মধ্যরাতে সূর্য ওঠে যে দেশে

বরফের কৃত্রিম গুহা, পারলান হাউস, আইসল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইসল্যান্ড’ নামটি শুনলে মনে হতে পারে দেশটি বরফে আবৃত কোনো একটি দেশ। আইসল্যান্ডে পা রাখার আগপর্যন্ত আমার নিজেরও একই ধারণা ছিল এ দেশটিকে ঘিরে, কিন্তু যখন আইসল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা হলো, তখন সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম, যা শোনার সঙ্গে সঙ্গে যেকোনো মানুষের চক্ষু চড়ক গাছে পরিণত হওয়ার উপক্রম হবে।

সময়টা ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি। ইউরোপে তখন শীত তীব্রভাবে জেঁকে বসেছে। এমন একটি সময় যখন আইসল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করি, অনেকে আমার এ পরিকল্পনায় সায় দিচ্ছিলেন না। কিন্তু আমি একেবারে নাছোড়বান্দা, কারও কথায় কোনো ধরনের কর্ণপাত না করে নিজের ইচ্ছাতেই এ সময়টা বেছে নিই আইসল্যান্ড ভ্রমণের জন্য। এর পেছনে একটা কারণ ছিল অবশ্য, এ সময়টাতে আসলে অ্যারোপ্লেনের টিকিটের দাম ছিল তুলনামূলক কম—যদিও আমি তিন মাস পূর্বেই টিকিট কনফার্ম করে রেখেছিলাম।

আইসল্যান্ডের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কেফ্লাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ব্যবস্থাপনার দিক থেকে এটিকে বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্ট দাবি করা যায়
ছবি: লেখক

নাম যেহেতু আইসল্যান্ড এবং ইউরোপের অনেক দেশে তখন রীতিমতো তুষারপাতও শুরু হয়ে গেছে, তাই শুধু আইসল্যান্ড ভ্রমণের উদ্দেশে আগের থেকে শীত নিবারণের জন্য বিশেষ কিছু ভারী পোশাক কিনে রেখেছিলাম।

২০১৮ সালের ১৮ ডিসেম্বর। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে উইজ এয়ারের ফ্লাইটে আইসল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করি। সেদিন বুদাপেস্টে তীব্র তুষারপাত হচ্ছিল, তাই মনে একধরনের বাড়তি রোমাঞ্চ কাজ করছিল। যদিও আইসল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশ নয়, তবে ইউরোপের বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কমন বর্ডার ফ্রেমের অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তার একটি। অর্থাৎ সেন জেনের অন্তর্ভুক্ত দেশগুলোর তালিকায় আইসল্যান্ডের নাম রয়েছে।

স্লোভেনিয়া যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং একই সঙ্গে সেন জেনভুক্ত রাষ্ট্রগুলোর তালিকায়ও স্লোভেনিয়ার নাম রয়েছে, তাই স্লোভেনিয়ার অস্থায়ী রেসিডেন্সের সুবাদে আমার আইসল্যান্ড ভ্রমণের সৌভাগ্য হয়েছে। যদিও স্লোভেনিয়া ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে দ্রুত বর্ধনশীল দেশগুলোর মাঝে একটি, তবে এখনো দেশটির অবকাঠামো পুরোপুরি আশানুরূপভাবে গড়ে ওঠেনি। বিশেষত দেশটিতে গণপরিবহন সেবার মান ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক পিছিয়ে।

আইসল্যান্ডের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কেফ্লাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ছবি: লেখক

দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ইয়োজে পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাজধানী লুবলিয়ানা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তবে এ এয়ারপোর্টটি আয়তনে খুবই ছোট এবং দুর্বল অবকাঠামোর জন্য খুব বেশি একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের দেখা মেলে না সেখানে। এমনকি স্লোভেনিয়ার স্থানীয় অধিবাসীরা তাদের নিজ দেশের বিমানবন্দরের পরিবর্তে প্রতিবেশী দেশ ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি কিংবা ক্রোয়েশিয়ার বিমানবন্দরগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।

