সুন্দরবনঘেঁষা এলাকার মানুষ তাঁকে ডাকে টাইগার গনি

নাম তাঁর আবদুল গনি। তবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনঘেঁষা এলাকার মানুষ তাঁকে ডাকে টাইগার গনি। কেন তাঁর এই নাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঞ্চিনি গ্রামটি সুন্দরবনঘেঁষা। গ্রামের অধিকাংশ মানুষই বনজীবী। সুন্দরবনে মধু সংগ্রহ করে, নদীতে মাছ ধরে তাঁদের জীবন চলে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এই গ্রামেই আবদুল গনির জন্ম। শৈশব থেকেই সুন্দরবন ও সংলগ্ন নদীতে অনেকের মতোই মাছ ধরতেন গনি। ছোটবেলা থেকে তাঁর আরেকটা গুণ ছিল। জেলে ও বাওয়ালিদের বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তেন।

একবার এই পরোপকার করতে গিয়েই ওয়াইল্ড টিমের নজরে পড়ে যান গনি। ২০০৭ সালের ঘটনা। গনির বয়স তখন ৩০। টগবগে এক তরুণ তিনি। সে বছর বন বিভাগের অনুমতিপত্র নিয়ে মধু সংগ্রহ করতে বনে ঢুকেছিলেন নয়জন মৌয়াল। তাঁদের মধ্যে দুজনকে বাঘে ধরে নিয়ে যায়। একজন আহত অবস্থায় ফিরলেও অন্যজন প্রাণ হারান। নিহত ব্যক্তির পরিবারের আকুতি, লাশটা অন্তত উদ্ধার করে তাদের দেওয়া হোক। কিন্তু কে যাবে বাঘের ডেরায়! সুন্দরবন এলাকায় বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী হিসেবে কাজ করে বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। তাদের উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামের কয়েকজন এক জোট হন। সেই দলে গনিও ভিড়ে যান।

দলের সদস্যদের নিদনির্দেশনা দিচ্ছেন আবদুল গনি। তখন তিনি ওয়াইল্ড টিমের হয়ে কাজ করতেন
ছবি: সংগৃহীত

এই অভিযানে গনির কর্মকাণ্ড দেখে উদ্ধারকারী দল রীতিমতো মুগ্ধ। প্রশিক্ষণ নিয়ে উদ্ধার প্রক্রিয়ার যেসব নিয়ম তাঁরা রপ্ত করেছেন, শৈশব থেকে বনে কাজ করার সুবাদে তার অনেক কিছুই জানেন গনি। আবদুল গনিকে টাইগার রেসপন্স টিমে কাজ করার প্রস্তাব দেয় ওয়াইল্ড টিম। তিনিও সুযোগটা লুফে নিলেন।

এক বছরের মধ্যে টাইগার রেসপন্স টিমের সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট নেতার দায়িত্ব পান আবদুল গনি। তার পর থেকে কি শীত, কি গ্রীষ্ম—সুন্দরবনে কেউ বাঘের আক্রমণের শিকার হলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে থাকেন। জীবন বাজি রেখে উদ্ধার করেন অনেককে। তাঁর এই সাহসিকতার গল্প আশপাশে ছড়িয়ে পড়ে। ‘টাইগার গনি’ নামের আড়ালে ঢাকা পড়ে যায় তাঁর আসল নাম। শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় সবাই তাঁকে এখন এই নামেই চেনে।

লোকালয়ে ঢুকে পরা বাঘ উদ্ধারের পর
ছবি: সংগৃহীত

আবদুল গনি বলেন, ‘প্রতিদিন কয়েক হাজার মানুষ নানা ধরনের সম্পদ আহরণে সুন্দরবনে যায়। অনেকেই বাঘের মুখে পড়ে। বাঘের মুখ থেকে জীবিত অথবা মৃত ফিরিয়ে আনার কাজটি ঝুঁকিপূর্ণ।’

২০১৯ সালে ওয়াইল্ড টিমের প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। চাকরি না থাকলেও তাঁর দায়িত্ব কিন্তু ঠিকই পালন করে চলেছেন আবদুল গনি । ডাক পড়লেই ছুটে যান। এ পর্যন্ত সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে জীবিত ও মৃত শতাধিক মানুষকে উদ্ধার করেছেন তিনি।

