সুন্দরবন যাঁদের জীবিকার সংস্থান, যাঁরা প্রায়ই আসেন বনের ভেতরে, তাঁদেরও অনেকে বাঘের দেখা পান না। সে ক্ষেত্রে নিজেকে ভাগ্যবানই বলতে হয়, আমি সাক্ষাৎ পেয়ে গেলাম। অবশ্য বিভিন্ন সময় সুন্দরবন ভ্রমণে কম দিন থাকা হয়নি, হিসাব করে বললে, প্রায় ১১০ দিন!
স্কুলে পড়ার সময় স্যারের মুখে প্রায়ই শুনতাম, ‘বাংলাদেশে ৩০০টি বাঘ আছে’। ৩০০ সংখ্যাটি শাব্দিকভাবে তখন আমার কাছে বিশাল মনে হতো। কেননা, তখন অবধি সুন্দরবনের বিশালতা কল্পনা করতেও শিখিনি। একবার বাবা ফিল্ম ক্যামেরা নিয়ে সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন। হাতে ফিল্ম ক্যামেরা থাকার সুবাদে তিনি টুকটাক ছবিও তুলে এনেছিলেন। ঘরে বসে সেই ছবিগুলো দেখার পর থেকে সুন্দরবন যাওয়ার আগ্রহ বাড়তে শুরু করে। লম্বা সময় লেগেছে আগ্রহকে প্রথমবার ছুঁয়ে দেখতে। ২০১৫ সালে সুন্দরবন যাওয়ার সুযোগ হয় প্রাণিবিজ্ঞানী ড. রেজা খানের সঙ্গে। সেই শুরু।
আমরা ২০১৬ সাল থেকে ‘এক্সপ্লোরিং সুন্দরবন’ নামের এক নিয়মিত আয়োজনে কয়েকজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার সুন্দরবনে যাই। ১০ নভেম্বরও ছিল এমনই এক আয়োজন।
ভোর তখন, চা-কফি পান শেষে জাহাজের সবাইকে ডাক দিলাম। দিনের পরিকল্পনা সবাইকে জানিয়ে ঘোষণা দিলাম, ‘বাঘ দেখাইলে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার!’
এরপর জাহাজের ছাদে বসে গল্প জমে উঠল। সবাই আয়েশি মেজাজে। জাহাজ চলছে। ছবি তোলার তেমন কোনো উপাদান আশপাশে নেই। তাই কারও হাতে ক্যামেরাও নেই।
আচমকা বাঘ বাঘ বলে উঠল কে যেন! শুনে সবাই দৌড়াদৌড়ি শুরু করল। আরে, তাই তো, ওই তো বাঘ! আমি বাঘ নিয়ে বেশিই আবেগপ্রবণ ছিলাম, চোখে পড়ামাত্র ক্যামেরায় ক্লিক করা শুরু করলাম। এটা কোকিলমনির আগে পশুর নদ। বাঘ নদ পার হচ্ছে। বড় নদ। ওর পার হতে অনেক সময় লাগছে। আমরা চেষ্টা করছি যতটা দূরে থেকে ওকে বিরক্ত না করে ছবি তোলা যায়। প্রায় ২৯ মিনিট লেগেছে তার নদ পার হতে। এর মধ্যে যে যার মতো ছবি তুলে নিয়েছি।
যাকে অতিকায়, দানবীয় সৌন্দর্যের প্রতীক ভেবে এতগুলো বছর কাটিয়েছি। সেই বাঘ যখন নদ পার হয়ে পাড়ে গিয়ে আমাদের দিকে তাকিয়েছিল, তখন তার ক্লান্তি ভরা চোখ দেখে মনে হচ্ছিল, এ তো নিতান্তই নিরীহ প্রাণী! ওর নির্বাক চোখ যেন আমার সঙ্গে কথা বলেছে। আহ্বান জানাচ্ছে আমাকে, তাকে দেখতে সুন্দরবনে যেতে বলেছে!
বন্য প্রাণীর আলোকচিত্র তুলি এ জন্য নয়, একজন আলোকচিত্রী হিসেবেও এ তো পরম পাওয়া।