করোনাকালে সারা বিশ্বেই ব্যবসা–বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কঠিন সময় পার করতে হচ্ছে। সেটাকে কিছুটা কাটিয়ে উঠতে অস্ট্রেলিয়া সরকার একটা মজার উদ্যোগ নেয়। ডাইন এবং ডিসকভার ভাউচার নামে বাবা আর সন্তানকে দুটো করে ভাউচার দিয়েছে। প্রতিটি ভাউচারের দাম ২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১২০ টাকা। ডাইন ভাউচারগুলো খাওয়ার জন্য। আর ডিসকভার ভাউচারগুলো বেড়ানোর জন্য। আমাদের এবং আশফাক ভাইদের এ ভাউচারগুলোর প্রায় সব কটিই এত দিন ব্যবহার করা হয়নি। তাই পরিকল্পনা করা হলো রানির জন্মদিনের লম্বা ছুটিতে আমরা সিডনির সি লাইফে বেড়াতে যাব।
যেই ভাবা সেই কাজ। আমরা অনলাইনে ১৪ জুনের টিকিট কিনে ফেললাম। এরপর আমাদের বাসা মিন্টো থেকে সি লাইফে যেতে এক ঘণ্টার ট্রেনভ্রমণ। পুরোটা সময় বাচ্চারা ট্রেনের মধ্যে হুড়োহুড়ি করে কাটিয়ে দিল। এরপর বাকি পথটুকু ১০–১৫ মিনিটের পায়ে হাঁটা পথ। টানেলের রহস্যময় নরম আলোয় বাচ্চারা অনেক আনন্দ পেল। বারাঙ্গারু থেকে কয়েক মিনিটের মধ্যেই আমরা সি লাইফের সামনে চলে গেলাম।
সি লাইফের সামনের কাঠের পাটাতনে বসে সবাই তাই সঙ্গে আনা খাবার দিয়ে উদরপূর্তি করে নিল। এরপর আমরা লাইন ধরে সি লাইফে প্রবেশ করলাম। লাইনে থাকা অবস্থাতেই করোনার বারকোড মোবাইলের সার্ভিস স্ক্যান করে চেক ইন দিতে হলো। করোনার সংক্রমণ ঠেকানোর জন্য এ চেক ইন এবং চেক আউটগুলো খুবই গুরুত্বপূর্ণ। কে কোথায় কতক্ষণ ছিল সেই ট্র্যাক রাখা হয়। আমরা চেক ইন দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হলো আমাদের একসঙ্গে কতজন? তখন আমরা দুই পরিবারের মোট আটজনকে দেখিয়ে দিলাম। তখন একজন ক্যামেরাম্যান আমাদের একটা দেয়ালের সামনে দাঁড় করিয়ে দিয়ে কী রকম অভিব্যক্তি দিতে হবে বুঝিয়ে দিল। আমরা কখনো অবাক করা, আবার কখনো ভয় পাওয়ার অভিব্যক্তি দিয়ে ছবি তুললাম।
সি লাইফে ৯ রকমের ইন্টারেক্টিভ প্রদর্শনী রয়েছে। এ প্রদর্শনীগুলোতে তাদের চরিত্রের সঙ্গে মিল রেখে পরিবেশ তৈরি করা আছে। আর একটা প্রদর্শনী থেকে অন্য প্রদর্শনীতে যাওয়ার পথে আলো আর রং এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যেন আপনার মনে হবে আপনি গভীর নীল সাগরের পানির নিচে হেঁটে বেড়াচ্ছেন। প্রদর্শনীগুলোর অনেক সুন্দর সুন্দর নামও আছে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের আদলে আছে ‘ডে অ্যান্ড নাইট অন দ্য রিফ’। এখানে সব সময়ই আলোর খেলা চলতে থাকে। এ জায়গাটায় প্রবেশ করলে মনে হয় যেন রূপকথার সাগরতলে চলে এসেছি। চারদিকে অনেক সুন্দর সুন্দর জীবন্ত কোরাল। তার মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে নানা আকৃতির রংবেরঙের মাছ।
