সান অ্যান্টোনিও শহরে যেভাবে গাড়ি হারিয়ে ফেললাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়াতে যাওয়ার জন্য পুরোনো শহর আমার ভেতর একটা বিশেষ আকর্ষণ তৈরি করে। শহরের সব অনুষঙ্গ উপভোগ করার সঙ্গে ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন স্বচক্ষে দেখার আনন্দও নেওয়া যায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অন্যতম বড় শহর সান অ্যান্টোনিও ঘুরতে গিয়েও সে রকম অনুভূতিই হলো। জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের সপ্তম বৃহত্তম শহর এটি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের শহরগুলোর মধ্যে অন্যতম প্রধান এই সান অ্যান্টোনিও, যার ইতিহাসের ব্যাপ্তি কয়েক শ বছরের বেশি। এটি টেক্সাসের সবচেয়ে পুরোনো ‘পৌরসভা’ হিসেবেও ব্যাপক সমাদৃত।

সান অ্যান্টোনি শহরে অ্যালামো মিশন নামের স্থাপনাটি
ছবি: লেখক

যেকোনো পুরোনো শহরের ইতিহাস ঘাঁটলেই দেখা যায় আশপাশে কোনো জলাশয় বা নদীর অস্তিত্ব, যার ওপর ভিত্তি করেই এসব জনপদ গড়ে উঠত। এই শহরও গড়ে উঠেছে সান অ্যান্টোনিও নদীর ওপর ভিত্তি করে। শহরের প্রায় ১৪ মাইল দূরে অবস্থিত বেশ কিছু ঝরনাধারা একত্র হয়ে জন্ম দিয়েছে এই নদীটিকে, যা বয়ে গেছে আরও প্রায় ২৪০ মাইল। এই নদীকে কেন্দ্র করে কেবল যে শহর চলছে তা নয়, বরং সান অ্যান্টোনিওর অন্যতম পর্যটন আকর্ষণও এই নদী।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর সান অ্যান্টোনিও আগে ছিল স্প্যানিশ কলোনির অন্তর্ভুক্ত। পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে স্প্যানিশরা এই অঞ্চল পায়ায়া অধিবাসীদের কাছ থেকে দখল করে নেওয়ার পর আস্তে আস্তে এটি শহরাঞ্চল হিসেবে গড়ে উঠতে শুরু করে। প্রথম পৌরসভা হিসেবে ১৭১৮ সালের পয়লা মে গোড়াপত্তন হয় এই শহরের। এই কর্মযজ্ঞের মূলে ছিলেন অ্যান্টোনিও দ্য অলিভেয়ারস নামের স্প্যানিশ খ্রিষ্টানদের একজন বিশেষ নেতা। তাঁর নামেই পরবর্তী সময়ে এই শহর ও নদীর নামকরণ করা হয় ‘সান অ্যান্টোনিও’।

শতাব্দীর পরিক্রমায় অনেক ইতিহাসেরই সাক্ষী হয়েছে এই শহর। ‘অ্যালামো মিশন’ নামে খুব প্রসিদ্ধ একটি স্থাপনা এখানকার প্রথম দিককার খ্রিষ্টানদের উপাসনালয় এবং পরবর্তী সময়ে যুদ্ধক্ষেত্র হিসেবে সমাদৃত। আমেরিকা তার স্বাধীনতা পাওয়ার অনেক আগে থেকে এই মিশন স্থানীয় রেড ইন্ডিয়ানদের মধ্যে যারা খ্রিষ্টধর্ম গ্রহণ করত, তাদের আশ্রয় ও ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো। সপ্তদশ শতাব্দীতে যখন পাশের দেশ মেক্সিকোর কিছু বিপ্লবী টেক্সাসকে নিজেদের করে ঘোষণা করতে চায়, তখন এই অ্যালামো মিশন যুদ্ধক্ষেত্র হিসেবে কাজ করে। বিপ্লবীরা পরাজিত হয়, আর এই স্থাপনা আজকের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে স্বীকৃতি পায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরের সামনে লেখক
ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যালামোকে ঘিরে সান অ্যান্টোনিও শহরের প্রধান প্রধান বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠে। এই সব কার্যক্রম শহরের উন্নতি করেছে বটে, কিন্তু এই ঐতিহাসিক মিশনের ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া ঠেকানো যায়নি। ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে ২০১৮ সালে সান অ্যান্টোনিওর ৩০০ বছরের উদ্‌যাপনের সময় এর একটা বড় মেরামতের কাজে হাত দেওয়া হয়, যা এখনো পুরোপুরি শেষ হয়নি। আমাদের দুর্ভাগ্যও বলতে হবে, এত সুন্দর স্থাপনাটির সৌন্দর্য উপভোগ করতে পারিনি।

