ইউরোপ কিংবা আমেরিকাতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বড়দিনের উৎসব পালন করা হয়। ক্রিসমাস আসার অন্তত এক মাস আগে থেকেই শহরের রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল, এমনকি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বর্ণিল আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে ওঠে। রাস্তার দুই ধারে যেদিকে তাকানো যায়, চোখের সামনে ভেসে ওঠে সান্তা ক্লস আর বলগা হরিণের প্রতিমূর্তি। ক্রিসমাসকে সামনে রেখে শহরের বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়।
বড়দিনের আরও একটি আকর্ষণ হচ্ছে ক্রিসমাস মার্কেট। ক্রাকো, ওয়ারশ, নোভি সাদ, স্টকহোম, প্রাহা, হেলসিংকি, কোলন, ড্রেসডেনসহ ইউরোপের অনেক শহর আছে, যেখানে শুধু ক্রিসমাস মার্কেট দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটকের সমাগম হয়। ক্রিসমাসের দিন যান্ত্রিকতার চাদরে মোড়া ইউরোপ আর আমেরিকার অধিবাসীরা তাদের পরিবারের সবার সঙ্গে এক হয়ে বড়দিনের উৎসব উপভোগের চেষ্টা করে।
অনেকে বলে থাকেন, ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিনের উৎসব কখনো পরিপূর্ণতা লাভ করে না। তাই বছরের এ সময়ে ইউরোপ কিংবা আমেরিকায় বাসা-বাড়ি থেকে শুরু করে আশপাশের সব জায়গায় শোভা পায় এ ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি সাজানো নিয়ে রীতিমতো প্রতিযোগিতা লেগে যায় অনেক জায়গায়।
সচরাচর আমরা ২৫ ডিসেম্বরকে ক্রিসমাসের দিন হিসেবে জেনে এসেছি, তবে এখনো এ পৃথিবীতে একটি বড় অংশের মানুষ ২৫ ডিসেম্বরের পরিবর্তে ৭ জানুয়ারিতে বড়দিনের উৎসবের আয়োজন করে থাকেন। খ্রিষ্টধর্মাবলম্বী মানুষের মধ্যে যাঁরা অর্থোডক্স চার্চে বিশ্বাসী, তাঁরা মূলত ২৫ ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসের ৭ তারিখে বড়দিনের উৎসবের আয়োজন করে থাকেন।
অর্থোডক্স খ্রিষ্টানিটি খ্রিষ্টধর্মের একটি প্রাচীন শাখা, বিশ্বাসগত দিক থেকে অর্থোডক্স খ্রিস্টানিটির সঙ্গে ক্যাথলিক খ্রিষ্টানিটির বেশ কয়েক জায়গায় মৌলিক কিছু পার্থক্য রয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত গ্রিস, রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মেসিডোনিয়া, ইউক্রেন এমনকি রাশিয়া, জর্জিয়া ও আর্মেনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম অর্থোডক্স খ্রিষ্টানিটি। আনুমানিক চতুর্থ শতাব্দীর দিকে রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। রোমান সাম্রাজ্যের পূর্ব ভাগের অংশ তখন বাইজেনটাইন সাম্রাজ্য হিসেবে পরিচিতি পায়।
দক্ষিণ-পূর্ব ইউরোপে অর্থোডক্স চার্চের বিস্তৃতির প্রধান কারণ হলো এ অঞ্চলে একসময় বাইজেনটাইনদের শাসন প্রতিষ্ঠিত ছিল। বাইজেনটাইন সম্রাট প্রথম জাস্টিনকে অর্থোডক্স খ্রিষ্টানিটির প্রথম পথপ্রদর্শক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ক্যাথলিক চার্চগুলো পোপের কর্তৃত্ব স্বীকার করে, রোমের ভ্যাটিকানকে রোমান ক্যাথলিক গির্জার প্রধান সদর দপ্তর হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে অর্থোডক্স চার্চগুলো পোপের কর্তৃত্বকে স্বীকার করে না, যদিও প্রাথমিকভাবে পূর্বাঞ্চলীয় অর্থোডক্স চার্চগুলো অনেকাংশে গ্রিস দ্বারা প্রভাবিত।
