রুদ্ধশ্বাস ৬ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভট ভট শব্দে রূপসা ফেরিঘাট থেকে যখন ট্রলার চলতে শুরু করেছে, তখন রাত প্রায় দুইটা। পূর্ণিমার আগের দিনই আকাশে বড় থালার মতো চাঁদ। চাঁদের রুপালি আলোয় ভরে আছে চারদিক, চিকচিক করছে ঢেউহীন রূপসা নদী।

সারেংসহ আমাদের ট্রলারে যাত্রীসংখ্যা ১১। সবার গায়েই শীতের মোটা কাপড়। ট্রলার চলতে থাকায় হালকা বাতাসে শরীর শিরশির করতে শুরু করে। আধঘণ্টার মধ্যে ট্রলারের ভেতর ঘুমাতে চলে যান অনেকেই। আমাদের ট্রলারে তোলা হয়েছে তিন দিনের মতো খাদ্যসামগ্রী, পানি ও রান্নার উপকরণ। ভোর ৫টার দিকে শান্তা লঞ্চঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হন আরও চারজন।

পূর্ণিমার আগের দিনই আকাশে বড় থালার মতো চাঁদ
ছবি: উত্তম মণ্ডল

ভোরের দিকে ট্রলার যখন সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন ঘাটে পৌঁছায়, তার কিছু আগে থেকেই শোনা যায় ট্রলার আর মানুষের কোলাহল। স্টেশনের ঘাট থেকে কিছুটা দূরে অবস্থান নিয়েছে ট্রলারগুলো। সেগুলোর কোনোটি সারা বছর বালু টানতে ব্যবহৃত হয়, আবার কোনোটি মাছ ধরার কাজে। যাত্রীবাহী ট্রলারের সংখ্যা খুবই কম। প্রতিটি ট্রলারের ওপরই বাঁশ, কাপড় ও ত্রিপল দিয়ে বিশেষ কায়দায় ছাউনি দেওয়া হয়েছে, যাতে ট্রলারে থাকা মানুষগুলো শীত ও কুয়াশায় সমস্যায় না পড়ে।

প্রায় প্রতিটি ট্রলারেই রয়েছে নারী-পুরুষ। সামনের অংশে বিশেষ কায়দায় মাটি ও ইট দিয়ে বড় কাঠের চুলা তৈরি করা হয়েছে। ট্রলারের দলপতিরা বন বিভাগের অনুমতিপত্র পেতে ঘুরঘুর করছেন অফিসের আশপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ট্রলারের সংখ্যা। সেই সঙ্গে অফিসের আশপাশে জমতে থাকে ভিড়। ওই ভিড় সামলাতে রীতিমতো কসরত করতে হচ্ছে বন বিভাগের লোকজনকে। মাস্ক ব্যবহার করতে বারবার হ্যান্ড মাইকে সতর্ক করা হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা! সবাই যেন অধীর আগ্রহে বসে আছে কখন যাওয়ার অনুমতি মিলবে সেই আশায়।

প্রায় প্রতিটি ট্রলারেই রয়েছে নারী-পুরুষ
ছবি: উত্তম মণ্ডল

অফিসের মধ্যে ঢুকে দেখা যায়, ওই সকালেই ব্যস্ত হয়ে পড়েছেন স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান। কথা বলার ফুরসত নেই তাঁর। একের পর এক কাগজ যাচাই করে স্বাক্ষর করে চলেছেন তিনি। তাঁর ওই কাজে সহযোগিতা করছেন আরও কয়েকজন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্যবিধি মানতে ট্রলারের মাপ অনুযায়ী যাত্রীর সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এ কারণে ট্রলারপ্রতি যাত্রী অনেক কম। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নির্ধারিত ফি জমা দিয়ে রাস উৎসবে যাওয়ার জন্য বন বিভাগের কাছে আবেদন করেছিলেন তাঁরা।

নলিয়ান স্টেশন থেকে দুবলার চরের দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার। ট্রলারে যেতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। অন্যান্য নৌরুট দিয়েও সেখানে যেতে সময় লাগে কমপক্ষে ছয় ঘণ্টা।

শত শত বছর ধরে সুন্দরবনের শেষ সীমানায় বঙ্গোপসাগরের তীরে দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত হয়ে আসছে রাস উৎসব ও পুণ্যস্নান। তিথি অনুযায়ী দুর্গাপূজা শুরুর ৪০ দিন পর পূর্ণিমার রাতে ওই পূজা ও পরদিন ভোরে পাপমোচনের আশায় সাগরের জলে স্নান করে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা। প্রতিবছর রাসপূজা উপলক্ষে আলোরকোলে বড় আকারে আয়োজন করা হয় মেলার। ওই মেলা ও পূজা দেখতে হিন্দুসম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ জড়ো হতো সেখানে। কিন্তু এবারই প্রথম শুধু হিন্দুসম্প্রদায়ের লোকদের রাসপূজা ও পুণ্যস্নান করতে অনুমতি দেওয়া হয়েছে।