স্লোভেনিয়াতে আমার বসবাস ভিপাভাতে, যেটা ইতালির সীমান্তের খুবই নিকটে অবস্থিত ছোট্ট একটি মফস্বল এলাকা। ভিপাভা থেকে রাজধানী লুবলিয়ানা হয়ে বুদাপেস্টের লিটজ ফ্যারেঙ্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে ছয় থেকে সাত ঘণ্টার মতো সময় লাগে। আবার যেহেতু আমার ফ্লাইট ছিল ভোর সাড়ে চারটার দিকে, তাই এয়ারপোর্টের বাইরে অন্য কোথাও রাত অতিক্রম করার মতো সুযোগও ছিল না। বুদাপেস্টের দুর্যোগময় আবহাওয়ার জন্য সে যাত্রায় ফ্লাইট ছেড়ে যেতে বেশ বিলম্ব হয়েছিল।

প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে আইসল্যান্ডে পৌঁছালাম। সুমেরু রেখার কাছাকাছি হওয়ায় আইসল্যান্ড নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিন মাস বলতে গেলে দিনের প্রায় ২৪ ঘণ্টা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকে। সূর্যের আলো দেখা গেলেও সেটা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। অন্যদিকে মে, জুন ও জুলাই এ তিন মাস বলতে গেলে দিনের প্রায় সমগ্র অংশে সূর্যালোকের দেখা মেলে। এমনকি ঘড়ির কাঁটায় যখন রাত ১২টা তখনো সূর্য অস্ত যায় না। এ ঘটনাকে ‘মিড নাইট সান’ বলা হয়ে থাকে।

অ্যারোপ্লেন থেকে নেমে এয়ারপোর্টে পা রাখার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে অফিশিয়াল কাজগুলো সেরে ফেলতেই এক অফিসার হাসিমুখে আমাকে আইসল্যান্ডে স্বাগত জানালেন। এরপর তিনি নিজে থেকে আমাকে আইসল্যান্ডিক ভাষার কিছু শব্দ শেখাতে শুরু করলেন। যেমন ‘গোয়ান ডাগিন’–এর অর্থ শুভ সকাল কিংবা ‘টাক’ শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ ইত্যাদি। আইসল্যান্ডের ভাষা একটি জার্মানিক ভাষা। তাই আইসল্যান্ডিক শুনতে কিছুটা জার্মান ভাষার মতোই মনে হয়। জার্মান, ডাচ, ইংরেজি, সুইডিশ, ড্যানিশ, নরওয়েজীয় এসব ভাষা জার্মানিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত।

এয়ারপোর্ট থেকে শুরু করে আইসল্যান্ডের প্রায় সব জায়গায় আমার একটা জিনিস বিশেষভাবে চোখে পড়ল। আর সেটা হচ্ছে দেশটির স্থানীয় বাসিন্দারা যখনই কোনো বিদেশি অতিথির সম্মুখীন হন, সবাই চেষ্টা করেন অন্তত আইসল্যান্ডিক ভাষার একটা শব্দ হলেও তাঁকে শেখানোর জন্য। আইসল্যান্ডের সরকারও প্রতি বছর তাদের ভাষা ও সংস্কৃতিকে বাইরের দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে। তাই ভিনদেশিদের আইসল্যান্ডিক ভাষা শেখানোর জন্য আইসল্যান্ডের সরকারের কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রয়েছে। এসব প্রোগ্রামের আওতায় প্রতিবছর বিশেষত গ্রীষ্মের সময় বাইরের দেশগুলো থেকে অনেকে আইসল্যান্ডে পাড়ি জমান সেখানকার ভাষা শিখতে।

