সিডনি শহর গড়ে উঠেছে সমুদ্রের কোল ঘেঁষে। সমুদ্রের ঠিক পাড়েই রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণি। দেখলে মনে হবে এটা অনেকটা প্রাকৃতিকভাবে তৈরি শহর রক্ষা বাঁধ। সিডনির দক্ষিণের শহর ওলংগং সৌন্দর্যের লীলাভূমি। এখানে সমুদ্রের পাড় ঘেঁষে রয়েছে সুউচ্চ সব পাহাড়। এসব জায়গায় পাহাড়ের ওপর থেকে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য রয়েছে একাধিক লুকআউট। বুলাই ও সাবলাইম পয়েন্ট ঠিক তেমনি দুটি লুকআউট। এসব জায়গায় দাঁড়ালে পুরো ১৮০ ডিগ্রিতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। মাঝেমধ্যেই মেঘেরা এসে ভাসিয়ে নিয়ে যায় তাদের দেশে। মেঘ সরে গেলেই আবার সামনের সবুজের পরের অবারিত নীল জলরাশি শরীর ও মনকে শান্ত করে দেয় মুহূর্তেই।
একদিন পরিকল্পনা করে আমি আমার দশ বছরের মেয়ে তাহিয়া ও পাঁচ বছরের ছেলে রায়ানকে নিয়ে বেরিয়ে পড়লাম সাবলাইম পয়েন্টের উদ্দেশে। আমাদের শহরতলি মিন্টো থেকে ঘণ্টাখানেকের ড্রাইভ। সিডনি শহর থেকে যেতে চাইলেও ঘণ্টাখানেক লাগবে। সাবলাইম লুকআউটের পাশেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই গাড়ি পার্ক করার ঝামেলা নেই। গাড়ি পার্ক করে আমরা হেঁটে লুকআউটের গ্রিলের কাছে গিয়ে দাঁড়াই। প্রচুর বাতাস। মনে হচ্ছিল আমাদের উড়িয়ে নিয়ে যাবে। সামনেই সমুদ্রের তটরেখা দেখা যাচ্ছে। দেখলে মনে হবে কোনো এক শিল্পী তাঁর নিপুণ তুলির আঁচড়ে আঁকাবাঁকা সমুদ্রের তটরেখাটি এঁকে দিয়েছেন।
সেখানে গ্রিলের বাইরে ঝোলানো চেইনে মানুষ তাঁদের ভালোবাসার তালা ঝুলিয়ে গেছেন। মোট চারটি স্প্যানের চেইনে অনেকগুলো বাহারি রঙ এবং আকৃতির তালা ঝোলানো। সেখান থেকে একটু ডান দিকে হাঁটার পর দেখলাম, একটা কাঠের নামফলকে লেখা ‘সাবলাইম পয়েন্ট ওয়াকিং ট্র্যাক’। দূরত্ব ৭০০ মিটার এবং এটা একমুখী। আর এটা শিশুদের জন্য উপযোগী নয়।
ওয়াকিং ট্র্যাকগুলোকে হাঁটার এবং পথের কাঠিন্যের ওপর ভিত্তি করে মোট পাঁচভাগে ভাগ করা হয়। গ্রেড এক থেকে শুরু করে বেশি কঠিন পর্যন্ত ক্রমানুসারে পাঁচে গিয়ে শেষ। এই ওয়াকিং ট্র্যাকের গ্রেড চার, তাই বলা হয়েছে অভিজ্ঞ মানুষদের জন্য এটা উপযোগী। আমাদের সামনে দিয়ে দুজন ভদ্রলোক ট্র্যাকটির দিকে হেঁটে যাচ্ছিলেন দেখে গল্প জুড়ে দিলাম।
বললাম, ‘আমরা প্রতি শনিবার হাঁটতে বের হই। আজকে এখানে এসেছি। এখন আপনারা বুদ্ধি দিন বাচ্চাদের নিয়ে যাওয়া ঠিক হবে কি না; কারণ এখানে লেখা আছে, বাচ্চাদের উপযোগী নয়।’
তাঁরা বললেন, ‘হ্যাঁ, এটা আসলেই বাচ্চাদের উপযোগী নয়। তোমার মেয়ে পারলেও ছেলেটার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, ঢালগুলো একেবারে খাড়া। পা ফেলতে হয় খুবই সাবধানে। তোমরা এক কাজ করো। আমাদের পিছু পিছু মই পর্যন্ত চলো, তারপর ফিরে এসো। এখানে ছোট–বড় মিলিয়ে মোট সাতটা মই আছে।’
