শিশুপার্কে যাবে আর কে?

রোজ রোজ যানজট, বিরক্তিকর হর্ন, ধুলাবালুর হামলা সামলে স্কুলে যাওয়া-আসা। বাসায় ফিরে আবার সেই পুরোনো রুটিন। এই টিচার, সেই টিচার—শুধু পড়া আর পড়া। আব্বু-আম্মুকে রাজি করিয়ে একটা বিকেল ঘুরে আসতে পারো শিশুপার্ক থেকে। আরও শত শত শিশুর সঙ্গে মিশে, একের পর এক রাইডে উঠে দেখবে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়।
প্রবেশমুখেই তোমাকে স্বাগত জানাবে ছোট্ট হরিণ সোনা মিশুক (উচ্চতায় কিন্তু তোমার চেয়ে পাঁচ-ছয় গুণ লম্বা)। আট টাকায় টিকিট নিয়ে প্রবেশ করলেই হাতের বাঁয়ে প্রতিটি রাইড পাবে ছয় টাকা দরে। আছে উড়ন্ত বিমান, উড়ন্ত নভোযান, রোমাঞ্চ চক্র, আনন্দ ঘূর্ণি, বিস্ময় চক্র, এসো গাড়ি চড়ি, ঝুলন্ত চেয়ার, ছোটমণিদের রেলগাড়ি, চাকা পায়ে চলা, লম্ফঝম্ফ...নামগুলো শুনেই কেমন রোমাঞ্চ অনুভব হয়, তাই না? ও হ্যঁা, আর আছে বাংলাদেশ বিমানবাহিনীর জঙ্গিবিমান এফ-৬ দেখার সুযোগও।
টিকিট কাটা হলে সারা, সবার তখন চড়ার তাড়া—কার আগে কে উঠবে রাইডে। প্রথমে রোমাঞ্চ চক্রে মিনিট দু-এক চক্কর দিয়ে সবাই গিয়ে লাইনে দাঁড়াচ্ছে উড়ন্ত বিমানে উড়তে। বিমানে উঠে সবার সে কী আনন্দ! একটা বিমানে ওরা দুই বোন—হ্যাপি আর লিপি। বিমানটা যতবারই ঘুরে আসছে, ততবারই তাদের মাকে ডেকে উঠছে, ‘আম্মুউউ...আআম্মু...।’ ডাক শুনে পার্কে উপস্থিত অন্য আম্মুরাও ফিরে তাকান।
উড়ন্ত নভোযান চড়ার সুযোগ পায় ১০ ও তার কম বয়সী শিশুরা। কাচঘেরা নভোযান যেমন আছে, আছে খোলামেলা নভোযানও। অভিভাবকেরা সঙ্গে না থাকতে পারলেও চারপাশে দাঁড়িয়ে শিশুদের বাহবা দিচ্ছেন খুব। ‘এসো গাড়ি চড়ি’তে ৬ থেকে ১০ বছরের শিশুরা নিজেরাই গাড়ি চালাতে পারে। ঝুলন্ত চেয়ারেও চড়তে পারে সবাই, তবে কিছুটা বিপজ্জনক বলে পাঁচ বছরের ছোট শিশুদের এটাতে চড়া মানা।
সম্প্রতি শিশু পার্কে শুরু হয়েছে নাইন ডি সিনেমা। বিশেষ চশমা পরে তুমি যা দেখবে, বাস্তবেও তা অনুভব করবে! ছুটে চলা বাতাস, ধোঁয়া, বাবল ও পানির ছোঁয়ায় চমকে উঠবে। টিকিটের মূল্য ৬০ টাকা। ‘কেমন দেখলে?’ সিনেমা দেখে বেরিয়ে আসার পথে একজনকে জিজ্ঞেস করলাম। উত্তর এল ‘অস্থির! অস্থির!’ বটে! সিনেমা তো অস্থিরই হয়, স্থির হলে তো সেটা ছবি হয়ে যাবে!
জঙ্গিবিমান এফ-৬ দেখার সুযোগ থাকছে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য। ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য পার্কে আছে লাফালাফির ব্যবস্থাও। ছোট্ট দুই ভাইবোন সামির আর সামায়রা এসেছে বাংলামটর থেকে। আব্বু, আম্মু আর নানুর সঙ্গে। বাবা তাদের দুহাতে ধরে ছুড়ে ফেলেন আর ওরা স্প্রিং এ জড়ানো কাপড়ে পরে লাফিয়ে ওঠে বারবার। মজা পেয়ে উঠে এসে বলে ‘আব্বু, আবার আবার!’
ঝকঝকাঝক ট্রেনে চড়তে চাও? শখ মিটবে তারও। চার বগির ট্রেনটি তোমায় নিয়ে ছুটবে বাঁশি বাজিয়ে। সবশেষে আনন্দ ঘূর্ণিতে চড়ে ইতি টানতে পারো এই মজার দিনটার।
জেনে রাখো
শিশুপার্ক রবি ও বুধবার দুই দিন বন্ধ থাকে। বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শুধু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। বিনা মূল্যে তারা পার্কের সব রাইডে উঠতে পারে। কী দারুণ ব্যবস্থা, তাই না? তোমার আশপাশে যদি এমন কেউ থাকে, তাকে খবরটা দিয়ে দিয়ো।