আমি রেইকইয়াভিকে যে হোস্টেলে উঠেছিলাম, সে হোস্টেলে বেশ কয়েকজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যাঁরা শুধু আইসল্যান্ডের ভাষা শেখার জন্য সে দেশে এসেছিলেন। তবে আমার কাছে যে জিনিসটি বেশি আশ্চর্য লেগেছে, সেটি হলো আমাদের দেশের মানুষ যেসব দেশকে পছন্দের তালিকায় সবার ওপরে রাখেন, সেই আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্সের মানুষেরা আইসল্যান্ডে বেশি আসেন। এঁদের মধ্যে কেউ আসেন পর্যটক হয়ে, কেউ আবার আসেন ভাষা শিখতে। এঁদের অনেকে আইসল্যান্ডের সৌন্দর্যে এবং সেখানকার সমাজব্যবস্থার চিত্র দেখে এত বিমোহিত হয়ে পড়েন যে তাঁরা আইসল্যান্ড ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। এর কিছু কারণও রয়েছে।

কোনও এক অজানা শিল্পীর নিপুণ তুলিতে আঁকা আইসল্যান্ডের ভূ-প্রকৃতি। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আইসল্যান্ডের ভূ-প্রকৃতি একেবারে অনন্য
ছবি: লেখক

আইসল্যান্ড প্রথমত বিশ্বের সবচেয়ে সুখী এবং কম অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এমনকি সামাজিক নিরাপত্তা সূচকেও দেশটি সবার ওপরে। বলা হয়ে থাকে আইসল্যান্ড এতটাই নিরাপদ যে সে দেশের পুলিশও কোনো ধরনের অস্ত্র বহনের প্রয়োজনীয়তা অনুভব করে না। আইসল্যান্ডের জনসাধারণও অনেক বন্ধুবৎসল। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মানুষের যাবতীয় মৌলিক চাহিদা নিশ্চিতের ক্ষেত্রে এ দেশটি সবার কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়।

এক আইসল্যান্ডিক ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারি, তাঁদের দেশের সরকারের পলিসি হচ্ছে আর যা-ই হোক না কেন, অন্তত অর্থাভাবে আইসল্যান্ডের কোনো মানুষ যেন নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন কিংবা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়। এ জন্য দেশটির সরকার পিছিয়ে পড়া অধিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। যেমন: গাড়ি বা বাড়ি কেনার জন্য বিভিন্ন ধরনের অর্থ সাহায্য দিয়ে থাকে সরকার। দেশটিতে মাসিক বেকার ভাতা ৩ হাজার ইউরোর ওপর। এমনকি মজুরির হিসাবেও আইসল্যান্ড বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে একটি।

আমি নিজে অন্তত তিনজনের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি, যাঁদের একজনের নাম ক্রিস প্যারিস, যিনি আমেরিকা থেকে আইসল্যান্ডে এসেছিলেন পর্যটক হয়ে। অন্যজন অ্যাগনেস চারপেন্তিয়ার, যিনি মূলত ফ্রান্সের অধিবাসী এবং অন্যজন নিক, তিনি স্কটিশ। এঁদের সবাই বর্তমানে আইসল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন কিন্তু আইসল্যান্ডে আসার পূর্বে তাঁদের এ ধরনের পরিকল্পনা ছিল না।

আইসল্যান্ডে বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে পোলিশরা সংখ্যায় সবচেয়ে বেশি এবং দেশটিতে বসবাসরত ৩ লাখ মানুষের মধ্যে ৩০ হাজার মানুষই পোলিশ বংশোদ্ভূত। এ ছাড়া ইংল্যান্ড ও আমেরিকা এমনকি কানাডা থেকেও বর্তমানে স্থায়ীভাবে বসবাসের জন্য আইসল্যান্ডে পাড়ি জমাচ্ছেন লোকজন। তুর্কি বংশোদ্ভূত অনেক অভিবাসী দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছেন। আর দক্ষিণ এশীয়দের মধ্যে পাকিস্তানিরা আইসল্যান্ডে সংখ্যায় সবচেয়ে বেশি। রেইকইয়াভিকে আমি যে হোস্টেলে উঠেছিলাম, তার থেকে সামান্য দূরে ইসলামিক কালচারাল সেন্টারের দেখা পেয়েছিলাম।

