১৭৭৬ সালে বিপ্লব ও স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপনিবেশবাদের পতন হয়। পৃথিবীর মানচিত্রে আমেরিকা একটি নতুন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ওই সময় আটলান্টিকের তীরে অবস্থিত পূর্বাঞ্চলের যে ১৩টি উপনিবেশ নিয়ে প্রথম আমেরিকান ফেডারেল ইউনিয়ন গঠিত হয়, ভার্জিনিয়া তাদের অন্যতম। এ জন্য আমেরিকার জাতীয় পতাকায় সযত্নে আঁকা ১৩টি ডোরার একটি ভার্জিনিয়ার জন্য। ভার্জিনিয়ার চতুর্সীমানায় আছে উত্তরে ম্যারিল্যান্ড, পুবে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে টেনেসি ও উত্তর ক্যারোলাইনা এবং পশ্চিমে কেন্টাকি ও পশ্চিম ভার্জিনিয়া। ঐতিহাসিক ও ভৌগোলিক বিবেচনায় ভার্জিনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। ভার্জিনিয়াকে বলা হয়ে থাকে ‘দক্ষিণের ফটক’, ইংরেজিতে যাকে বলে ‘গেটওয়ে অব দ্য সাউথ’।
এই অঙ্গরাজ্য ধারণ করে আছে এক বিশাল বিস্তীর্ণ সমতল ভূমি। এখানে অবশ্য ‘সমতল’ বলতে আমি শাব্দিক অর্থে ফুটবল মাঠের মতো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বোঝাচ্ছি না। জায়গাটার চারদিক ঘেরাও করে রেখেছে মাঝারি উচ্চতাসম্পন্ন প্রাচীন ‘অ্যাপেলেশিয়ান’ পাহাড়। এই ঘেরাও করা ময়দানের নাম, ‘শেনেনডোয়া ভ্যালি’। শেনেনডোয়া ভ্যালি আমেরিকার ইতিহাসে একটি অনন্য তাৎপর্যপূর্ণ স্থান। প্রেসিডেন্ট আব্রহাম লিংকনের সময় ১৮৬১-৬৫ সালের গৃহযুদ্ধে এখানে হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ। এ কথায় আসব ফিরে আবার একটু পরে।
শেনেনডোয়া উপত্যকার বুক চিরে উত্তর-দক্ষিণ বরাবর সোজা চলে গেছে মহাসড়ক ‘আই-৮১’। এটি আমেরিকার একটি অতিগুরুত্বপূর্ণ প্রধান মহাসড়ক। এর এক প্রান্ত টেনেসি অঙ্গরাজ্যের ‘নক্সভিল’ শহর থেকে একটু পুবে এসে আই-৪০-এর সঙ্গে মিশেছে এবং আরেক প্রান্ত গিয়ে শেষ হয়েছে সুদূর উত্তরে, ‘নিউইয়র্ক’ রাজ্যের ‘ওয়াটারটাউন’ শহরে। এ রাস্তা দিনরাত ব্যস্ত থাকে যন্ত্রযানের কোলাহলে। ২৪ ঘণ্টা ধরে চলতে থাকে ছোট ছোট সেডান, মাঝারি ফ্যামিলি কার, ভ্যান, মিনি–ভ্যান, পিকআপ ভ্যান, এসইউভি, জিপ, বাস, ছোট ট্রাক ও রাজপথের মহারাজা দৈত্যদানবের মতো গাড়ি বহনকারী ১৮ চাকার খোলা ট্রাক এবং অন্যান্য মালসামান টানার জন্য এক ও দুই ওয়াগনের বন্ধ ট্রাক।