একটু আশপাশে হাঁটতে থাকলেই সামনে চোখে পড়বে আরেকটা মজার জায়গা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘর। দোতলা এই দালানে অগুনতি আজব আর মজার বিশ্ব রেকর্ড জমা করা আছে। ‘এক মিনিটে সবচেয়ে বেশি ড্রাম বাজিয়েছে কে?’ বা ‘প্ল্যাঙ্ক নামের একটা কঠিন ব্যায়াম সবচেয়ে বেশিক্ষণ করার রেকর্ড কার?’ অথবা ‘পৃথিবীতে সবচেয়ে বেশি ওজন কার?’—এ রকম নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই জাদুঘরে। এখানে ঢুকে এই সব মজার প্রশ্ন-উত্তর দেখতে থাকলে কোন দিক দিয়ে যে কয়েক ঘণ্টা পার হয়ে যায়, টেরও পাওয়া যায় না!

সান অ্যান্টোনিওর প্রধান আকর্ষণ মূল শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া সান অ্যান্টোনিও নদীর দুপাশ দিয়ে বিস্তৃত হাঁটার পথ বা রিভার ওয়াক। বছরের ৩৬৫ দিনই খোলা থাকে এই হাঁটার পথ, শহরের ভেতর ও বাইরে থেকে আসা মানুষের কোলাহলে মুখর থাকে এই অনন্য সড়ক। প্রায় চার কিলোমিটার লম্বা আঁকাবাঁকা চলা এই সড়কের পাশে আছে শপিং মল, রেস্তোরাঁ, আরও কত কী! আছে নদীর বুক চিরে ছুটে চলা ছোট ছোট নৌকায় ডাউনটাউন দেখার সুযোগ। ঠিক ১০০ বছর আগে সান অ্যান্টোনিও নদীর এক প্রলয়ংকরী বন্যায় যখন অনেক প্রাণ চলে যায়, তখন নদীতে বাঁধ দিয়ে এর ধারা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই রিভার ওয়াকের কাজ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার আগমন আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নদীপাড়ের সড়কটি নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়।

সান অ্যান্টোনিও নদীর দুপাশ দিয়ে বিস্তৃত হাঁটার পথ
ছবি: লেখক

দুই দিনের এই সান অ্যান্টোনিও ট্যুর আরও একটি কারণে আমার মনে জায়গা করে থাকবে অনেক দিন। রাতের বেলা রিভার ওয়াকে ঘোরাফেরা শেষে পাশেই রেস্তোরাঁয় খেতে গিয়ে বাধে গন্ডগোল। রাত প্রায় নয়টা। রেস্তোরাঁর পাশেই একটা গাড়ি পার্কিংয়ের জায়গা দেখে কোনো কিছু চিন্তা না করেই গাড়ি রেখে দিই। পুরো পার্কিং খালি ছিল! ‘এখানে পার্কিং নিষেধ, অন্যথায় গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে’—এই সতর্কবাণীসংবলিত নোটিশ একদম চোখে পড়েনি। তাই আধা ঘণ্টার মধ্যেই আমাদের গাড়ি গায়েব হয়ে গেল। শীতের সেই রাত, গায়ে ঠিকমতো শীতের কাপড়চোপড় চাপানো পর্যন্ত নেই। ল্যাপটপ, আইপ্যাড, এমনকি আমার মানিব্যাগটাও গাড়ির ভেতর রয়ে গেছে। অবশেষে সেই নোটিশ আমাদের চোখে পড়ল। সেখানে দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আড়াই শ ডলার গচ্চা দিয়ে প্রায় দুই ঘণ্টা পর শেষমেশ গাড়ি উদ্ধার করি আমরা। তাই এ রকম বড় শহর ভ্রমণে গেলে গাড়ি পার্কিং নিয়ে সাবধান থাকতে হবে কিন্তু!