ছবির মতো সুন্দর আইসল্যান্ড
ছবি: লেখক

কেফ্লাভিকে অবস্থিত বিমানবন্দরটি আইসল্যান্ডের একমাত্র বিমানবন্দর। ব্যবস্থাপনার দিক থেকে এটি বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো। এয়ারপোর্ট থেকে আইসল্যান্ডের রাজধানী রেইকইয়াভিকের দূরত্ব ৫০ কিলোমিটারের মতো। বিভিন্ন ট্যুর অপারেটিং কোম্পানি এয়ারপোর্ট থেকে রেইকইয়াভিকে যাতায়াতের জন্য পরিবহন পরিষেবার ব্যবস্থা করে থাকে। তবে তুলনামূলক কম খরচে রেইকইয়াভিক পৌঁছাতে হলে ৫৫ নম্বর বাসের বিকল্প নেই। প্রতি ঘণ্টায় একটি করে বাস কেফ্লাভিকের এয়ারপোর্ট থেকে রাজধানী রেইকইয়াভিকের উদ্দেশে যাতায়াত করে।
অনলাইনে কিংবা এয়ারপোর্টের ভেতরের কোনো গ্রোসারির দোকান থেকে অথবা সরাসরি বাসড্রাইভারের কাছ থেকেও টিকিট কেনা যায় বাসের। ৫৫ নম্বর বাসে চড়ে কেফ্লাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রেইকইয়াভিকের সিটি সেন্টারে পৌঁছাতে ১ হাজার ৮৪০ আইসল্যান্ডিক ক্রোনার প্রয়োজন হয়। বাংলাদেশের মুদ্রায় এক টাকা প্রায় দেড় আইসল্যান্ডিক ক্রোনারের সমতুল্য।

এয়ারপোর্ট থেকে বাইরে নেমে আচমকা হতবিহ্বল হয়ে পড়ি। বুদাপেস্টে যখন তাপমাত্রা শূন্যের নিচে এবং ইতিমধ্যে যখন সেন্ট্রাল ইউরোপের অনেক দেশে তুষারপাত শুরু হয়ে গেছে, সেখানে আইসল্যান্ডে তখনো কোথাও তুষারপাতের খবর আসেনি। মোবাইলের অ্যাপ থেকে জানতে পারি, আশপাশের পরিবেশের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, রীতিমতো ভড়কে যাওয়ার মতো অবস্থা। তবে বাতাসের তীব্রতা ছিল রীতিমতো হাড়কাঁপানো। এত শক্তিশালী বায়ুপ্রবাহ জীবনে আর কখনো দেখিনি। আমার মতো আশি কেজি ওজনের একজন মানুষকে উপড়ে ফেলার মতো শক্তিশালী এ বাতাস। দুপুর ১২টার সময়ও চারদিকে অন্ধকার। যদিও সে অন্ধকারের বুক চিরে একটু একটু করে সূর্যের আলো প্রস্ফুটিত হচ্ছে। তবে দীর্ঘ সময়ের জন্য নয়।

স্থানীয় এক অধিবাসীর সঙ্গে কথা বলে জানতে পারি আমরা আইসল্যান্ডকে বাইরের পৃথিবী থেকে যতটা শীতল দেশ হয়েছে বিবেচনা করি, বাস্তবে আইসল্যান্ডের আবহাওয়া ততটা শীতল নয়। তবে গতিশীল বায়ুপ্রবাহের কারণে কোনো কোনো সময় বাইরের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস হলেও আইসল্যান্ডে অনুভূতিতে সেটা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস মনে হতে পারে। আইসল্যান্ড নামটি প্রকৃতপক্ষে একটি মিথ।

লেখক: শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।