রাস মেলা
ছবি: উত্তম মণ্ডল

শ্বাসরুদ্ধ ৬ ঘণ্টা

এবারই প্রথম করোনার জন্য শুধু হিন্দুসম্প্রদায়ের লোকদের রাসপূজা ও পুণ্যস্নান করতে অনুমতি দেওয়া হয়েছে
ছবি: উত্তম মণ্ডল

যাত্রাপথের মাঝামাঝি পর্যায়ে গোসল ও অন্যান্য টুকটাক কাজ সেরে নিতে আমরা আশ্রয় নিই বন বিভাগের একটি টহল ফাঁড়িতে। সেখান থেকে সন্ধ্যার পর আবার যাত্রা শুরু হয় আমাদের। চাঁদের আলো উপভোগ করতে করতে বিশাল মরজাত নদ ধরে চলতে থাকে ট্রলার। মাঝ বরাবর যাওয়ার পর মরজাত নদের বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে ট্রলারে। আর এতে কেঁপে কেঁপে উঠতে থাকে ট্রলার। ওই কাঁপুনিতে বুকের কোণেও কাঁপুনি ধরিয়ে দেয়। ভয়ে সৃষ্টিকর্তার নাম জপতে শুরু করেন সঙ্গীদের অনেকেই। এভাবেই চলে ঘণ্টাখানেক। একসময় তীরের দেখা পেতেই হাঁফ ছাড়েন সবাই। ততক্ষণে ঢেউয়ের তীব্রতাও কমে আসে। এরপর রাতের জ্যোৎস্না আর জিপিআরএসের ম্যাপ দেখে চলতে থাকে ট্রলার। সহকর্মীদের অনেকে তখনো ভয়ে তটস্থ।

ম্যাপ দেখে দেখে তিন কোনার চর পার হতেই দেখা মেলে দূর থেকে ভেসে আসা আলোর বিন্দুর। সেগুলো দুবলার চরের শুঁটকিপল্লির। ওই আলো দেখেই চলতে থাকে ট্রলার। কিছুদূর যাওয়ার পর বাম পাশে কিছু ট্রলারের মিটমিটে আলো আমাদের বিভ্রান্ত করে দেয়। ওই রাতে আসলে দুবলার চর কোনটি, সেটি নিয়ে রীতিমতো গবেষণা শুরু করেন আমাদের সঙ্গে থাকা অভিজ্ঞরাও। এমনই দোটানার মাঝে নিচে কিছুর সঙ্গে হঠাৎ ধাক্কা খায় ট্রলার। একজন বলে ওঠেন ‘এখানে বালুর চর’। ওই চরে যেন ট্রলার আটকে না যায়, প্রাণপণে এমন চেষ্টা করতে থাকেন চালক। কিন্তু কিছুতেই আর হয় না। একজন লম্বা একটি বাঁশ নামিয়ে পানির গভীরতা মাপার চেষ্টা করেন। দেখা যায়, সেখানে হাঁটুর কিছু ওপরে পানি। এ কারণেই বালুর চরে আটকে গেছে ট্রলার। ট্রলারটি চর থেকে সরাতে আমাদের সঙ্গে থাকা সাফায়েত হোসেন নামের একজন নেমে পড়েন পানিতে।

দুবলার চরের শুঁটকিপল্লি
ছবি: উত্তম মণ্ডল

কিছুক্ষণ চেষ্টা করেও সরাতে না পেরে নেমে পড়ি আমরা আরও কয়েকজন। সবাই মিলে ঠেলে সরাতে চেষ্টা চলে আরও কিছুক্ষণ। একসময় হাল ছেড়ে দেন সবাই। বালুর চরে গ্রাফি ফেলে উঠে পড়ি ট্রলারে। ততক্ষণে নতুন আতঙ্ক গ্রাস করেছে আমাদের। ঠান্ডা বাতাস বইছে। কিন্তু আতঙ্কে ওই বাতাস কাবু করতে পারছে না আমাদের। ওই স্থানে টেলিটকের মোবাইল সংযোগ পাচ্ছে। কী করা যায় কী করা যায়, এমন ভাবতে ভাবতেই একজন ফোন দেন ৯৯৯ নম্বরে। আমাদের কথা শুনে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন ওপর প্রান্তে থাকা ব্যক্তি। বিস্তারিত বলার পর কোস্টগার্ড কর্মকর্তাদের কথা শুনে মনে হলো, এটা খুবই স্বাভাবিক। তাঁরা এখন কিছুই করতে পারবেন না। অগত্যা নিজেদের মতো করেই চিন্তা করতে শুরু করি। মাথায় হাজারটা চিন্তা ঘোরাঘুরি করে, কিন্তু সমুদ্রের বুকে তা কী বাস্তবায়ন করা সম্ভব!