৭০ মাইল বেগে এ ভ্যালির এ পার থেকে ও পারে যেতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। এর এক প্রান্তে ‘রওনক’ এবং অন্য প্রান্তে ‘হ্যারিসনবার্গ’-এর মতো শহর অবস্থিত। শহরগুলো আকারে একেবারে ছোটও নয়, আবার মাঝারিও নয়। দুই প্রান্তের দূরত্ব থেকে সহজেই বোঝা যায় ভ্যালিটি কত বড়! গাড়ি করে এ ময়দান পাড়ি দিতে গেলে আপাতদৃষ্টিতে রাস্তার দুই পাশে সবুজের সমারোহ ছাড়া অন্য তেমন কিছু দেখা যায় না। তবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে আরও অনেক কিছুই নজরে আসে। গাছপালা, দূরে সবুজ পাহাড়, ছোটখাটো লোকালয়, দোকানপাট, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ইত্যাদি।
কিছুদূর পরপর হাইওয়ে থেকে দুই দিকে ছোট ছোট পাকা সড়ক বেরিয়ে গেছে এঁকেবেঁকে মাঠ চিরে দূরে দূরে জনপদের দিকে। মহাসড়কের এক পাশে একটি ছোট্ট কলেজও আছে। নাম তার ‘ব্লু রিজ কমিউনিটি কলেজ’। সাদা, কালো, বাদামি রঙের কত ছেলেমেয়ে মাতিয়ে রেখেছে এ কলেজ ক্যাম্পাস! তারা এখানে এসেছে দূরদূরান্ত থেকে লেখাপড়ার তাগিদে; অন্য সব কলেজের মতো এখানেও নিশ্চয়ই পড়তে আসে বিদেশি ছাত্রছাত্রীরাও।
চলার পথে ভ্যালির ডানে-বাঁয়ে তাকালে আরও দেখা যায়, জংলি সবুজ ঘাসে ঢাকা বিশাল খোলা মাঠ, কৃষিখামার, বনবাদাড়, ছোট-বড় উঁচুনিচু টিলা, আর দূরে দূরে কৃষকদের বাড়ি। গ্রীষ্মকালে আই-৮১ ধরে চললে নজর কাড়ে দুই পাশের খেতখামার, গেঁহু, সয়াবিন, তুলা, তামাক, ভুট্টা, সূর্যমুখী ফুল, স্ট্রবেরি, র্যাস্পবেরি, মিষ্টিকুমড়া, তরমুজ ও আরও কত জাতের ফলফসলের চাষ! শীতকালে অবশ্য এর চেহারা পাল্টে যায়। চারদিকে দৃষ্টিসীমার ভেতরে ধরা পড়ে শুধু মাঠ, খোলা মাঠ, বাদামি রঙের মরা ঘাসে ঘাসে ঢাকা। অথবা দেখতে লাগবে ধবধবে সাদা বরফের চাদরে আচ্ছাদিত ছড়ানো নরম বিছানা। ভার্জিনিয়ায় ভারী বৃষ্টি খুব বেশি হয় না, তবে হালকা বারিবর্ষণ জারি থাকে বারো মাস ধরেই। পানি নামার জন্য এখানে একাধিক বড় খাল ও আঁকাবাঁকা সরু নালা আছে, কিন্তু নদী নেই; ছোট ছোট পুকুর বা লেক আছে, কিন্তু বড় জলাধার বলতে কিছুই চোখে পড়ে না।
বাংলাদেশের মতো কোথাও দেখতে পাইনি আম, জাম, হিজল আর জারুলের গাছ। এখানে আছে ৩৩১ প্রাজাতির গাছ, ঝোপঝাড় ও লতাগুল্ম। তাদের মধ্যে অন্যতম হলো ম্যাপল, ওক, পাইন, নানান জাতের বাদাম ও জামের গাছ। এই ময়দানে আরও দুই ধরনের গাছ আছে, যাদের অভিনব নাম আমি আগে কোনো দিন শুনিনি। একটি হলো ‘ট্রি অব হ্যাভেন’, আরেকটিকে বলে ‘ডেভিলস ওয়াকিং স্টিক’। তাই বলতে ইচ্ছা করে, এখানে বেহেশত-দোজখ মিলেমিশে যেন একাকার হয়ে আছে! এখানকার প্রাকৃতিক রূপ দেখলে মনে হয়, আল্লাহ মুক্তহস্তে সবুজের সমারোহকে উজাড় করে ঢেলে দিয়েছেন শেনেনডোয়া ভ্যালির আনাচকানাচে। এই সবুজ জান্নাতি বাগিচায় সত্যি সত্যি একবার সাক্ষাৎ জাহান্নাম নেমে এসেছিল। সে কথারও ছোঁয়া পাবেন লেখায়।
