বেতাব ভ্যালির জীবন

কাশ্মীরের একান্ত নিজস্ব বরফছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকক্ষণ ধরেই কাছের গ্রামের ১৫–১৬ বছর বয়সী একটি ছেলে আমার পেছন পেছন ঘুরঘুর করছে, ঘোড়া ভাড়া নেওয়ার জন্য। আমি আজকের দিনটা শুধুই ট্রেক করতে চাই কিন্তু সে ছোড়া নাছোড়বান্দা। একটু মায়াও হচ্ছিল, একজন ট্যুরিস্ট নেই। এদের উপার্জন বন্ধ গত বছরের আগস্ট মাস থেকে। তাই কিছুক্ষণ ভেবে বললাম, ‘দাও হে একটা ঘোড়া আমায়। তবে শর্ত হচ্ছে তুমি আমার কাছ থেকে ৫০ মিটার দূরে থাকবে। ঘোড়া আমি নিয়ন্ত্রণ করব, একেবারেই কথা না শুনলে তখন তুমি এসো সামলাতে।’

বেতাব ভ্যালি
ছবি: লেখক

ছেলেটির নাম মুশতাক। আমার কথা শুনে এত খুশি হলো যে মনে হলো রাজ্য জয় করে ফেলেছে। ওর সেই খুশিভরা মুখ কখনোই ভোলার নয়। মুশতাক দৌড়ে চলে গেল ঘোড়া আনতে। ফিরে এল ঘোড়া আর মাঝবয়সী ঘোড়ার মালিককে নিয়ে। মালিকের নাম আহমাদ। ঘোড়ার নাম পরি। আমি চললাম সামনে আর পরির মালিক এলেন পেছন পেছন। আহমাদ ভাই বললেন, ঘোড়া আছে এই ভ্যালিতে ৭৫টি। এদের ইউনিয়নও আছে। যদি সারা দিনে একজন ট্যুরিস্টের দেখা মেলে, তবে যা উপার্জন হবে, তা ভাগ হয়ে যাবে ৭৫ ঘোড়ার মধ্যে।

এখানকার পথঘাট আমার চেনা৷ তাই নিজের মতো চড়ে বেড়ালাম। পরি মাঝেমধ্যে কথা শুনতে চায় না। কারণ, তার সঙ্গীকে আস্তাবলে রেখে আসা হয়েছে। ঘোড়াও চায় সঙ্গ, কাছের ঘোড়ার নৈকট্য।

পাহাড়ি পথ, উঁচু–নিচু, কখনো পাইনগাছের সারি, কোথাও ওক, কোথাও আমার প্রিয় চিনার। আজকে ঝলমলে রোদ উঠেছে, নীলের চেয়েও দুরন্ত রাঙা আকাশ। একটা বিশাল পাহাড়ি এলাকায় সম্পূর্ণ একা হয়ে যাওয়ার মতো আনন্দের আর কিছুই নেই। হুট করে পরি হয়ে গেল আমার পঙ্খীরাজ, আমাকে নিয়ে উড়াল দিল আকাশে। নিচে পড়ে রইল আরু নদীর চোখের শুকনো জল, লুটিয়ে থাকা পাথর, হু হু বাতাসের উল্লাস, পাইনের মাতলামি, আরও দূরের পাহাড়ের মাথায় জমে থাকা ডাগর বরফ, ঝরে যেতে চাওয়া রোদ বা তার চেয়েও ব্যথাতুর সূর্যের কমলা প্রাণ।

ফিরে এসে পরি ফেরত গেল মালিকের কাছে। আমি ট্রেক শুরু করলাম। অনেক ট্যুরিস্ট এখানে ট্রেক করেছেন আগে। এখন নীরব। আর গ্রামবাসী তো নিত্য চলাচল করেন এ পথ ধরে। প্রায় এক ঘণ্টা ট্রেক করে পাহাড়ের ওপর মনমতো একটা জায়গা পেলাম একদম উঁচুতে বসে থাকার জন্য।

আরু নদীতে লেখক
ছবি: সংগৃহীত

পাহাড়ের ওপর সমতলে ঘাস শুকিয়ে এখন হলদেটে হচ্ছে। পাইন বন ঘিরে রেখেছে, পাইনের ঝুরি থেকে ঝরে পড়ছে টুপটাপ ফুল। নির্ভার বাতাস একাকিত্ব সইতে সইতে বয়ে যাচ্ছে গাল ফুলিয়ে। আর পাহাড়ের নিচে পাহাড়ের রুপালি নূপুর হয়ে এঁকেবেঁকে চলছে আরু নদী। এখন আর সেই অস্থিরতা নেই। অনেক জায়গায় জল কমে গেছে।