অগত্যা আমরা তাঁদের পিছু পিছু মই পর্যন্ত গেলাম। রাস্তাটুকু মোটামুটি সহজ। কখনো পাথরের কোল ঘেঁষে আবার কখনো পাথরের নিচ দিয়ে হেঁটে গেলাম। মইয়ের কাছে গিয়ে ওনারা মই বেয়ে নিচে নেমে গেলেন আর আমরা ফিরে আসতে শুরু করলাম।
ফিরে আমরা সাবলাইম পয়েন্ট ক্যাফে এবং ফাংশন সেন্টারে নাশতা সেরে নিলাম। এখানে নাশতা আর দুপুরের খাবার পাওয়া যায়। প্রতিটি টেবিলে সাদা কাগজ বিছিয়ে দেওয়া হয়। আর সঙ্গে দেওয়া হয় রংপেনসিল, যাতে বাচ্চারা খেতে খেতে আঁকিবুঁকি করতে পারে। আমরা জানালার ধারে একটা টেবিলে বসলাম। এখানে নাশতা করতে করতেও নিচের দৃশ্য দেখা যায়। এরপর থেকেই পরিকল্পনা করছিলাম, একদিন একা গিয়ে পুরো ওয়াকটা শেষ করব। সেটা শুরু করতে হবে নিচ থেকে, তাহলে নামার সময় আর কষ্ট হবে না।
এরপর একদিন সকাল সকাল ছেলে–মেয়ের চোখ ফাঁকি দিয়ে একা একা বেরিয়ে পড়লাম। সাবলাইম পয়েন্ট ওয়াকের অন্য প্রান্ত শুরু হয়েছে ফুটহিল রোড থেকে। ফুটহিল রোডেই গাড়ি পার্ক করা যায়। তবে বেশি শব্দ না করাই ভালো। কারণ, পাহাড়ের কোলে সেটা একটা আবাসিক এলাকা। আমি যতবারই সেখানে গেছি, সেখানকার মানুষদের মনে মনে ঈর্ষা করেছি। বেশির ভাগ বাড়ির পেছনের বারান্দা বনের মধ্যে প্রসারিত। সেখানে ইজি চেয়ারে বসে থাকার চেয়ে শান্তির আর কী আছে জীবনে! বনের নিজস্ব একটা গুঞ্জন আছে। তার বাইরে অবিরাম ঝিঁঝিঁ পোকার ডেকে চলা, বিভিন্ন রকম পাখপাখালির ডাক পুরো পরিবেশকে একটা অতিপ্রাকৃতিক রূপ দেয়। ঘরে ফিরতে আর ইচ্ছে করে না মোটেও।
গাড়িটা পার্ক করেই হাঁটা শুরু করলাম। শুরুতে কিছুদূর সমতলে যাওয়ার পর রাস্তাটা উঁচু পাহাড় বেয়ে ওপরে উঠে গেছে। প্রথম ধাপ অতিক্রম করার পর রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা গেছে বাঁ দিকে সমতল বরাবর, যেটা আবার শেষ হয়েছে ফুটহিল রোডে এসেই। এই ট্র্যাকের নাম গিবসন ট্র্যাক। আর সোজা ওপরে চলে গেছে সাবলাইম পয়েন্ট ট্র্যাক। আমি সমতল জায়গাটায় পাতা কাঠের বেঞ্চে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম।
এভাবে কিছুদূর ওঠার পরপর বিশ্রাম নেওয়ার জন্য কাঠের বেঞ্চ পাতা আছে। খাড়া পাহাড়ে ওঠার জন্য দমের দরকার হয়। এসব বেঞ্চে জিরিয়ে নিয়ে আবার ওঠা শুরু করা যায়। আমি প্রথমবার উঠছিলাম, তাই বেশি ক্লান্তি বোধ হচ্ছিল।
বিশ্রাম নিয়ে আবারও হাঁটতে আরম্ভ করলাম। আসলে হাঁটা না বলে সিঁড়ি ভাঙা বলাই ভালো। পাহাড়ের উঁচু খাঁজে খাঁজে কাঠের ছোট ছোট পাত বসিয়ে সিঁড়ির আকার দেওয়া হয়েছে। কিছুদূর ওঠার পর দেখলাম চারজন বৃদ্ধা নেমে আসছেন। এসব কঠিন কাজেও এখানে বৃদ্ধদের দেখা যায়। আসলে উন্নত দেশগুলোয় বয়স্ক মানুষদেরও যে একটা আলাদা জীবন আছে, সেটা খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। আমি জিজ্ঞেস করলাম আর কতদূর আর কতটাই বা কঠিন?