গাছে গাছে কাঠবিড়ালির লাফালাফি আর ভাগ্য ভালো থাকলে ঝোপজঙ্গলের আড়ালে–আবডালে খরগোস ও হরিণকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বোধ করি, সাপ-বিচ্ছুও আছে; অন্তত না থাকার কোনো কারণ আমি দেখি না।
ঘাসে আর গাছে গাছে ভরপুর এই খোলা সবুজ প্রান্তর। কোনোটার কচি পাতা, কোনোটার ঘন সবুজ ঝাঁকড়া মাথা; কোনোটা পাতাবিহীন হয়ে যেন লজ্জায় মুখ লুকাচ্ছে; কোনোটা বিশাল গাছ-পাহাড়ের সমান উঁচু, সেখানে ইগল বাসা বেঁধেছে মানুষ থেকে নিরাপদ উচ্চতায়। ফুলের গাছও আছে বেশুমার! সোনালু ফুলের মতো হলুদ ফুল দেখেছি অনেক। ছোট-বড় ‘ক্র্যাপ মার্টল’ আছে বিবিধ রঙের। আরও আছে কত জাতের কত বর্ণের জংলি ঘাস ফুল! গাছে গাছে কাঠবিড়ালির লাফালাফি আর ভাগ্য ভালো থাকলে ঝোপজঙ্গলের আড়ালে–আবডালে খরগোস ও হরিণকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বোধ করি, সাপ-বিচ্ছুও আছে; অন্তত না থাকার কোনো কারণ আমি দেখি না।
এখানকার বাড়িঘর দেখে মনে হয়, কৃষকরা সবাই সমান সচ্ছল নন। কারও ঘরে নতুনের ঝলসানি; কারও বাড়ি যেমনতেমন, আহামরি কিছু নয়। কারও–বা জীর্ণশীর্ণ বাসস্থান। কারও ঘর হেলে আছে শীতের বাতাসে; কারও ঘর ঝড়ে পড়ে গেছে এই বৈশাখে। কোথাও দেখা যায় ঘরের পেছনে পড়ে আছে ভাঙা কলের লাঙল; কারও পর্চের নিচে নীরবে দাঁড়িয়ে আছে জংধরা অচল পুরোনো গাড়িটি। উঁচু উঁচু ঘাস আর আগাছা চারদিক থেকে উঠে এসে বন্দী করেছে গাড়িখানি।
কোথাও দেখা যায়, একটা দুটো ঘোড়া হেঁটে হেঁটে ঘাস খায় কৃষকের আঙিনায়। কোথাও গরুর পাল রোদমাখা দুপুরে গাছের ছায়ায় শুয়ে শুয়ে জাবর কাটছে। কোথাও–বা চোখের সামনে ভেসে ওঠে ভেড়ার দল। তারা একসঙ্গে পানি খায় বয়ে যাওয়া খালের প্রবাহ থেকে। সবাই চরেফিরে খায়, রাখালের দেখা নেই, নেই যেন কারও কোনো দায়! কারও বাড়িতে বাঁধা পোষা কুকুর কারণে অকারণে ঘেউ ঘেউ করে ওঠে। মাটিতে পড়ে থাকা মরা সাপ কিংবা পশুপাখির খোঁজে তীক্ষ্ন দৃষ্টি ফেলে বড় গাছের ডালে অথবা কারও ঘরের ছাদে বসে থাকতে দেখা যায় শকুনের মতো এক জাতের বড় কালো শিকারি পাখিকে।
এই শেনেনডোয়া ভ্যালিতে কোথাও আবার দেখেছি ঘুঘু গাছের ডালে একা একা বসে ডাকছে নিস্তব্ধ দুপুরবেলায়। কে জানে হয়তোবা সঙ্গীহারা হয়ে মনের দুঃখে কাঁদছে, সাথীকে খুঁজছে, আর ডালে ডালে ছটফট করছে! ছোট্ট লেকের ধারে নরম মাটিতে দাঁড়িয়ে কাদাখোঁচার মতো ছোট ছোট পাখি আর সাদা সাদা বক লম্বা ঠোঁট দিয়ে একাগ্র মনে মাছ ধরছে। আহার শেষে ভরা পেটে কেউ নীড়ে উড়ে যায়, ঠোঁটে ছানার জন্য খাবার নিয়ে। কেউবা খিদেভরা পেট নিয়ে উড়ে এসে যোগ দেয় শিকারি পাখিদের ভিড়ে। এমন দৃশ্য দেখে বাংলাদেশের হাওর-বাওড়ের কথা মনে না এসে কি পারে!