আরও পড়ুন

দূরের পাইন, দেবদারুঘেরা পাহাড়গুলো পরতে পরতে ধোঁয়াশা করে যেন মেঘ হয়ে এক্ষুনি ধরা দেবে কারও বুকে। কী অদ্ভুত সমন্বয় পাহাড়ের, এত দূরে অথচ কাছে পাওয়ার আকুলতায় বিভোর। পাইন বন কাছে থাকলে ছায়া দেয় আর দূরে গেলে মনে হয় আমি ছায়া দিয়ে জল দিয়ে রাখি, ছোট শিশুর মতো হয়ে যায় সে। মনে হয় বেয়ে উঠছে হাঁটু জড়িয়ে ধরে। আসলে দূর থেকে মনে হলেও এসব বন আমাকেই ছায়া, মায়া দিয়ে যায়, অন্তরাত্মা জুড়ায়।

বনের কনকনে ঠান্ডায় জমে গেলে রোদ এসে রংতুলি বোলায় গায়ে। কখনো মেঘে ঢাকা রোদ আবার কখনো ঝলমলে পোশাক পরে রাজা মহারাজার বেশে আরামদায়ক রোদ। আর পাইন বন দেয় সুবাস। পাইন ফুল শুকিয়ে গেলে কাঠের মতো শক্ত হয়ে যায়, বড় আকারের ফুল হয়। সেই ফুল ঝরিয়ে পাইন বলছে, আবার আসবে কিন্তু।

রোদ পশ্চিমে হেলে যাচ্ছে, ফ্লাস্কে আনা কফি, কুকিস আর ফল খেয়ে একা একা বেশ একটা ডে আউট বা ছোটখাটো পিকনিক করে ফেললাম। আমাকে লোকে পাগল বলে এসব কারণে। যেখানে মানুষ ডে আউট করে অনেকে মিলে, আমি সেখানে করি একা একা।

পাইন বনের নিচ দিয়ে বয়ে যাওয়া আরু নদী
ছবি: লেখক

ঠান্ডা বাড়ার আগে কটেজে ফেরার জন্য ট্র্যাক শুরু হলো আমার। পথ কম নয়। বেশ কয়েক মাইল। এবার একটা ভিন্ন পথ ধরলাম। আবার সেই চড়াই-উতরাই, আবার সেই লিডার নদীর কোলের কাছের শাখানদী আরুর সঙ্গে দ্রাঘিমাংশ পেরোনো।
পথে পড়ল বেতাব ভ্যালি। বলিউড সিনেমা ‘বেতাব’–এর শুটিং নাকি এখানেই করা হয়েছে। আমি সিনেমাটি দেখিনি। এখানে কয়েকবার আসার পরও দেখিনি। বেতাব ভ্যালি এমনিতেই সুন্দর আমার কাছে। বিশাল পাহাড়ের মাঝে সমতল জায়গায় ঠাঁই করে নিয়েছে পাইন বন। গরমকালে ভ্যালি থাকে সবুজ। এখন হেমন্তের পড়ন্ত বেলায় হলুদ হয়ে যাচ্ছে পুরো ভ্যালি। এ–ও এক অসামান্য জাদু।

আরু নদীর ওপারে কাশ্মীরি গ্রাম
ছবি: লেখক

কটেজে ফিরে শুনি হুসেইন আংকেল কয়েকবার মুদাসসেরকে ফোন করেছেন আমার খোঁজখবর নেওয়ার জন্য। মুদাসসের যথেষ্ট বকাও খেয়েছে ইতিমধ্যে। সবার ধারণা ছিল, আমি হারিয়ে গিয়েছি জঙ্গলে এবং একটু পর বরফ পড়া শুরু করলে আরও বিপদ হতে পারে। আমি ভ্রমণে কখনো মোবাইল ফোন ব্যবহার করি না, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ায় ব্যাঘাত ঘটায় বলে।

এরই মধ্যে মুদাসসেরের মা খাবার তৈরি করে পাঠিয়েছেন। আমি খুশিতে আটখানা। গিয়ে ঘুরেও এলাম ওদের বাড়ি থেকে। ইটের দেয়াল আর চারচালা ঘর। এখানকার এই নিয়ম। বরফ পড়লে দ্রুত পরিষ্কার করা যায় ঘরের চাল। ওদের বাড়িতে মা–বাবা আর ছোট বোনের সঙ্গে থাকে মুদাসসের। সবাই কাশ্মীরি ফারেন বা ফেরান বা উলের কাপড়ে তৈরি ঢোলা লম্বা জামা পরে বসে আছে। সুবিধামতো ফেরানের ভেতর হাত ঢুকিয়ে ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায়, আবার হাত বের করাও যায়।