ওনারা জানালেন, ‘ওঠার সময় তোমার কষ্ট হবে, কিন্তু নামার সময় মনে হবে ওঠার কষ্টটা সার্থক। আর শোনো, শরীরের ওপর চাপ নিও না। একবারে যতটুকু উঠতে পারো, উঠবে; তারপর দরকার হলে সে জায়গায়ই বসে বিশ্রাম নেবে।’ ওনাদের একটা কথা আমার খুব পছন্দ হলো, ‘লিসেন টু ইয়োর বডি’।
আমি আবারও নব–উদ্যমে ওপরে উঠতে শুরু করলাম। চারপাশের পরিবেশ অনেক সুন্দর, কিন্তু ওঠার সময় সেদিকে দৃষ্টি দেওয়ার ফুরসত মিলবে না। কারণ, সিঁড়িগুলো খাড়া আর বেশ সরু। সিঁড়ি ভাঙতে গিয়ে আপনি এতটাই ক্লান্ত হয়ে যাবেন যে আশপাশে তাকানোর কথা মনে পড়বে না। এভাবে উঠতে উঠতে অনেকের সঙ্গেই দেখা হলো। সবার সঙ্গেই হালকা কুশল বিনিময় হচ্ছিল। একজন আমার দুরবস্থা দেখে বললেন, ‘তোমার সঙ্গে এক বোতল পানি রাখা দরকার ছিল, তুমি চাইলে আমার বোতলটা নিয়ে যেতে পারো।’ আমি বললাম, ‘না, আজ আর পানি খাচ্ছি না, আসলে সকালে পেটভরে নাশতা খেয়ে এসেই ভুল করেছি। তা না হলে এত কষ্ট হতো না। আর অবশ্যই একটু ভালো মানের স্নিকার পরে নিতে হবে, তাহলে সিঁড়ি ভাঙার কষ্টটা অনেকখানি লাঘব হয়ে যাবে।’
এভাবে উঠতে উঠতে একসময় মইগুলোর গোড়ায় চলে আসলাম। সেখানে দেখি এক বাবা তাঁর ছয় বছর এবং চার বছর বয়সী দুই বাচ্চাকে নিয়ে নামছেন। আমি ছোট বাচ্চাটাকে দেখে বললাম, ‘তোমার তো অনেক সাহস।’ উত্তরে সে আমাকে বলল, ‘কী যে বলো না তুমি, আমি তো এর চেয়ে আরও কঠিন কাজও করতে পারি।’ আমি তাকে বললাম, ‘তুমি সিঁড়িতে একটু দাঁড়াও, তোমার ছবি তুলে নিই। আমার ছেলেকে দেখাব, তাহলে এরপর আমি তাকেও নিয়ে আসতে পারব। তোমাকে দেখে অনেকটা উৎসাহ পাচ্ছি।’ এরপর ওরা আমাকে হাই ফাইভ দিয়ে এবং শুভকামনা জানিয়ে নিচের দিকে যেতে শুরু করল। আমি মইয়ের সিঁড়ি ভাঙতে শুরু করলাম এবং একসময় ওপরে পৌঁছে গেলাম। ওপরের সৌন্দর্যের বর্ণনা তো আগেই দিয়েছি। ওপরে এসে আমি পাবলিক ট্যাপ থেকে পানি নিয়ে চোখে–মুখে দিয়ে এবং কিছুটা পান করে আবার নিচের দিকে নামতে শুরু করলাম।
নিচে নামার সময় বুঝতে পারলাম, মানুষ এত কষ্ট করে হলেও ওপরে ওঠে। শারীরিক ব্যায়াম ছাড়াও নিচে নামার সময় মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। নিচে নামার সময় আমার মনে হয়েছে, আমি যেন পাখি হয়ে উড়ে উড়ে নামছি। মাঝেমধ্যেই কোমল ঠান্ডা বাতাসে শরীরটা জুড়িয়ে যাচ্ছিল। আর বনানীর ফাঁক দিয়ে কাছেই সমুদ্র দেখা যাচ্ছিল। নামার সময় আমিও অনেককে উৎসাহ দিলাম বিশেষ করে যাঁরা সেদিনই প্রথম এসেছে। আপনিও চাইলে চলে যেতে পারেন সিডনির অদূরে সাবলাইম ওয়াকিং ট্র্যাকে, যেখানে রয়েছে সাগর ও পাহাড়ের কানাকানি।