এমন করতে করতেই রাত প্রায় ১টা। সামনে সমুদ্র, চাঁদের আলোয় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। দূরে সমুদ্রের মধ্যে থাকা কয়েকটি জাহাজের আলো শুধু চোখের সামনে মিটমিট করছে। অনুমান করা যায়, গন্তব্যস্থল থেকে তখনো আমরা দুই থেকে আড়াই কিলোমিটার দূরে। একজন জানান, সকালে জোয়ারের পানি বাড়ার সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও অনেক বাড়বে। তখন পানির বাড়ি খেয়ে ট্রলারের তলা ভেঙে যেতে পারে। এসব কথা শুনে সহকর্মীদের অনেকেই ট্রলারে থাকা লাইফজ্যাকেট ও বয়া নিজের জিম্মায় নিয়ে রাখেন।

যত দূর চোখ যায় শুধু পানি আর পানি
ছবি: উত্তম মণ্ডল

ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। কিন্তু সেদিকে কারোরই মনোযোগ নেই। তারপরও রাঁধুনির অনুরোধে সবাই একটু খেয়ে নিই। অনেকে না খেয়েই ঘুমাতে যান। খাওয়ার পর চলল কিছুক্ষণ আলোচনা। ওই আলোচনার সময় একজন বলে বসেন, ‘আমরা চরটির নামকরণ করব সাংবাদিক চর।’

এরপর ট্রলারের ছাদ থেকে উঁকি মেরে একজন জানান দেন, পুরোপুরি পানি সরে গেছে, চর জেগে উঠেছে। তা দেখতে একে একে সবাই চলে আসেন বাইরে। চরের বালুতে চাঁদের আলো চকচক করছে। একজন সাহস করে নেমে পড়েন ট্রলার থেকে। নাহ্‌, একেবারে শক্ত বালু, পা ডেবে যাচ্ছে না। আলো ছড়ানো পূর্ণিমার ওই রাতে আমরা সবাই নেমে পড়ি চরে। গা ছমছম করা অনুভূতি ততক্ষণে উবে গেছে, মন ভরতে শুরু করেছে ভালো লাগায়। দূরে সাগরের মধ্যে একটি ট্রলার দাঁড়িয়ে থাকতে দেখে আমরা ৯ জন এগিয়ে যাই সেদিকে। কাছে গিয়ে দেখা যায়, চর থেকে খুব বেশি দূরে নয় সেটি।

ডাকাডাকি করে তোলা হলে ওই ট্রলারের একজন জানান, তাঁরাও চরে আটকে গেছেন। তাঁর ওই কথা শুনে আশস্ত হলাম আমরা। নাহ্‌! আমাদের সঙ্গে আরও কেউ আছে।
প্রায় দেড় ঘণ্টা ধরে চরে হাঁটাহাঁটি করে রাত চারটার দিকে ঘুমাতে যায় সবাই। পৌনে ছয়টার দিকে একজন ডেকে দেন সূর্যোদয় দেখার জন্য। একে একে সবাই উঠে সূর্যোদয় দেখি। চরে আটকে যাওয়ার সুবাদে জীবনে প্রথম সূর্যোদয় দেখা হয়।

ভাটায় চরে আটকে গেছে ট্রলার
ছবি: উত্তম মণ্ডল

চারদিক কিছুটা ফরসা হতেই দেখা যায়, রাতে যে ট্রলারগুলোর আলো দেখে আমরা বিভ্রান্ত হয়েছিলাম, ওই ট্রলারগুলো আমাদের মতোই চরে আটকে গেছে। আমাদের ট্রলার থেকে ওই ট্রলারগুলোর দূরত্ব কমপক্ষে দেড় কিলোমিটার। ধীরে ধীরে জোয়ারের পানি বাড়তে থাকে। পানিতে পা ভিজে যাওয়ার আগেই উঠে পড়ি ট্রলারে। অপেক্ষা করতে থাকি পানি বাড়ার।

অবশেষে ঘাটে
ছবি: উত্তম মণ্ডল

সকাল সাড়ে ৮টার দিকে জোয়ারের পানিতে ট্রলার নড়তে শুরু করে। তবে তখনো চালানোর উপযোগী হয়নি। রাতের অভিজ্ঞতা থেকে একে একে পানিতে নেমে পড়ি সাতজন। প্রায় ১৫ মিনিট ধরে ধাক্কাধাক্কি করার পর চলতে শুরু করে ট্রলার। ওই চলন্ত ট্রলারেই একে একে উঠে পড়ি আমরা। এরপর সাগরের বড় বড় ঢেউয়ের বুক চিরে দুবলার চরের আলোরকোলের দিকে চলতে শুরু করে আমাদের ট্রলারটি।