এমনকি যিশুখ্রিষ্ট কিংবা ভার্জিন মেরিকে নিয়ে অর্থোডক্স এবং ক্যাথলিক উভয় সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসগত কিছু পার্থক্য রয়েছে। আবার ক্যাথলিক চার্চগুলো ধর্মযাজকদের বিবাহের অনুমতি দেয় না কিন্তু অর্থোডক্স চার্চের ধর্মযাজকেরা চাইলে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। অর্থোডক্স চার্চগুলো গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে পুরোনো জুলিয়ান ক্যালেন্ডারকে প্রাধান্য দিয়ে থাকে। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যিশুখ্রিষ্টের জন্ম হয়েছিল জানুয়ারি মাসের ৭ তারিখে। এ জন্য অর্থোডক্স খ্রিষ্টধর্মাবলম্বী মানুষেরা ২৫ ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসের ৭ তারিখে ক্রিসমাস উৎসব উদ্যাপন করেন।
স্লোভেনিয়াতে বসবাসরত অভিবাসীদের একটি বড় অংশ মেসিডোনিয়ার অধিবাসী। কেউবা জীবিকার সন্ধানে, কেউ আবার উচ্চশিক্ষার জন্য মেসিডোনিয়া থেকে স্লোভেনিয়ায় পাড়ি জমিয়েছেন। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কসোভো এবং মেসেডোনিয়া—এ সাতটি দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল যুগোস্লাভিয়া ফেডারেশন। স্লোভেনিয়াতে তাই দীর্ঘদিন ধরেই মেসিডোনিয়ানদের বসবাস রয়েছে। অর্থনৈতিকভাবে মেসিডোনিয়া ইউরোপের সবচেয়ে পশ্চাৎপদ দেশগুলোর মধ্যে একটি। তবে মেসিডোনিয়ান মেয়েরা তাঁদের সৌন্দর্য ও রূপ-লাবণ্যের জন্য গোটা ইউরোপে বিখ্যাত।
স্লাভিক জাতিগোষ্ঠীর অন্য মানুষদের মতো একেবারে ধবধবে সাদা ও সোনালি চুলের অধিকারী নয়, আবার স্প্যানিশ কিংবা পর্তুগিজদের মতো হলুদাভ গাত্রবর্ণবিশিষ্টও নয়; মেসিডোনিয়ান মেয়েরা একেবারে নিজস্ব অবয়বে বেড়ে ওঠা। গায়ের রং ফরসা, তবে সে ফরসার মাঝে একধরনের স্নিগ্ধতার খোঁজ মেলে। কালো চুলের ফাঁকে হালকা বাদামি বর্ণের আভা পাওয়া যায়। চোখ দুটির দিকে তাকালে জসীমউদদীনের কবিতার কথা মনে হয়, ‘কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া!’
সোজা কথায় বলতে গেলে মেসিডোনিয়ানরা দেখতে মেসিডোনিয়ানদের মতো। তবে তারা একটু রক্ষণশীল ধাঁচের, সহজে বাইরের দেশের মানুষের সঙ্গে মিশতে চায় না। স্বভাবগত দিক থেকে মেসিডোনিয়ানরা অনেকটা চাপা প্রকৃতির।
ফেসবুকের বদৌলতে আমার সঙ্গে এক মেয়ের পরিচয় হয়, তার নাম ইরেনা প্রসহিচ। বয়সে আমার থেকে চার বছরের বড় আর রূপ-লাবণ্যে একবারে অতুলনীয়। যদিও সামনাসামনি কখনো দেখা করার সুযোগ হয়নি, তবে ফেসবুকের কল্যাণে তাঁকে যতটুকু দেখার সুযোগ হয়েছে, ততটুকুতেই আমি ফিদা। ডানাকাটা পরি বললেও ভুল হবে না!
ইরেনার কাছ থেকে জানার চেষ্টা করলাম মেসিডোনিয়ার বড়দিনের সংস্কৃতি সম্পর্কে। এখন পর্যন্ত ত্রিশের বেশি দেশ ভ্রমণ করা হলেও মেসেডোনিয়া যাওয়ার সৌভাগ্য হয়নি এখনো। তাই অনেকটা ইরেনার চোখ দিয়েই উপভোগ করার চেষ্টা করেছি মেসিডোনিয়ার বড়দিনের উৎসবকে।
মেসিডোনিয়াতে ক্রিসমাসের ধারণাটি ইউরোপের অন্যান্য দেশের চেয়ে আলাদা। কাগজে–কলমে মেসিডোনিয়ার বেশির ভাগ মানুষ অর্থোডক্স খ্রিষ্টান, কিন্তু বাস্তব জীবনে প্রত্যন্ত কিছু অঞ্চল ছাড়া মেসিডোনিয়ার বেশির ভাগ অঞ্চলের মানুষের মধ্যে ধর্মের তেমন একটা প্রভাব নেই। ক্রিসমাস উৎসবকে সেখানে একটি সামাজিক উৎসব হিসেবে বিবেচনা করা হয়। মেসিডোনিয়াতেও ক্রিসমাস ট্রি, বর্ণিল আলোকসজ্জা কিংবা ক্রিসমাস মার্কেটের প্রচলন আছে, তবে সেটা যতটা না ক্রিসমাসকেন্দ্রিক, তার চেয়ে অধিক মাত্রায় আসন্ন নতুন বছরকেন্দ্রিক।