ক্লাস এইট অবধি পড়েছে মুদাসসের। এরপর কাশ্মীরের অশান্ত পরিবেশের কারণে স্কুলে পাঠানোর পয়সা জোগাড় হয়নি ওর বাবার। নিজেদের জমি আছে চাষবাস করে সেখানে। মুদাসসের হোটেলে কাজ করত। এখন এই করোনাকালে প্রায় সব হোটেল বন্ধ থাকার কারণে ঘরে বসে আছে। ছোট বোন রাফিয়াও স্কুলে যায় না। ঘরে মাকে কাজে সাহায্য করে। এভাবেই কাশ্মীরের অজপাড়াগাঁয়ের সাধারণ জীবন চলে।

রাতে তুষারপাতের আশঙ্কা থাকলেও তেমন কিছু চোখে পড়ল না। চোখে পড়ল তারাভরা গাঢ় নীল আকাশ। এখানে ঘন ঘন বিদ্যুৎ চলে যায় বলে রুমহিটার কাজ করলেও বেশিক্ষণ করে না। মাঝে একবার মুদাসসের এসে জেনারেটর চালিয়ে দিয়ে গেছে। আমি দেয়ালজুড়ে জানালার এক কোনায় কম্বল মুড়ি দিয়ে বসে তারা দেখি, পাহাড় দেখি, শূন্য পথ দেখি আর ঘরের পেছনে আরুর কথার ফুলঝুরি শুনি।

প্যাহেলগামের সিলভার গাছ
ছবি: লেখক

কাশ্মীরে একটা নতুন জিনিস দেখলাম শীতকালে ব্যবহার করার জন্য—ইলেকট্রিক ব্লাঙ্কেট। বিছানায় চাদরের মতো পাতা থাকে। সুইচ অন করে কম্বলের তলায় ঢুকে পড়তে হয়। ধীরে ধীরে ব্লাঙ্কেট গরম হয়ে যায়। যত ঠান্ডাই থাকুক না কেন এরপর আর ঠান্ডা অনুভূত হবে না। স্থানীয় লোকজন ‘কাংরি’ নামের একটা জিনিস ব্যবহার করে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ছোট হাতে ঝোলানো যায়, এমন ঝুড়িতে মাটির পাত্রে কয়লা জ্বালিয়ে হাতে নিয়ে চলাফেরা করে বা খুব কাছে বসে থাকে।

আরও পড়ুন

রাত যত বাড়ে, তারকাদের দল ততই গভীর হয়ে গেঁথে যায় আকাশের গায়ে। আকাশ অচল তারা ছাড়া, তারাও অচল রাতের আকাশ ছাড়া।

পরদিন সকালেও রোদ এসে ঘুম ভাঙিয়ে গিয়েছে। রাতের জমে থাকা বরফ নিজেও রোদ পোহাচ্ছে, গলে যাচ্ছে। নিচতলায় মুদাসসের অনেকক্ষণ আগে এসে বসে আছে নাশতা নিয়ে। গতকালই জিজ্ঞেস করেছিল কয়টায় আসতে হবে। বেচারা বাইরে ঠান্ডায় বোধ হয় জমে গেছে। কটেজের সদর দরজা আমি বন্ধ করে দিয়েছিলাম। অবশ্য দরজা বন্ধ না করলেও অসুবিধে ছিল না। কাশ্মীরে কখনো চুরি হয় না, স্থানীয় লোকজন নারীদের দিকে কুদৃষ্টিতে তাকায় না।

আরও পড়ুন

আজকের দিনে ঠিক করলাম যেদিকে দুচোখ যায় চলে যাব। মানে যেদিকে ইচ্ছে, সেদিকে হাঁটা দেব। উদ্দেশ্যহীন পথচলা। আশপাশের গ্রাম ঘুরে দেখব। মানুষ দেখব। নিচে নেমেই আরু নদীর তীর ধরে যত দূর যাওয়া যায় যেতে থাকলাম। পুরোপুরি উদ্দেশ্যহীন হয়ে যাওয়া। আমার কোথাও ফেরার তাড়া নেই, কেউ অপেক্ষা করে নেই। তাই নিরবচ্ছিন্ন নিমগ্নতা আসে এই চলায়। আমার জন্য চলা বা চলে যাওয়াই জীবন।

কাশ্মীরের শিশু
ছবি: লেখক

প্রায় সময় পথ কথা বলে, আমিও বলি। বিভোর হই একে অন্যের সঙ্গে। কারণ, আমি জানি, পথের চেয়ে একা আর কেউ নয়। আরু নদীর শরীরজুড়ে ছোট–বড় নানা আকারের পাথর। কোনো কোনো জায়গায় এখন জল খুবই কম। এক পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে পার হওয়া যায়। এভাবে ক্যাঙারু হয়ে কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম নদীর অপর পাড়ের গ্রামে। গ্রামের নাম লারিপুরা। একদম স্বপ্নের মতো লাগছে। পাহাড়ের ঢালে চারদিকে দেবদারু, ওক, আখরোটগাছের ঘন বনের মধ্যে উঁকি দিচ্ছে কয়েকটি ঘর। একটি ঘরের সামনে দুজন নারী রোদ পোহাচ্ছিলেন, একজনের কোলে এক বছর বয়সের শিশু। আমি এগিয়ে যেতেই টুল পেতে দিলেন বসার জন্য।