আছে পেঙ্গুইন এক্সপিডিশন। সেখানে দুই প্রকারের পেঙ্গুইন চলাফেরা করছে। বড় পেঙ্গুইনগুলো যখন হেঁটে যায়, তখন পেছন থেকে স্যুট পরা ভদ্রলোক বলে ভ্রম হয়। শার্ক ভ্যালিতে আছে হরেক রকমের হাঙর। একটা কাচের টানেলের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় দুপাশে এবং মাথার ওপর হরেক রকমের হাঙরের দেখা মেলে। ডুগং আইল্যান্ডে দেখা মিলবে অস্ট্রেলিয়ার নিজস্ব কিছু প্রাণীর। ডিসকভারি পুলে সরাসরি অনেক কিছু নেড়েচেড়ে দেখার ব্যবস্থা আছে। এটা বাচ্চাদের খুবই প্রিয়। তারা একেকটা প্রাণী বা বস্তু ছুঁয়ে দেখে আর মা–বাবাকে চিৎকার করে বলে যে সে কোনটা ধরেছিল। এটা তাদের কাছে অনেক সাহসের কাজ। ‘সাউথ কোস্ট শিপ রেক’-এ আপনি একটা জাহাজের ভাঙা অংশ দেখতে পাবেন। যার এক প্রান্তে রয়েছে একটা মৎস্যকন্যার মূর্তি।
‘সিডনি হারবার’ জোনে বিশ্বের বিভিন্ন বিখ্যাত হারবারের প্রাণীদের সমারোহ। আর ‘জুরাসিক সি’তে আছে সাগরতলের ডাইনোসরসদৃশ সব প্রাণীর কঙ্কাল। সঙ্গে আছে জীবন্ত কুমির এবং অক্টোপাস। শুরুতেই জুরাসিক সি পড়ে। সেখানে আমরা অক্টোপাসের নড়াচড়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। অক্টোপাস দেখতে অনেক ছোট হলেও যখন এটা তার আট হাত–পা ছড়িয়ে দেয়, তখন অনেক বড় দেখায়। রায়ান কুমির দেখে কিঞ্চিৎ ভয় পেয়ে আর কাছেই গেল না।
এরপর আরও এগিয়ে গেলে দেখা মিলল হরেক রকমের জেলিফিশের। জেলিফিশের ওখানে কাচের দেয়াল দিয়ে একটা ধাঁধার মতো করা আছে আর আলোও অনেক কম। আমি একটা জেলিফিশের সঙ্গে ঘুরতে ঘুরতে কাচের দেয়ালে ধাক্কা খেয়ে সরি বলে তাকালাম। দেখি আমি নিজেই নিজের প্রতিবিম্বকে সরি বলেছি। একটা জায়গায় ভেতরে ঢুকে খুব কাছ থেকে চারপাশে জেলিফিশ দেখা যায়।
‘মুনলিট ও বিচ’ জায়গাটাও খুবই চমৎকার। মনে হবে আপনি পূর্ণিমার রাতে সৈকতে বসে আছেন। মেঝেতে সাগরের পানির আদলে আলো ফেলা আছে। তার ওপর দিয়ে হেঁটে গেলে সাগরের পানিতে যেভাবে ঢেউ তৈরি ঠিক সে রকম আলোর আলোড়ন তৈরি হয়। আর ব্যাকগ্রাউন্ডে সৈকতে ঢেউ ভাঙার শব্দ হতে থাকে। এরপর টানেলগুলো পার হওয়ার সময় দেখা মেলে হরেক রকমের প্রাণীর। সেখানে হাঙর থেকে শুরু করে আছে অনেক রকমের মাছ। স্টিং রে মাছগুলোর চোখ আর মুখ শরীরের নিচের দিকে। হঠাৎ চোখ পড়লে মনে হবে কোনো মানুষ আপনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমাদের হেঁটে যাওয়ার সময় ডুবুরিরা এ মাছগুলোর মুখে খাওয়ার হিসেবে ছোট ছোট মাছ গুঁজে দিচ্ছিল। সেটা ছিল একটা মজার অভিজ্ঞতা।
এর মধ্যেই এক পাশে দেখলাম সাগরদৈত্যের মুখের আদলে একটা বিশাল মুখের মূর্তি। হঠাৎ দেখলে ভয় পেয়ে যেতে পারেন। আরও আছে একটা বিশাল কচ্ছপের মূর্তি। আর আছে থ্রিডি মুভির চেয়ার। এক জায়গায় দুজন করে বসা যায়। এটাও ছোট–বড় সবার জন্য খুবই আকর্ষণীয়। আমার মেয়ে তাহিয়া মুভি শেষ করে এসে বলল, একদম শেষে এসে নাকি হাঙর তাদের খেয়ে ফেলে। আমি বললাম, ‘বাহ্, কী চমৎকার গা ছমছমে অনুভূতি!’
একেবারে শেষে আছে সমুদ্রের ঢেউয়ের আদলে তৈরি একটা দেয়াল। সেখানে গিয়ে বাচ্চারা দৌড়ে দৌড়ে দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিল। এভাবেই আমাদের সময় ফুড়ুৎ করে উড়ে গেল। বের হওয়ার মুখে আছে বিশাল স্যুভেনির শপ। আর সবার শেষে আছে ক্যাফে আর প্রসাধন কক্ষ। ঘুরে ঘুরে ক্ষুধা লাগলে এখান থেকে খেয়ে নিতে পারেন।
সি লাইফের সাগরের নিচের প্রাণীগুলোকে সামনে দেখে খুলে যায় একটা বিশাল পৃথিবীর দরজা। ভাবছি, সুযোগ পেলেই আবারও সি লাইফে বেড়াতে যাব।
ছবি: লেখক