মেসিডোনিয়াতে বড়দিনের উৎসবে ক্রিসমাস ট্রির পরিবর্তে ওক গাছের প্রাধান্য থাকে বেশি। রূপকথার সান্তা ক্লস মেসিডোনিয়ার সংস্কৃতিতে তেমন একটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। ক্রিসমাস উপলক্ষে জানুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ মেসিডোনিয়াতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। জানুয়ারির ৫ তারিখে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হয় বড়দিনের সব আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্যরা এ সময় বাড়ির উঠানে ইয়ুল নামক এক বিশেষ প্রজাতির ওকগাছের গুঁড়িতে আগুন ধরিয়ে অগ্নিকুণ্ডের সৃষ্টি করে। আশপাশের সবাই তখন সেখানে জড়ো হয়, প্রত্যেকের হাতে থাকে বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়।
একসঙ্গে খাওয়াদাওয়া আর বিভিন্ন ধরনের গানের সুরে তাঁরা সে রাতটি অতিবাহিত করেন। মেসিডোনিয়ার প্রতিটি বাড়ি যেন সে রাতে হয়ে ওঠে একেকটি পার্টি মঞ্চ। সে দেশের সব উৎসবে রাকিয়া নামক এক বিশেষ ধরনের পানীয়ের প্রচলন রয়েছে। বলা হয়ে থাকে, মেসিডোনিয়াতে রাকিয়া ছাড়া কোনো উৎসবই পূর্ণতা পায় না।
পরের দিন অর্থাৎ ৬ জানুয়ারি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ির ছোট শিশুরা দলবদ্ধ হয়ে ছুটে চলে পাড়ার বিভিন্ন বাসায়। এ সময় তাদের কণ্ঠে ভেসে আসে বিভিন্ন ধরনের গান। এই একটি দিন দেশটিতে নির্দ্বিধায় যে কারও বাড়ির আঙিনায় যাওয়া যায় আর অনায়াসে কারও বাড়ির কড়া নাড়লেও কেউ আপত্তি জানায় না। পাড়ার বয়োজ্যেষ্ঠরা এদিন শিশুদের জন্য বিভিন্ন ধরনের উপহারের ব্যবস্থা করেন, যার মধ্যে থাকে বিভিন্ন ধরনের চকলেট ও ক্যানডি, ফল, বাদাম কিংবা খেলনা।
যাঁরা ধর্মভীরু, তাঁদের অনেকে এদিন কিংবা তার পরের দিন নিজেদের মৃত আত্মীয়স্বজনের কবর ভ্রমণে বের হন। ৬ জানুয়ারির মূল আকর্ষণ হচ্ছে রাতের খাবার। এদিন পরিবারের সব সদস্য একত্রে বসে রাতের খাবার উপভোগ করেন। মেসিডোনিয়ার ভাষায় ৬ জানুয়ারি রাতের এ খাবারকে বলা হয় ‘পসনা’। উল্লেখ্য, এদিনের রাতের খাবারে রান্না করা প্রায় সব আইটেম বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। সাধারণত ৬ জানুয়ারির রাতে মেসিডোনিয়ানরা দুধ ও দুগ্ধজাত দ্রব্য থেকে শুরু করে মাংস কিংবা অন্যান্য আমিষজাতীয় খাবার পরিহার করেন।
এ ছাড়া ক্রিসমাস উপলক্ষে এদিন এক বিশেষ ধরনের পাউরুটি তৈরি করা হয়। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য মাথাপিছু একটি করে পাউরুটি বরাদ্দ থাকে। অতিরিক্ত আরও দুটি পাউরুটি তৈরি করা হয়, যার একটি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এবং অন্যটি নিজেদের ঘরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। পাউরুটি বেক করার সময় যেকোনো একটি পাউরুটির মধ্যে ইচ্ছাকৃতভাবে একটি কয়েন প্রবেশ করিয়ে দেওয়া হয়। রাতের খাবারের শেষে পরিবারের সবার মধ্যে এ পাউরুটি বণ্টন করা হয়, পরিবারের বয়োজ্যেষ্ঠরা প্রথমে পাউরুটি গ্রহণ করেন। যার পাউরুটির ভেতরে কয়েনটি লুকানো থাকে, ধারণা করা হয়, আসন্ন বছরটি তার জন্য মঙ্গলজনক হতে যাচ্ছে।
