অগ্রহায়ণের শুরুতেই রাজশাহীতে উত্তরের ঠান্ডা বাতাস বেশ টের পাওয়া যায়। সন্ধ্যাবেলায় শহর থেকে চিড়িয়াখানা সড়ক দিয়ে পর্যটন মোটেলে যাওয়ার পথে মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগে। ছোটবেলার স্মৃতিতে থাকা শিউলি ফুলের এই সুবাস চিনে নিতে ভুল হয় না। পাশের ফুটপাতে তাকাতেই দেখা গেল, প্রায় আধা কিলোমিটারজুড়ে লাগানো সারি সারি শিউলি ফুলের গাছ। চর্মচক্ষু দিয়ে ভুল দেখলাম না তো!
কর্মসূত্রে ঢাকাবাসী হওয়ার পর থেকে ফুটপাত বেহালই দেখছি। দখলদার, ভাসমান ব্যবসায়ী, মূত্র স্রোতে ভাসতে থাকা ঢাকার ফুটপাতে কিছুটা পথ হেঁটে আসার পর কখনো নিজেকে অভিযাত্রীও মনে হয়। তাই পরিষ্কার ঝকঝকে ফুটপাতে সারি সারি শিউলিগাছকে কল্পনাতীত মোহনীয় মনে হতেই পারে। সেই সঙ্গে মনে হলো রাজধানী শহরে এ রকম শিউলিমাখা ফুটপাত হলে কী চমৎকারটাই না হতো!
মোহনীয় সুবাসের লোভে আরেকবার সেই পথে যেতে অনুরোধ করলাম রিকশাচালককে। ফুটপাতে শিউলিগাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম। সব গাছের শাখা-প্রশাখায় ফুল ধরে আছে। সন্ধ্যার নীরবতায় মিষ্টি এই গন্ধ যেন ভিন্ন এক আবহ তৈরি করেছে। ষাটোর্ধ্ব এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন পাশ দিয়ে। যেতে যেতেই বলে গেলেন, ‘ভোরে আসবেন। দেখবেন কত ফুল পড়ে থাকে।’
ভোরে আসার লোভ সামলানো গেল না। ফুটপাতে যেন শিউলির গালিচা বিছানো। সাদা সাদা ফুলের ওপর ফুল পড়েছে। অনেকে কুড়াতেও এসেছেন সেই ফুল। দুহাত ভরে ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। দেখতে দেখতে কখন যে আটটা বেজে গেছে, টেরই পেলাম না। ততক্ষণে অবশ্য ফুলগুলোও চুপসে গেছে। শিউলির মোহনীয় রূপ ফুটপাতের রূপ বাড়িয়েছে বহুগুণে।
উজ্জ্বল কমলাবৃন্তের ওপর সাজানো তুষারশুভ্র পাপড়ির চোখজুড়ানো স্নিগ্ধ রূপ মনে প্রশান্তি আনে। শিউলির জন্মস্থান উত্তর ভারত। বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis।আমাদের দেশের সব অঞ্চলেই জন্মে। মূলত শরতের ফুল শিউলি। তবে হেমন্তেও ফোটে।
শিউলি ও শেফালি, দুই নামেই পরিচিত ফুলটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় শিউলি ও শেফালি দুটি নামই এসেছে। ‘শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল’, ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি...শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি’, ‘শিউলবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে’, ‘ওগো শেফালিবনের মনের কামনা’, গানগুলো শিউলির মতোই সুরভিত হয়ে আছে শ্রোতাদের কাছে।