লন্ডনে বাংলার ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় এক টিভি অনুষ্ঠানে লন্ডনের শিশুদের সাক্ষাৎকার দেখে বুঝেছিলাম, লন্ডনের সবাই উচ্চশিক্ষিত, এমনকি আমার চেয়ে ছোটরাও! এমন মনে হওয়ার কারণ, তাদের মুখের ইংরেজি ভাষা!

ভিক্টোরিয়া মেমোরিয়াল
ছবি: লেখক

লন্ডন আমার পছন্দের শহর। চোখে দেখার ও চেখে দেখার অনেক কিছু আছে। বাকিংহাম প্রাসাদ, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল আর্ট গ্যালারি, মাদাম তুসো জাদুঘর, টাওয়ার ব্রিজ, ট্রাফালগার স্কয়ার, এমন আরও অনেক কিছু। এখানে অনেক জাদুঘরে ফি ছাড়া প্রবেশ করা যায়, অন্য বড় শহরে এই সুযোগ নেই।

লন্ডনে পাঁচ পাউন্ডে মেলে নান্না বিরিয়ানি
ছবি: লেখক

লন্ডনে গেলেই যে হোটেলে উঠি, সেটি আড়াই তারা মানের এক হোটেল। তবে ভাড়া কম নয়। এখানে থাকার কারণ, দুই মিনিট হাঁটাদূরত্বে দুটি টিউব স্টেশন, বাসস্টেশন। কম খরচে বাস বা টিউবে করে পুরো লন্ডন ঘোরা যায়। এলাকাটাও হোয়াইটচ্যাপেল আর ইস্ট লন্ডনের সীমানায়। রাতে টেমস নদীর পারে বসে দূরে আলোকিত টাওয়ার ব্রিজ দেখা আর ঝিরিঝিরি বাতাস খাওয়া যায়। তারপর হেঁটেই হোটেলে ফেরার আনন্দ।

বাঙালিদের জন্য এই এলাকায় অনেক সুবিধা। এক কিলোমিটারের মধ্যেই ইস্ট লন্ডনের কত্ত বাংলাদেশি রেস্তোরাঁ আর দোকান। মাছভর্তা খেতে চান? কলাপাতা রেস্তোরাঁয় চলে যান। মিষ্টি খেতে ইচ্ছা করে? আলাউদ্দিন সুইটমিট আছে না!

লন্ডনে কলাপাতা রেস্তোরাঁ
ছবি: লেখক

প্রশ্ন হলো, লন্ডনে গিয়ে কেন বাঙালি খাবার খেতে হবে? কারণ, অন্য রেস্তোরাঁয় খাবারের দাম দেখলেই খিদে উবে যাবে। পেটে কিছু দিতে হলে এই বাংলাদেশি রেস্তোরাঁগুলো লন্ডনে সাধ্যের মধ্যে সেরা। যেমন নান্না মিয়ার বিরিয়ানি খেলাম পাঁচ পাউন্ডে। ফেরার সময় ঘরের বাজারটাও করে নিলাম সাধ্যের মধ্যে।

পর্যটক আকর্ষক স্থানগুলোর মধ্যে লন্ডন আই, কেব্‌ল কার, লন্ডন টাওয়ার দেখে মনে হয়েছে, সময় নষ্ট। ‘বিগ বেন’ বড়ই লাজুক, সারা বছর মেরামতের চাদরে নিজেকে ঢেকে রাখে। এর চেয়ে বরং ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর সায়েন্স মিউজিয়াম দেখলে ভালো হতো।

আধুনিক লন্ডনের আইকন ’লন্ডন আই’
ছবি: লেখক

লন্ডনে বাংলার ছড়াছড়ি। আফতাব আলী পার্কে আছে শহীদ মিনার। টিউবে টিকিট কাটতে যাবেন, মেশিনে বাংলা ভাষায় টিকিট কিনতে পারবেন। বাকিংহাম প্রাসাদে টিকিট কেনার লম্বা লাইন, একদম মাথায় এসে দেখলাম পাঁচটি ভাষার বুথ—ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ আর বাংলা!

বিদেশে বাংলা ভাষার এত ব্যবহার দেখে ভালো না লেগে উপায় আছে, বলুন?