পরের দিন অর্থাৎ ৭ জানুয়ারি ক্রিসমাসের দিন ধর্মপ্রাণ মানুষেরা অনেকে চার্চ যান এবং নিজেদের মৃত আত্মীয়স্বজনের কবর ভ্রমণে বের হন। এদিন তেমন একটা আনুষ্ঠানিকতা থাকে না। পরিবারের সদস্যরা একত্র হয়ে এদিন দুপুরের খাবার উপভোগ করেন। দুপুরের খাবারে রোস্টেড মাংস, সসেজ, সালামি, পনিরের পাই, বিভিন্ন ধরনের রুটি, সালাদ এবং কেকের প্রাধান্য লক্ষ করা যায়।
ইউরোপ কিংবা আমেরিকায় ক্রিসমাসের অভিবাদন জানাতে সবাই ‘মেরি ক্রিসমাস’ শব্দটি ব্যবহার করেন। কিন্তু মেসিডোনিয়াতে বলা হয় ‘হ্রিসতোস সে রোদি’। যার বাংলা অনুবাদ হচ্ছে যিশুখ্রিষ্টের জন্ম হয়েছে। অন্যদিকে কাউকে যদি হ্রিসতোস সে রোদি বলে অভিবাদন করা হয়, প্রতি উত্তরে তিনি বলেন, ‘নাভিস্তিনা সে রোদি’। এ কথাটির বাংলা অর্থ হচ্ছে, সত্যি তিনি (যিশুখ্রিষ্ট) জন্মলাভ করেছেন।
আধুনিকতার ছোঁয়ায় মেসিডোনিয়ার ক্রিসমাস সংস্কৃতিতে অবশ্য অনেক পরিবর্তন এসেছে। এখন তাই ক্যাথলিক দেশগুলোর মতো ক্রিসমাস সংস্কৃতিতে মেসিডোনিয়াতে ক্রিসমাস ট্রি কিংবা রূপকথার সান্তা ক্লসের সংযোগ ঘটেছে। নতুন প্রজন্মের অনেকে এখন ‘হ্রিসতোস সে রোদি’ ও ‘নাভিস্তিনা সে রোদি’র পরিবর্তে ‘শ্রেকেন বোজিক’ শব্দটি ব্যবহার করে। ‘শ্রেকেন বোজিক’ শব্দটির ইংরেজি অনুবাদ হচ্ছে ‘মেরি ক্রিসমাস’।
পৃথিবী সত্যি আজব। এ পৃথিবীর প্রতিটি পরতে ছড়িয়ে আছে বৈচিত্র্য। আর এ কারণে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু তার জৌলুশ হারিয়ে পুরোনো রূপ লাভ করলেও পৃথিবী কখনো পুরোনো হয় না। ইউরোপে না এলে হয়তো বা সাধারণ এ জিনিসটি আমার কাছে কখনো বোধগম্য হতো না। আয়তনে ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকার মতো খুব একটা বড় নয়। কিন্তু ইউরোপের যে বিষয়টি আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে, তা হলো একটি সীমানার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু আলাদা হয়ে যায়। ইতালি ও অস্ট্রিয়া দুটি পাশাপাশি দেশ। অথচ দুই দেশের মানুষের ভাষা কিংবা সংস্কৃতির মধ্যে তেমন একটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। আবার স্লোভেনিয়া ও মেসিডোনিয়া উভয় দেশের মানুষই স্লাভ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং একসময় স্লোভেনিয়া ও মেসিডোনিয়ার উভয়ই যুগোস্লাভিয়া ফেডারেশনের অংশ ছিল।
এরপরও স্লোভেনিয়া কিংবা মেসিডোনিয়ার মধ্যে মিলের ক্ষেত্রগুলো একেবারে সীমিত। ইউরোপে স্টুডেন্ট ভিসায় পড়তে আসার সবচেয়ে বড় সার্থকতা এ জায়গায়। একসঙ্গে এতগুলো দেশ দেখার কিংবা ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষের সাহচর্য লাভের সুযোগ কখনো আসত না, যদি স্লোভেনিয়াতে পা রাখার সুযোগ থেকে বঞ্চিত হতাম।
মেসিডোনিয়া নামেও যে দক্ষিণ-পূর্ব ইউরোপে একটা দেশ আছে, সেটা আমাদের দেশের কয়জন মানুষই বা জানেন? আমি নিজেও একসময় মেসিডোনিয়া সম্পর্কে সেভাবে জানতাম না, তবে ইরেনার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের ফলে যতটুকু আমার বোধগম্য হয়েছে, তা হলো এ দেশটি সত্যি অনন্যসাধারণ। কেন জানি আমার মনে হচ্ছে মেসিডোনিয়াতে না গেলে আমার ইউরোপের ডায়েরি অসম্পূর্ণ থেকে যাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পরপরই সিদ্ধান্ত নিয়েছি মেসিডোনিয়া ভ্রমণে বের হব আর সেই সঙ্গে বাস্তবিক জীবনে এবার প্রিয় এ বন্ধুটির সাক্ষাৎ লাভ করতে চাই।
লেখক: শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।