সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরির স্বপ্ন নিয়ে ফিউচারনেশন
ঘটা করে শুরু হলো ‘ফিউচারনেশন’–এর পথচলা। দেশের ভবিষ্যৎ উন্নয়নে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন খাতের সঙ্গে একযোগে কাজ করবে এই কর্মসূচি। এটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও গ্রামীণফোনের একটি অংশীদারত্বমূলক কর্মসূচি। ৭ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই পথচলা।
‘ফিউচারনেশন: গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট ইন প্রাইভেট সেক্টর প্রোগ্রাম’ শীর্ষক এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ; বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম; একই প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মোহসিনা ইয়াসমিন; ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ইউএনডিপির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার রাদওয়ান মুজিব সিদ্দিক।
অনুষ্ঠানে জানানো হয়, দক্ষ যুবশক্তি তৈরিতে সাহায্য এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই ফিউচারনেশন গঠনের মূল লক্ষ্য। এর মাধ্যমে স্নাতক পর্যায়ের তরুণদের জন্য উন্মোচিত হবে টেকসই অর্থনৈতিক সুযোগ।
প্রধান অতিথি সালমান এফ রহমান পেশাভিত্তিক লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এমবিএসহ পেশাজীবী ডিগ্রি নেওয়া শিক্ষার্থীরা খুব কমই বেকার থাকেন। তাই সাধারণ ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের অন্য দক্ষতা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ থাকে। তাদের সঙ্গে কথা বলে এ রকম কাঠামো দাঁড় করানো উচিত, যেখানে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্যক্রম সাজাবে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক পরিকল্পনায় আমরা ব্রডব্যান্ড কানেকশন গ্রামপর্যায়েও নিয়ে যেতে পেরেছি। আমাদের সব ডিজিটাল ইউনিয়ন কেন্দ্র উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্ভরযোগ্য অপটিক্যাল কেবলের আওতাভুক্ত। যেকোনো প্রান্তের শিক্ষার্থী এই সুযোগ নিয়ে নিজেকে আগামীর জন্য তৈরি করতে পারে।’
ইউএনডিপির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার রাদওয়ান মুজিব সিদ্দিক ভিডিও বার্তায় বলেন, ‘গত কয়েক দশকে কর্মক্ষেত্রে কাজের ধরনে পরিবর্তন এসেছে, সেই সঙ্গে বদলেছে প্রয়োজনীয় দক্ষতার চাহিদা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ফিউচারনেশনের মাধ্যমে কাজ করতে এক হয়েছে বেসরকারি খাত, অ্যাকাডেমিয়া, সরকারের প্রতিনিধি ও তরুণ প্রজন্ম। ফিউচারনেশনের লক্ষ্য অন্যান্য দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি তরুণ ও গ্র্যাজুয়েটদের জন্য শিক্ষা থেকে কর্মসংস্থানের রূপান্তরকে সহজ করে তোলা।’
টেলিনরের ইভিপি ও হেড অব এশিয়া ইয়র্গেন সি আরেন্টজ রোস্ত্রুপ তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘এ দেশ মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী তরুণে পরিপূর্ণ। সরকার, বেসরকারি খাত এবং উন্নয়ন খাতের অংশীদারেরা একত্রে কাজ করলে কত দূর যাওয়া সম্ভব, তার একটি চমৎকার উদাহরণ ফিউচারনেশন।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্যানেল আলোচনা। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহার পরিচালনায় আলোচনার বিষয় ছিল ‘গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ইন বাংলাদেশ’। শুরুতেই স্নাতক শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ও সফট স্কিল দক্ষতার অভাবের বিষয়টি তুলে ধরেন সেঁজুতি সাহা। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহযোগী অধ্যাপক রাশেদুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগই পারে এ সমস্যা দূর করতে।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডেটা বিনিময়ের মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানালেন ইউএনডিপির পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, ‘একজন নিয়োগদাতা কেন পছন্দের প্রার্থী পাচ্ছেন না? একটা কারণ, তাঁদের কাছে ডেটা নেই। শিল্পপ্রতিষ্ঠান কেমন দক্ষতার গ্র্যাজুয়েট চায়, এ বিষয়ে প্রশিক্ষণ সেন্টারের কাছে সঠিক ডেটা নেই। আমাদের একটা ডেটা প্ল্যাটফর্ম থাকতে হবে, যেটা পরিকল্পনামতো চলবে। তখনই আমরা চাহিদা ও সরবরাহের মূল্যায়ন করতে সক্ষম হব।’
কর্মক্ষেত্রে নারীদের অবস্থা নিয়ে আলোচনা করার সময় ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ বলেন, এখনো কর্মক্ষেত্রে প্রবেশের জন্য একজন পুরুষের চেয়ে নারীকে বেশি বাধার সম্মুখীন হতে হয়। দেশকে এগিয়ে নিতে হলে নারী–পুরুষের বৈষম্য দূর করা জরুরি।
বৈশ্বিক কর্মসংস্থানের জন্য নিজেদের তৈরি করার ওপর জোর দেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। লেখাপড়ার পাশাপাশি যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণ নেওয়াকে উৎসাহিত করতে হবে বলে মনে করেন তিনি।
টেলিনর গ্রুপের এশিয়া অঞ্চলের হেড অব এক্সটারনাল রিলেশনস হাকন ব্রুয়াসেট জল মনে করেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুন্দর পরিবেশ এবং পেশামূলক পড়ালেখার দিকে আরও বেশি নজর দিতে হবে।
একজন গ্র্যাজুয়েটের কেমন দক্ষতা থাকা উচিত? ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বললেন, ‘বুদ্ধিবৃত্তিক কথা বলার দক্ষতা বাড়ানোর ব্যাপারে আমাদের আরও কাজ করার সুযোগ আছে। সব বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে, তা নয়। তবে যে বিষয়ে যে পারদর্শী, সেটায় সে যেন বিশ্বমানের হয়।’
পরিশেষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, হাইটেক কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি তরুণকে প্রশিক্ষণ দিয়েছে।