উদ্ধারকাজে গিয়ে বাঘের মুখোমুখিও হয়েছেন গনি
ছবি: সংগৃহীত

প্রথম বাঘের মুখোমুখি

২০০৯ সালের কথা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ডিঙ্গিমারি খাল এলাকা থেকে একজন জেলেকে ধরে নিয়ে যায় বাঘ। ডাক পড়ে আবদুল গনির। ঘটনাস্থলে গিয়ে দেখেন মরদেহ নেই। গাছের গায়ে লেগে আছে রক্ত। একটু এগিয়ে দেখেন কিছু একটা টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। সে পথ অনুসরণ করেন গনি। এভাবে তিন থেকে চার ঘণ্টা অনুসন্ধানের পর খুঁজে পান বাঘে খাওয়া ছিন্নভিন্ন মানুষের দেহ। গহিন বনে এই দৃশ্য গনির মনে ভয় ধরিয়ে দেয়। ১০-১২ হাত দূরেই পড়ে ছিল মরদেহটি। হঠাৎ ঘাতক বাঘটি তাঁর সামনে হাজির। ভয়ংকর দৃষ্টিতে তাকিয়ে গর্জন শুরু করে। এখন কী করবেন গনি? শেষ চেষ্টা হিসেবে পূর্বপুরুষের কাছে শেখা একটা বিদ্যা কাজে লাগান। একদৃষ্টে বাঘের চোখের দিকে তাকিয়ে থাকেন গনি। হাতে থাকা লাঠি দিয়ে ক্রমাগত শব্দ করতে থাকেন। একপর্যায়ে বাঘটি পিছু হটে। ধীরে ধীরে চলে যায় দূরে। হাঁপ ছেড়ে বাঁচেন গনি। তারপর নিজের দায়িত্ব পালন করেন। আবদুল গনি বলেন, ‘এরপরও কয়েকবার বাঘের মুখোমুখি হয়েছি। তবে প্রথম সেই বাঘের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এখনো ভুলতে পারি না।’

সম্প্রতি উদ্ধার

সুন্দরবনের পায়রাটুলী খালে কাঁকড়া ধরছিলেন বনজীবী মুজিবর রহমান। নৌকা ছিল খালের পাড় ঘেঁষে। আচমকা বাঘ এসে আক্রমণ করে। ধরে নিয়ে যায় তাঁকে। আশপাশের বনজীবীরা সেই ভয়ংকর দৃশ্য দেখেও নিরুপায় দাঁড়িয়ে ছিলেন, কিছু করতে পারেননি।

ঘটনার এক দিন পর ২১ ডিসেম্বর আবদুল গনির ডাক পড়ে। পায়রাটুলী খালে ছুটে যান তিনি। কয়েক ঘণ্টার চেষ্টায় খুঁজে পান মৃতদেহ। দেখেন, বাঘটি মুজিবর রহমানের ডান পায়ের পুরোটাই খেয়ে ফেলেছে। গনি বুঝতে পারেন, শিকার রেখে দূরে যায়নি বাঘ। শঙ্কা থাকলেও সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ করতে থাকেন। একসময় মরদেহটি কাঁধে তুলে নিয়ে খালে রাখা নৌকায় ফিরে আসেন। হস্তান্তর করেন পরিবারের কাছে।

শুধু বাঘের আক্রমণ থেকে মানুষ উদ্ধার নয়, বাঘ সংরক্ষণেও কাজ করছেন গনি। ওয়াইল্ড টিমের সদস্য হিসেবে সুন্দরবনঘেঁষা বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামবাসীকে সচেতন করতেন। জেলে-বাওয়ালিসহ স্থানীয় ব্যক্তিদের কাছে বাঘসম্পর্কিত তথ্য নিতেন। গ্রামে বাঘের উপস্থিতির শঙ্কা থাকলে কীভাবে নিরাপদ থাকা যায়, সে-বিষয়ক প্রশিক্ষণ দিতেন।

আবদুল গনি
ছবি: ছুটির দিনে

গনির স্বপ্ন

আবদুল গনির স্ত্রী-সন্তানসহ চারজনের পরিবার। মেয়ে মুক্তা খাতুনকে বিয়ে দিয়েছেন তিন বছর আগে। ছেলে শাহিনুল আলম এসএসসি পাস করেছে ২০২০ সালে। অভাবের সংসারে তার আর পড়াশোনা এগোয়নি। এখন সুন্দরবনে মাছ ধরে।

আবদুল গনি বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের উদ্ধারকারী ছিলেন প্রায় এক যুগ। চাকরি পাওয়ার পর ছেড়েছিলেন মাছ ধরার পেশা। চাকরির মেয়াদ শেষে তাই কিছুটা বিপদেই পড়েছেন। স্বেচ্ছাসেবার মনোভাবের কারণে পুরোনো পেশায় ফিরতে পারছেন না। পরিচিতির কারণে প্রায়ই ডাক পড়ে। নিজের দৈন্য ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আবদুল গনি বলেন, ‘আমার পড়াশোনা নেই। তারপরও স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করার জন্য ডাকে। কিন্তু সুন্দরবন ছেড়ে তো থাকতে পারি না। জেলে, বাওয়ালিসহ সুন্দরবনে বিপদে পড়া মানুষকে রক্ষায় কাজ করে আনন্দ পাই। নিজের মতো করে হলেও সে কাজটি করে যাই।’