তাঁদের নিজেদের সবজিখেত আছে সামনেই। সেখানে কাজ করেন, ঘরের কাজও করতে হয়। একজনের নাম শাফিয়া, অন্যজন গুলশান। তাঁদের ঘরের পুরুষেরা চাষবাসের কাজ করেন। এরই মধ্যে আরও তিনটি শিশু এসে পড়ল। আশ্চর্যজনকভাবে এঁদের আমার প্রকৃতির অংশ বলে মনে হলো। কোনো কৃত্রিমতা নেই। কথা বলছে যেন মনে হচ্ছে বনের সবুজ গন্ধা হাওয়া বইছে। শাফিয়া গুনগুন করে গান গাইছিলেন। আমার মনে হলো, এ যে আরেক লালেশ্বরী! গান গেয়ে শোনাচ্ছেন জীবনের দর্শন, জীবন এখনো চতুর্দশ শতকের সেই সুফি সাধনা। এ অবশ্যই হাব্বা খাতুন, গাছের নিচে উদাস হয়ে গান গাইছে আর ঘোড়ায় চড়ে রাজা আসবে, গান শুনে মুগ্ধ হবে, রানি বানিয়ে সঙ্গে করে নিয়ে যাবে।

সাফিয়া বললেন তাঁদের সঙ্গে থেকে যেতে। আমি রান্নাঘরে গিয়ে দেখি বেশ আয়োজন করে মাটন ইয়াখনি তৈরি করেছে। কাশ্মীরে পাকা দালানের সংখ্যাই বেশি, কেউ কেউ কাঠের ঘরেও থাকেন। ড্রয়িংরুমে নিচে বসবার ব্যবস্থা। সোফা, চেয়ার কিছু নেই। এটাই কাশ্মীরের ট্রেডিশন। পাশে কাংরি জ্বলছে। ঘরের ভেতরে বসে ছিলেন গুলশানের শ্বশুর। এদের জীবন সাধারণ ও সাবলীল। কোনো বাড়তি চাওয়া–পাওয়া নেই। যেমন চলছে, তেমন করেই মেনে নিয়েছে সবাই।

সেদিন বরফ ঝরেছিল কাশ্মীরে
ছবি: লেখক

কাশ্মীরের নারীরা ভীষণ লাজুক হয়। অনেক বলেকয়েও এদের ছবি তুলতে পারলাম না।

দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে রোদ হারিয়ে গেল। ছাইরঙা হতে থাকল একটু আগের আদুরে নীল আকাশ। এ হলো বরফ পড়ার পূর্বাভাস। আমি অনেকটা পথ হেঁটে এসেছি। ফিরতেও হবে বরফ পড়া শুরু হওয়ার আগে। সেই প্রিয় নদীর আঁকাবাঁকা তীর ধরে, সেই জঙ্গলের পাইন বন ছাড়িয়ে হারিয়ে যেতে ইচ্ছে হলো। সব ইচ্ছে সব সময় পূরণ করতে নেই। পরেরবারের জন্যও কিছু রেখে দিতে হয়। এর চেয়েও তীব্র ইচ্ছে এখন কফির মগ হাতে জানালায় বসে তুষারপাত দেখা।

সন্ধ্যা নামার পরই তুষার নামল। ছেয়ে গেল নিঃশব্দ নিশ্বাসের প্রগাঢ়তায়
ছবি: লেখক

কটেজে ফিরে এসে খুব অপেক্ষায় রইলাম তুষার মহাশয়ের। তার আশার নাম নেই। বিকেল গড়িয়ে ঘন কুয়াশায় ছেয়ে সন্ধ্যা নামল। আর সন্ধ্যা নামার পরই তুষার নামল। ছেয়ে গেল নিঃশব্দ নিশ্বাসের প্রগাঢ়তায়। ছেয়ে গেল পথঘাট সাদা উলের কম্বলের তলায়। জানালার পাশে শুকনো ন্যাড়া গাছের ডালে হাত বুলিয়ে যে আদর করে চলে, ক্ষত সারায়, সে একলা বাতাস অথবা এই তুলোর মতো কোমল, স্নেহপূর্ণ বরফ। আমাদের কাশ্মীরের একান্ত নিজস্ব বরফ।