেখতে হয়। কোকেনহোফ পার্ক ৩২ হেক্টর এলাকাজুড়ে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছি তো কী হয়েছে? গাঢ় সবুজ ঘাসের ওপর বসে পড়েছি সামনের বিস্তৃত বাগান দেখতে। বাগানে বছরে প্রায় ৮০০ প্রজাতির ৭০ লাখ ফুলের চারা লাগানো হয়। সারা বছর ব্যক্তিগত বিষয় এবং উৎসবের জন্য উন্মুক্ত থাকলেও কোকেনহোফ শুধু মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আট সপ্তাহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। তবে এপ্রিলের প্রথম দিকে টিউলিপ বাগান দেখার সবচেয়ে উপযুক্ত সময়। প্রতিদিন গড়ে আট হাজার মানুষ এ বাগান পরিদর্শনে যান।
অল্প হাঁটতেই একটি খালের দেখা পেলাম বাগানের ঠিক মধ্যখানে। সরু, শান্ত খাল। খালের চারধারে এত এত টিউলিপের গাছ, যেন টিউলিপের গাছ দিয়ে বাঁধাই করা সে খাল।
এখানে একটি দুর্গ ছিল পনেরো শতকে। ডাচ দুর্গ। স্লট টেইলিংজেন তার নাম। এ দুর্গের পাশে বিস্তৃত শিকারক্ষেত্র ছিল, যাকে দুর্গের সবজিবাগানও বলা হতো। কারণ, এখানেই ফল ও সবজি চাষ হতো দুর্গের বাসিন্দাদের জন্য। বাগানের উল্লেখযোগ্য বাসিন্দা ছিলেন কাউন্টেস জ্যাকোবা ভ্যান বেয়েরেন। তিনি বাগান করতে পছন্দ করতেন। দুর্গের রান্নাবান্নার জন্য তিনি বাগানটি করেছিলেন, যেখান থেকে কোকেনহোফ নামটি এসেছে, যার অর্থ ‘সবজিবাগান’। সময়ের পরম্পরায় মালিক পরিবর্তিত হয়েছে। ১৬৩৮ সালে এই ভূসম্পত্তি কেনেন স্থানীয় গভর্নর আদ্রিয়েন মারটেনজ ব্লক। ১৬৪১ সালে তিনি বাড়ি তৈরি করেন, যার নাম রাখেন কোকেনহোফ।
এখনকার এই বাগান তৈরি হয়েছে ১৯৪৯ সালে। ১৯৫০ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ‘কাউন্ট ক্যারেল ডি গাফ ভ্যান লিনডেন’ নামের একটি দাতব্য ফাউন্ডেশন এটি পরিচালনা করে। প্রতি শরৎকালে, ৪০ জন উদ্যানমালিক ৭০ লাখ টিউলিপ ফুল ফোটানোর কর্মযজ্ঞ শুরু করেন। তাঁরা ১০০ জনের বেশি চাষিকে কাজে লাগায় এই ফুল চাষের কাজে। রোপণ শুরু হয় অক্টোবরের প্রথম দিকে, ৫ ডিসেম্বরের মধ্যে শেষ হয়।
ইতিহাসের পথ ধরে আমরা দাঁড়াই খালের এক পাড়ে একটি কাঠের ছোটমতো সেতুতে। তা পেরিয়ে সামনে এগোলে ভিন্ন রকম আরেকটি সেতু। বড় বড় গাছের গুঁড়ি খালের পানির মধ্যে রাখা হয়েছে একটার পর একটা। এক গুঁড়ি থেকে লাফিয়ে যেতে হয় অন্য গুঁড়িতে। এক গুঁড়িতে পা রাখি, তারপর লাফিয়ে আরেক গুঁড়িতে যাই অত্যন্ত সতর্কতার সঙ্গে। যদি পানিতে গিয়ে পড়ি! আহ্, আনন্দ আর সংশয় একসঙ্গে।
লেখক: গবেষক ও পর্যটক