দ্রুতবেগে গাড়িতে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এক কৃষকের বাড়ি, সামনে তিন কোনা ছোট্ট পুকুর। জলে ভরা টইটম্বুর যেন ভরা বর্ষায় বাংলাদেশের কোনো গ্রামের পুকুর। পুকুরপাড়ে খেলতে এসে ছেলেমেয়েরা ফেলে গেছে রাবারের বল। লাল লাল বল নীল পানিতে ভাসছে পুকুরের এক কোণে, মৃদুমন্দ বাতাসে ওঠা ছোট ছোট ঢেউয়ে যেন দূর থেকে দেখা মহাসাগরে ভাসমান মাইন। আরেক কোণে সাঁতার কাটছে দলছুট একজোড়া রাজহাঁস। কে জানে, হয়তোবা সুদূর সাইবেরিয়া থেকে উড়ে এসে জুড়ে বসেছে সবুজ উপত্যকার পানিতে!
শান্ত সমীরণ খেলা করে সারা বেলা এখানে; দিনের শেষে শ্রান্ত হয়ে আছড়ে পড়ে সবুজ পাহাড়ের গায়ে। মৌমাছি, প্রজাপতি, পাখি ওড়াউড়ি করে প্রশান্ত বাতাসে শেনেনডোয়ার আকাশে। কী সুন্দর সবুজের সমারোহ! পশুপাখি মানুষের সঙ্গে মিলেমিশে শান্তিতে অনবরত ফেলছে স্বস্তির নিশ্বাস, এখানে এই ময়দানে নির্মল শান্ত পরিবেশে। মনে হয়, বাড়ি ফিরে লাভ কি, শহরের কোলাহলে? থেকে যাই শেনেনডোয়ার প্রকৃতির কোলে; গড়াগড়ি করি সবুজ ঘাসের মাঠে; যেমনি খেলেছি শৈশব–কৈশোরে, হাজার হাজার মাইল দূরে, বাংলাদেশে আমাদের ছোট গাঁয়ে, মরা ‘ধামাই’র চরে চরে।
যখন ফিরে তাকাই ইতিহাসের দিকে, চেয়ে দেখি, কী ঘটেছিল এখানে মাত্র সেদিন—দেড় শ বছর আগে। ভাবতে অবাক লাগে, এখানে মেতেছিল তারা কী পৈশাচিক খেলায়, খেলেছিল কত দিন, মেরেছিল কত মানুষ, ঘটেছিল বিভৎস হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক যুদ্ধবিগ্রহ! আমেরিকার গৃহযুদ্ধের সময়, কত খই ফুটেছিল বন্দুক আর কামানের নলে, এখানেই, এই মাঠে! কত লাশ পড়ে ছিল কাতারে কাতার! কত ঘাস ভিজেছিল যুদ্ধরত সেপাইদের ঘামে আর রক্তে! এই আকাশ, এই বাতাস কাঁপিয়ে সেদিন উঠেছিল আর্তনাদ আর কান্নার রোল। সাবধানে বাতাসে কান পাতলে আজও শোনা যায়, ছেলেহারা মায়ের বুকফাটা কান্না, আহত সেনাপতির হৃদয়ের স্পন্দন, মুমূর্ষু যোদ্ধার ব্যথার কাতরানি। বাতাসের ফাঁকে ফাঁকে নাক টানলে এখনো পাওয়া যায়, বিষাক্ত বারুদের বমি আসা দুর্গন্ধ!
লেখক: অধ্যাপক, টেনেসি স্টেট ইউনিভার্সিটি। সম্পাদক, জার্নাল অব ডেভেলপিং এরিয়াজ।